• Sitemap
  • Advance Search
Economy

এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম, ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0)

সময়মতো ঋণ সহায়তার মাধ্যমে ব্যবসায়িক স্থিতিস্থাপকতা শক্তিশালী করা

Posted On: 05 SEP 2026 10:31AM

৫ সেপ্টেম্বর, ২০২৬

 

ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) বাহ্যিক কারণে সমস্যার সম্মুখীন হওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্যভিত্তিক ঋণ গ্যারান্টি সহায়তা প্রদান করে। ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়িত করছে। এর মাধ্যমে যোগ্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলি কম ঋণঝুঁকিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে অতিরিক্ত কার্যকরী মূলধন দিতে পারে। সরকারি গ্যারান্টির মাধ্যমে এই প্রকল্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME), যোগ্য নন-MSME ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নির্ধারিত যাত্রীবাহী বিমান সংস্থাগুলিকে সহায়তা করা হয়। কোভিড-১৯ অতিমারীর সময় চালু হওয়া ইসিএলজিএস-এর আগের পর্যায়গুলির ওপর ভিত্তি করে এই প্রকল্প প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি, ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা প্রদান করে। ব্যাপক প্রচার, জন সমর্থন পোর্টালের মাধ্যমে ডিজিটাল সুবিধা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণের ফলে এই প্রকল্পের পরিধি আরও বেড়েছে। তারল্য বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার মাধ্যমে, বিশ্বব্যাপী অনিশ্চয়তার সময় ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) ব্যবসায়িক স্থিতিস্থাপকতা এবং সুস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে।

বহিরাগত অর্থনৈতিক ধাক্কার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা 
পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, জীবিকা রক্ষা করা এবং ব্যবসায়িক কার্যক্রম যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের পরিস্থিতি সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলতে পারে, পরিবহণ ও লজিস্টিক খরচ বাড়াতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর তারল্যের চাপ তৈরি করতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় সরকার এবছর ৫ মে তারিখে এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ECLGS) 5.0 অনুমোদন করে।

এই প্রকল্পটি ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি (NCGTC)-র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় সদস্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলিকে (MLIs) সরকারের গ্যারান্টিযুক্ত ঋণ সহায়তা দেওয়া হয়, যাতে তারা যোগ্য ব্যবসায়িক ঋণগ্রহীতাদের অতিরিক্ত কার্যকরী মূলধন প্রদান করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ₹২.৫৫ লক্ষ কোটি অতিরিক্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই প্রকল্প দেশীয় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও, বাহ্যিক সমস্যায় এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে কর্মসংস্থান বজায় রাখতে এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করে। পাশাপাশি, তারল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানগুলি স্বল্পমেয়াদিক পরিচালনাগত ও আর্থিক দায়বদ্ধতা পূরণ করতে পারে।

ইসিএলজিএস-এর ক্রমবিকাশ 
ইসিএলজিএস ২০২০ সালে আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় চালু করা হয়। কোভিড-১৯ অতিমারীর কারণে তৈরি আর্থিক চাপ কাটিয়ে উঠতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করাই এই প্রকল্পের লক্ষ্য ছিল। এর মাধ্যমে সদস্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলি (MLIs) ১০০ শতাংশ সরকারি গ্যারান্টি সহায়তায় অতিরিক্ত ঋণ দিতে পারত। বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তিত চাহিদা পূরণ করতে পরবর্তী সময়ে ইসিএলজিএস-এর বিভিন্ন পর্যায় চালু করা হয়েছে।
ইসিএলজিএস ১.০ (ECLGS 1.0)-এর আওতায় ছিল ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME), ব্যবসায়িক প্রতিষ্ঠান, মুদ্রা ঋণগ্রহীতা এবং ব্যক্তিগত ব্যবসায়িক ঋণ। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যেসব ঋণগ্রহীতার বকেয়া ঋণের পরিমাণ সর্বোচ্চ ₹৫০ কোটি এবং ঋণ পরিশোধে বকেয়ার সময়সীমা ৬০ দিনের বেশি ছিল না, তারা এই সুবিধার জন্য যোগ্য ছিলেন।

