Economy
২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের রপ্তানি বৃদ্ধি: উল্লেখযোগ্য সাফল্য ও নতুন মাইলফলক
টানা ৭ মাস বার্ষিক ভিত্তিতে রপ্তানি বৃদ্ধিতে রেকর্ড
Posted On:
14 NOV 2026 8:35PM
নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৬
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ভারতের রপ্তানি ১৬.৬৬ শতাংশ বেড়ে ৫৬৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। পণ্য, পরিষেবা এবং বিদেশের বিভিন্ন বাজারে এই বৃদ্ধি ঘটেছে। রপ্তানি প্রসারের উদ্যোগ, বাণিজ্যিক অংশীদারিত্বের সম্প্রসারণ এবং উন্নত পণ্য পরিবহণ ব্যবস্থা ভারতীয় ব্যবসায়িক সংস্থাগুলিকে এই অগ্রগতি ধরে রাখতে সহায়তা করছে। দেশের বৃহত্তর অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে এই বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে GDP-র বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে বেকারত্বের হার কমে হয়েছে ৫.১ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসেও এই ইতিবাচক চিত্র প্রতিফলিত হয়েছে। তাদের অনুমান, ২০২৬-২৭ অর্থবর্ষেও ভারতের অর্থনীতির শক্তিশালী বৃদ্ধি অব্যাহত থাকবে।
ভূমিকা
আন্তর্জাতিক বাণিজ্য ব্যবসায়িক সংস্থাগুলিকে দেশীয় বাজারের গণ্ডি পেরিয়ে সম্প্রসারণের সুযোগ দেয়। এর ফলে, উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতির সম্প্রসারণ অব্যাহত রাখতে তা সহায়তা করেছে।
বিগত কয়েক বছর ধরেই এই অগ্রগতি অব্যাহত রয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে নতুন উচ্চতায় পৌঁছনোর পর পরবর্তী প্রতিটি অর্থবর্ষে ভারতের মোট রপ্তানি নতুন রেকর্ড গড়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে মোট রপ্তানির পরিমাণ বেড়ে ৮৬৩.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর ফলে, টানা পাঁচ বছর রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষেও এই অগ্রগতি অব্যাহত রয়েছে। রপ্তানির মূল্য বৃদ্ধির পাশাপাশি, বিভিন্ন পণ্য এবং বিদেশের একাধিক বাজারে রপ্তানির প্রসার ঘটেছে।
২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের রপ্তানি বৃদ্ধি অব্যাহত
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট রপ্তানির আনুমানিক পরিমাণ ৫৬৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৮৭.৫৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, রপ্তানি বেড়েছে ১৬.৬৬ শতাংশ। পণ্য ও পরিষেবা, উভয় ক্ষেত্রেই রপ্তানি বৃদ্ধির ফলে, এই অগ্রগতি সম্ভব হয়েছে।
ভারতের রপ্তানিতে বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি
ক) পরিষেবা ক্ষেত্র ভারতের রপ্তানির অন্যতম শক্তিশালী স্তম্ভ: গত এক দশকে ভারতের পরিষেবা রপ্তানির বৃদ্ধির হার আন্তর্জাতিক গড়ের তুলনায় বেশি। ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব সামাল দিতে এবং বহির্বাণিজ্য ক্ষেত্রের ঝুঁকি কমিয়ে বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে পরিষেবা রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে এই ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার ছিল ১০.৩ শতাংশ। একই সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ। ফলে আন্তর্জাতিক পরিষেবা রপ্তানিতে ভারতের অংশীদারিত্ব ৩.১ শতাংশ থেকে বেড়ে ৪.৩ শতাংশ হয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে মোট রপ্তানির প্রায় ৪৫.৭ শতাংশ এসেছে পরিষেবা ক্ষেত্র থেকে।
ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য চুক্তির ব্যবস্থা পরিষেবা ক্ষেত্রের জন্য বিদেশের বাজারে প্রবেশের সুযোগ বাড়াচ্ছে। এই চুক্তিগুলির মাধ্যমে পেশাদারদের যাতায়াত সহজ হচ্ছে এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির সামনে নতুন সুযোগ তৈরি হচ্ছে।
খ) বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ভারতের রপ্তানির অগ্রগতিকে ত্বরান্বিত করছে: ভারতের পণ্য রপ্তানির বৃদ্ধিতে শিল্পজাত সামগ্রীর পাশাপাশি, কৃষিজ ও ঐতিহ্যবাহী পণ্যের অবদান রয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শীর্ষ দশটি রপ্তানি পণ্যশ্রেণীর মধ্যে সাতটিতে দুই অঙ্কের বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভারতের রপ্তানির পরিসর বৃদ্ধি
বিদেশের প্রধান বাজারগুলিতেও ভারতের রপ্তানি বৃদ্ধির অগ্রগতি প্রতিফলিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের পণ্য রপ্তানির ১০টি বৃহত্তম গন্তব্যের মধ্যে আটটিতে দুই অঙ্কের বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
নতুন বাজারে পৌঁছচ্ছে আরও বেশি পণ্য
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে ভারতের রপ্তানির পরিসর আরও বেড়েছে। এই সময়ে ১,৯৮৫টি নতুন পণ্য ও বাজারের সমন্বয়ের মাধ্যমে ৬২২.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। ২২৯টি দেশ ও অঞ্চলে ১১৬টি পণ্যশ্রেণীর অন্তর্গত পণ্য রপ্তানি করা হয়েছে। এর মধ্যে শীর্ষ পাঁচটি পণ্য হল:
- জাহাজ, নৌকা ও ভাসমান কাঠামো থেকে সর্বাধিক ২৯৩.৩ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। নতুন রপ্তানির মোট মূল্যের ৪৭.২ শতাংশ এই পণ্যশ্রেণীর অবদান।
- রুপোর রপ্তানির পরিমাণ ছিল ৭০.৬ মিলিয়ন মার্কিন ডলার। মোট রপ্তানিতে এর অংশ ১১.৩ শতাংশ।
- গম রপ্তানি হয়েছে ৬১.৩ মিলিয়ন মার্কিন ডলারের। মোট রপ্তানিতে এর অংশ ৯.৯ শতাংশ।
- রেলপথে ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রাংশ থেকে ৫৫.৮ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। মোট রপ্তানিতে এর অংশ ৯ শতাংশ।
- মোটরযান ও গাড়ি থেকে ৯.৫ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। মোট রপ্তানিতে এর অংশ ১.৫ শতাংশ।
বাণিজ্য চুক্তির অংশীদার দেশগুলির সঙ্গে রপ্তানি বৃদ্ধি
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বাণিজ্য চুক্তির অংশীদার দেশগুলিতেও ভারতের রপ্তানি বেড়েছে।
ক) আঞ্চলিক অংশীদারিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। Association of Southeast Asian Nations (ASEAN)-এর সদস্য দেশগুলিতে ভারতের রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশ। South Asian Free Trade Area (SAFTA)-র সদস্য দেশগুলিতে রপ্তানি বেড়েছে ২২ শতাংশ।
খ) পৃথক অংশীদার দেশগুলির মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। সিঙ্গাপুরে ভারতের রপ্তানি ১০৩ শতাংশ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। মালেশিয়ায় বেড়েছে ৮৩ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭৩ শতাংশ।
গ) দীর্ঘদিনের অন্যান্য বাণিজ্যিক অংশীদার দেশগুলিতেও রপ্তানির প্রসার ঘটেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রপ্তানি যথাক্রমে ৪০ শতাংশ ও ২৪ শতাংশ বেড়েছে। নেপাল, ভুটান এবং থাইল্যান্ডেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৯ শতাংশ, ১৬ শতাংশ এবং ৭ শতাংশ।
ভারতের বৃহত্তর অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে রপ্তানির সংযোগ
দেশের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, কর্মসংস্থানের উন্নত পরিস্থিতি এবং বহির্বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থানের পাশাপাশি, ভারতের রপ্তানি বৃদ্ধি বৃহত্তর অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করছে।
শক্তিশালী দেশীয় অর্থনৈতিক ভিত্তি
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রকৃত GDP বা মোট অভ্যন্তরীন উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। চলতি অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাও শক্তিশালী রয়েছে। Reserve Bank of India, OECD, IMF এবং World Bank ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ থেকে ৭.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, ভোগব্যয়, বিনিয়োগ, রপ্তানি এবং পরিষেবা ক্ষেত্র অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি।
ভারতের শ্রমবাজারে সামগ্রিক উন্নতি
এবছর জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল, ১৫ বছর ও তার বেশি বয়সি মানুষের মধ্যে বেকারত্বের হার কমে হয়েছে ৫.১ শতাংশ। এপ্রিল থেকে জুন সময়ে এই হার ছিল ৫.৪ শতাংশ।
মহিলাদের অংশগ্রহণে অগ্রগতি: গ্রামীণ মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার এবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়কালের ৩৭.২ শতাংশ থেকে বেড়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৩৯.২ শতাংশ হয়েছে। একই সময়ে শহরাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে এই হার ২৫ শতাংশ থেকে বেড়ে ২৫.৫ শতাংশ হয়েছে।
Export Promotion Mission (EPM): সমন্বিত উদ্যোগ
২০২৫ সালের নভেম্বর মাসে অনুমোদিত Export Promotion Mission (EPM)-এ ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ২৫,০৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রপ্তানির প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো, রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিই এই প্রকল্পের লক্ষ্য। বাণিজ্যিক অর্থায়ন, নিয়ম মেনে চলা, বাজারে প্রবেশ এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে আর্থিক ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
এই প্রকল্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (MSME), প্রথমবারের রপ্তানিকারক, শ্রমনিবিড় শিল্পক্ষেত্র এবং দেশের অভ্যন্তরীণ ও কম রপ্তানিকারক অঞ্চলগুলির রপ্তানিকারকদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
Special Economic Zones (SEZs): রপ্তানি পরিকাঠামোর সম্প্রসারণ
Special Economic Zones (SEZs) হল বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের জন্য নির্দিষ্ট অঞ্চল। দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকর্মকাণ্ডের প্রসারে এই অঞ্চলগুলি রপ্তানিতে সহায়তা করে। পাশাপাশি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় ব্যবসা ও অর্থনীতির উন্নয়নেও ভূমিকা পালন করে।
এবছর জুলাই মাস পর্যন্ত মোট ৩৭২টি SEZ-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে নতুন করে আটটি SEZ-এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।
উপসংহার
সাম্প্রতিক সময়ে ভারতের রপ্তানির অগ্রগতিতে পণ্য ও পরিষেবা, উভয় ক্ষেত্রেই বৃদ্ধি প্রতিফলিত হয়েছে। বিভিন্ন পণ্য এবং বাণিজ্যিক অংশীদার দেশগুলির বাজারেও এই প্রসার ঘটেছে। রপ্তানিকারক, MSME, ব্যবসায়ী এবং সরকারের সম্মিলিত উদ্যোগে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো ও নতুন ক্রেতার কাছে পৌঁছানোর মাধ্যমে এই অগ্রগতি সম্ভব হয়েছে। উৎপাদনে প্রণোদনা, বাজারে প্রবেশের সহায়তা এবং পণ্য পরিবহণ সংক্রান্ত উদ্যোগের মাধ্যমে ধারাবাহিক নীতিগত সহায়তাও এই অগ্রগতিকে শক্তিশালী করেছে।
এ ছাড়াও, বাণিজ্যিক প্রক্রিয়া সরল করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ব্যবসায়িক সংস্থাগুলিকে নতুন বাজারে প্রবেশে সহায়তা করার বিভিন্ন পদক্ষেপ এই ব্যভস্থাকে জোরদার করছে। বৃহত্তর বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে এই উদ্যোগগুলি ভারতীয় শিল্প ও ব্যবসায়িক সংস্থাগুলিকে সহায়তা করবে।
তথ্যসূত্র
Ministry of Commerce & Industry
https://www.commerce.gov.in/files/2026-04/Annual_0.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290437&lang=1®=3
https://content.dgft.gov.in/Website/om199.htm
https://content.dgft.gov.in/Website/Chapter_1_Revised_FTP_v1.2.2.pdf
https://content.dgft.gov.in/Website/dgftprod/a11b458e-0d61-460f-aef4-b201ed40a9aa/FTP2023_Chapter04.pdf
https://content.dgft.gov.in/Website/dgftprod/9f6336a2-e03d-4dbb-86eb-305615f0db13/FTP2023_Chapter05.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318052&lang=1®=3
https://www.commerce.gov.in/files/2026-04/Annual_0.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317338&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287009&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305826&lang=1®=3
https://content.dgft.gov.in/Website/Chapter%209%20FTP%20eCommerce.pdf
https://www.dgft.gov.in/CP/index.jsp?opt=export-promotion-mission
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242410&lang=1®=3
https://www.trade.gov.in/pages/about-trade-connect-eplatform
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10476_20261113_22550501.pdf
https://www.sezindia.gov.in/sites/default/files/approved_sez/State%20wise%20distribution%20of%20SEZs%20upto%2031.07.2026.pdf
Ministry of Statistics & Programme Implementation
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2304949&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2334642&lang=1®=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10178_20261015_12230801.pdf
Ministry of Communications
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216466&lang=1®=3
Niti Aayog
https://www.niti.gov.in/sites/default/files/2025-07/Trade-Watch-Quarterly.pdf
https://www.niti.gov.in/sites/default/files/2026-06/Trade-Watch-Quarterly-Jan-March-Q4-FY26.pdf
Reserve Bank of India (RBI)
https://www.rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=63742
https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=63403
World Bank
https://www.worldbank.org/en/news/press-release/2026/10/06/india-development-update-oct-2026
https://www.worldbank.org/en/news/press-release/2026/10/06/india-development-update-oct-2026
https://www.worldbank.org/en/news/press-release/2026/04/09/india-remains-among-the-fastest-growing-economies
https://documents1.worldbank.org/curated/en/099722104222534584/pdf/IDU-25f34333-d3a3-44ae-8268-86830e3bc5a5.pdf
International Monetary Fund (IMF)
https://www.imf.org/-/media/files/publications/weo/2026/october/english/text.pdf
https://www.imf.org/en/publications/weo/issues/2026/07/08/world-economic-outlook-update-july-2026
Organisation for Economic Co-operation and Development (OECD)
https://www.oecd.org/content/dam/oecd/en/publications/reports/2026/09/oecd-economic-outlook-interim-report-september-2026_8312492f/f751d02b-en.pdf
https://www.oecd.org/content/dam/oecd/en/publications/reports/2026/06/oecd-economic-outlook-volume-2026-issue-1_8be0dba6/2d1956f0-en.pdf
Asian Development Bank (ADB)
https://www.adb.org/sites/default/files/publication/1155601/asian-development-outlook-july-2026.pdf
PIB Archives
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=158804&lang=1®=3
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=160423&lang=1®=3
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026818961401.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10178_20261015_12230801.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026328835301.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026314824001.pdf
See in PDF
***
SSS/S Saha
(Explainer ID: 160816)
आगंतुक पटल : 14
Provide suggestions / comments