Technology
২০০১ সালের কচ্ছ ভূমিকম্প
সংকটের সময় নেতৃত্ব, মানুষের পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলায় সক্ষমতা গড়ে তোলা
Posted On:
16 NOV 2026 11:38AM
১৬ নভেম্বর, ২০২৬
গুজরাটের কেউই এমন ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুত ছিলেন না। তবুও, সংকটের মুহূর্তে প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও স্থানীয় আধিকারিকরা ঘটনাস্থল থেকেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় সরকার সেদিনই ৫০০ কোটি টাকা বরাদ্দ করে। দু’সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি নতুন কর্তৃপক্ষ পুনর্বাসন ও পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করে। গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারগুলিকে নিজেদের বাড়ি পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের নিষ্পত্তির জন্য জেলা বিচারকদের ন্যায়পাল হিসেবে নিয়োগ করা হয়।
২০০১ সালের অক্টোবর মাসে পুনর্গঠনের কাজে আরও গতি আনতে মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নেন। বস্তুত, ১১ জন প্রবীণ সচিব সপ্তাহান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালুক গুলিতে সময় কাটাতে শুরু করেন। প্রতি সোমবার তাঁরা মুখ্যমন্ত্রীকে কাজের অগ্রগতি জানাতেন। প্রথম বার্ষিকীর আগেই দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই ছিল তাঁদের লক্ষ্য। ২০০৪ সালের মধ্যে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার বাড়ি পুনর্নির্মাণ করা হয়। কচ্ছের অভিজ্ঞতা দেখিয়েছে, দ্রুত সিদ্ধান্ত, দায়িত্বশীল নেতৃত্ব এবং মানুষের প্রতি আস্থা থাকলে একটি বিপর্যস্ত অঞ্চলকেও নতুন করে গড়ে তোলা সম্ভব।
যে সকাল বদলে দিয়েছিল সমগ্র গুজরাটকে
২০০১ সালের ২৬ জানুয়ারি সকাল ৮টা ৪৬ মিনিটে গুজরাটে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল কচ্ছ। এই বিপর্যয় প্রশাসন, নেতৃত্ব এবং সরকারি প্রতিষ্ঠানগুলির কার্যক্ষমতার সামনে এক নজিরবিহীন পরীক্ষা হয়ে দাঁড়ায়।
ভূমিকম্পে ১৮১টি তালুকের প্রায় ৭,৬৩৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকাগুলিতে প্রায় ১ কোটি মানুষ বিপর্যয়ের শিকার হন। মোট ১৩,৮০৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে কচ্ছেই প্রাণ হারান ১২,২২১ জন। আহত হন প্রায় ১ লক্ষ ৬৭ হাজার মানুষ। গোটা অঞ্চলে মানুষের দুর্ভোগ ছিল অত্যন্ত ব্যাপক।
দু’লক্ষেরও বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয় এবং প্রায় ৯ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য পরিবার বাসস্থান হারায়। জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১০ হাজারেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ হাজার কারিগর জীবিকা হারান। ফলে, মানবিক বিপর্যয়ের পাশাপাশি, বড় ধরনের অর্থনৈতিক সংকটও দেখা দেয়।
গুজরাটে ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলার জন্য জরুরি পরিকল্পনা থাকলেও ভূমিকম্পের মতো বিপর্যয় মোকাবিলার জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছিল না।
এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত উদ্যোগ এবং তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি, নিরাপদ ও বিপর্যয় মোকাবিলায় সক্ষম গুজরাট গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়।
প্রথম কয়েক ঘণ্টা : দ্রুত পদক্ষেপ
২৬ জানুয়ারি ত্রাণ বিভাগের অধিকর্তা গান্ধীনগরের রাজ্য নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে উদ্ধার ও ত্রাণের কাজের সমন্বয় শুরু করেন। কিন্তু এক ঘণ্টার মধ্যেই রাজধানী অঞ্চলের ল্যান্ডলাইন ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পরবর্তী কয়েক ঘণ্টায় স্যাটেলাইট ফোন এবং পুলিশের ওয়্যারলেস যোগাযোগই ছিল প্রধান ভরসা।
ভূজে পুলিশ সুপার উদ্ধার ও অনুসন্ধানের কাজের দায়িত্ব নেন। জেলাশাসক ত্রাণ ও সরবরাহের কাজ পরিচালনা করেন। আহতদের চিকিৎসার জন্য প্রায় দু’ঘণ্টার মধ্যে একটি খোলা জায়গায় চিকিৎসা শিবির গড়ে তোলা হয়।
ব্রিগেডিয়ারের কাছে অনুরোধ জানানোর পর সেনাবাহিনীর একটি দল মোতায়েন করা হয়। পুলিশ পরিবারের সদস্যরাও যৌথভাবে রান্নাঘর তৈরি করে দুর্গতদের খাবারের ব্যবস্থা করেন। ভারত সরকারও সেদিনই পদক্ষেপ করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সংকট মোকাবিলা কমিটির বৈঠক হয়।
তাৎক্ষণিক ত্রাণের জন্য ৫০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। এর ফলে, জরুরি কাজ দ্রুত শুরু করা সম্ভব হয়। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী উদ্ধারকাজে যোগ দেয়। আকাশপথে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
পুনর্গঠনের জন্য নতুন প্রতিষ্ঠান : রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ গঠন
প্রাথমিক ত্রাণের কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনর্বাসন ও পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনা শুরু হয়।
২০০১ সালের ৮ ফেব্রুয়ারি গুজরাট সরকার গুজরাট রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (GSDMA) গঠন করে। সরকারি নির্দেশের মাধ্যমে এই কর্তৃপক্ষ তৈরি করা হয়। পুনর্গঠনের কাজ পরিচালনা ও তদারকি করাই ছিল এর প্রধান দায়িত্ব।
এই মডেল সম্পূর্ণ নতুন ছিল না। ১৯৯৯ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর ওড়িশা সরকার পুনরুদ্ধারের কাজ পরিচালনার জন্য ওড়িশা রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ গঠন করেছিল। ভারত সরকার গুজরাটকেও একই ধরনের কর্তৃপক্ষ গড়ে তোলার পরামর্শ দেয়।
প্রথমে GSDMA সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনের অধীনে একটি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়। পরে আইন করে একে কর্তৃপক্ষে রূপান্তরিত করা হয়। ২০০৩ সালের গুজরাট রাজ্য বিপর্যয় মোকাবিলা আইন এই কর্তৃপক্ষকে আইনি ভিত্তি দেয়। কর্তৃপক্ষের পরিচালন পর্ষদ নীতি ও নির্দেশিকা নির্ধারণ করত। এর সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী। পর্ষদে ছিলেন প্রবীণ মন্ত্রী ও সরকারি আধিকারিকরা। ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি পরিচালন পর্ষদ একটি প্রাথমিক কাঠামো অনুমোদন করে। এতে সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অত্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রামগুলির স্থানান্তর সংক্রান্ত সিদ্ধান্তে গ্রাম কমিটি ও গ্রামসভার অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। জাতীয় স্তরেও উদ্যোগ নেওয়া হয়। ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি গঠন করে।
ক্ষয়ক্ষতির হিসাব : পুনর্গঠনের জন্য অর্থের সংস্থান
এত বড় অঞ্চল পুনর্গঠনের জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। প্রথমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়।
বিশ্ব ব্যাঙ্ক ও এশীয় উন্নয়ন ব্যাঙ্কের যৌথ সমীক্ষায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয় ৯,৯০৯ কোটি টাকা। পুনর্গঠনের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ১০,৫৭৫ কোটি টাকা। পরে রাজ্য সরকার নিজস্ব সমীক্ষায় পুনর্গঠনের ব্যয় প্রায় ৮,৪৯৬ কোটি টাকা বলে জানায়। এই হিসাব যৌথ সমীক্ষার তুলনায় কম ছিল। প্রাথমিকভাবে দুটি আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান যথাক্রমে ১০০ কোটি মার্কিন ডলার এবং ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছিল। পরে পর্যালোচনার পর এই ঋণের পরিমাণ কমিয়ে যথাক্রমে ৭০৩ মিলিয়ন এবং ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার করা হয়। রাজ্য সরকারও নিজস্ব তহবিল থেকে মোট ব্যয়ের প্রায় ৩০ শতাংশ, অর্থাৎ প্রায় ২,৬০৩ কোটি টাকা বহন করে।
বাড়ি পুনর্নির্মাণে পরিবারের ভূমিকা
অর্থের সংস্থান নিশ্চিত হওয়ার পর সরকার বাড়ি পুনর্নির্মাণের কাজে বিশেষ গুরুত্ব দেয়। ২০০১ সালের ২৩ ফেব্রুয়ারি বাড়ি নির্মাণের জন্য চারটি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
বাড়ির ক্ষয়ক্ষতির মাত্রা, ভূমিকম্পের ঝুঁকি এবং বসতির ধরন অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়।
পরে ২০০১ সালের ২৪ এপ্রিল কচ্ছের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারটি শহর, ভুজ, ভাচাউ, আঞ্জার ও রাপারের জন্য পঞ্চম একটি প্যাকেজ ঘোষণা করা হয়।
পুনর্নির্মাণের ক্ষেত্রে পরিবারের নিজস্ব উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ঠিকাদারের পরিবর্তে পরিবারগুলিকেই নিজেদের বাড়ি পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।
সরকার আর্থিক সহায়তা, প্রযুক্তিগত পরামর্শ এবং নিরাপদ বাড়ির নকশা দিয়ে পরিবারগুলিকে সাহায্য করে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি সংস্থাও অংশ নেয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তারা নির্দিষ্ট কিছু গ্রামে বাড়ি তৈরি করে।
এই কর্মসূচিতে উভয় পক্ষ অর্থের জোগান দেয়। নির্মাণের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে অর্থ ছাড়া হয়।
সরকারি নথিতে এই কর্মসূচিকে ‘রিকনস্ট্রাকশান প্লাস’, অর্থাৎ, আরও উন্নত ও নিরাপদভাবে পুনর্নির্মাণের উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাস্তবে কাজের অগ্রগতি : নেতৃত্ব ও প্রশাসনিক উদ্যোগ
ক্ষয়ক্ষতির মূল্যায়ন
পুনর্গঠনের প্রথম ধাপ ছিল ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন। G1 থেকে G5 পর্যন্ত পাঁচটি স্তরে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে G1 বলতে সামান্য ক্ষতি এবং G5 বলতে সম্পূর্ণ ধ্বংস অথবা মেরামতের অযোগ্য ক্ষতি বোঝানো হয়।
সমীক্ষার জন্য ২,০৫১টি দল গঠন করা হয়। এই দলগুলিতে মোট ৪,৫৯২ জন কাজ করেন। তাঁদের মধ্যে ছিলেন ১,৭৯৪ জন রাজস্ব বিভাগের আধিকারিক। প্রতিটি সমীক্ষা দলে তিনজন সদস্য ছিলেন। ক্ষয়ক্ষতির সমীক্ষায় স্থানীয় মানুষের অংশগ্রহণও নিশ্চিত করা হয়। কোনও পরিবার সমীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট না হলে পুনরায় সমীক্ষার আবেদন করতে পারত। আবেদনের সময়সীমাও বাড়ানো হয়।
অভিযোগের নিষ্পত্তি
অভিযোগের নিষ্পত্তির জন্য গ্রাম কমিটি, জেলা কমিটি এবং জেলা বিচারকদের দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি জেলায় জেলা বিচারককে ন্যায়পাল হিসেবে নিয়োগ করা হয়। ন্যায়পাল হলেন এমন একজন আধিকারিক, যিনি প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ খতিয়ে দেখেন। তিনি সরাসরি অভিযোগ গ্রহণ করতে এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারতেন। ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত ন্যায়পালদের কাছে ৪৭,১৫৬টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়।
প্রশাসনিক কাঠামো
রাজ্য, জেলা, তালুক ও গ্রাম, এই চারটি স্তরে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালুকগুলিতে অতিরিক্ত জেলাশাসক নিয়োগ করা হয়। প্রতিটি গ্রামে পুনর্গঠনের কাজ তদারকির জন্য গ্রাম নবনির্মাণ সমিতি গঠন করা হয়। এই কমিটিতে থাকতেন :
* গ্রামের নির্বাচিত পঞ্চায়েত প্রধান
* একজন মহিলা সদস্য
* পিছিয়ে পড়া জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি
* প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
* একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি
সরকারি দপ্তরগুলি বিভিন্ন কাজ বাস্তবায়ন করত। অন্যদিকে, ড. পি. কে. মিশ্রের নেতৃত্বে GSDMA কাজের সমন্বয় ও অগ্রগতি তদারকি করত। জেলাশাসকরা যুগ্ম মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন কাজের অনুমোদন দ্রুত করার জন্য একটি কার্যপদ্ধতি নির্দেশিকাও তৈরি করা হয়।
সহায়তা ও নির্মাণের গুণমান নিশ্চিতকরণ
ভোক্তাদের কয়েকটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি পর্যায়ে নির্মাণকাজের অগ্রগতি ইঞ্জিনিয়ারের মাধ্যমে যাচাই করা হতো।
মোট ১,০৮২টি নির্মাণসামগ্রী সরবরাহ কেন্দ্র থেকে সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি, প্রায় ৩০ হাজার রাজমিস্ত্রি এবং ৬,২০০ জন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রায় ২.৬ লক্ষ বাড়ি স্বাধীনভাবে পরিদর্শন করা হয়। পুনর্নির্মিত বাড়িগুলি স্বামী ও স্ত্রীর যৌথ নামে নথিভুক্ত করা হয়। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প ও ঘূর্ণিঝড় প্রতিরোধের বিশেষ ব্যবস্থা রাখা হয়।
অগ্রগতি পর্যালোচনা ও পুনর্গঠনের গতি বৃদ্ধি
২০০১ সালের অক্টোবর মাসে পুনর্গঠনের অগ্রগতি পর্যালোচনা করে সাফল্যের পাশাপাশি, বেশ কিছু সমস্যাও চিহ্নিত করা হয়। তখনও বহু পরিবার তাঁবুতে বসবাস করছিল। কয়েকটি সরকারি দফতর ও স্কুল অস্থায়ী ভবন থেকে কাজ চালাচ্ছিল।
গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে পুনর্গঠনের কাজ ধীরগতিতে এগোচ্ছিল। এর কারণ ছিল জমি জরিপ, রাস্তা সম্প্রসারণ এবং জমির পুনর্বণ্টনের মতো কাজ। ভূমিকম্পের পর গড়ে ওঠা কয়েকটি নতুন গ্রামে জলের অভাব এবং জমি সংক্রান্ত সমস্যার কথাও জানা যায়। ধ্বংসস্তূপ সরানোর কাজেও ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে ২৭৬ জন সরকারি কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় স্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত ৭৩৮ জনের বিরুদ্ধেও মামলা শুরু হয়। ২০০১ সালের অক্টোবর মাসে শ্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর পুনর্গঠনের কাজের অগ্রগতি নতুন করে পর্যালোচনা করা হয়। পর্যালোচনার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালুকগুলির কাজের দিকে বিশেষ নজর দিতে ১১ জন সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়। ২০০২ সালের জানুয়ারি মাসের শেষ পর্যন্ত প্রতি সপ্তাহান্তে প্রত্যেক সচিব নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় তিন দিন করে পরিদর্শন করেন।
এই সময়ে প্রতি সোমবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হতো। ২০০২ সালের ২৬ জানুয়ারি ভূমিকম্পের প্রথম বর্ষপূর্তির মধ্যে পুনর্গঠনের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোই ছিল এর লক্ষ্য। সচিবদের এলাকাভিত্তিক পরিদর্শন এবং তাঁদের পরামর্শের ভিত্তিতে নীতি ও কাজের পদ্ধতি সংক্রান্ত একাধিক সমস্যার সমাধান করা হয়।
এই পদক্ষেপগুলির ফলে, পরবর্তী মাসগুলিতে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজের গতি বাড়ে।
বাড়িঘর, শহর ও জীবিকা : ২০০৪ সাল পর্যন্ত অগ্রগতি
বাড়িঘর
প্রথম বছরের মধ্যেই অধিকাংশ বাড়ির মেরামতির কাজ শেষ হয়। পরবর্তী বছরগুলিতে পুনর্নির্মাণের কাজও ধারাবাহিকভাবে এগোয়। ২০০২ সালের জানুয়ারি মাসের মধ্যে প্রায় ৭.৭ লক্ষ বাড়ি মেরামত করা হয় এবং প্রায় ৬০ হাজার বাড়ি পুনর্নির্মাণ করা হয়।
২০০৩ সালের জানুয়ারি মাসের মধ্যে পুনর্নির্মিত বাড়ির সংখ্যা বেড়ে প্রায় ১.৪৩ লক্ষ হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ১.৮৭ লক্ষে। লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২.১৫ লক্ষ বাড়ি। অর্থাৎ, ২০০৪ সালের জানুয়ারি মাসের মধ্যে লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ কাজ সম্পন্ন হয়।
শিক্ষা ও স্বাস্থ্য
২০০৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মেরামতির জন্য চিহ্নিত ৪২,৬৭৮টি প্রাথমিক স্কুলের শ্রেণীকক্ষের কাজ শেষ হয়। ধ্বংস হয়ে যাওয়া ৮,২১২টি শ্রেণীকক্ষের মধ্যে ৭,৪৬৯টি পুনর্নির্মাণ করা হয় অর্থাৎ, মোট কাজের ৯১ শতাংশ সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের সহায়তায় ভূজের জেলা সিভিল হাসপাতাল পুনর্নির্মাণ করা হয়। এই প্রকল্পে প্রায় ১১৪ কোটি টাকা ব্যয় হয়। হাসপাতাল নির্মাণে বেস আইসোলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তি ভূমিকম্পের সময় ভবনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ২০০৪ সালের ১৪ জানুয়ারি হাসপাতালটির উদ্বোধন হয়। এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়।
এছাড়া, ছয়টি কমিউনিটি হেলথ সেন্টার, ২৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ১৮৪টি উপকেন্দ্র এবং ১৮৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়।
শহর পুনর্গঠন
শহর পরিকল্পনা এবং নতুন পরিকাঠামো গড়ে তোলার জন্য ভুজ, আঞ্জর, ভাচাউ ও রূপারে এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়। এই সংস্থাগুলি পরিকল্পনা তৈরির জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগ করে, বাড়ি নির্মাণের অনুমতি দেয় এবং পুনর্বাসনের জন্য নতুন জমি তৈরি করে।
চারটি শহরের মধ্যে তিনটির জন্য শহর পরিকল্পনা তৈরি করা হয়। এর জন্য কয়েক হাজার জমির প্লট জরিপ করতে হয় এবং জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে হয়। শহরাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের কাজের মধ্যে ছিল প্রায় ৪০৩ কিলোমিটার রাস্তা, ৫৪৬ কিলোমিটার জলের পাইপলাইন এবং ৫০৪ কিলোমিটার নিকাশি ব্যবস্থা নির্মাণ।
উন্নয়ন পরিকল্পনা তৈরি, শহর পরিকল্পনা এবং ঠিকাদার নির্বাচন শেষ হওয়ার পরেই এই কাজ শুরু করা সম্ভব হয়। এছাড়া, ১৩৪টি পুরসভা ভবনের কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল। ২০০৪ সালের জানুয়ারি মাসের মধ্যে এর প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়।
জীবিকা ও শিল্প
কচ্ছ অঞ্চলে নতুন শিল্প ইউনিট গড়ে তোলার জন্য ভারত সরকার এবং গুজরাট সরকার কর ছাড়ের কথা ঘোষণা করে। এই ছাড়ের মধ্যে ছিল উৎপাদন শুল্ক, বিক্রয় কর এবং ক্রয় কর থেকে অব্যাহতি। এই করগুলি পণ্যের উপর ধার্য করা হয়।
২০০৪ সালের মার্চ মাসের মধ্যে কচ্ছে ১৫১টি নতুন শিল্প প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়। এই প্রকল্পগুলিতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪,৭৮৫ কোটি টাকা।
দীর্ঘস্থায়ী প্রভাব : বিপর্যয় মোকাবিলায় নতুন প্রতিষ্ঠান
পুনর্গঠনের কাজের পাশাপাশি, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে একাধিক দীর্ঘস্থায়ী সংস্কারও করা হয়। ২০০২ সালের সেপ্টেম্বর মাসে গুজরাট সরকার রাজ্য বিপর্যয় মোকাবিলা নীতি গ্রহণ করে। ২০০৩ সালে গুজরাট রাজ্য বিপর্যয় মোকাবিলা আইন প্রণয়ন করা হয়। এর ফলে, বিপর্যয় মোকাবিলার কাজ আইনি ভিত্তি পায়।
গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা হয়। সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষকে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যের ৪৮৪টি গ্রামে 'আপৎ সজ্জত সেনা’ নামে গ্রামস্তরের বিপর্যয় মোকাবিলা দল গঠন করা হয়।
২০০২ সালে রাজ্য সরকার গ্রামসভাগুলিকে সক্রিয় করার উদ্যোগ নেয়। বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিকে গ্রামসভার নিয়মিত আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ২০০৩ সালে রাষ্ট্রসংঘের বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত সাসাকাওয়া পুরস্কার দেওয়া হয়।
২০০৪ সালে প্রশাসনিক ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এই উদ্যোগগুলির ধারাবাহিকতায় ২০০৫ সালে বিপর্যয় মোকাবিলা আইন প্রণীত হয়। এই আইন গোটা দেশের জন্য প্রযোজ্য হয়।
নেতৃত্বের শিক্ষা : কচ্ছের অভিজ্ঞতা থেকে ছয়টি গুরুত্বপূর্ণ দিক
১. আগে পদক্ষেপ, পাশাপাশি, সংগঠিত উদ্যোগ
প্রথম এক ঘণ্টার মধ্যেই ল্যান্ডলাইন ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। তা সত্ত্বেও কয়েক ঘণ্টার মধ্যেই ত্রাণের কাজ শুরু হয়। ভূজে দায়িত্ব ভাগ করে দেওয়া এবং একই দিনে জাতীয় সংকট মোকাবিলা কমিটির বৈঠক পরিস্থিতি সামাল দেওয়ার কাজে গতি আনে।
২. নির্দিষ্ট লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলা
দুই সপ্তাহের মধ্যে গুজরাট স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (GSDMA) গঠন করা হয়। এর পরিচালন পর্ষদের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী। সংস্থাটিকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়। এই মডেল ওড়িশার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়। পরে ২০০৩ সালের আইনের মাধ্যমে এর আইনি ভিত্তি আরও মজবুত হয়।
৩. মানুষের স্বার্থকে অগ্রাধিকার
সরকারের আর্থিক সহায়তা, কারিগরি পরামর্শ এবং নিরাপদ নির্মাণ পরিকল্পনার সাহায্যে পরিবারগুলি নিজেদের বাড়ি নিজেরাই পুনর্নির্মাণ করে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির স্থানান্তরের সিদ্ধান্তেও গ্রাম কমিটি ও গ্রামসভাগুলির মতামত নেওয়া হয়।
৪. ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা
উন্মুক্ত সমীক্ষা, পুনরায় সমীক্ষার আবেদন এবং প্রতিটি জেলায় ওম্বুডসম্যান বা ন্যায়পাল নিয়োগের মাধ্যমে পরিবারগুলির বক্তব্য জানানোর সুযোগ তৈরি করা হয়। কয়েকটি পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া এবং প্রায় ২.৬ লক্ষ বাড়ি স্বাধীনভাবে পরিদর্শনের ফলে নির্মাণের গুণমান বজায় রাখা সম্ভব হয়।
৫. অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধন
২০০১ সালের অক্টোবর মাসের পর্যালোচনায় তাঁবুতে বসবাসকারী পরিবার থেকে শুরু করে শহরাঞ্চলে ধীরগতির পুনর্গঠন, সকল সমস্যাই স্পষ্টভাবে তুলে ধরা হয়। এরপর সিনিয়র সচিবদের দায়িত্ব দেওয়া, সাপ্তাহিক পর্যালোচনা এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার ফলে কাজের গতি বাড়ে।
৬. শুধু ভবন নয়, বিপর্যয় মোকাবিলার সক্ষমতা গড়ে তোলা
গুজরাটে বিপর্যয় মোকাবিলার প্রয়োজনে একটি নীতি, একটি আইন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ৪৮৪টি গ্রামের প্রস্তুতি দল গড়ে ওঠে। এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০০৩ সালে সাসাকাওয়া পুরস্কার এবং ২০০৪ সালে গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তথ্যসূত্র
Kutch Earthquake 2001
*****
SSS/AS......
(Explainer ID: 160824)
आगंतुक पटल : 22
Provide suggestions / comments