Social Welfare

তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্প

সীমানা পেরিয়ে স্বপ্নপূরণের আকাঙ্ক্ষাকে বলিয়ান করা

Posted On: 27 NOV 2026 3:39PM

২৭ নভেম্বর, ২০২৬

 

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ২০টি বৃত্তি প্রদানের মধ্য দিয়ে তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। বৃত্তির ৩০ শতাংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রেখে এই প্রকল্প বিশ্বব্যাপী শিক্ষার সুযোগের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে কিউএস (কোয়াকোয়ারেলি সাইমন্ডস) বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-এ প্রথম ১,০০০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে মাস্টার্স এবং পিএইচডি (ডক্টর অফ ফিলোজফি) পাঠক্রমে পঠনপাঠনের জন্য এই প্রকল্পে সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে মহিলাদের অনুপাত ২০১৫-১৬ সালে ২০ শতাংশ ছিল, যখন নির্বাচিত ১৫ জনের মধ্যে ৩ জন ছিলেন মহিলা। ২০২৪-২৫ সালে তা বেড়ে ৪৭.৮ শতাংশে পৌঁছেছে, যখন নির্বাচিত ২৩ জনের মধ্যে ১১ জন ছিলেন মহিলা। সরকারের ধারাবাহিক সহায়তার প্রতিফলন হিসেবে, এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের পরিমাণ ২০১৫-১৬ সালের ০.৩৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৮.০০ কোটি টাকা হয়েছে।

বিশ্বব্যাপী শিক্ষার সুযোগের দ্বার উন্মুক্ত করা

উচ্চশিক্ষা জ্ঞান, সুযোগ এবং পেশাগত অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করে। অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন (AISHE) ২০২৩-২৪ অনুযায়ী, উচ্চশিক্ষায় ২৮,৮৩,২১৮ জন তফসিলি জনজাতির (ST) শিক্ষার্থী নথিভুক্ত ছিলেন, যা ২০১৯-২০ সালে ছিল ২১,৫৬,১০৯ জন। তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্তরের শিক্ষা বিশেষায়িত জ্ঞান, উন্নত গবেষণার সুযোগ এবং বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এনে দেয়। বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে শিক্ষার পরিধি বিস্তৃত হয়, পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের কর্মজীবনের সুযোগ তৈরি হয়। এই সুযোগগুলি তফসিলি জনজাতির শিক্ষার্থীদের নিজেদের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি, তাঁদের সম্প্রদায় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়তা করে।

বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য জাতীয় বিদেশি বৃত্তি (NOS) প্রকল্প মেধাবী জনজাতীয় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে কাজ করে। এটি জনজাতি বিষয়ক মন্ত্রকের একটি কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প, যা ১৯৫৪-৫৫ সাল থেকে চালু রয়েছে। এই প্রকল্পের আওতায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি পাঠক্রমে পড়াশোনার জন্য প্রতি বছর ২০টি নতুন বৃত্তি প্রদান করা হয়। বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও মিশনগুলির মাধ্যমে বিদেশ মন্ত্রক এই প্রকল্প বাস্তবায়ন করে।

বিগত বছরগুলিতে আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করার ওপর ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে এই প্রকল্পের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। ২০১০-১১ সালে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে প্রতি বছর ১৫টি বৃত্তি প্রদানের মাধ্যমে শুরু হওয়া এই প্রকল্পে বর্তমানে চারটি শিক্ষাক্ষেত্রে বছরে ২০টি বৃত্তি দেওয়া হয়। প্রকল্পের এই সম্প্রসারিত পরিধি তফসিলি জনজাতির শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আরও বেশি সুযোগ করে দিয়েছে।

দিগন্তের প্রসার: এক নজরে জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্প

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্প তফসিলি জনজাতির শিক্ষার্থীদের বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। এই প্রকল্পের আওতায় কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে প্রথম ১,০০০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাস্টার্স এবং পিএইচডি পাঠক্রমে পড়াশোনার জন্য সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পে চারটি প্রধান শিক্ষাক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট সংখ্যক বৃত্তি বরাদ্দ করা হয়েছে।

প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত বিষয় ও বৃত্তির সংখ্যা

 