ইসিএলজিএস ২.০ (ECLGS 2.0)-এর আওতা কামাথ কমিটি চিহ্নিত ২৬টি চাপের মুখে থাকা ক্ষেত্র এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সম্প্রসারিত করা হয়। ২০২০-র ২৯ ফেব্রুয়ারি যেসব ঋণগ্রহীতার বকেয়া ঋণের পরিমাণ ₹৫০ কোটির বেশি এবং সর্বোচ্চ ₹৫০০ কোটি ছিল এবং ঋণ পরিশোধে বকেয়ার সময়সীমা ৬০ দিনের বেশি ছিল না, তারা এর আওতায় ছিলেন।
ইসিএলজিএস ৩.০ (ECLGS 3.0)-এর মাধ্যমে আতিথেয়তা, ভ্রমণ ও পর্যটন, অবসর ও ক্রীড়া এবং অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রকে সহায়তা দেওয়া হয়। যোগ্য ঋণগ্রহীতাদের ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে ঋণ সুবিধা থাকতে হত এবং ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঋণ পরিশোধে বকেয়ার সময়সীমা ৬০ দিনের বেশি হওয়া চলত না।
ইসিএলজিএস ৪.০ (ECLGS 4.0)-এর মূল লক্ষ্য ছিল অতিমারীর সময় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে শক্তিশালী করা। এর আওতায় হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক, মেডিকেল কলেজ এবং তরল অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি প্রস্তুতকারকরা ছিলেন। যোগ্য প্রতিষ্ঠানগুলির ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে ঋণ সুবিধা থাকতে হত এবং ৩১ মার্চ ২০২১ তারিখে ঋণ পরিশোধে বকেয়ার সময়সীমা ৯০ দিনের বেশি হওয়া চলত না।

অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি পর্যায়ে প্রকল্পটির আওতা বাড়ানো হয়েছে। ইসিএলজিএস ১.০ থেকে ৪.০ পর্যন্ত মোট ১.১৯ কোটি গ্যারান্টি জারি করা হয়, যার মোট মূল্য ছিল ₹৩.৬৮ লক্ষ কোটি। পরবর্তীতে এই প্রকল্পগুলির মেয়াদ ৩১ মার্চ ২০২৩ তারিখে শেষ হয়।
ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0)-এর প্রধান বৈশিষ্ট্য 

ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে অথবা ₹২.৫৫ লক্ষ কোটি মূল্যের গ্যারান্টি জারি হওয়া পর্যন্ত কার্যকর থাকবে- যেটি আগে হবে। এর আওতায় রয়েছে MSME, যোগ্য নন-MSME ব্যবসায়িক ঋণগ্রহীতা এবং নির্ধারিত যাত্রীবাহী বিমান সংস্থাগুলি। ঋণগ্রহীতাদের অ্যাকাউন্টের অবস্থা এবং অন্যান্য প্রযোজ্য ঋণদানের নিয়মসহ NCGTC নির্ধারিত যোগ্যতার শর্তগুলি পূরণ করতে হবে। তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক, তফসিলভুক্ত আরবান কো-অপারেটিভ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং যোগ্য নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির মাধ্যমে ঋণ সহায়তা প্রদান করা হয়।

MSME এবং যোগ্য MSME বহির্ভূত যোগ্য ঋণগ্রহীতা: ৩১ মার্চ ২০২৬ তারিখে সদস্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলির (MLIs) কাছ থেকে বিদ্যমান কার্যকরী মূলধনের ঋণ সুবিধা রয়েছে এমন ঋণগ্রহীতারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের ঋণ পরিশোধ ৬০ দিনের বেশি বকেয়া থাকা চলবে না। যে ঋণগ্রহীতারা ইতিমধ্যে রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম (CGSE)-এর আওতায় অতিরিক্ত ঋণ সুবিধা নিয়েছেন, তাঁরা CGSE-এর 
আওতায় ইতিমধ্যে নেওয়া ঋণের পরিমাণ পর্যন্ত ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0)-এর সুবিধা পাবেন না।

এই প্রকল্পের সুবিধা সমস্ত ক্ষেত্রের MSME-গুলির জন্য উপলব্ধ। তবে, যোগ্য নন-MSME ঋণগ্রহীতাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রকে এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক সংস্থা (NBFC), বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বণ্টন, টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা, চিনি ও ইথানল এবং তথ্যপ্রযুক্তি সংস্থা। এছাড়াও, কাগজ ও কাগজজাত পণ্য, শিক্ষা প্রতিষ্ঠান এবং পানীয় (চা ও কফি বাদে) ও তামাক ক্ষেত্রও এই তালিকায় রয়েছে। কোনও ঋণগ্রহীতা যদি যোগ্য এবং অযোগ্য উভয় ক্ষেত্রেই কাজ করেন, তাহলে ২০২৫–২৬ অর্থবর্ষে যোগ্য ক্ষেত্রগুলি থেকে অর্জিত মোট ব্যবসার অনুপাতের ভিত্তিতে ঋণদাতা প্রতিষ্ঠান তাঁর যোগ্যতা নির্ধারণ করবে।

ঋণের গ্যারান্টি কভারেজ: যোগ্য MSME-গুলিকে দেওয়া ঋণের ক্ষেত্রে ১০০ শতাংশ গ্যারান্টি এবং যোগ্য নন-MSME-গুলির ক্ষেত্রে ৯০ শতাংশ গ্যারান্টি কভারেজ।

এই প্রকল্পের আওতায় MLIs-কে কোনও গ্যারান্টি ফি দিতে হবে না।
সদস্য ঋণদাতা প্রতিষ্ঠান (MLIs) হল এমন ঋণদাতা প্রতিষ্ঠান, যারা যোগ্য ঋণগ্রহীতাদের অতিরিক্ত ঋণ সুবিধা দেওয়ার জন্য ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0)-এর আওতায় নিবন্ধিত। এর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের ব্যাংক, ছোট আর্থিক ব্যাংক, বিদেশি ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) এবং আর্থিক প্রতিষ্ঠান।

অতিরিক্ত ঋণ সহায়তা: ২০২৫–২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সর্বোচ্চ বকেয়া ফান্ড-ভিত্তিক কার্যকরী মূলধনের ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ঋণ দেওয়া হয়। তবে, প্রতি ঋণগ্রহীতার ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা ₹১০০ কোটি।

ঋণের সুদের হার: এই প্রকল্পের আওতায় নিয়ন্ত্রিত সুদের হারে ঋণ দেওয়া নিশ্চিত করা হয়। MSME-গুলির ক্ষেত্রে সুদের হার EBLR-এর ভিত্তিতে নির্ধারিত হয়, আর যোগ্য নন-MSME-গুলির ক্ষেত্রে MCLR-এর ভিত্তিতে সুদের হার নির্ধারিত হয়। উভয় ক্ষেত্রেই ঋণদাতা প্রতিষ্ঠান বেঞ্চমার্কের ওপর সর্বোচ্চ ০.৭৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুদ নিতে পারে। তবে, সুদের হার বছরে সর্বোচ্চ ৯ শতাংশের মধ্যে থাকতে হবে। যোগ্য NBFC-গুলির দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার বছরে ১৩ শতাংশের বেশি হবে না।
এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (EBLR) হল এমন একটি বেঞ্চমার্ক সুদের হার, যা ব্যাংকগুলি যোগ্য খুচরো এবং ক্ষুদ্র ও ছোট উদ্যোগের ঋণের ক্ষেত্রে পরিবর্তনশীল সুদের হার নির্ধারণ করতে ব্যবহার করে। এই বেঞ্চমার্ক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নির্ধারণ করে।
মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR) হল ব্যাংকগুলির জন্য একটি অভ্যন্তরীণ রেফারেন্স রেট, যেটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নির্ধারণ করে। বিভিন্ন ধরনের ঋণের ক্ষেত্রে ন্যূনতম সুদের হার নির্ধারণে এটি ব্যাংকগুলিকে সহায়তা করে।

ঋণের মেয়াদ: প্রথমবার ঋণ দেওয়ার তারিখ থেকে ঋণের মেয়াদ হবে পাঁচ বছর। এর মধ্যে এক বছরের মোরাটোরিয়াম থাকবে।

নির্ধারিত যাত্রীবাহী বিমান সংস্থা 

যোগ্যতার শর্ত: নির্ধারিত যাত্রীবাহী বিমান পরিবহণ ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যোগ্য হবে, এবছর  ৩১ মার্চ  তারিখে MLIs-এর কাছ থেকে তাদের ফান্ড-ভিত্তিক এবং নন-ফান্ড-ভিত্তিক ঋণ সুবিধা বকেয়া থাকে। একই তারিখে এই ঋণ সুবিধাগুলিকে ‘স্ট্যান্ডার্ড’ হিসেবে শ্রেণীবদ্ধ হতে হবে (SMA-2 বাদে)।

ঋণের গ্যারান্টি আওতাভুক্তি: যোগ্য নির্ধারিত যাত্রীবাহী বিমান সংস্থাগুলিকে দেওয়া ঋণের ক্ষেত্রে ৯০ শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেওয়া হবে।
এই প্রকল্পের আওতায় MLIs-কে কোনও গ্যারান্টি ফি দিতে হবে না।

অতিরিক্ত ঋণ সহায়তা: নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এই প্রকল্পে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ঋণ দেওয়া হবে। তবে, প্রতি ঋণগ্রহীতার ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা ₹১,৫০০ কোটি। এর মধ্যে ₹১,০০০ কোটির বেশি এবং ₹১,৫০০ কোটি পর্যন্ত অতিরিক্ত ঋণের ক্ষেত্রে উদ্যোক্তা বা মালিকদের সমপরিমাণ অনুপাতে ইক্যুইটি অবদান থাকলেই এই সুবিধা দেওয়া হবে।

ঋণের সুদের হার: ঋণদাতা প্রতিষ্ঠান তার পরিচালনা পর্ষদ অনুমোদিত নীতি অনুযায়ী সুদের হার নির্ধারণ করবে। 

ঋণের মেয়াদ: প্রথমবার ঋণ দেওয়ার তারিখ থেকে ঋণের মেয়াদ হবে সাত বছর। এর মধ্যে দু বছরের মোরাটোরিয়াম থাকবে।
কার্যক্ষেত্রে ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0)
ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) চালু হওয়ার পর থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এ বছর ২০ আগস্ট পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৬,৭৩,৯৭৯টি গ্যারান্টি জারি করা হয়েছে। গ্যারান্টির পরিমাণ ₹২,৫০,০২৪ কোটিতে পৌঁছেছে। প্রকল্পটির ব্যাপক গ্রহণযোগ্যতা ঋণ প্রদানের ক্ষেত্রে এর দ্রুত প্রসারের প্রতিফলন। সংখ্যার হিসাবে, জারি করা মোট গ্যারান্টির ৯৭.৩ শতাংশ ছিল MSME-গুলির জন্য এবং মোট গ্যারান্টির পরিমাণের ৮০.৭৯ শতাংশ ছিল MSME-গুলির জন্য।
যোগ্য ঋণগ্রহীতারা জন সমর্থ পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন (https://www.jansamarth.in/home) । 
প্রকল্পটির সর্বাধিক প্রসার নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। 

প্রথম পর্যায়: প্রচার অভিযান এবছর ২০ মে থেকে ৬ জুন -এর মধ্যে নয়টি স্থানে পরিচালিত হয়। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি (SLBC)-এর মাধ্যমে এই প্রচার অভিযানগুলি আয়োজন করা হয়। NCGTC, PSB Alliance, ব্যাংক, শিল্প সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে।

দ্বিতীয় পর্যায়: আরও ১০টি স্থানে প্রচার অভিযান চলছে, যার মধ্যে চারটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ব্যাংক এবং NBFC-গুলির বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল ও ক্ষেত্রকে এই উদ্যোগের আওতায় আনা হচ্ছে। MLIs বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যোগ্য ঋণগ্রহীতাদের কাছে পৌঁছানোর কাজ অব্যাহত রেখেছে।

প্রবৃদ্ধি ও ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখা 
ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) বিশ্বব্যাপী অনিশ্চয়তার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। সরকারি গ্যারান্টির মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করে। এই প্রকল্প ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের
 কার্যক্রম অব্যাহত রাখতে, কর্মসংস্থান বজায় রাখতে এবং সরবরাহ শৃঙ্খল সচল রাখতে সহায়তা করে।

 ব্যবসায়িক স্থিতিস্থাপকতা বাড়ানোর মাধ্যমে ইসিএলজিএস ৫.০ (ECLGS 5.0) ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখতে অবদান রাখছে।

তথ্যবিবরণী

Ministry Of Micro, Small and Medium Enterprises

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/176/AU2801.pdf?source=pqals

 

Ministry of Finance

https://financialservices.gov.in/eclgs

https://www.jansamarth.in/emergency-credit-line-guarantee-scheme

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281936&lang=1&reg=48

https://www.youtube.com/watch?v=wM-1L0ul6c8&feature=youtu.be

 

National Credit Guarantee Trustee Company Ltd (NCGTC)

https://www.ncgtc.in/en/product-details/ECLGS5/Emergency-Credit-Line-Guarantee-Scheme-(ECLGS)-5.0

https://www.ncgtc.in//content/products/0/20260728/List_of_Member_Lending_Institutions_registered_under_ECLGS_5_0_updated_as_on_28_07_26_0a13e2d38f.pdf

 

Others

https://x.com/narendramodi/status/2051670602705162419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2051670602705162419%7Ctwgr%5E398fc64675fcb748550d0bb5161b3e6f20122582%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pmindia.gov.in%2Fen%2Fnews_updates%2Fcabinet-approves-emergency-credit-line-guarantee-scheme-5-0%2F  

https://www.pmindia.gov.in/en/news_updates/cabinet-approves-emergency-credit-line-guarantee-scheme-5-0/

https://sbi.bank.in/documents/71595/0/ECLGS+5.0+Operational+Guidelines+dated+08.05.2026.pdf/aa65cd2a-9c1c-ef9c-9508-b0575efec7e9?t=1778932400700

https://www.kotak.bank.in/en/stories-in-focus/loans/home-loan/eblr-interest-rate.html

https://www.bajajfinserv.in/understand-eblr-in-home-loan-interest-rate

https://www.icici.bank.in/personal-banking/blogs/loan/personal-loan/what-is-the-mclr-and-how-does-it-affect-the-economy

Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) 5.0

 

 

SSS/RP........

(Explainer ID: 159860) आगंतुक पटल : 12
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी