Infrastructure
মুম্বই–আহমেদাবাদ হাই-স্পিড রেল: ভারতের রেল আধুনিকীকরণের অগ্রযাত্রা
Posted On:
12 JUN 2026 5:04PM
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৬
মুম্বই–আহমেদাবাদ হাই-স্পিড রেল (MAHSR) প্রকল্প ভারতের রেল আধুনিকীকরণ অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের প্রথম হাই-স্পিড রেল করিডর হিসেবে এটি আন্তঃনগর যাতায়াতে নতুন মাত্রা যোগ করতে এবং দেশের অভ্যন্তরীণ রেল সক্ষমতাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর মহারাষ্ট্র, গুজরাত এবং দাদরা ও নগর হাভেলির মধ্যে দিয়ে গিয়েছে। এতে উচ্চগতির যাত্রী পরিবহণের পাশাপাশি, ভায়াডাক্ট, টানেল, সেতু, স্টেশন, সিগন্যালিং এবং বিদ্যুৎ ব্যবস্থাসহ বিস্তৃত পরিকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। মুম্বই ও আহমেদাবাদের মধ্যে যাত্রাসময় কমানোর পাশাপাশি, এই প্রকল্প প্রযুক্তিগত দক্ষতা, শিল্প সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানভাণ্ডারও গড়ে তুলছে। এই সক্ষমতাগুলি ভবিষ্যতে ভারতে হাই-স্পিড রেলের সম্প্রসারণে সহায়ক হবে।
প্রচলিত রেল থেকে উচ্চগতির সংযোগে
ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির অন্যতম। এটি যাত্রী ও পণ্য পরিবহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে এটি মানুষ ও পণ্যের চলাচলকে সহজতর করে। এই সংযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার, শিক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবার প্রসারে সহায়তা করে। পরিবহণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রেল নেটওয়ার্ক এবং তার বহনক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
ভারতের পরিবর্তিত নগরচিত্র মানুষের জীবনযাপন, কর্মসংস্থান এবং যাতায়াতের ধরনেও পরিবর্তন এনেছে। প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির বিকাশ দীর্ঘ দূরত্ব এবং আন্তঃনগর যাতায়াতের প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে। এই পরিবর্তিত চাহিদার প্রেক্ষিতে ভারত মুম্বই–আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডর প্রকল্প হাতে নেয়। ২০১৭ সালের সেপ্টেম্বরে শিলান্যাসের মাধ্যমে ভারতের হাই-স্পিড রেল যাত্রার সূচনা হয়। এই করিডরের লক্ষ্য যাত্রাসময় উল্লেখযোগ্যভাবে কমানো। একই সঙ্গে যাত্রীসুবিধা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এটি ভারতের রেল পরিকাঠামো আধুনিকীকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
MAHSR: ভাবনা থেকে বাস্তব পরিকাঠামো
হাই-স্পিড রেল (HSR) বলতে এমন যাত্রীবাহী রেলব্যবস্থাকে বোঝায়, যা প্রচলিত রেলপথের তুলনায় অনেক বেশি গতিতে চলাচলের জন্য নির্মিত। এই ধরনের ব্যবস্থা সাধারণত নির্দিষ্ট করিডরে পরিচালিত হয়। উন্নত রোলিং স্টক, সিগন্যালিং, যোগাযোগ এবং নিরাপত্তা প্রযুক্তির উপর নির্ভর করে। ফলে উচ্চমাত্রার দক্ষতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়। কার্যকরী সংজ্ঞা অনুযায়ী, ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি গতিতে পরিচালিত রেলব্যবস্থাকে হাই-স্পিড রেল বলা হয়।
মোট ৫০৮ কিলোমিটার দীর্ঘ MAHSR করিডর মহারাষ্ট্র, গুজরাত এবং দাদরা ও নগর হাভেলির মধ্যে দিয়ে বিস্তৃত। এই করিডরে মোট ১২টি স্টেশন রয়েছে - মুম্বই (BKC), থানে, বিরার, বোইসর, ভাপি, বিলিমোরা, সুরাত, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সাবরমতী। প্রতিটি স্টেশন সংশ্লিষ্ট শহরের বৈশিষ্ট্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। আধুনিক স্থাপত্য, উন্নত যাত্রীসুবিধা এবং বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এর নকশার অবিচ্ছেদ্য অংশ। সাবরমতী স্টেশনকে একটি মাল্টিমোডাল বা বহুমুখী হাব হিসাবে গড়ে তোলা হচ্ছে। এখানে বুলেট ট্রেন, মেট্রো, BRTS এবং রেল নেটওয়ার্কের সংযোগ থাকবে। সংলগ্ন এলাকা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট নীতির ভিত্তিতে পরিকল্পিত হচ্ছে। এই করিডরে প্রথম হাই-স্পিড রেল পরিষেবা ২০২৭ সালের আগস্টে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবস্থা
MAHSR প্রকল্প জাপানের শিনকানসেন প্রযুক্তি এবং পরিচালন মানদণ্ড অনুসারে নির্মিত হচ্ছে। করিডরে ট্র্যাকশন, বিদ্যুতায়ন, ট্র্যাক পরিকাঠামো এবং পরিচালনার জন্য উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
ওভারহেড ইলেকট্রিফিকেশন (OHE): করিডরজুড়ে ২০,০০০-এরও বেশি OHE মাস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২×২৫ কেভি ওভারহেড ট্র্যাকশন ব্যবস্থা শিনকানসেন-ভিত্তিক OHE ক্যান্টিলিভার ব্যবহার করবে।
ট্র্যাকশন ও বিদ্যুৎ সরবরাহ: প্রকল্পে ১২টি ট্র্যাকশন সাবস্টেশন, দুটি ডিপো ট্র্যাকশন সাবস্টেশন এবং ১৬টি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।
ট্র্যাক ব্যবস্থা: জাপানি শিনকানসেন প্রযুক্তিভিত্তিক J-Slab ব্যালাস্টলেস ট্র্যাক ভারতে প্রথমবারের জন্য ব্যবহার করা হচ্ছে।
ট্র্যাক নির্মাণ ঘাঁটি: রেল, ট্র্যাক স্ল্যাব, যন্ত্রপাতি এবং সরঞ্জাম ব্যবস্থাপনার জন্য বিশেষ ট্র্যাক কনস্ট্রাকশন বেস স্থাপন করা হচ্ছে।
রোলিং স্টক ডিপো: গুজরাতের সাবরমতী ও সুরাত এবং মহারাষ্ট্রের থানে - এই তিন স্থানে ডিপো নির্মাণাধীন।
করিডরজুড়ে প্রকৌশলগত অগ্রগতি
MAHSR করিডর নদী, ঘনবসতিপূর্ণ এলাকা এবং জটিল ভূপ্রকৃতির মধ্য দিয়ে অতিক্রম করেছে। ফলে, বিপুল সংখ্যক সেতু ও টানেল নির্মাণ প্রয়োজন হয়েছে। এগুলি প্রকল্পের সবচেয়ে জটিল প্রকৌশল উপাদানগুলির মধ্যে অন্যতম।
করিডরজুড়ে সেতু নির্মাণ
এই করিডরে মোট ২৫টি নদীসেতু রয়েছে। এর মধ্যে ২১টি গুজরাতে এবং চারটি মহারাষ্ট্রে। মেশওয়া, ভাত্রক, মোহার (শেঢি), বিশ্বামিত্রী, ধাধার, কিম, মিন্ধোলা, পূর্ণা, অম্বিকা, ভেঙ্গানিয়া, কাবেরী, খারেরা, ঔরঙ্গা, পার, কোলাক, দামন গঙ্গা এবং দারোথা নদীর উপর সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। সাবরমতী, নর্মদা, তাপি, জাগানি এবং বৈতারণা নদীর উপর সেতু নির্মাণ দ্রুতগতিতে এগোচ্ছে।
মাহী নদীর সেতুতে ১২টির মধ্যে ১১টি ওয়েল সম্পন্ন হয়েছে। পাঁচটি স্প্যান স্থাপন করা হয়েছে।
তাপি নদীর সেতুতে ভিত্তি নির্মাণের কাজ চলছে। মোট ১২টির মধ্যে ১০টি ওয়েল সম্পন্ন হয়েছে।
সাবরমতী নদীর সেতুতে সাবস্ট্রাকচার নির্মাণ শেষ হয়েছে। সুপারস্ট্রাকচারের কাজ চলছে।
দেসাই খাদি অতিক্রমণের জন্য জিওটেকনিক্যাল সমীক্ষা সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের কাজ চলছে।
উলহাস নদীর শাখা অংশে একটি অস্থায়ী অ্যাকসেস ব্রিজও নির্মিত হয়েছে।
এ ছাড়াও, করিডরে মহাসড়ক, খাল, নদী এবং রেললাইন অতিক্রমের জন্য ২৮টি স্টিল সেতু নির্মাণ করা হচ্ছে। এই সমস্ত কাঠামো করিডরের প্রকৌশল পরিকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।
ভারতের প্রথম সমুদ্রতল রেল টানেল
মহারাষ্ট্রে করিডরের প্রায় ২১ কিলোমিটার অংশ টানেলের মধ্যে দিয়ে যাবে। এই অংশেই রয়েছে থানে খাঁড়ির নীচে ভারতের প্রথম সমুদ্রতল রেল টানেল। সমুদ্রতলের অংশটির দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। টানেল নির্মাণে নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড (NATM) এবং টানেল বোরিং মেশিন (TBM) প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এর মধ্যে ৫ কিলোমিটার NATM অংশ এবং ১৬ কিলোমিটার TBM অংশ রয়েছে।
বস্তুত, ১৩.১ মিটার ব্যাসবিশিষ্ট একটি টানেল টিউবের মধ্যেই দুটি রেলপথ স্থাপন করা হবে। TBM-এর কাটার হেডের ব্যাস ১৩.৬ মিটার। এটি ভারতীয় রেল প্রকল্পে ব্যবহৃত বৃহত্তম TBM কাটার হেড। নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগোচ্ছে। ঘানসোলি ও শিলফাটার মধ্যে সমুদ্রতল টানেলের ৪.৮ কিলোমিটার অংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিতকরণ
MAHSR করিডরে উন্নত নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে নির্ভরযোগ্য পরিষেবা বজায় রাখাই এর লক্ষ্য। এর মধ্যে রয়েছে ভূমিকম্প শনাক্তকরণ, বৃষ্টিপাত পর্যবেক্ষণ এবং বায়ুর গতিবেগ পর্যবেক্ষণ ব্যবস্থা। এগুলি রিয়েল-টাইম মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরিচালন ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিতকরণ
MAHSR করিডরে উন্নত নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতেও ট্রেন পরিষেবা নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হতে পারে। এর মধ্যে রয়েছে ভূমিকম্প শনাক্তকরণ, বৃষ্টিপাত পর্যবেক্ষণ এবং বায়ুর গতিবেগ পর্যবেক্ষণ ব্যবস্থা। এই প্রযুক্তিগুলি রিয়েল-টাইম মূল্যায়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পরিচালনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
বৃষ্টিপাত পর্যবেক্ষণ ব্যবস্থা
বুলেট ট্রেন পরিষেবার নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে একটি স্বয়ংক্রিয় বৃষ্টিপাত পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করিডরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত যন্ত্রসংবলিত রেইন গেজের মাধ্যমে এই ব্যবস্থা রিয়েল-টাইমে বৃষ্টিপাতের তথ্য সরবরাহ করবে। প্রাপ্ত তথ্য নিরবচ্ছিন্নভাবে অপারেশন কন্ট্রোল সেন্টারে (OCC) প্রেরণ করা হবে। সেখান থেকে পরিচালন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য তা পর্যবেক্ষণ করা হবে।
এই ব্যবস্থায় দুটি গুরুত্বপূর্ণ সূচক পরিমাপ করা হবে - ঘণ্টাভিত্তিক বৃষ্টিপাত এবং গত ২৪ ঘণ্টার মোট বৃষ্টিপাত। এই তথ্য মাটির কাঠামো, প্রাকৃতিক ঢাল, টানেলের মুখ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করবে। পূর্বনির্ধারিত সীমামাত্রা এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের মাঠপর্যায়ের যাচাইয়ের ভিত্তিতে প্রয়োজনীয় পরিচালন ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুম্বই–আহমেদাবাদ বুলেট ট্রেন করিডরে মোট ছয়টি যন্ত্রসংবলিত রেইন গেজ স্টেশন স্থাপনের প্রস্তাব রয়েছে। প্রতিটি স্টেশন প্রায় ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা পর্যবেক্ষণ করবে।
প্রাথমিক ভূমিকম্প শনাক্তকরণ ব্যবস্থা
যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে MAHSR করিডরে ২৮টি সিসমোমিটার-সমন্বিত একটি প্রাথমিক ভূমিকম্প শনাক্তকরণ ব্যবস্থা স্থাপন করা হবে। এই ব্যবস্থা ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হবে এবং স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। ফলে, সংশ্লিষ্ট অংশে চলমান ট্রেন জরুরি ব্রেক প্রয়োগের মাধ্যমে নিরাপদে থামানো সম্ভব হবে।
মোট ২৮টি সিসমোমিটারের মধ্যে ২২টি করিডরের বিভিন্ন অংশে স্থাপন করা হবে। অবশিষ্ট ছয়টি বিস্তারিত ভূকম্পন সমীক্ষা এবং মাটির উপযুক্ততা যাচাইয়ের ভিত্তিতে চিহ্নিত ভূমিকম্পপ্রবণ এলাকায় স্থাপন করা হবে। অতীতের ভূমিকম্প সংক্রান্ত তথ্য এবং মাইক্রোট্রেমর বা ক্ষুদ্র ভূকম্পন পরীক্ষার ভিত্তিতে এই স্থানগুলি নির্বাচন করা হয়েছে।
২০২৬ সালে প্রকল্পের উল্লেখযোগ্য মাইলফলক
২০২৬ সালে প্রকল্পের বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। এই অগ্রগতি করিডরের বিভিন্ন উপাদানে বাস্তবায়নের গতি এবং অগ্রযাত্রাকে প্রতিফলিত করে।
অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের চালিকাশক্তি
সংযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি, বুলেট ট্রেন প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোন্নয়ন, পর্যটন প্রসার এবং দেশীয় উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দ্রুততর সংযোগ
MAHSR প্রকল্পের ফলে, মুম্বই ও আহমেদাবাদের মধ্যে যাত্রাসময় দুই ঘণ্টারও কমে নেমে আসবে। বর্তমানে একই যাত্রায় সড়কপথে ৮–৯ ঘণ্টা এবং বিমানপথে বিমানবন্দরের আনুষঙ্গিক সময়সহ প্রায় ৪–৫ ঘণ্টা সময় লাগে। দ্রুততর যাতায়াত ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করবে এবং যাত্রীদের মূল্যবান সময় সাশ্রয় করবে।
আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালীকরণ
হাই-স্পিড রেল শিল্পকেন্দ্র এবং বাজারগুলিকে আরও কাছাকাছি নিয়ে আসবে। ভাপি ও মুম্বইয়ের মতো উৎপাদনকেন্দ্রগুলির মধ্যে উন্নত সংযোগ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে করিডরজুড়ে ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করবে।
পর্যটন ও স্থানীয় উন্নয়ন
করিডরটি প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বহু অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটন, আতিথেয়তা এবং সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্রকে উৎসাহিত করবে। স্টেশনগুলিকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যকলাপ এবং স্থানীয় উন্নয়নও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ
এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪,০০০ প্রত্যক্ষ এবং ৩৫,০০০ থেকে ৪০,০০০ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মাণপর্বে প্রায় ৪০,০০০ শ্রমিক নিযুক্ত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। ভাদোদরায় একটি বিশেষ হাই-স্পিড রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এটি উন্নত রেল প্রযুক্তি সংক্রান্ত দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সহায়তা করবে।
মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন
প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে এই প্রকল্প মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে শক্তিশালী করছে। প্রকল্পের বিভিন্ন উপাদানে ভারতীয় সংস্থাগুলির অংশগ্রহণ শিল্প সক্ষমতা বৃদ্ধি করবে। একই সঙ্গে ইস্পাত, সিমেন্ট এবং বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প-সহ একাধিক সহযোগী ক্ষেত্রের বিকাশে সহায়ক হবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ হাই-স্পিড রেল করিডর
আধুনিক ও উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ সাতটি হাই-স্পিড রেল করিডরকে প্রবৃদ্ধির সংযোগপথ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই করিডরগুলি দেশের গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলগুলিকে যুক্ত করবে। মানুষের দ্রুত যাতায়াত নিশ্চিত করবে। বিভিন্ন রাজ্যের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও জোরদার করবে।
প্রস্তাবিত করিডরগুলির মোট দৈর্ঘ্য প্রায় ৪,০০০ কিলোমিটার। এই প্রকল্পগুলিতে প্রায় ১৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগগুলি ভারতের পরিবহণ পরিকাঠামোয় হাই-স্পিড রেলকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে।
রেল পরিবহণের ভবিষ্যৎ নির্মাণে
মুম্বই–আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্প ভারতের রেল উন্নয়নের ইতিহাসে এক রূপান্তরমূলক অধ্যায়ের সূচনা করেছে। দেশের প্রথম হাই-স্পিড রেল করিডর হিসেবে এটি গতি, সংযোগ এবং পরিকাঠামো নির্মাণে নতুন মানদণ্ড স্থাপন করছে। সিভিল নির্মাণ, সেতু নির্মাণ এবং টানেল খননের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিক গতি নির্দেশ করছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া নির্মাণকাজের পরিসর প্রকল্পের বিভিন্ন উপাদানে দৃঢ় অগ্রগতির সাক্ষ্য বহন করে। একই সঙ্গে উন্নত প্রযুক্তি এবং আধুনিক প্রকৌশল পদ্ধতির প্রয়োগ দেশের অভ্যন্তরীণ উচ্চ গতির রেল ক্ষমতাকে আরও শক্তিশালী করছে। MAHSR প্রকল্প কেবল একটি পরিবহণ উদ্যোগ নয়। এটি ভারতের দীর্ঘমেয়াদী উচ্চ গতির রেল অভিযাত্রারও এক গুরুত্বপূর্ণ প্রেরণাশক্তি।
তথ্যসূত্র
Prime Minister’s Office
https://www.pib.gov.in/newsite/printrelease.aspx?relid=170771®=48&lang=2
Ministry of Railways
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257831®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267962®=48&lang=1
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS538_MhnJmI.pdf?source=pqals
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176788®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221838®=48&lang=2
National High-Speed Rail Corporation Limited
https://www.nhsrcl.in/en/project/project-overview
https://www.nhsrcl.in/en/media/press-release
https://www.nhsrcl.in/en/project/safety-features
https://www.nhsrcl.in/en/media/blog/long-short-economic-prosperity-indias-first-hsr-project-expected-bring
Click here to see pdf
*****
SSS/SS
(Explainer ID: 158889)
आगंतुक पटल : 29
Provide suggestions / comments