শিক্ষাক্ষেত্র

বৃত্তির সংখ্যা

বিশুদ্ধ ও ফলিত বিজ্ঞান / ইঞ্জিনিয়ারিং / প্রযুক্তি / গণিত (STEM)

১০

ম্যানেজমেন্ট / অর্থনীতি / ফিনান্স / আইন

০৪

কৃষি / চিকিৎসাবিজ্ঞান

০৪

মানবিকী / সমাজবিজ্ঞান / চারুকলা

০২

 

প্রতি বছর প্রদত্ত ২০টি বৃত্তির মধ্যে ১৭টি তফসিলি জনজাতির প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয় এবং তিনটি বিশেষভাবে দুর্বল জনজাতীয় গোষ্ঠীর (PVTGs) জন্য সংরক্ষিত থাকে। এই বরাদ্দের মাধ্যমে বিশেষভাবে পিছিয়ে পড়া জনজাতীয় সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বৃত্তির ৩০ শতাংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ২০১৫-১৬ সালে এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে মহিলাদের অনুপাত ছিল ২০ শতাংশ (নির্বাচিত ১৫ জনের মধ্যে ৩ জন) এবং ২০২৪-২৫ সালে তা বেড়ে ৪৭.৮ শতাংশে পৌঁছায় (নির্বাচিত ২৩ জনের মধ্যে ১১ জন)। সংরক্ষিত আসনগুলি পূরণ না হলে যোগ্য পুরুষ প্রার্থীদের জন্য সেগুলি উন্মুক্ত করা হয়।

পাঠক্রম বা গবেষণা সম্পূর্ণ হওয়া অথবা পাঠক্রমের নির্ধারিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ক্রমিক নং

পাঠক্রম

সর্বোচ্চ মেয়াদ

১

পিএইচডি

৪ বছর

২

মাস্টার্স ডিগ্রি

পাঠক্রমের ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ১ অথবা ২ বছর

 

সুযোগের পথ: যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়ার মাপকাঠি

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের আওতায় যোগ্য তফসিলি জনজাতির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে একটি সুনির্দিষ্ট যোগ্যতার কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই মাপকাঠিগুলির লক্ষ্য হল শিক্ষার সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা।

যোগ্যতা

ক্রমিক নং

পাঠক্রম

প্রাপ্ত নম্বর ও শিক্ষাগত যোগ্যতা

নির্বাচনের বছরের ১ জুলাই তারিখে সর্বোচ্চ বয়স

১

পিএইচডি

সংশ্লিষ্ট মাস্টার্স ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর অথবা সমতুল্য গ্রেড

৩৫ বছর

২

মাস্টার্স ডিগ্রি

সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর অথবা সমতুল্য গ্রেড

৩২ বছর

 

শিক্ষার্থীরা সরাসরি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য আবেদন করেন এবং সেখানে পড়াশোনার খরচ মেটাতে এই বৃত্তির জন্য আবেদন করেন। সর্বশেষ কিউএস বিশ্ব র‍্যাঙ্কিং অনুযায়ী প্রথম ১,০০০-এর মধ্যে থাকা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন এবং আবেদনের তারিখ পর্যন্ত সেখানে ভর্তি হননি- এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিংয-এর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। দুই বা তার অধিক প্রার্থীর ক্ষেত্রে কিউএস র‍্যাঙ্কিং সমান হলে, যে উচ্চশিক্ষার জন্য বৃত্তির আবেদন করা হয়েছে, সেই পাঠক্রমে ভর্তির যোগ্যতামূলক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

একটি পরিবার থেকে একজন সন্তান এবং এককালীন সহায়তা

আবেদনকারীর স্ব-ঘোষণার ভিত্তিতে একই পরিবারের শুধুমাত্র একজন সন্তান এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রত্যেক প্রার্থী এই বৃত্তির সুবিধা মাত্র একবারই পেতে পারবেন এবং এই প্রকল্পের আওতায় একই বা উচ্চতর স্তরে অন্য কোনও বৃত্তি গ্রহণ করতে পারবেন না।

আয়ের মাপকাঠি

এই বৃত্তির জন্য যোগ্য হতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয়, সব উৎস মিলিয়ে, ৬ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

 

নির্বাচন প্রক্রিয়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সর্বশেষ কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-এ প্রথম ১,০০০-এর মধ্যে থাকা কোনও বিদেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন এবং এখনও সেখানে ভর্তি হননি—এমন প্রার্থীদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কিউএস র‍্যাঙ্কিং-এর ভিত্তিতে তাঁদের মেধাক্রম নির্ধারণ করা হবে। র‍্যাঙ্কিং সমান হলে যোগ্যতামূলক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম স্থির করা হবে। অবশিষ্ট আসনগুলি মন্ত্রকের গঠিত বিশেষজ্ঞ কমিটির ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে পূরণ করা হবে। GRE (গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনস), GMAT (গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট) অথবা TOEFL (টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ)-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বৃত্তি মঞ্জুরির চিঠি পাওয়ার দুই বছরের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে পড়াশোনা শুরু করতে হবে।

জাতীয় বিদেশি বৃত্তি [NOS] পোর্টাল

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের আওতায় নির্দিষ্ট জাতীয় বিদেশি বৃত্তি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হয়। এই পোর্টালে প্রকল্পের নির্দেশিকা, আবেদনের পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত তথ্য পাওয়া যায়, যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সুসংহত করে। ডিজিলকারের সঙ্গে সংযুক্ত এই পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা তাঁদের আগে থেকে থাকা নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথিও আপলোড করতে পারেন। নথিভুক্ত শিক্ষার্থীরা সরাসরি এই পোর্টালের মাধ্যমে তাঁদের প্রশ্ন ও অভিযোগ জমা দিতে পারেন। স্বয়ংক্রিয় বিজ্ঞপ্তি ব্যবস্থার মাধ্যমে এসএমএস ও ইমেল মারফত সময়মতো তথ্য জানানো হয়। পাশাপাশি, সংযুক্ত ড্যাশবোর্ড প্রকল্পটির কার্যকর নজরদারিতে সহায়তা করে।

স্বপ্নপূরণে বিনিয়োগ: NOS প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের আওতায় বিদেশে পঠনপাঠনের পুরো সময়কালে তফসিলি জনজাতির শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বছরে ১৫,৪০০ মার্কিন ডলার অথবা ৯,৯০০ ব্রিটিশ পাউন্ড ভাতা দেওয়া হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য ভাতা মার্কিন ডলারে অথবা সমতুল্য হারে প্রদান করা হয়। বই, প্রয়োজনীয় সরঞ্জাম, শিক্ষামূলক ভ্রমণ, টাইপিং এবং থিসিস বাঁধাই-এর মতো খরচের জন্য বছরে ১,৫৩২ মার্কিন ডলার অথবা ১,১১৬ ব্রিটিশ পাউন্ড আপৎকালীন ও সরঞ্জাম ভাতা দেওয়া হয়।

এই বৃত্তির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ধার্য করা টিউশন ফি এবং অন্যান্য বাধ্যতামূলক ও ফেরত-অযোগ্য ফিও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, প্রকৃত ভিসা ফি এবং প্রযোজ্য পোল ট্যাক্সও প্রদান করা হয়। সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাস বা মিশনের মূল্যায়ন সাপেক্ষে প্রকৃত খরচ অনুযায়ী চিকিৎসা বিমার প্রিমিয়াম ফেরত দেওয়া হয়। আনুষঙ্গিক যাতায়াত খরচ বাবদ সর্বোচ্চ ২০ মার্কিন ডলার অথবা ভারতীয় মুদ্রায় তার সমতুল্য অর্থ মঞ্জুর করা হয়।

আন্তর্জাতিক যাতায়াতের সুবিধার্থে এই প্রকল্পে ভারত থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিকটতম গন্তব্য পর্যন্ত এবং সেখান থেকে ভারতে ফেরার জন্য ইকোনমি ক্লাসের বিমানভাড়ার ব্যবস্থা রয়েছে। সংক্ষিপ্ততম রুট এবং উপলব্ধ সর্বোত্তম ভাড়ার ভিত্তিতে প্রকৃত বিমানভাড়া ফেরত দেওয়া হয়। আগমনের স্থান থেকে পড়াশোনার স্থান পর্যন্ত স্থানীয় যাতায়াতের খরচও এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত, যার মধ্যে রেলের দ্বিতীয় শ্রেণীর ভাড়াও রয়েছে। রেল যোগাযোগের সুবিধা না থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য বাস, ফেরি অথবা সংযোগকারী বিমানের যাতায়াত খরচও বহন করা হয়।

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের আওতায় সরকারের আর্থিক সহায়তা প্রদানের পরিমাণ বিগত বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ ২০১৫-১৬ সালের ০.৩৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৮.০০ কোটি টাকা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তফসিলি জনজাতির শিক্ষার্থীদের আর্থিক সহায়তা আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এই বৃদ্ধি। প্রতি বছর এই প্রকল্পের আওতায় সহায়তাপ্রাপ্ত নতুন ও পূর্ববর্তী শিক্ষার্থীর সংখ্যা ২০১৩-১৪ সালের ৮ জন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৬৪ জন হয়েছে। এই সময়কালে সব মিলিয়ে ৪০০ জন শিক্ষার্থী সহায়তা পেয়েছেন। ২০১৪-১৫ সাল থেকে এই প্রকল্পের আওতায় যোগ্য তফসিলি জনজাতির শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার জন্য মন্ত্রক ৪৬.৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে।

সুযোগের পরিধি সম্প্রসারণ

 

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্পের মাধ্যমে সারা দেশের তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে। দেশজুড়ে কার্যকর একটি কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প হিসেবে এর আওতায় প্রতি বছর ২০টি নতুন বৃত্তি প্রদান করা হয়। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যোগ্য তফসিলি জনজাতির শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। রাজ্য বা জেলাভিত্তিক কোনও আসন কিংবা অর্থ বরাদ্দের ব্যবস্থা নেই। জনজাতীয় শিক্ষার্থীদের জন্য বিদেশে শিক্ষার সুযোগ আরও প্রসারিত করার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এই উদ্যোগ।

সীমানা পেরিয়ে: জনজাতীয় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা

জাতীয় বিদেশি বৃত্তি প্রকল্প তফসিলি জনজাতির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আর্থিক প্রতিবন্ধকতা কমিয়ে এই প্রকল্প মেধাবী জনজাতীয় তরুণ-তরুণীদের বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণে সহায়তা করতে পারে। আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের সংস্পর্শে এলে বিশেষায়িত জ্ঞানের প্রসার ঘটে, পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং কর্মজীবনে উন্নতির নতুন পথ উন্মুক্ত হয়। এই সুযোগগুলি আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়ক হতে পারে এবং জনজাতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পূরণে অনুপ্রাণিত করতে পারে।

নির্বাচনের প্রতিটি পর্বের বিজ্ঞপ্তি নির্দিষ্ট জাতীয় বিদেশি বৃত্তি পোর্টালে প্রকাশ করা হয়। যোগ্য তফসিলি জনজাতির শিক্ষার্থীরা সেখানে আবেদনের তারিখ জানতে পারেন এবং আবেদন করতে পারেন। বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণে এই প্রকল্প জনজাতীয় সম্প্রদায়গুলির অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগত উন্নয়নে সহায়তা করে থাকে এবং বিকশিত ভারত-এর স্বপ্নপূরণেও অবদান রাখে।

তথ্যবিবরণী

 

Ministry of Tribal Affairs:

https://tribal.nic.in/downloads/guidelines/NOS/RevisedGuidelinesNOS07102022.pdf

https://tribal.nic.in/downloads/faqs/FAQsNOS2026-27.pdf

https://tribal.nic.in/Scholarship.aspx

https://overseas.tribal.gov.in

https://tribal.nic.in/downloads/statistics/AnnualReport/AR2010-11.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159092&reg=48&lang=2

https://tribal.gov.in/uploads/2026/10/c53ef064-f55d-4fbc-9e85-599b645d81a3.pdf

https://tribal.nic.in/downloads/faqs/InstructionManual-NOS-2025-26.pdf

https://tribal.nic.in/downloads/guidelines/NOS/Amendment_NOS-2627.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205837&lang=2

https://tribal.nic.in/downloads/scholarship/NFS/AnnexureII-FundReleasenBeneficiaries4CSSScholarship4FY2023-14to2025-26.pdf

 

Ministry of Education:

https://cdnbbsr.s3waas.gov.in/s392049debbe566ca5782a3045cf300a3c/uploads/2026/07/202607131602421770.pdf

Click here to see pdf

 

 

*******************

SSS/RP.......

(Explainer ID: 160920) आगंतुक पटल : 16
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam