Social Welfare

খেলো ইন্ডিয়া স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং স্কিম

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সামিল হতে সক্ষম ক্রীড়াসামগ্রী উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা

Posted On: 28 OCT 2026 6:44PM

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬

 

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৮ অক্টোবর, ২০২৬ তারিখে Khelo India Sports Goods Manufacturing Scheme-এ অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩৩-৩৪ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে মোট বরাদ্দ ১,৮৫৬.৬৭ কোটি টাকা। নির্দিষ্ট Sports Goods Manufacturing Zones-এ প্রস্তুতকারক, সরবরাহকারী, পরীক্ষাগার ও নকশা কেন্দ্রগুলিকে একত্রিত করা হবে। মূল বিনিয়োগ এবং উৎপাদন ও বিক্রির পরিমাণের সঙ্গে সংযুক্ত সহায়তার জন্য মোট ১,১৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং উৎপাদন বাড়ানো হবে। আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলির শংসাপত্র গ্রহণ ও পুনর্নবীকরণের জন্য প্রস্তুতকারকদের আরও ১০৫ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। উৎকর্ষ কেন্দ্র, নতুন উদ্যোগে সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং রপ্তানি প্রসারের উদ্যোগ মিলিয়ে এই প্রকল্পের লক্ষ্য উন্নত মানের ক্রীড়াসামগ্রী উৎপাদনে ভারতকে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

ভূমিকা

ভারতের ক্রীড়াক্ষেত্রে ক্রমবর্ধমান প্রত্যাশিত খেলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি, উৎপাদন এবং উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করছে। Khelo India এবং Khelo Bharat Niti 2025-এর মতো উদ্যোগের মাধ্যমে ক্রীড়ায় অংশগ্রহণ, প্রতিভার বিকাশ এবং ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী হচ্ছে। উন্নত মানের ক্রীড়াসামগ্রী সরবরাহের পাশাপাশি, দক্ষতা, কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ সৃষ্টিতে ক্রীড়াসামগ্রী-কেন্দ্রিক মজবুত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ভারতের ক্রীড়াসামগ্রী উৎপাদন ক্ষেত্রের ভিত্তি গড়ে উঠেছে পাঞ্জাবের জলন্ধর এবং উত্তরপ্রদেশের মিরাটের মতো প্রতিষ্ঠিত উৎপাদন কেন্দ্র, দক্ষ শ্রমিক এবং উদ্যোগী ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (MSME) বিস্তৃত ব্যবস্থাকে ঘিরে। উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান থেকে। ফলে, স্থানীয় উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জামের বাজারের আনুমানিক মূল্য ছিল ১৪,০০০ কোটি মার্কিন ডলার। ২০৩৬ সালের মধ্যে এই বাজারের মূল্য প্রায় ২৮,৩০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের প্রস্তুতকারকদের আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করছে।

এই শক্তিকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা Khelo India Sports Goods Manufacturing Scheme-এ অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩৩-৩৪ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে মোট বরাদ্দ ১,৮৫৬.৬৭ কোটি টাকা। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত এই প্রকল্পে বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষতা এবং বাজার সম্প্রসারণের জন্য সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। নকশা সৃষ্টি, উন্নয়ন এবং ক্রীড়াসামগ্রী উৎপাদনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলাই এর লক্ষ্য। ২০২৬-২৭ সালের বাজেট বক্তৃতায় বলা হয়েছিল, “উন্নত মানের এবং সাশ্রয়ী মূল্যের ক্রীড়াসামগ্রী উৎপাদনে ভারত আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে উঠে আসার সম্ভাবনা রাখে।”

প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

পরিকাঠামো ও বিনিয়োগ থেকে শুরু করে গবেষণা, দক্ষতা, শংসাপত্র এবং বাজার সম্প্রসারণ পর্যন্ত ক্রীড়াসামগ্রী উৎপাদনের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলে এই প্রকল্প সহায়তা দেবে। প্রকল্পটির দুটি অংশ রয়েছে। প্রথম অংশে উৎপাদন বৃদ্ধির জন্য উৎসাহমূলক ব্যবস্থা এবং দ্বিতীয় অংশে বৃহত্তর উৎপাদন ব্যবস্থার বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

- সমন্বিত উৎপাদন ক্ষেত্র গড়ে তোলা: সমন্বিত Sports Goods Manufacturing Zones (SGMZs)-এ প্রস্তুতকারক, সরবরাহকারী, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা, নকশা ও নমুনা তৈরির কেন্দ্র এবং সহযোগী শিল্পপ্রতিষ্ঠানগুলিকে একত্রিত করা হবে। BHAVYA Scheme এবং NICDC Industrial Parks-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই ক্ষেত্রগুলি গড়ে তোলা হবে। এর ফলে, শিল্পসংস্থাগুলির পারস্পরিক সংযোগ বাড়বে এবং উৎপাদনের দক্ষতা উন্নত হবে। প্রতিটি ৩০০ একরের বেশি জমি নিয়ে এমন চারটি সমন্বিত উৎপাদন ক্ষেত্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

- বিনিয়োগ আকর্ষণ ও উৎপাদন বৃদ্ধি: মোট ১,১৩০ কোটি টাকা বরাদ্দ-সহ দুটি উপাদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দেওয়া হবে। Anchor Investment Support-এর অধীনে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগকারী মূল বিনিয়োগকারীদের মূলধনী ব্যয়ের ২০ শতাংশ সহায়তা দেওয়া হবে। এর সাহায্যে দেশের ও আন্তর্জাতিক স্তরের প্রধান প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং খুচরো বিক্রয় সংস্থাগুলিকে Sports Goods Manufacturing Zones-এ উৎপাদন কেন্দ্র স্থাপনে উৎসাহিত করা হবে। Turnover Linked Support বা ব্যবসায়িক লেনদেন-ভিত্তিক সহায়তার অধীনে ১০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগকারী প্রস্তুতকারকদের সর্বোচ্চ ১৫ শতাংশ প্রোৎসাহন দেওয়া হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি ও উৎপাদনক্ষমতা সম্প্রসারণে উৎসাহ মিলবে।

- চলতি উৎপাদন কেন্দ্রের উন্নয়ন ও MSME-কে সহায়তা: রাজ্যগুলির সঙ্গে ব্যয় ভাগ করে বিদ্যমান ক্রীড়াসামগ্রী উৎপাদন কেন্দ্রগুলিতে সাধারণ সুযোগ-সুবিধা এবং যৌথ পরিকাঠামোর উন্নয়নে সহায়তা দেওয়া হবে। এর ফলে, ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলি স্ব স্ব সংস্থার উৎপাদনক্ষমতা বাড়াতে পারবে।

- আন্তর্জাতিক শংসাপত্র গ্রহণে সহায়তা: আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলির শংসাপত্র গ্রহণ ও পুনর্নবীকরণের জন্য ১০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমবার শংসাপত্র গ্রহণের ব্যয়ের ৭০ শতাংশ এবং পুনর্নবীকরণের ব্যয়ের ৫০ শতাংশ সহায়তা দেওয়া হবে। এর ফলে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান ও কার্যক্ষমতার মান বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়বে।

- গবেষণা ও নতুন উদ্যোগে উদ্ভাবনের প্রসার: বিশিষ্ট শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলে ক্রীড়া সরঞ্জাম, উপাদান-ভিত্তিক বিজ্ঞান, সুরক্ষামূলক সরঞ্জাম এবং উন্নত উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণায় সহায়তা দেওয়া হবে। Anusandhan National Research Foundation-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও উন্নয়নে যৌথ অর্থায়নে উৎসাহ দেওয়া হবে। DPIIT-তে নিবন্ধিত ক্রীড়া-সংক্রান্ত নতুন উদ্যোগগুলি সর্বোচ্চ ২০ লক্ষ টাকা অনুদান পাওয়ার যোগ্য হবে। Startup India-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই সহায়তা নতুন প্রযুক্তি, প্রক্রিয়া ও পণ্যের বিকাশ, পরীক্ষা, কার্যকারিতা যাচাই এবং বাণিজ্যিকীকরণে সহায়তা করবে।

ভারতের ক্রীড়াসামগ্রী উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করা

বর্তমানে ভারতের ক্রীড়াসামগ্রী শিল্প

ভারতের ক্রীড়াসামগ্রী শিল্পে প্রতিষ্ঠিত উৎপাদন দক্ষতার পাশাপাশি, ছোট শিল্পপ্রতিষ্ঠানের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এই শক্তি শুধু পৃথক পণ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা মেটাতে উৎপাদন কেন্দ্র, সরবরাহকারী এবং পারিবারিক উদ্যোগগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- প্রতিষ্ঠিত উৎপাদন ব্যবস্থা: জলন্ধর ও মিরাটে মিলিয়ে ২৫০টির বেশি রপ্তানিকারক ইউনিট, দেশীয় বাজারের জন্য ১,০০০টির বেশি ইউনিট, ৪,০০০টির বেশি অতি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান এবং প্রায় ২০,০০০টি পারিবারিক উৎপাদন ইউনিট রয়েছে। এ ছাড়া, লুধিয়ানায় সাইকেল এবং দিল্লি ও মুম্বই-এ ক্রীড়া-সহায়ক সামগ্রী ও পোশাক উৎপাদনের কেন্দ্র রয়েছে।

- MSME-র ব্যাপক অংশগ্রহণ: উৎপাদনের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান। ফলে, ক্রীড়াসামগ্রী উৎপাদনের প্রসার উদ্যোগপতি তৈরি, স্থানীয় জীবিকা এবং কর্মসংস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

নতুন প্রকল্পের মাধ্যমে এই ক্ষমতাকে কাজে লাগানো

Khelo India Sports Goods Manufacturing Scheme-এ উৎপাদনের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলের প্রয়োজনে বিভিন্ন সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের উদ্যোগগুলি নিম্নলিখিত অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো হয়েছে।

- দেশীয় উৎপাদন শক্তিশালী করা: সমন্বিত উৎপাদন ক্ষেত্র এবং বিনিয়োগ ও উৎপাদনে সহায়তার মাধ্যমে উৎপাদনক্ষমতা সম্প্রসারণে উৎসাহ দেওয়া হবে। সরবরাহকারীদের নেটওয়ার্ক শক্তিশালী করা, দেশীয় মূল্য সংযোজন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোও এর লক্ষ্য।

- MSME-র প্রসার: বিদ্যমান উৎপাদন কেন্দ্রের উন্নয়ন, সাধারণ সুযোগ-সুবিধা এবং যৌথ পরিকাঠামো ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলিকে সহায়তা করবে।

- উন্নত গুণমান ও উদ্ভাবন: গবেষণা কেন্দ্র, প্রযুক্তির উন্নয়ন, নতুন উদ্যোগে সহায়তা এবং আন্তর্জাতিক শংসাপত্রের মাধ্যমে পণ্যের উন্নয়ন ও গুণমান আরও বিকশিত করা হবে।

- দক্ষতা ও কর্মসংস্থান: শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে  প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হবে। উৎপাদনের সম্পূর্ণ মূল্যশৃঙ্খলে কর্মসংস্থানেও সহায়তা মিলবে।

- আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি: ব্র্যান্ডিং, প্রচার এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে ভারতীয় ক্রীড়াসামগ্রীকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জাতীয় প্রকল্প ও উদ্যোগের সঙ্গে সমন্বয়

উৎপাদন পরিকাঠামোর সঙ্গে গবেষণা, দক্ষতা এবং রপ্তানির সুযোগকে যুক্ত করতে এই প্রকল্প চলতি জাতীয় উদ্যোগগুলির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একই সঙ্গে ভারতের বৃহত্তর ক্রীড়া ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যেও সহায়তা করবে।

উৎপাদন পরিকাঠামো

- BHAVYA: Bharat Audyogik Vikas Yojna-র অধীনে ৩৩,৬৬০ কোটি টাকা বরাদ্দে ১০০টি প্রস্তুত-ব্যবহারযোগ্য শিল্প উদ্যান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগে থেকে তৈরি কারখানার শেড, পরীক্ষাগার এবং গুদামের মতো সুযোগ-সুবিধা প্রস্তুতকারকদের প্রয়োজনীয় পরিকাঠামো জোগাবে। BHAVYA Scheme-এর অধীনে গড়ে ওঠা পরিকাঠামোর সঙ্গে সমন্বয় করে এই প্রকল্পের Sports Goods Manufacturing Zones তৈরি করা হবে।

- National Industrial Corridor Development Corporation Limited (NICDC): NICDC শিল্পসংস্থাগুলির জন্য জমি, রাস্তা, বিদ্যুৎ, জল এবং পরিবহণ সংযোগ-সহ শিল্পনগর গড়ে তুলতে সহায়তা করে। এই সংস্থার শিল্প করিডর কর্মসূচির আওতায় ১৩টি রাজ্যে ২০টি শিল্প স্মার্ট সিটি রয়েছে। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে চারটি সম্পূর্ণ হয়েছে। NICDC Industrial Parks-এর পরিকাঠামো ব্যবহার করে ক্রীড়াসামগ্রী উৎপাদন ক্ষেত্র গড়ে তোলা হবে। সেখানে প্রস্তুতকারক, সরবরাহকারী এবং সহায়ক সুযোগ-সুবিধাগুলিকে একত্রিত করা হবে।

গবেষণা ও উদ্ভাবন

- Anusandhan National Research Foundation (ANRF): ANRF শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং শিল্পক্ষেত্রের মধ্যে গবেষণা ও সহযোগিতায় সহায়তা করে। এই প্রকল্পের উৎকর্ষ কেন্দ্রগুলিতে সরঞ্জাম, উপাদান, সুরক্ষামূলক সামগ্রী এবং উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণার পাশাপাশি, ANRF-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্রীড়াসামগ্রী ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে উৎসাহ দেওয়া হবে।

- Startup India: নতুন উদ্যোগগুলিকে প্রাথমিক অর্থায়ন, বিনিয়োগ এবং ঋণের গ্যারান্টির মাধ্যমে সহায়তা করে Startup India। এর ফলে, নতুন ধারণাকে কার্যকর ব্যবসায়িক উদ্যোগে পরিণত করা সহজ হয়। এবছর ৩১ মার্চ পর্যন্ত ভারতে স্বীকৃত নতুন উদ্যোগের সংখ্যা ২.২৩ লক্ষ ছাড়িয়েছে। এই উদ্যোগগুলিতে ২৩.৩৬ লক্ষেরও বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। ক্রীড়াসামগ্রী প্রকল্পের নির্দিষ্ট নতুন উদ্যোগে সহায়তা এই বৃহত্তর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সরঞ্জাম, উপাদান এবং উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবনে উৎসাহ দেবে। এর মধ্যে পণ্যের বিকাশ, পরীক্ষা, কার্যকারিতা যাচাই এবং বাণিজ্যিকীকরণের বিভিন্ন পর্যায় অন্তর্ভুক্ত।

রপ্তানি প্রসার

- Export Promotion Mission: ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত এই মিশনে ২৫,০৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রপ্তানি-কেন্দ্রিক অর্থায়ন, গুণমান সংক্রান্ত নিয়ম মেনে চলা, পণ্য পরিবহণ এবং বাজারে প্রবেশের সহায়তাকে একত্রিত করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে MSME এবং প্রথমবারের রপ্তানিকারকদের। Niryat Protsahan ও Niryat Disha নামে দুটি উপাদানের মাধ্যমে রপ্তানিকারকদের অর্থায়ন, আন্তর্জাতিক মান পূরণ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। বাণিজ্য মেলা, ক্রেতা-বিক্রেতা সম্মেলন এবং গুদামজাতকরণের সুবিধাও এর অন্তর্ভুক্ত। ক্রীড়াসামগ্রী প্রকল্প এই বৃহত্তর কাঠামোর সহায়তায় ব্র্যান্ডিং, প্রচার ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নেবে। এর ফলে ভারতীয় প্রস্তুতকারকদের আন্তর্জাতিক উপস্থিতি আরও বলশালী হবে।

ক্রীড়ার উন্নয়ন

- Khelo India এবং Fit India: Khelo India ক্রীড়ায় অংশগ্রহণ, প্রতিভার বিকাশ, প্রশিক্ষণ এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সহায়তা করে। অন্যদিকে Fit India শারীরিক সক্ষমতা ও সক্রিয় জীবনযাপনে উৎসাহ দেয়। ক্রীড়াসামগ্রী উৎপাদন প্রকল্পটি ভারতের ক্রীড়াক্ষেত্র এবং ক্রীড়াবিদদের প্রয়োজনে উন্নয়নমূলক কর্মসূচির জন্য উন্নত মানের, আন্তর্জাতিক শংসাপত্রপ্রাপ্ত ক্রীড়াসামগ্রী উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে এই উদ্যোগগুলিকে পরিপূরক সহায়তা দেবে।

নীতিগত সামঞ্জস্য

- Khelo Bharat Niti 2025: এই নীতিতে অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে ক্রীড়ার ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। উদ্যোগপতি গড়ে তোলা, বিনিয়োগ এবং ক্রীড়া-সংক্রান্ত নতুন উদ্যোগের বিকাশও এর অন্তর্ভুক্ত। উৎপাদন, উদ্ভাবন, কর্মসংস্থান ও রপ্তানির সুযোগের সঙ্গে ক্রীড়ার উন্নয়নকে যুক্ত করে এই উৎপাদন প্রকল্প নীতির লক্ষ্য পূরণে সহায়তা করবে।

ক্রীড়াসামগ্রী উৎপাদনে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের উত্থান

এই প্রকল্পের হাত ধরে ক্রীড়াসামগ্রীর নকশা, উন্নয়ন এবং উৎপাদনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সামিল হতে সক্ষম কেন্দ্র হিসেবে ভারতের উত্থানের সম্ভাবনা রয়েছে। উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা, উদ্ভাবনে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর মাধ্যমে এই প্রকল্প বৃদ্ধি, কর্মসংস্থান ও রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে বিশ্বের অন্যতম প্রধান ক্রীড়াশক্তি হিসেবে ভারতের প্রত্যাশা পূরণেও সহায়তা করবে।

তথ্যসূত্র

PIB Backgrounders

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154856&ModuleId=3&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232079&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159409&ModuleId=3&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=160146&NoteId=160146&ModuleId=3&reg=3&lang=1

NITI Aayog

https://www.niti.gov.in/sites/default/files/2026-03/Realising-the-Export-Potential-of-India-Sports-Equipment-Manufacturing-Sector.pdf

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241785&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329481&reg=48&lang=1

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

Ministry of Commerce and Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253019&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2308465&reg=48&lang=2

Anusandhan National Research Foundation

https://www.anrf.gov.in/about-anrf

Click here to see pdf

 

***
SSS/S SAHA

(Explainer ID: 160618) आगंतुक पटल : 18
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu