খনিমন্ত্রক
ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণের সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ডের ৬১তম বৈঠক নতুন দিল্লিতে আয়োজিত হবে
জিএসআই ২০২২-২৩-এ প্রায় ৯৮৩টি সায়েন্টিফিক প্রোগ্রাম গ্রহণ করেছে
প্রকাশিত:
21 MAR 2022 5:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২২
কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (জিএসআই)-এর পক্ষ থেকে সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ডের ৬১তম বৈঠক আগামী ২৪শে মার্চ পুসায় আইসিএআর-এর এনএএসসি কমপ্লেক্সে আয়োজিত হবে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে এবং কেন্দ্রীয় কয়লা, খনি ও রেল প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাটিল দানভে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই বৈঠকে কেন্দ্রীয় খনি ও ভূতত্ত্ব সর্বেক্ষণের উচ্চপদস্থ আধিকারিক, একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের সদস্য, রাজ্যস্তরীয় খনি ও ভূতত্ত্ব বিভাগের আধিকারিকরা সহ বেসরকারি খনি ক্ষেত্র, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ বৈঠকে যোগ দেবে। একদিনের এই বৈঠকে জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ডের ৬০তম বৈঠকে গৃহীত এজেন্ডাগুলির প্রেক্ষিতে অগ্রগতি পর্যালোচনা করা হবে। একইভাবে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রস্তাবিত নতুন এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে ২০২২-২৩-এ জিএসআই-এর একাধিক প্রস্তাব আলোচনার জন্য জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ডের কাছে পেশ করা হবে।
২০২২-২৩-এ জিএসআই প্রায় ৯৮৩টি সায়েন্টিফিক প্রোগ্রাম বা বিজ্ঞানধর্মী অনুসন্ধানমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ২৫০টি খনিজ অনুসন্ধান সহ ১৪টি সামুদ্রিক খনিজ অন্বেষণ কর্মসূচিও রয়েছে। জিএসআই-এর বিজ্ঞানধর্মী গবেষণামূলক কর্মসূচিগুলির মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম ১০৬টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে ২০টি সার সম্পর্কিত খনিজ পদার্থের অনুসন্ধানমূলক কর্মসূচিও রয়েছে। জনকল্যাণে ভূ-বিজ্ঞান কর্মসূচির আওতায় প্রায় ১০০টি কর্মসূচি গ্রহণ করার প্রস্তাব রয়েছে। এ ধরনের কর্মসূচির আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। গত বছর জিএসআই বিজ্ঞানধর্মী অনুসন্ধানমূলক ৯৭৯টি কর্মসূচি রূপায়ণ করেছে যার মধ্যে খনিজ অনুসন্ধান সম্পর্কিত ২৫১টি কর্মসূচিও ছিল। এছাড়াও, ১১টি কর্মসূচি সামুদ্রিক খনিজ অন্বেষণ এবং ১০৬টি কর্মসূচি জনকল্যাণে ভূ-বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কিত।
২০২২-২৩-এ যে ৯৮৩টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে রাজ্য সরকারগুলির অনুরোধে জিএসআই ৩২টি কর্মসূচি গ্রহণ করবে। ১২টি কর্মসূচি একাধিক জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে রূপায়িত হবে। চারটি কর্মসূচি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এছাড়াও, আর ২০টি জিও-টেকনিক্যাল কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সহযোগিতায় রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে শ্রী প্রহ্লাদ যোশী তামা, বক্সাইট, পটাশ, চুনাপাথর এবং লোহা ও ম্যাঙ্গানিজের মতো সাতটি খনিজ সম্পদের ভূতাত্ত্বিক প্রতিবেদন ওড়িশা, ছত্তিশগড় ও রাজস্থানের রাজ্যস্তরীয় প্রতিনিধিদের হাতে তুলে দেবেন।
CG/BD/DM/
(রিলিজ আইডি: 1807942)
ভিজিটরের কাউন্টার : 118