Economy
জন সমর্থ পোর্টালের ৪ বছর
ঋণ প্রকল্পের সুবিধা আরও সহজলভ্য, নাগরিকের নাগালে প্রাতিষ্ঠানিক ঋণ
Posted On:
05 JUN 2026 2:25PM
নয়াদিল্লি, ৫ জুন, ২০২৬
২০২২ সালের ৬ জুন চালু হয়েছিল জন সমর্থ পোর্টাল। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং সহজতর ঋণ বিতরণের ক্ষেত্রে চার বছর পূর্ণ করল এই উদ্যোগ। একক-জানালা প্ল্যাটফর্ম হিসাবে এটি প্রযুক্তিনির্ভর ও ব্যবহারকারী-বান্ধব ব্যবস্থার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করেছে। কৃষি, ব্যবসা, আবাসন, নবীকরণযোগ্য শক্তি এবং জীবিকাভিত্তিক বিভিন্ন ক্ষেত্র এই পোর্টালের আওতায় রয়েছে। দেশের বিভিন্ন শ্রেণির উপভোক্তারা এর সুবিধা পাচ্ছেন। একাধিক ভাষায় উপলব্ধ জন সমর্থ আজ একটি সমন্বিত ডিজিটাল পরিকাঠামোয় পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্ম উদ্যোক্তা, কৃষক এবং জীবিকানির্ভর নাগরিকদের জন্য ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা, স্বচ্ছতা এবং কার্যকর সহায়তা নিশ্চিত করছে।
জন সমর্থ পোর্টালের যাত্রাপথ
ভারতের নানা প্রান্তে উদ্যোক্তা হওয়ার স্বপ্নের শুরু হয় একটি সাধারণ প্রয়োজন থেকে, সঠিক সময়ে প্রয়োজনীয় সহায়তা পাওয়া। নতুন উদ্যোক্তা, মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগ কিংবা কৃষি-ব্যবসায় প্রবেশ করতে আগ্রহী তরুণ পেশাজীবী - অনেকেরই স্বপ্নপূরণে প্রয়োজন হয় সহজলভ্য ও সময়োপযোগী আর্থিক সহায়তার। সরকারি বিভিন্ন প্রকল্পে সুযোগ থাকলেও একাধিক পোর্টাল ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনো অনেক সময় কঠিন হয়ে উঠত।
সম্পূর্ণ ডিজিটাল ঋণ পরিষেবা
এক প্ল্যাটফর্ম, একাধিক ভাষা
ইংরেজি, হিন্দি, গুজরাটি, তেলুগু, তামিল, মারাঠি, বাংলা এবং কন্নড়
সমন্বিত ও ব্যবহারকারী-বান্ধব ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জন সমর্থ ঋণ আবেদনের পুরো প্রক্রিয়াকে সহজ করেছে। দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুবিধার্থে পোর্টালটি আটটি ভাষায় উপলব্ধ। কেন্দ্রীয় সরকারের ১৬টি ঋণ-সংযুক্ত প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য এটি একটি একক ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করে। কৃষি ও নবীকরণযোগ্য শক্তি থেকে শুরু করে উদ্যোগ গঠন এবং আবাসন - বিভিন্ন ক্ষেত্র ও সম্প্রদায়ের জন্য অন্তর্ভুক্তিমূলক ঋণপ্রাপ্তির সুযোগ তৈরি করেছে এই পোর্টাল।
পোর্টালে বর্তমানে ২৬৯টি সদস্য ঋণদানকারী প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে -
▪ ১২টি সরকারি ব্যাঙ্ক
▪ ২০টি বেসরকারি ব্যাঙ্ক
▪ ১৯টি ব্যাংকিং বহির্ভূত আর্থিক কোম্পানি (এনবিএফসি)
▪ ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
▪ সাতটি ছোট আর্থিক ব্যাঙ্ক
▪ ১৮০টি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক (ডিসিসিবি)
▪ দুটি নির্ধারিত রাজ্য সমবায় ব্যাঙ্ক
▪ একটি সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান
সরলীকৃত ডিজিটাল আবেদন প্রক্রিয়া
দিনের ২৪ ঘণ্টাই উপলব্ধ এই পোর্টাল আবেদনকারীদের জন্য সুবিধাজনক এবং সময়-সাশ্রয়ী ডিজিটাল আবেদন পরিষেবা প্রদান করে।
▪ কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই আবেদনকারীর জন্য সবচেয়ে উপযুক্ত প্রকল্প চিহ্নিত করে পোর্টাল।
▪ যোগ্যতা যাচাই করে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে।
▪ নীতিনির্ধারিত স্বয়ংক্রিয় বিজনেস রুল ইঞ্জিনের মাধ্যমে প্রাথমিক অনুমোদন প্রদান করে এবং নথিপত্র-সহ আবেদন নির্বাচিত ব্যাঙ্ক শাখায় পাঠিয়ে দেয়।
▪ আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে উপভোক্তাকে নিয়মিতভাবে আপডেট দেওয়া হয়। ফলে ব্যাঙ্ক শাখায় বারবার যেতে হয় না।
বিভিন্ন সরকারি তথ্যভান্ডারের সঙ্গে রিয়েল-টাইম সংযোগের মাধ্যমে ঋণ অনুমোদনের প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে। এর মধ্যে রয়েছে লোকাল গভর্নমেন্ট ডিরেক্টরি (এলজিডি), উদ্যোগ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই), অ্যাগ্রিস্ট্যাক, ডিপিআইআইটির স্টার্টআপ পোর্টাল, লোকোস প্রভৃতি। কর সংক্রান্ত তথ্যের জন্য কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এবং জিএসটি নেটওয়ার্কও যুক্ত রয়েছে। পাশাপাশি, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল), ন্যাশনাল ই-গভর্ন্যান্স সার্ভিসেস লিমিটেড (এনইএসএল), সিবিল, ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি (এনসিজিটিসি) এবং অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট (সিজিটিএমএসই)-এর মতো বিভিন্ন নিয়ন্ত্রক ও বেসরকারি উৎসও সংযুক্ত রয়েছে।
ব্যাঙ্কের বিজনেস করেসপন্ডেন্ট ও সহায়ক অংশীদারদের মাধ্যমে ঋণ আবেদন জমা দেওয়ার ‘অ্যাসিস্টেড মোড’-এর সুবিধাও রয়েছে। ওয়েবসাইট (www.jansamarth.in) এবং মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ) থেকে এই পোর্টাল ব্যবহার করা যায়। রিয়েল-টাইম রিপোর্ট দেখার জন্য পৃথক মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে।
জন সমর্থ: বিস্তার ও প্রভাব
বৃহৎ পরিসরে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি, দেশের নানা প্রান্তে অসংখ্য উদ্যোক্তার সাফল্যের যাত্রাপথে সহায়ক হয়ে উঠেছে জন সমর্থ পোর্টাল।
চালুর পর থেকে এটি প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির সুযোগ বিস্তারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০২৬ সালের ১ জুন পর্যন্ত পোর্টালের মাধ্যমে প্রায় ৫৪.১০ লক্ষ আবেদন প্রক্রিয়াকরণ হয়েছে, যার মোট আর্থিক পরিমাণ ₹৩,০০,৯৫১ কোটি। এর মধ্যে ব্যাঙ্কগুলি ৪৯.৫৫ লক্ষ ভোক্তাকে ডিজিটাল অনুমোদন দিয়েছে, যার মোট ঋণমূল্য ₹২,৭৬,৪৯৩.৭৮ কোটি। দক্ষ ও প্রযুক্তিনির্ভর ঋণ ব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন ঘটেছে এই পরিসংখ্যানে।
জীবন ও জীবিকার রূপান্তর
রাজস্থানের উদয়পুরে ভিনায়ক প্যাকেজিং-এর মালিক নিখিল তাঁর ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখতেন। তবে সেই লক্ষ্য পূরণে তাঁর প্রয়োজন ছিল সময়মতো আর্থিক সহায়তা। জন সমর্থ পোর্টালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই)-এর মাধ্যমে তিনি ঝঞ্ঝাটমুক্ত ও সহজ ডিজিটাল ঋণ আবেদন প্রক্রিয়ার সুবিধা পান। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের সহায়তায় নিখিল প্রয়োজনীয় আর্থিক সহায়তা লাভ করেন এবং সফলভাবে তাঁর ব্যবসার পরিধি বৃদ্ধি করেন। এর ফলে, তাঁর উদ্যোগের অগ্রযাত্রা আরও শক্তিশালী হয়েছে।
