Technology
ক্ষুদ্র জলবিদ্যুৎ শক্তির সময়াপযোগী ব্যবহার
সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে শক্তি ক্ষেত্রে নিরাপত্তা মজবুত করা
Posted On:
22 NOV 2026 5:19PM
নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২৬
নদী ও খালের স্বাভাবিক জলপ্রবাহ কাজে লাগিয়ে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন করে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প। ভারতে ২৫ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। পাহাড়ি ও দুর্গম এলাকায় এই প্রকল্পগুলি বিশেষ উপযোগী। সেখানে ভৌগোলিক প্রতিকূলতার কারণে বড় প্রকল্প গড়ে তোলা এবং বিদ্যুৎ গ্রিডের সংযোগ পৌঁছে দেওয়া কঠিন। দেশে ৭,১৩৩টি চিহ্নিত স্থানে ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২১,১৩৪ মেগাওয়াট। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ সম্ভাবনাকে কাজে লাগানো হয়েছে। এই প্রকল্পগুলির জন্য অল্প জমির প্রয়োজন হয়, বাস্তুচ্যুতির পরিমাণও কম। পাশাপাশি, এগুলির কার্যকাল দীর্ঘ। ধারাবাহিক নীতিগত সহায়তা পেলে দেশের বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত অঞ্চলগুলিতে শক্তির জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ক্ষুদ্র জলবিদ্যুৎ।
ভূমিকা
জলের স্বাভাবিক প্রবাহ থেকে উৎপাদিত জলবিদ্যুৎ বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও প্রতিষ্ঠিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। ভারতের পরিবর্তনশীল শক্তি ব্যবস্থায় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা, শক্তি নিরাপত্তা এবং বিদ্যুৎ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বজায় রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী, উৎপাদন নিয়ন্ত্রণের নমনীয়তা দেয়। পরিচ্ছন্ন শক্তির ব্যবহারের দিকে ভারত দ্রুত এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে সুস্থায়ী বিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে জলবিদ্যুতের ভূমিকা বজায় রয়েছে।
মোট ২৫ মেগাওয়াট পর্যন্ত স্থাপিত উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পগুলিকে ক্ষুদ্র জলবিদ্যুৎ (SHP) প্রকল্প বলা হয়। দেশের অব্যবহৃত জলসম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে এই প্রকল্পগুলির বিপুল সম্ভাবনা রয়েছে। হিমালয়-সংলগ্ন রাজ্য, উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই সম্ভাবনার কথা বিবেচনা করে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন, বিনিয়োগে উৎসাহ এবং অব্যবহৃত জলসম্পদের সদ্ব্যবহারের লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এর মাধ্যমে পরিচ্ছন্ন শক্তি উৎপাদন বাড়ানোর পাশাপাশি, দুর্গম ও ভৌগোলিকভাবে প্রতিকূল অঞ্চলগুলিতে বিদ্যুৎ পরিষেবার পরিসর বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের বাইরেও ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক উন্নয়নমূলক ও অর্থনৈতিক সুফল রয়েছে। বড় জলবিদ্যুৎ প্রকল্পের তুলনায় এই প্রকল্পগুলিতে সাধারণত কম জমির প্রয়োজন হয় এবং পরিবেশের উপর প্রভাবও তুলনামূলকভাবে সীমিত থাকে। স্থানীয় বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি, আঞ্চলিক পরিকাঠামোর উন্নয়ন এবং দুর্গম অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে এই প্রকল্পগুলি সহায়ক হতে পারে। অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের পরিপূরক হিসেবে কাজ করে এবং দেশের শক্তির উৎসের বৈচিত্র্য বাড়িয়ে ক্ষুদ্র জলবিদ্যুৎ ভারতের শক্তি নিরাপত্তা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।
ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে সরকারি উদ্যোগ
নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (MNRE) ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের প্রসারের দায়িত্বপ্রাপ্ত নোডাল মন্ত্রক। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২,৫৮৪.৬০ কোটি টাকা। এর মাধ্যমে প্রায় ১,৫০০ মেগাওয়াট অতিরিক্ত ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আর্থিক সহায়তা, প্রকল্প প্রস্তুতির ক্ষেত্রে সহযোগিতা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি, উত্তর-পূর্বাঞ্চলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে সহায়তা, প্রকল্পের আর্থিক কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের ধারাবাহিক জোগান নিশ্চিত করতে একাধিক নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে। বিশেষত, দুর্গম ভৌগোলিক অঞ্চলে অর্থায়ন, প্রকল্পের প্রস্তুতি এবং বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাগুলি দূর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলির সম্মিলিত লক্ষ্য হল দ্রুত ও দক্ষতার সঙ্গে ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।
