Economy

পিএলআই-এর হাত ধরে উৎপাদন ক্ষেত্রে রূপান্তর

নীতি থেকে উৎপাদন-নতুন শিল্পশক্তি গড়ছে ভারত

Posted On: 13 NOV 2026 5:46PM

নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬ 

 

তামিলনাড়ুতে তৈরি হচ্ছে স্মার্টফোন, গুজরাটে সৌর মডিউল এবং বাল্ক ড্রাগ পার্কে তৈরি হচ্ছে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলি বিচ্ছিন্ন সাফল্য নয়। প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর এবং আন্তর্জাতিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত ভারতের অর্থনীতির পরিবর্তনের ছবি এগুলি। বৈদ্যুতিন, বৈদ্যুতিক যানবাহন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রে এখন শুধু উৎপাদন ক্ষমতা বাড়ানো নয়, শক্তিশালী শিল্পব্যবস্থা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হল ২০২০ সালে শুরু হওয়া প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই প্রকল্প বা উৎপাদন-সংযুক্ত প্রোৎসাহন ব্যবস্থা। গত ছয় বছরে এই প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়েছে এবং নীতিগত পরিকল্পনাকে উৎপাদন ক্ষমতায় রূপ দিতে সাহায্য করেছে। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে আগামী দিনে উৎপাদন শৃঙ্খল আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক উৎপাদন ব্যবস্থায় ভারতের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

নীতি থেকে উৎপাদনে পিএলআই-এর যাত্রা

আত্মনির্ভর ভারত অভিযানের অংশ হিসেবে পিএলআই প্রকল্প শুরু হয় উৎপাদন ক্ষেত্রের বিকাশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। প্রথমে মোবাইল উৎপাদন, কিছু বিশেষ বৈদ্যুতিন পণ্য উপাদান, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এবং চিকিৎসা সরঞ্জামের মতো ক্ষেত্রকে এর আওতায় আনা হয়। পরে প্রকল্পটি সম্প্রসারিত হয়ে ওষুধ, বস্ত্র, বিশেষ ইস্পাত-সহ মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকল্পে অনুমোদিত আর্থিক বরাদ্দ ১ লক্ষ ৯১ হাজার ৪৯ কোটি টাকা।

পিএলআই প্রকল্পের মূল ভাবনা সহজ। দেশীয় শিল্পের উৎপাদন, গুণমান ও প্রতিযোগিতার ক্ষমতা বাড়লে তার সঙ্গে বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান এবং উদ্ভাবনের সুযোগও বাড়বে।

২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে পিএলআই প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন ক্ষেত্রে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গড় বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে আইটি হার্ডওয়্যারে ৭৭.২ শতাংশ, এসিসি ব্যাটারিতে ৪৫ শতাংশ, ইলেকট্রনিক্সে ৩৮.৮ শতাংশ, সৌর পিভি মডিউলে ২৩.৯ শতাংশ এবং বিশেষ ইস্পাতে ২২.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।

এ বছর ৩০ জুন পর্যন্ত, ১৪টি ক্ষেত্রে ৭৯১টি আবেদন অনুমোদিত হয়েছে। প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২ লক্ষ ৫৮ হাজার ৮৩৫ কোটি টাকার বেশি। উৎপাদন ও বিক্রির সম্মিলিত পরিমাণ ২৩ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। রপ্তানিতে ১৫ লক্ষ ৫৩ হাজার কোটি টাকার বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ১৪ লক্ষ ৫৭ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৮১ হাজার প্রত্যক্ষ এবং ৫ লক্ষ ৭৫ হাজার পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। এখনও পর্যন্ত ৩৬ হাজার ৭৫৪ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।

পিএলআই প্রকল্পে নির্দিষ্ট বিনিয়োগ, উৎপাদন এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করলেই সংস্থাগুলি  বরাত পায়। প্রকল্পের কাজ এগিয়ে উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রোৎসাহন দাবি করা যায়।

বিভিন্ন ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি, স্থানীয়করণও বেড়েছে। মোবাইল আমদানি প্রায় ৭৭ শতাংশ কমেছে। পিএলআই-এর ফলে দেশে প্রথমবার ১৯১টি বাল্ক ড্রাগের উৎপাদন শুরু হয়েছে। টেলিকম রপ্তানির পরিমাণ পৌঁছেছে ২১ হাজার ৩৩ কোটি টাকায়। এর ফলে, ভারতীয় উৎপাদন ক্ষেত্র আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের সঙ্গে আরও বেশি যুক্ত হচ্ছে।

নতুন শিল্প ভারতের পথে

পিএলআই প্রকল্পের আওতায় বিভিন্ন ক্ষেত্রে নতুন কারখানা, সম্প্রসারিত উৎপাদন লাইন এবং নতুন শিল্পাঞ্চল গড়ে উঠছে। এর ফলে শিল্প, শ্রমিক এবং উদ্যোগপতিদের সামনে নতুন সুযোগ তৈরি হচ্ছে।

বৃহৎ পরিসরে বৈদ্যুতিন পণ্য উৎপাদন

বৈদ্যুতিন পণ্য উৎপাদন এবং আইটি হার্ডওয়্যার ক্ষেত্র পিএলআই প্রকল্পের অন্যতম বড় সুবিধাভোগী। বৃহৎ পরিসরে বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

এ বছর জুন পর্যন্ত, এই প্রকল্পের আওতায় সংস্থাগুলি ২০ হাজার ৫৮০.২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রাথমিক লক্ষ্য ছিল ৭ হাজার কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ হয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লক্ষ ৬১ হাজার ৫০৫ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ২৪৯ জনের এবং উৎসাহমূলক অর্থ দেওয়া হয়েছে ১৯ হাজার ৯০.৯৮ কোটি টাকা।

আইটি হার্ডওয়্যার ২.০ প্রকল্পের আওতায় আরও ৯৫৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদনের পরিমাণ ২৪ হাজার ৩৮৬ কোটি টাকা এবং প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৫ হাজার ২১৬ জনের।

দেশে ইলেকট্রনিক্স উৎপাদন ২০২৪-২৫ সালে ১১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ১৩ লক্ষ ১১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এক বছরে বৃদ্ধি হয়েছে ১৫.৮ শতাংশ।

২০১৪-১৫ সালের তুলনায় দেশে এখন ইলেকট্রনিক্স উৎপাদন সাত গুণ বেড়েছে। বৈদ্যুতিন পণ্য রপ্তানি ১১ গুণ বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ২৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

মোবাইল ফোন উৎপাদন এই পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশে মোবাইল উৎপাদন ৩৩ গুণ বেড়ে ৬ লক্ষ ২৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে। উৎপাদনের পরিমাণের নিরিখে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ। ২০১৪ সালে ভারত মোবাইল ফোনের নিট আমদানিকারক ছিল। বর্তমানে দেশটি মোবাইল ফোনের নিট রপ্তানিকারক হয়ে উঠেছে। ভারতে ব্যবহৃত মোবাইল ফোনের ৯৯.২ শতাংশই এখন দেশেই তৈরি হচ্ছে।

ওষুধ শিল্পে ভারতের শক্তি বাড়ছে

উৎপাদনের পরিমাণের নিরিখে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং মূল্যের নিরিখে একাদশ বৃহত্তম ওষুধ শিল্পের দেশ। বিশ্বের প্রায় ২০ শতাংশ জেনেরিক ওষুধ ভারত সরবরাহ করে।

ওষুধ শিল্পের জন্য পিএলআই প্রকল্পে ২০২০-২১ থেকে ২০২৮-২৯ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উচ্চমূল্যের ওষুধ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পে মোট ৪৬ হাজার ৭৪৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজার ৮৬৯ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ১ লক্ষ ২১ হাজার ২৯৪ জনের এবং ৬ হাজার ৬৬২ কোটি টাকার প্রোৎসাহন দেওয়া হয়েছে। এর ফলে, উন্নত উৎপাদন ব্যবস্থা, নতুন পণ্য তৈরি এবং রপ্তানিমুখী বৃদ্ধিতে সহায়তা মিলছে।