একইভাবে, মহারাষ্ট্রের পালঘর জেলার উপকূলবর্তী গ্রাম মহিম কেলভের বাসিন্দা সোনিয়া মৎস্য ব্যবসার মাধ্যমে স্বনির্ভর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি জন সমর্থ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই) -এর অধীনে ব্যাঙ্ক অফ বরোদা থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন। এই সহায়তা তাঁকে মাছ সরবরাহের উদ্যোগ শুরু করতে সাহায্য করে এবং তাঁর স্বপ্নকে একটি সুস্থায়ী জীবিকায় পরিণত করে। বর্তমানে তাঁর ব্যবসা পরিবারের আয়ের উৎসকে শক্তিশালী করেছে এবং গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নে ডিজিটাল ঋণ ব্যবস্থার ভূমিকা তুলে ধরেছে।
আরও একটি উদাহরণ রাজস্থানের বুন্দি জেলার তালেরা এলাকার বাসিন্দা নীতেশ বৈরগারীর। তিনি কৃষি-উদ্যোক্তা হওয়ার এবং নিজের এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির স্বপ্ন দেখতেন। জন সমর্থ পোর্টালের মাধ্যমে তিনি এগ্রি ক্লিনিকস অ্যান্ড এগ্রি বিজনেস সেন্টারস স্কিম (এসিএসিবি)-এর অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহায়তায় ঋণ অনুমোদনের প্রক্রিয়া ছিল সহজ ও সুনিয়ন্ত্রিত। এর ফলে, তিনি সফলভাবে একটি দুগ্ধ খামার গড়ে তুলতে সক্ষম হন। তাঁর এই যাত্রা দেখায়, কিভাবে প্রাতিষ্ঠানিক ঋণে সহজ প্রবেশাধিকার গ্রামীণ উদ্যোক্তাদের সুস্থায়ী জীবিকা গড়ে তুলতে সহায়তা করছে।
এই সব কাহিনি একসঙ্গে প্রমাণ করে যে, জন সমর্থ আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল ও ক্ষেত্রে উদ্যোগপতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অন্তর্ভুক্তিমূলক ঋণ পরিকাঠামো গড়ে তোলা
একক-জানালা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে পরিকল্পিত জন সমর্থ পোর্টাল বিভিন্ন ধরনের ঋণ প্রয়োজন মেটাতে কাজ করছে। প্রযুক্তিনির্ভর ও দক্ষ পরিকাঠামোর মাধ্যমে এই প্ল্যাটফর্ম বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগেরও প্রসার ঘটাচ্ছে। জন সমর্থ উদ্যোক্তা, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং জীবিকানির্ভর মানুষদের সহায়তা করছে। প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে এবং সহজপ্রাপ্যতা বৃদ্ধি করে এটি দেশের নাগরিকদের জন্য প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তিকে আরও সহজ করছে। এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রকল্পগুলির সমস্ত কার্যক্রম ও প্রক্রিয়ার প্রান্ত-থেকে-প্রান্ত সমন্বয়ও নিশ্চিত করা হচ্ছে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষ ঋণ বিতরণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।
তথ্যসূত্র
Ministry of Finance
https://www.jansamarth.in/home
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247026®=3&lang=2
https://www.jansamarth.in/our-partners
https://www.jansamarth.in/home-loan-pradhan-mantri-awas-yojana-urban-2-0-scheme
Jan Samarth Portal - YouTube
https://www.youtube.com/watch?v=WyFac4PmIYA
https://www.youtube.com/watch?v=YciXtGzjvsw
https://www.youtube.com/watch?v=U55E6ma4MIo
Click here to see PDF
*************
SSS/SS
(Explainer ID: 158794)
आगंतुक पटल : 5
Provide suggestions / comments