আর্থিক সহায়তার কাঠামো:
- উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলাগুলির জন্য প্রতি মেগাওয়াটে ৩.৬ কোটি টাকা অথবা প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশ, যে অঙ্কটি কম হবে, সেই হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার পরিমাণ ৩০ কোটি টাকা।
- অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে প্রকল্পের আকার ও অবস্থান অনুযায়ী, প্রতি মেগাওয়াটে ২.৪ কোটি, ১.৭৮ কোটি অথবা ২.০৫৪ কোটি টাকা কিংবা প্রকল্প ব্যয়ের ২০ শতাংশ, যে অঙ্কটি কম হবে, সেই হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার পরিমাণ ২০ কোটি টাকা।
বিনিয়োগ ও অর্থনৈতিক প্রভাব:
- এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র জলবিদ্যুৎ ক্ষেত্রে প্রায় ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
- দেশীয় যন্ত্রপাতি ও উৎপাদন সরঞ্জামের ব্যবহারেও উৎসাহ দেওয়া হবে। এর ফলে আত্মনির্ভর ভারত গড়ার ভাবনা আরও শক্তিশালী হবে। পাশাপাশি, স্থানীয় উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থারও উন্নতি ঘটবে।
প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুতিতে সহায়তা:
- এই ক্ষেত্রের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে অন্তত ২০০টি প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরিতে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতের জন্য শক্তিশালী প্রকল্পের তালিকা তৈরি করতে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলিকে সহায়তার উদ্দেশ্যে পৃথকভাবে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কর্মসংস্থান সৃষ্টি:
- নির্মাণপর্বে এই প্রকল্পের মাধ্যমে আনুমানিক ৫১ লক্ষ শ্রমদিবসের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও, প্রকল্পগুলির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষত গ্রামীণ ও দুর্গম অঞ্চলে এর সুফল মিলবে।
ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেশের অব্যবহৃত ক্ষুদ্র জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্দিষ্ট আর্থিক সহায়তা, পরিকাঠামোর উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্যের উপর গুরুত্ব দিয়ে এই প্রকল্প পরিচ্ছন্ন শক্তি উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, পরিষেবা থেকে বঞ্চিত অঞ্চলগুলিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ প্রশস্ত করবে।
সুস্থায়ী শক্তি উন্নয়নে ক্ষুদ্র জলবিদ্যুতের গুরুত্ব
ভারতে পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য এবং বিকেন্দ্রীভূত শক্তি উৎপাদনের প্রসারে ক্ষুদ্র জলবিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত দুর্গম ও পাহাড়ি অঞ্চলে এই প্রকল্পগুলি স্থানীয় জলসম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহারের কেন্দ্রের কাছাকাছি উৎপাদনের সুযোগ তৈরি করে। এর ফলে, বিদ্যুৎ পরিষেবার পরিসর বাড়ে। দীর্ঘ বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থার উপর নির্ভরতা কমে এবং সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায়।
- বিকেন্দ্রীভূত ও দক্ষ বিদ্যুৎ সরবরাহ: বিদ্যুতের চাহিদা রয়েছে এমন কেন্দ্রগুলির কাছাকাছি এই প্রকল্পগুলি গড়ে ওঠে। ফলে, বিদ্যুৎ পরিবহণের সময় শক্তির অপচয় কমে, ভোল্টেজের স্থিতিশীলতা বাড়ে এবং সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল-সহ ভৌগোলিকভাবে প্রতিকূল এলাকাগুলিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়।
- পরিচ্ছন্ন ও সাশ্রয়ী শক্তির উৎস: ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পে জ্বালানি খরচ বা নির্গমন ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করা যায়। ফলে, দীর্ঘমেয়াদে এটি পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে কার্যকর সমাধান।
- গ্রামীণ উন্নয়নের চালিকাশক্তি: বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত অঞ্চলগুলিতে বিদ্যুতের জোগান বাড়িয়ে এই প্রকল্পগুলি পরিকাঠামোর উন্নয়নে সহায়তা করে। পাশাপাশি, স্থানীয় অর্থনৈতিক বিকাশের অনুঘটক হিসেবে কাজ করে।
- কর্মসংস্থান ও জীবিকার সুযোগ: নির্মাণ ও পরিচালনা, উভয় পর্যায়েই প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি, ক্ষুদ্র শিল্প এবং স্বনিযুক্তির ক্ষেত্রেও উৎসাহ জোগায়।
- পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক: অল্প জমির প্রয়োজন এবং বাস্তুচ্যুতির পরিমাণ নগণ্য হওয়ায় ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব কম। সামাজিক ক্ষেত্রেও এর প্রভাব সীমিত। দীর্ঘ কার্যকাল এই প্রকল্পগুলির সুস্থায়ী চরিত্রকে আরও শক্তিশালী করে।
ভারতে ক্ষুদ্র জলবিদ্যুতের সম্ভাবনা ও ভবিষ্যৎ
ভারতের পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের প্রসারে ক্ষুদ্র জলবিদ্যুৎ ক্রমশ গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য শক্তির উৎস হয়ে উঠছে। পাহাড়ি, দুর্গম ও প্রতিকূল ভৌগোলিক অঞ্চলে এই প্রকল্পগুলি বিশেষভাবে উপযোগী। বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেখানে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, শক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবিকার উন্নয়নে সহায়তা করা সম্ভব।
দেশে ৭,১৩৩টি চিহ্নিত স্থানে ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদনের মোট সম্ভাবনা ২১,১৩৪ মেগাওয়াট। এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫,১৮২ মেগাওয়াট, অর্থাৎ মোট সম্ভাবনার প্রায় ২৫ শতাংশ কাজে লাগানো হয়েছে। এই পরিসংখ্যান ধারাবাহিক অগ্রগতির ইঙ্গিত দেয়। এখনও অব্যবহৃত ১৫,৯৫২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা দ্রুত উন্নয়নের এক বিশাল সুযোগ তৈরি করেছে। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট নীতিগত সহায়তা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
উত্তরাঞ্চল
পাহাড়ি ভূপ্রকৃতি, সারা বছর জলপ্রবাহ বজায় থাকা নদী এবং অনুকূল জলসম্পদের কারণে ভারতের ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে উত্তরাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত পাহাড়ি অঞ্চলে এই ক্ষেত্রের উন্নয়নে এই অঞ্চলের ভূমিকা উল্লেখযোগ্য। হিমাচল প্রদেশে, ৩,৪৬০ মেগাওয়াট, উত্তরাখণ্ডে, ১,৬৬৪ মেগাওয়াট এবং জম্মু ও কাশ্মীরে, ১,৩১২ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। লাদাখের ৩৯৬ মেগাওয়াট সম্ভাবনাও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। প্রাকৃতিক সম্পদের এই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তার ব্যবহার এখনও মাঝারি পর্যায়ে রয়েছে। ফলে, উল্লেখযোগ্য পরিমাণ উৎপাদন ক্ষমতা এখনও অব্যবহৃত।
উত্তর-পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে বিপুল সম্ভাবনাময় ক্ষেত্র। বিশেষত পাহাড়ি অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম।
অরুণাচল প্রদেশে ২,০৬৫ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর পরেই রয়েছে মেঘালয়, ২৩০ মেগাওয়াট, অসম, ২০২ মেগাওয়াট, নাগাল্যান্ড, ১৮২ মেগাওয়াট, মিজোরাম, ১৬৯ মেগাওয়াট, মণিপুর, ১০০ মেগাওয়াট এবং ত্রিপুরা, ৪৭ মেগাওয়াট।
এই অঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন বিকেন্দ্রীভূত এবং গ্রিডের বাইরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করতে পারে। বিশেষত দুর্গম ও জনজাতি অধ্যুষিত এলাকায় এর গুরুত্ব বেশি। এর ফলে, বিদ্যুতের ব্যবহার বাড়বে, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা কমবে। নির্দিষ্ট নীতিগত পদক্ষেপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণভিত্তিক মডেলের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল ভারতের ক্ষুদ্র জলবিদ্যুৎ ক্ষেত্রের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
দক্ষিণাঞ্চল
শক্তিশালী পরিকাঠামো, সুপ্রতিষ্ঠিত শক্তি ব্যবস্থা এবং অনুকূল নদী অববাহিকার কারণে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়নে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই অঞ্চলে ৩,৭২৬ মেগাওয়াট সম্ভাবনা নিয়ে শীর্ষে রয়েছে কর্ণাটক। আঞ্চলিক সম্ভাবনার প্রায় ৬৮ শতাংশ এই রাজ্যের। এর পরেই রয়েছে কেরল, ৬৪৭ মেগাওয়াট এবং তামিলনাড়ু, ৬০৪ মেগাওয়াট।
অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে সম্ভাবনার ব্যবহারও বেশি। এর পিছনে রয়েছে দক্ষ প্রকল্প বাস্তবায়ন এবং শক্তিশালী বিদ্যুৎ গ্রিড সংযোগ।
শক্তিশালী পরিকাঠামোর ভিত্তিতে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং অন্যান্য পরিচ্ছন্ন শক্তির উৎসের সঙ্গে সংযুক্তির মাধ্যমে দক্ষিণাঞ্চলে আরও উৎপাদন ক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। ভারতের ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের প্রসারে এই অঞ্চল স্থিতিশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি, পাহাড়ি ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নের পরিপূরক হিসেবেও কাজ করবে।
পূর্বাঞ্চল
পূর্বাঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা মাঝারি হলেও কৌশলগত দিক থেকে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।
বিহারে ৫২৭ মেগাওয়াট, পশ্চিমবঙ্গে ৩৯২ মেগাওয়াট এবং ওড়িশায় ২৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর পরেই রয়েছে সিকিম ২৬৭ মেগাওয়াট এবং ঝাড়খণ্ড ২২৮ মেগাওয়াট। এই অঞ্চলের নদীব্যবস্থা ও ভূপ্রকৃতি ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পক্ষে অনুকূল।
এই অঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের প্রসার ঘটলে স্থানীয় বিদ্যুৎ পরিষেবা, কৃষির উৎপাদনশীলতা এবং গ্রামীণ জীবিকার বিকাশ ঘটবে। পাশাপাশি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নেও সহায়তা মিলবে। নির্দিষ্ট সরকারি পদক্ষেপ, উন্নত অর্থায়ন ব্যবস্থা এবং বিকেন্দ্রীভূত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পূর্বাঞ্চল জাতীয় স্তরে এই ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
পশ্চিমাঞ্চল
বিস্তৃত সেচ ব্যবস্থা এবং খালভিত্তিক পরিকাঠামো থাকায়, পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার বিশেষ সুযোগ রয়েছে।
এই অঞ্চলে ১,০৯৮.২০ মেগাওয়াট সম্ভাবনা নিয়ে শীর্ষে রয়েছে ছত্তিশগড়। এর পরেই রয়েছে মধ্যপ্রদেশ- ৮২০ মেগাওয়াট এবং মহারাষ্ট্র- ৭৮৬ মেগাওয়াট। এই অঞ্চলে মোট সম্ভাবনা ২,৯১২ মেগাওয়াট। এর মধ্যে স্থাপিত উৎপাদন ক্ষমতা ৭৩০ মেগাওয়াট। মহারাষ্ট্র ও গুজরাটে সম্ভাবনার তুলনায় উৎপাদন ক্ষমতার ব্যবহার বেশি। অন্য রাজ্যগুলিতে আরও উন্নয়নের সুযোগ রয়েছে।
উপসংহার
ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প (২০২৬-৩১) ভারতের পরিচ্ছন্ন শক্তির ব্যবহারের প্রসারে ক্ষুদ্র জলবিদ্যুতের বিশেষ সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ। ২,৫৮৪.৬০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে নতুন করে ১,৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য ও বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন, বিশেষত, প্রতিকূল ভৌগোলিক অঞ্চলে, এই প্রকল্পের অন্যতম অগ্রাধিকার। সেখানে অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহার নানা কারণে সীমিত।
উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, এই উদ্যোগের লক্ষ্য আরও বিস্তৃত উন্নয়নমূলক সুফল নিশ্চিত করা। নির্দিষ্ট আর্থিক সহায়তা, প্রকল্প প্রস্তুতির সরলীকরণ এবং দেশীয় উৎপাদনে উৎসাহের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়বে, দেশীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে এবং দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই সমন্বিত উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আঞ্চলিক সমতার ক্ষেত্রে ক্ষুদ্র জলবিদ্যুৎকে কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে।
শক্তির ক্ষেত্রে আরও বেশি আত্মনির্ভরতা এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে। এই যাত্রায় পরিবেশগত দায়িত্ববোধের সঙ্গে আর্থসামাজিক অগ্রগতির ভারসাম্য বজায় রাখার সুযোগ করে দেয় ক্ষুদ্র জলবিদ্যুৎ। এই বিশেষ উদ্যোগের সাহায্যে পরিষেবা থেকে বঞ্চিত অঞ্চলগুলিতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া, বিদ্যুৎ গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং পরিচ্ছন্ন, শক্তিশালী ও আরও আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী ভারত সরকার।
তথ্যসূত্র
Ministry of New and Renewable Energy (MNRE)
NITI Aayog
Central Electricity Authority
Others
click to see pdf
**
SSS/ S Saha.....
(Explainer ID: 160882)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments