Infrastructure

ভারতের রসায়ন ও পেট্রোরসায়ন ক্ষেত্র: শিল্পোন্নয়নের ভিত্তি

Posted On: 07 NOV 2026 10:27AM

নয়াদিল্লি, ৭ নভেম্বর, ২০২৬

 

কৌশলগত গুরুত্বসম্পন্ন একটি শিল্পক্ষেত্র

ভারতের রসায়ন ও পেট্রোরসায়ন শিল্প উৎপাদন, কৃষি এবং শিল্পোন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই শিল্পের উৎপাদিত সামগ্রী ও উপাদান ওষুধ, বস্ত্র, নির্মাণ, মোটরগাড়ি, বৈদ্যুতিন সামগ্রী এবং ভোগ্যপণ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। রসায়ন উৎপাদনে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং এশিয়ার চতুর্থ বৃহত্তম দেশ। বর্তমানে এই শিল্পের বাজারমূল্য প্রায় ২,২০০ কোটি মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে তা ৩,০০০ কোটি মার্কিন ডলার এবং ২০৪০ সালের মধ্যে ১০,০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

বিশেষ কিছু রাসায়নিক পণ্যের কয়েকটি ক্ষেত্রেও ভারতের উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। রং উৎপাদন ও রপ্তানিতে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং কৃষিতে ব্যবহৃত রসায়নের রপ্তানিতে তৃতীয় বৃহত্তম দেশ। এই শিল্পে প্রায় ১৩,০০০টি বৃহৎ উৎপাদন সংস্থা এবং ৪.৪৫ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (MSME) রয়েছে। রসায়ন উৎপাদন, গবেষণা এবং শিল্প পরিকাঠামোর উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট রসায়নকেন্দ্রিক শিল্প পার্ক, অর্থায়নের সুযোগ এবং গুণমান ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ। এই উদ্যোগগুলির সম্মিলিত লক্ষ্য আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলে ভারতের অংশগ্রহণ আরও শক্তিশালী করা।

উৎপাদনক্ষমতা ও শিল্প পরিকাঠামো শক্তিশালী করা

দেশীয় উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে বিনিয়োগ, শিল্প পরিকাঠামো এবং সহায়ক নীতিগত পরিবেশ প্রয়োজন। রসায়নকেন্দ্রিক শিল্পের অধিকাংশ ক্ষেত্রেই ভারত স্বয়ংক্রিয় পদ্ধতিতে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) অনুমতি দেয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিদেশে বসবাসকারী কোনও ব্যক্তি ভারতে বিনিয়োগ করলে সরকারের আগাম অনুমোদনের প্রয়োজন হয় না। ২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১,০৪,৮৯৫ কোটি টাকা। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে এই পরিমাণ ছিল ৪৫,২৪০ কোটি টাকা। অর্থাৎ, পরবর্তী সময়ে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে।

প্রধান রসায়ন ও পেট্রোরসায়নভিত্তিক পণ্যের উৎপাদন ২০১৫-১৬ অর্থবর্ষে ৪৫,৬৩৮ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ৫৮,৬১৭ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। শিল্পের উৎপাদনক্ষমতা বাড়ানো, বিশেষ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা এবং বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নের উদ্যোগকে এই অগ্রগতি আরও শক্তিশালী করছে।

পেট্রোলিয়াম, রসায়ন ও পেট্রোরসায়নে বিনিয়োগ অঞ্চল

পেট্রোলিয়াম, রসায়ন এবং পেট্রোকেমিক্যাল বিনিয়োগ অঞ্চল (PCPIRs) গড়ে তোলার মূল উদ্দেশ্য হল সমন্বিতভাবে এই শিল্পের প্রসার ঘটানো। PCPIR হল নির্দিষ্ট সীমানা-চিহ্নিত বিনিয়োগ অঞ্চল। প্রতিটি অঞ্চলের আয়তন প্রায় ২৫০ বর্গকিলোমিটার। এর প্রায় ৪০ শতাংশ এলাকা উৎপাদন ও প্রক্রিয়াকরণের কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়। এই অঞ্চলগুলিতে গুচ্ছভিত্তিক শিল্পব্যবস্থা গড়ে তোলা হয়। সেখানে সাধারণ পরিকাঠামো, মৌলিক পরিষেবা এবং সহায়ক সুযোগ-সুবিধা থাকে। এর মধ্যে রয়েছে সড়ক, রেলপথ, বন্দর, Common Effluent Treatment Plants, পয়োপ্রণালী ব্যবস্থাপনা কেন্দ্র, জল সরবরাহ এবং বাষ্প উৎপাদন কেন্দ্র। এই পরিকাঠামো শিল্পোদ্যোগ স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি করে এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ায়।

- ভারতে বর্তমানে তিনটি PCPIR কার্যকর রয়েছে। গুজরাতের দাহেজ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম-কাকিনাড়া এবং ওড়িশার পারাদীপে এই অঞ্চলগুলি গড়ে উঠেছে।
- এই তিনটি অঞ্চলে সম্মিলিতভাবে ৩.৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে।
- এর মাধ্যমে ৩.৭ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে এবং ২,২০০-রও বেশি রসায়ন উৎপাদন কেন্দ্র স্থাপনে সহায়তা মিলেছে।

এই যৌথ শিল্পব্যবস্থা ভবিষ্যতে আরও বিনিয়োগ এবং মূল্য সংযোজনের ভিত্তি তৈরি করেছে।

BHAVYA Rasayan: নির্দিষ্ট রাসায়নিক শিল্প পার্ক

এবছর জুলাই মাসে অনুমোদিত Bharat Audyogik Vikas Yojana Rasayan (BHAVYA Rasayan) প্রকল্পের লক্ষ্য তিনটি নির্দিষ্ট রাসায়নিক শিল্প পার্ক গড়ে তোলা। প্রতিটি পার্কের আয়তন অন্তত ৮ বর্গকিলোমিটার বা ২,০০০ একর হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার অন্তত ৫০০ কোটি টাকা দিলে কেন্দ্র প্রতিটি পার্কের জন্য সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা অনুদান দেবে।

এই প্রকল্পে মোট ৩,০৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সাধারণ পরিকাঠামো ও মৌলিক পরিষেবার জন্য ৩,০০০ কোটি টাকা এবং প্রশাসনিক ব্যয়ের জন্য ৩০ কোটি টাকা রাখা হয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছর ধরে প্রকল্পটি কার্যকর থাকবে।

এই পার্কগুলিতে রসায়নভিত্তিক শিল্পের জন্য প্রস্তুত-ব্যবহারযোগ্য পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে, সম্পদের যথাযথ ব্যবহার বাড়বে এবং পণ্য পরিবহণের খরচ কমবে। পরিবেশবান্ধব শিল্পব্যবস্থা গড়ে তুলে স্থায়ী শিল্পোন্নয়নেও উৎসাহ দেওয়া হবে। এর মধ্যে থাকবে সাধারণ বর্জ্য জল শোধন কেন্দ্র, সংরক্ষণ এবং নিষ্কাশন সুবিধা এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার মতো কেন্দ্রীয় সুযোগ-সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, দেশীয় উৎপাদনক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্লাস্টিক পার্ক: পরবর্তী পর্যায়ের প্রক্রিয়াকরণ শিল্পকে শক্তিশালী করা

Setting up of Plastic Parks প্রকল্পটি ভারতের প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পের পরবর্তী পর্যায়ের উন্নয়নে সহায়তা করে। দেশীয় প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পে পলিমার ব্যবহারের সক্ষমতা এবং মূল্য সংযোজন বাড়ানোই এর লক্ষ্য। পলিমার হল একটি পেট্রোরাসায়নিক উপাদান। প্লাস্টিক পার্ক হল প্লাস্টিক-সংক্রান্ত ব্যবসা ও শিল্পের জন্য নির্দিষ্ট শিল্পাঞ্চল। প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পের বিভিন্ন সংস্থার উৎপাদনক্ষমতাকে একত্রিত ও সমন্বিত করাই এই পার্কগুলির উদ্দেশ্য। এর ফলে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির প্রসারের পাশাপাশি, কর্মসংস্থানও তৈরি হয়।

এই প্রকল্পের অধীনে সরকার একটি প্রকল্পের মোট ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ অনুদান হিসেবে দেয়। তবে, প্রতি প্রকল্পে অনুদানের সর্বোচ্চ পরিমাণ ৪০ কোটি টাকা। অবশিষ্ট ব্যয় রাজ্য সরকার বা তাদের সংস্থা, সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদার বহন করে।

বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের উদ্যোগের মাধ্যমে এই পার্কগুলি পরিবেশবান্ধব উন্নয়নেও উৎসাহ দেয়। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং রসায়নকেন্দ্রিক শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে এই পার্কগুলি ভারতের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। সারা দেশে মোট ১০টি প্লাস্টিক পার্ক অনুমোদিত হয়েছে। এর মধ্যে চারটির পরিকাঠামো নির্মাণের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে তিনটি পার্কের কাজ সম্পূর্ণ হয়েছে।

গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন

বিভিন্ন শিল্পক্ষেত্রে রসায়নের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষায়িত জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনও বৃদ্ধি পাচ্ছে। এই লক্ষ্যে নির্দিষ্ট শিল্পক্ষেত্রভিত্তিক গবেষণা, বিশেষ কারিগরি শিক্ষা এবং শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

রসায়ন বিষয়ক প্রচার ও উন্নয়ন প্রকল্প

রাসায়ন বিষয়ক প্রচার ও উন্নয়ন প্রকল্প (CPDS) জ্ঞান সৃষ্টি, তার প্রসার এবং গবেষণায় উৎসাহ দেওয়ার মাধ্যমে রসায়ন ও পেট্রোরসায়ন শিল্পের বিকাশে সহায়তা করে। এই প্রকল্পের অধীনে সমীক্ষা, গবেষণা, তথ্যভাণ্ডার তৈরি এবং প্রচারমূলক সামগ্রী প্রস্তুতিতে সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিল্পক্ষেত্র সম্পর্কে নির্দিষ্ট তথ্য ও জ্ঞানের পরিসর বাড়ানো হয়।

গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনমূলক প্রকল্প

২০২৫ সালের নভেম্বর মাসে শুরু হওয়া Research, Development and Innovation (RDI) Scheme-এ ১ লক্ষ কোটি টাকার তহবিল রয়েছে। গবেষণা ও উদ্ভাবনে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ বাড়ানোই এই প্রকল্পের লক্ষ্য। রূপান্তরমূলক প্রকল্পগুলির জন্য অনুকূল শর্তে দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং পুনরঅর্থায়নের ব্যবস্থা রয়েছে। উন্নত প্রযুক্তির ব্যবহার দ্রুততর করা, শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।

এবছর ৮ অক্টোবর থেকে Advanced Chemicals, Petrochemicals and Material Technologies-কে এই প্রকল্পের আওতায় অর্থায়নের যোগ্য অতিরিক্ত প্রযুক্তিক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, সংশ্লিষ্ট শিল্পে গবেষণা ও উদ্ভাবন শক্তিশালী হবে। উন্নত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তি বিকাশেও সহায়তা মিলবে।

CIPET: কারিগরি শিক্ষা, দক্ষতা ও শিল্পক্ষেত্রে সহায়তা

Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত একটি কারিগরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ভারতের পেট্রোরসায়ন ও সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটি Skill Development, Technology Support, Academic and Research (STAR) কর্মসূচি পরিচালনা করে।

বিভিন্ন কেন্দ্র ও পরীক্ষাগারের মাধ্যমে CIPET-এর কাজের পরিসর সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষতা ও কারিগরি সহায়তা কেন্দ্র (CSTS), প্লাস্টিক বর্জ্য সংক্রান্ত ব্যবস্থাপনা কেন্দ্র (PWMC) এবং পেট্রোকেমিক্যালে উন্নত গবেষণা বিদ্যালয় (SARP)। এছাড়াও রয়েছে অ্যাডভান্স রিসার্চ স্কুল ফর টেকনোলজি অ্যান্ড প্রোডাক্ট সিমুলেশন (ARSTPS) এবং অ্যাডভান্স পলিমার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ল্যাবরেটরি (APDDRL)।

উৎকর্ষ কেন্দ্র

প্রচলিত প্রযুক্তির উন্নয়ন, গবেষণাকে শক্তিশালী করা এবং নতুন প্রয়োগের বিকাশে উৎসাহ দিতে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মোট ১৮টি কেন্দ্রের মাধ্যমে ৮৫টি পেটেন্টের আবেদন করা হয়েছে, ৬০০-রও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং ১০৫টি নতুন প্রযুক্তি ও পণ্য বিকশিত হয়েছে। দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলা এবং শিল্পক্ষেত্রে উদ্ভাবনে সহায়তা করার ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠানগুলির ভূমিকা এই সাফল্যগুলি তুলে ধরে।

গুণমান, সুরক্ষা ও রসায়নের দায়িত্বশীল ব্যবহার

রসায়ন ও পেট্রোরসায়ন শিল্পের দায়িত্বশীল বিকাশে গুণমানের মানদণ্ড এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে পণ্যের গুণমান নিশ্চিত করা হয়। পাশাপাশি, নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে শিল্পকর্মীদের বিপজ্জনক রসায়ন নিরাপদে ব্যবহারের বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে।

গুণমান নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশ

গ্রাহকের সুরক্ষা, উন্নত মানের উৎপাদনে উৎসাহ এবং নিম্নমানের আমদানি নিয়ন্ত্রণের লক্ষ্যে Quality Control Orders (QCOs) জারি করা হয়েছে। এ বছর আগস্ট মাস পর্যন্ত ৩৭টি QCO কার্যকর রয়েছে। এর ফলে নির্দিষ্ট রসায়ন ও পেট্রোরসায়ন-ভিত্তিক পণ্যের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড বাধ্যতামূলক হয়েছে। এই নির্দেশ অনুযায়ী দেশীয় প্রস্তুতকারক এবং আমদানিকারকদের Bureau of Indian Standards (BIS) নির্ধারিত গুণমানের মানদণ্ড মেনে চলতে হবে।

কর্মক্ষেত্রের নিরাপত্তা ও বিপজ্জনক রসায়নের নিরাপদ ব্যবস্থাপনা

Viksit Bharat@2047 অ্যাকশন প্ল্যান-এর অধীনে Major Accident Hazardous (MAH) Units-এর কর্মীদের জন্য দেশজুড়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির মূল বিষয় হল, “কর্মক্ষেত্রে বিপজ্জনক রসায়নের নিরাপদ ব্যবহার এবং সংশ্লিষ্ট ঝুঁকি হ্রাস”। পাঁচ বছরে দেশের ২,৩৯৩টি MAH Unit-কে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রশিক্ষণ কর্মসূচিতে ৫০টি MAH Unit-এর মোট ১০০ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ, প্রতিটি ইউনিট থেকে দু'জন কর্মী প্রশিক্ষণে যোগ দেন।

এ বছর আগস্ট মাস পর্যন্ত সারা দেশে ২১টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ১,৩৭৬টি শিল্প ইউনিটের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং মোট ২,৪৪১ জন কর্মী প্রশিক্ষণ পেয়েছেন। কর্মক্ষেত্রে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শক্তিশালী করা এবং বিপজ্জনক রসায়নের কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।

সমন্বিত ও প্রতিযোগিতামূলক শিল্পব্যবস্থার পথে

ভারতের রসায়ন ও পেট্রোরসায়ন শিল্পের পরিসর বিস্তৃত। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উৎপাদন, শিল্পক্ষেত্রে প্রয়োগ এবং পরবর্তী পর্যায়ের পণ্য। এই শিল্পের বিকাশের জন্য উৎপাদনক্ষমতা বাড়ানো, বিশেষ ধরনের শিল্প পরিকাঠামো গড়ে তোলা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। উৎপাদনের পাশাপাশি, গবেষণামূলক উদ্যোগ ও কারিগরি প্রতিষ্ঠানগুলি জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির উন্নয়ন এবং কর্মীদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুণমানের মানদণ্ড এবং বিপজ্জনক রসায়নের নিরাপদ ব্যবস্থাপনা, পণ্যের নির্ধারিত মান বজায় রাখা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

India Chem 2026 দেশীয় এই অগ্রগতির সঙ্গে আন্তর্জাতিক অংশগ্রহণ, শিল্পক্ষেত্রের সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার সুযোগকে যুক্ত করেছে। এই সমস্ত উদ্যোগ সম্মিলিতভাবে ভারতের রসায়ন ও পেট্রোরসায়ন ভিত্তিক শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অংশগ্রহণের বিস্তৃত পরিসর তুলে ধরে।

তথ্যসূত্র

Ministry of Chemicals and Fertilizers: Department of Chemicals and Petrochemicals

 

https://chemicals.gov.in/

 

https://chemicals.gov.in/sites/default/files/Reports/annual_report_2025-26_Eng_1.pdf

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246357&reg=48&lang=2

 

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2325901&reg=48&lang=2

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294832&reg=3&lang=1

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323590&reg=48&lang=2

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120876&reg=3&lang=2

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220980&reg=3&lang=1

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288866&lang=1&reg=48

 

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327972&reg=48&lang=1

 

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326667&reg=6&lang=1

 

Please See PDF

 


*
SSS/S Saha

(Explainer ID: 160744) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Kannada , Malayalam