বাল্ক ড্রাগ পিএলআই প্রকল্পে, যার মোট বরাদ্দ ৬ হাজার ৯৪০ কোটি টাকা, বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ২১১ কোটি টাকা। বিক্রি হয়েছে ৩ হাজার ৭৯২ কোটি টাকার এবং প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৫ হাজার ১২৭ জনের।

চিকিৎসা সরঞ্জাম সংক্রান্ত পিএলআই প্রকল্পে, যার বরাদ্দ ৩ হাজার ৪২০ কোটি টাকা, বিনিয়োগ হয়েছে ১ হাজার ১৮৫ কোটি টাকা। বিক্রির পরিমাণ ১৬ হাজার ৬১২ কোটি টাকা এবং প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের।

পিএলআই প্রকল্প ভারতের উৎপাদন ক্ষেত্রকে আরও বলিয়ান করে তুলছে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে দেশীয় শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আত্মনির্ভরতা বাড়ানোর পাশাপাশি, আন্তর্জাতিক উৎপাদন ব্যবস্থায় ভারতের ভূমিকা আরও শক্তিশালী করাই এই পরিবর্তনের অন্যতম লক্ষ্য।

টেলিকম ও নেটওয়ার্কিং পণ্য : আমদানি নির্ভরতা কমানোর পথে

পিএলআই প্রকল্পের আওতায় টেলিকম ক্ষেত্র প্রথম দিকের অন্যতম সফল ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। এই প্রকল্পে ১২ হাজার ১৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে টেলিকম পণ্যের রপ্তানি গড়ে বছরে ১.৫ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি গড়ে বছরে ১৮.৫ শতাংশ কমেছে।

এ বছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পে মোট ৫ হাজার ৬২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৭২১ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৩৬ হাজার ৩১৯ জনের এবং ২ হাজার ৭৯৬ কোটি টাকা প্রোৎসাহন হিসেবে দেওয়া হয়েছে। এর ফলে, টেলিকম ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে ভারতের উপস্থিতি বাড়ছে।

হোয়াইট গুডস : শীতাতপ নিয়ন্ত্রক ও এলইডি আলো

প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র এবং এলইডি আলোর পিছনে রয়েছে নানা গুরুত্বপূর্ণ ও উচ্চমূল্যের যন্ত্রাংশ। এই যন্ত্রাংশগুলির উৎপাদন দেশের মধ্যেই বাড়াতে হোয়াইট গুডসের জন্য পিএলআই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে ৬ হাজার ২৩৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এই ক্ষেত্রে সরকারি সহায়তাও বেড়েছে। ২০২৫-২৬ সালে সংশোধিত হিসাবে ৩০৩.৫৪ কোটি টাকা থেকে ২০২৬-২৭ সালের বাজেট হিসাবে ১ হাজার ৩.৫৪ কোটি টাকা করা হয়েছে।

প্রকল্পের চতুর্থ পর্যায়ে ১৩টি আবেদন জমা পড়েছে। সংস্থাগুলি ১ হাজার ৯১৪ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।

এ বছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পে মোট ৭ হাজার ৬৭০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ ৫৭ হাজার ৫৭ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৫৪ হাজার ৪৯ জনের এবং ৫৯৩ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।

গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ শিল্প : নতুন গতিশক্তির পথে ভারত

গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের জন্য পিএলআই প্রকল্প ভারতের আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াকে আরও গতি দিচ্ছে। এই প্রকল্পে ২৫ হাজার ৯৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বৈদ্যুতিক যানবাহন, আধুনিক গাড়ি প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদনে এই প্রকল্প সহায়তা করছে। এর ফলে, আন্তর্জাতিক গাড়ি উৎপাদন ব্যবস্থায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

এই ক্ষেত্রে সরকারি সহায়তা ২০২৫-২৬ সালে ২ হাজার ৯১.২৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ সালে ৫ হাজার ৯৩৯.৮৭ কোটি টাকা করা হয়েছে।

এ বছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পে ৪৫ হাজার ৪৭৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৭৪ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৭১ হাজার ৩৩৭ জনের এবং ৩ হাজার ১৭৪.১৫ কোটি টাকা উৎসাহমূলক অর্থ দেওয়া হয়েছে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প : কৃষিক্ষেত্র থেকে আন্তর্জাতিক বাজারে

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, গ্রামীণ অর্থনীতিতেও নতুন মূল্য সংযোজন হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য পিএলআই প্রকল্পে ১০ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি ২০২১-২২ থেকে ২০২৬-২৭ পর্যন্ত চালু থাকবে।

এ ভছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার ৫১৬টি কর্মসংস্থান হয়েছে। ২০২৬-২৭ সালের মধ্যে আড়াই লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছিল। সেই লক্ষ্য ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে।

প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে রয়েছে :

- বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ১৬৫টি আবেদন অনুমোদন।
- সুবিধাপ্রাপ্ত সংস্থাগুলির মধ্যে ৬৯টি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা।
- দেশের বিভিন্ন প্রান্তে ২৭৪টি প্রকল্প স্থাপন, যার ফলে বিভিন্ন অঞ্চলে শিল্পের প্রসার ঘটছে।
- সুবিধাপ্রাপ্ত সংস্থাগুলির মোট বিনিয়োগ ৯ হাজার ২০৭ কোটি টাকা।
- উৎপাদন ও বিক্রির পরিমাণ ৫ লক্ষ ১৩ হাজার ১০৪ কোটি টাকা।
- ৩০ জুন, ২০২৬ পর্যন্ত ৩ হাজার ২৭১.৪৪ কোটি টাকা প্রোৎসাহন দেওয়া হয়েছে।

এই অগ্রগতির ভিত্তিতে ২০২২-২৩ সালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পিএলআই প্রকল্পের সাশ্রয় হওয়া অর্থ থেকে বাজরা-ভিত্তিক পণ্যের জন্য বিশেষ পিএলআই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে মোট ৮০০ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৭৯৩.২৭ কোটি টাকা ২৯টি আবেদনকারী সংস্থাকে প্রোৎসাহন দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বড় এবং ২১টি ক্ষুদ্র ও মাঝারি সংস্থা।

বিশেষ ইস্পাত: শিল্পের গুরুত্বপূর্ণ ভিত্তি শক্তিশালী হচ্ছে

পরিকাঠামো, গাড়ি শিল্প, প্রতিরক্ষা এবং প্রকৌশলসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ ইস্পাতের ব্যবহার রয়েছে। ইস্পাত উৎপাদনের পরবর্তী ধাপে তৈরি উচ্চমূল্যের পণ্য হল বিশেষ ইস্পাত।

দেশে বিশেষ ইস্পাত উৎপাদনের ক্ষমতা বাড়াতে সরকার ২০২১ সালে বিশেষ ইস্পাতের জন্য পিএলআই প্রকল্প শুরু করে। এই প্রকল্পে ৬ হাজার ৩২২ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এ বছর ৩০ জুন পর্যন্ত, এই প্রকল্পে ২৭ হাজার ৩৬৮ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ ৪ হাজার ১৭০ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ১৬ হাজার ২০০ জনের এবং ২৩৬ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।

উন্নত রাসায়নিক ব্যাটারি : পরিচ্ছন্ন শক্তির ভবিষ্যৎ

ভারত দ্রুত বৈদ্যুতিক যানবাহন এবং পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে চলেছে। এই পরিবর্তনে দেশে উন্নত ব্যাটারি তৈরির ক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল বা এসিসি ব্যাটারি স্টোরেজের জন্য পিএলআই প্রকল্প ২০২১ সালের মে মাসে অনুমোদিত হয়। এতে ১৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের লক্ষ্য দেশে ৫০ গিগাওয়াট-ঘণ্টা এসিসি ব্যাটারি উৎপাদন ক্ষমতা গড়ে তোলা। পাশাপাশি, বিশেষ প্রযুক্তির জন্য অতিরিক্ত ৫ গিগাওয়াট-ঘণ্টা উৎপাদন ক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে।

