• Sitemap
  • Advance Search
Social Welfare

যুব সঙ্গম- যুব বিনিময়ের মাধ্যমে ভারতকে অনুভব করা

Posted On: 04 APR 2026 10:35AM

নয়াদিল্লি, ৪ এপ্রিল, ২০২৬

 

মূল বিষয়বস্তু

 

যুব সঙ্গম পর্যায়-VI-এর অধীনে জোড়া রাজ্যভিত্তিক প্রাতিষ্ঠানিক এক্সপোজার ট্যুরের জন্য নিবন্ধন ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, যা ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে।

 

২০২৩ সাল থেকে এই কর্মসূচি ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে, ২০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে হাজার হাজার যুবক-যুবতীকে পাঁচ–সাত দিনের বিনিময় সফরের মাধ্যমে যুক্ত করেছে।

 

জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ শ্রেণীকক্ষের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করে।

 

এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর চেতনায় যুব সংযোগ

 

ভারতকে শুধু পড়ে জানা যায় না, তাকে অনুভব করতে হয়। দেশের প্রকৃত চিত্র উপলব্ধি করতে হলে মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং ঐতিহ্যের বৈচিত্র্যের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে হয়। যুব সঙ্গম সেই জানালাটিই খুলে দেয়।

 

এই কর্মসূচি যুব উন্নয়নের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা এবং জাতীয় সংহতিকে, একত্রিত করে।

 

ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে চালু হওয়া যুব সঙ্গম একটি যুব বিনিময় কর্মসূচি, যা দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের একত্রিত করে। বস্তুত, ১৮–৩০ বছর বয়সী যুবক-যুবতী, শিক্ষার্থী, ন্যাশনাল সার্ভিস স্কিম ও নেহরু যুব কেন্দ্র সংগঠনের স্বেচ্ছাসেবক এবং তরুণ পেশাজীবীদের জন্য এই কর্মসূচি নির্ধারিত।

 

শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে বাস্তবায়িত এই কর্মসূচি বিভিন্ন অঞ্চলের যুবকদের মধ্যে একটি সুসংগঠিত সংযোগের প্ল্যাটফর্ম তৈরি করে।

 

এক ভারত শ্রেষ্ঠ ভারত: বিনিময়ের মূল ভাবনা

 

২০১৫ সালের ৩১ অক্টোবর, জাতীয় ঐক্য দিবস উপলক্ষে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচি চালু হয়। এর লক্ষ্য ছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পারস্পরিক সংযোগ বাড়িয়ে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করা।

 

এই কর্মসূচির মূল ধারণা হলো, ভারতের বৈচিত্র্যকে প্রকৃতভাবে বোঝা যায় কেবলমাত্র অভিজ্ঞতার মাধ্যমে।

 

অংশগ্রহণকারীরা নির্ধারিত জোড়া রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ করেন। সেখানে তারা নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, ভিন্ন ভাষা শোনেন, স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন, একসঙ্গে ভোজন ভাগ করে নেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প এবং উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করেন। এই অভিজ্ঞতার মাধ্যমে তারা উপলব্ধি করতে পারেন যে দেশের বিভিন্ন অঞ্চল কীভাবে সম্মিলিতভাবে একটি জাতীয় যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

যুব সঙ্গম পর্যায়-VI (২০২৬): অংশগ্রহণের বিস্তার

 

যুব সঙ্গমের ষষ্ঠ পর্যায় বর্তমানে চালু রয়েছে, যা তরুণ প্রজন্মকে একটি সুসংগঠিত জাতীয় বিনিময় কর্মসূচির অংশ হওয়ার সুযোগ দিচ্ছে।

 

এই পর্যায়ে নিবন্ধন ২ মার্চ থেকে এভছর ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

 

পর্যায়-VI-এ ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে এবং পূর্ববর্তী ধাঁচ বজায় রেখে জোড়া রাজ্যভিত্তিক সফর আয়োজন করা হচ্ছে। নির্বাচিত অংশগ্রহণকারীরা পাঁচ থেকে সাত দিনের কাঠামোবদ্ধ এক্সপোজার ট্যুরে অংশগ্রহণ করবেন, যেখানে তারা স্থানীয় সংস্কৃতি, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হবেন।

 

এই কর্মসূচি জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ধারণাকে বাস্তবে রূপ দেয়, যা শ্রেণীকক্ষের বাইরের শিক্ষাকে গুরুত্ব দেয় এবং ভারতের জ্ঞানব্যবস্থা, বৈচিত্র্য এবং উন্নয়নের পথ সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করে।

 

কর্মসূচির অগ্রযাত্রা: পূর্ববর্তী পর্যায়গুলির অভিজ্ঞতা

 

২০২৩ সালের শুরু থেকে ইউভা সঙ্গম ধীরে ধীরে একটি সুসংগঠিত জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রথমদিকে এটি ছিল সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়, যা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে বিস্তৃত হয়ে একটি ধারাবাহিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

 

এই কর্মসূচি বহু মন্ত্রকের সমন্বয়ে পরিচালিত হয়েছে, যেখানে সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, যুব বিষয়ক এবং আঞ্চলিক উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত হয়েছে। ফলে, প্রতিটি সফর বহুমাত্রিক অভিজ্ঞতা প্রদান করেছে।

 

পর্যায় I (২০২৩): ভিত্তি স্থাপন

 

প্রথম পর্যায়ে উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে বিনিময় কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের এই অঞ্চলে ৫–৮ দিনের জন্য পাঠানো হয় এবং উত্তর-পূর্বাঞ্চলের যুবকদের দেশের অন্যান্য অংশে ভ্রমণের সুযোগ দেওয়া হয়। এর ফলে, দ্বিমুখী অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয়।

 

পর্যায় II (২০২৩): বিস্তার ও গভীরতা

 

২০২৩-এর ১৫ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত হয়। মোট ২০টি সফরের মাধ্যমে ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ৯০০-র বেশি যুবক-যুবতী ও ৮৩ জন শিক্ষক ও সমন্বয়কারী এতে যুক্ত হন।

 

পর্যায় III (নভেম্বর ২০২৩ – জানুয়ারি ২০২৪): চাহিদা বৃদ্ধি

 

তৃতীয় পর্যায়ে এই কর্মসূচির প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০২৩-এর অক্টোবর চালু হওয়া এই পর্যায়ে প্রায় ৩০,০০০ আবেদন জমা পড়ে, যার মধ্যে থেকে প্রায় ১,০০০ জনকে নির্বাচিত করা হয়।

 

পর্যায় IV (ফেব্রুয়ারি–মে ২০২৪): অংশগ্রহণে বৃদ্ধি

 

চতুর্থ পর্যায়ে নিবন্ধনের সময় (২৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৪) মাত্র ১০ দিনে প্রায় ৪৫,০০০ আবেদন জমা পড়ে, যা প্রথম পর্যায়ের তুলনায় ২৬৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

 

পর্যায় V (নভেম্বর–ডিসেম্বর ২০২৪): ধারাবাহিকতা

 

২০২৪ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫টি সফর সম্পন্ন হয়েছে, যেখানে ৬৮৬ জন যুবক-যুবতী এবং ৬৭ জন সমন্বয়কারী অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমে এই কর্মসূচি একটি ধারাবাহিক জাতীয় উদ্যোগে পরিণত হওয়ার ইঙ্গিত দেয়।

 

যুব সঙ্গমের অভিজ্ঞতা

 

অংশগ্রহণকারীদের অভিজ্ঞতায় একটি সাধারণ বিষয় স্পষ্ট, তারা ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে, নতুন মানুষের সঙ্গে মিশে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ভারতকে নতুনভাবে চিনতে পারেন।

 

পর্যায় II-এ অনেক অংশগ্রহণকারী জাতীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে মতবিনিময়কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। পর্যায় IV-এ অংশগ্রহণকারীরা এই সফরকে গভীরভাবে নিমজ্জিত অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেছেন, যেখানে সংস্কৃতি, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের সঙ্গে সংযোগ শিক্ষাকে আরও বাস্তব করে তুলেছে।

 

শিক্ষা ও যুব ক্ষমতায়ন: বাজেট ২০২৬–২৭-এর প্রেক্ষাপট

 

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ যুবশক্তিকে ভারতের উন্নয়নের কেন্দ্রে স্থান দিয়েছে। “যুব শক্তি”-নির্ভর বাজেট হিসেবে এটি তরুণদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করেছে।

 

এই প্রেক্ষাপটে যুব সঙ্গম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে, যেখানে শিক্ষা, অভিজ্ঞতা এবং জাতীয় সংহতি একত্রিত হয়েছে।

 

উপসংহার: অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ

 

যুব সঙ্গম দেখিয়েছে যে বাস্তব অভিজ্ঞতা কিভাবে উপলব্ধিকে গভীর করে। নতুন পর্যায়গুলিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই কর্মসূচি শুধু বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি স্থায়ী জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।

 

পর্যায়-VI এই পরিবর্তনের প্রতিফলন। আরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত হওয়া এবং প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া এই কর্মসূচিকে বৃহত্তর পরিসরে নিয়ে যাচ্ছে।

 

ভবিষ্যতে এই ধরনের এক্সপোজার ট্যুর বা বৃহত্তর জগৎ জানার ব্যবস্থা শিক্ষা প্রক্রিয়ায় নিয়মিত অংশ হয়ে উঠতে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আরও বেশি তরুণ তাদের নিজস্ব পরিবেশের বাইরে গিয়ে ভারতকে অনুভব করার সুযোগ পাবে।

 

বিকশিত ভারত @২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে যেতে গেলে শিক্ষা, দক্ষতা এবং মানবসম্পদের উপর গুরুত্ব বাড়বে। এই প্রেক্ষাপটে যুব সঙ্গম একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে।

 

যে প্রজন্ম দেশজুড়ে ভ্রমণ করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে এবং বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে, সে প্রজন্ম আরও সংযুক্ত, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎমুখী ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

 

তথ্যসূত্র

 

https://ebsb.aicte-india.org/

https://www.ekbharat.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234587&reg=3&lang=1

 

https://www.indiabudget.gov.in/doc/Budget_Speech.pdf?utm{

 

https://ebsb.aicte-india.org/social-board/index.php?page=1 – Pictures of previous editions

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1979688&reg=3&lang=2

 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/document-reports/MoE_AR_En.pdf

 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/document-reports/AR_2023-24_en.pdf

 

[1]https://ebsb.aicte-india.org/?utm_

 

[2]https://www.ekbharat.gov.in/?utm

 

[3]https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234587&reg=3&lang=1&utm

 

[4]https://ebsb.aicte-india.org/

 

[5]https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241775&reg=3&lang=2

 

[6]https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241775&reg=3&lang=2

 

[7]https://ebsb.aicte-india.org/

 

[8]https://www.indiabudget.gov.in/doc/Budget_Speech.pdf?utm

 

 

 

See In PDF

 

*********

 

SSS/SS...... 

(Explainer ID: 158007) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati
National Portal Of India
STQC Certificate