২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত দুটি পর্যায়ে চারটি সুবিধাপ্রাপ্ত সংস্থাকে ৪০ গিগাওয়াট-ঘণ্টা উৎপাদন ক্ষমতা বরাদ্দ করা হয়েছে। গ্রিড-ভিত্তিক স্থির শক্তি সঞ্চয়ের জন্য আরও ১০ গিগাওয়াট-ঘণ্টা ক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই প্রকল্পের লক্ষ্য দেশে ব্যাটারি উৎপাদন বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানো। এ বছর ৩০ জুন পর্যন্ত, এই ক্ষেত্রে ৫ হাজার ২৭০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ১ হাজার ২৯২ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে।

উচ্চ দক্ষতাসম্পন্ন সৌর পিভি মডিউল: ভারতের সৌর উৎপাদন শক্তি বাড়ছে

পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে ভারতের লক্ষ্য পূরণে সৌরশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর জন্য দেশে শক্তিশালী সৌর সরঞ্জাম উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

উচ্চ দক্ষতাসম্পন্ন সৌর পিভি মডিউলের জন্য পিএলআই প্রকল্পে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে সৌর মডিউলের উৎপাদন বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং সৌরশক্তির উৎপাদন ব্যবস্থায় দেশীয় মূল্য সংযোজন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ অথবা আংশিকভাবে সমন্বিত ৪৮ হাজার ৩৩৭ মেগাওয়াট সৌর পিভি মডিউল উৎপাদন ক্ষমতা গড়ে তোলার জন্য অনুমোদনপত্র দেওয়া হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত, এই প্রকল্পে প্রায় ৫২ হাজার ৯০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৪ হাজার ৪০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে।

নীতি থেকে সমৃদ্ধির পথে

২০২০ সালে একটি নতুন নীতিগত উদ্যোগ হিসেবে শুরু হওয়া পিএলআই প্রকল্প আজ ভারতের শিল্পোন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। এই প্রকল্প শুধু উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহ দেয়নি, উৎপাদন ক্ষেত্র সম্পর্কে দেশের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে।

উৎপাদন আজ আর শুধু অর্থনীতির একটি অংশ নয়। এটি দেশের উন্নয়ন ও আত্মনির্ভরতার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে।

পিএলআই প্রকল্পের সাফল্য শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। গত ছয় বছরে দেশে নতুন কারখানা গড়ে উঠেছে, প্রকৌশলীরা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নিয়ে কাজ করছেন এবং কৃষকদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছচ্ছে।

ভারত শুধু অধিক উৎপাদন করছে না। নতুন প্রযুক্তি, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনের নতুন পথও তৈরি করছে। আগামী দিনের লক্ষ্য স্পষ্ট, শুধু বিশ্বের জন্য উৎপাদন করা নয়, বিশ্বের জন্য নতুন উদ্ভাবনও করা।

তথ্যসূত্র

Ministry of Electronics & IT

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247771&reg=3&lang=2

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=2108602&utm_source&reg=3&lang=2

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246089&utm_source&reg=3&lang=2

Ministry of Textiles

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250951&reg=3&lang=2

Ministry of Chemicals and Fertilizers

https://pharma-dept.gov.in/sites/default/files/Annual%20Report%202025-26.pdf

Ministry Of New and Renewable Energy

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS368_BC8yvX.pdf?source=pqals

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116602&reg=3&lang=2

Economic Survey 2025-26

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/doc/eb/vol1.pdf

NITI Aayog

https://www.niti.gov.in/sites/default/files/2026-11/Impact-Assessment-of-PLI-Schemes.pdf

PIB Archives

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254015&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2234442&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155082&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155232&ModuleId=3&reg=3&lang=2

Click here to see pdf 


*****
SSS/AS

(Explainer ID: 160798) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Tamil