• Sitemap
  • Advance Search
Technology

ভারতের বহুমুখী দুর্যোগের আগাম সতর্কবার্তা সংক্রান্ত ব্যবস্থা (MHEW-DSS)

Posted On: 02 APR 2026 11:17AM

২ এপ্রিল, ২০২৬

 

ভূমিকা

ভৌগোলিক বৈচিত্র্য, দীর্ঘ উপকূলরেখা এবং মৌসুমি জলবায়ুর কারণে ভারত ঘূর্ণিঝড়, বন্যা, দাবদাহ, খরা এবং ভূমিধসের মতো চরম দুর্যোগের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রতি বছর বন্যায় প্রায় ৪ কোটি হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহের প্রকোপও বাড়ছে। ভারতের ৭৫%-এরও বেশি জেলা একাধিক জলবায়ুগত ঝুঁকির মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম' (MHEW-DSS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি জটিল আবহাওয়া সংক্রান্ত তথ্যকে সহজ ও ব্যবহারযোগ্য সতর্কবার্তায় রূপান্তর করে সরকার, সাধারণ মানুষ এবং উদ্ধারকারী দলগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করছে।

MHEW-DSS-এর মূল লক্ষ্য

'মিশন মৌসম'-এর অধীনে আইএমডি (IMD) এই উন্নত ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মূল লক্ষ্যগুলি হল:

* সঠিক ও তাৎক্ষণিক পূর্বাভাস: ভারতের প্রতিটি প্রান্তে সঠিক এবং রিয়েল-টাইম পূর্বাভাস পৌঁছে দেওয়া।

* প্রভাব-ভিত্তিক সতর্কতা: আবহাওয়া কেমন হবে শুধু সেটুকুই নয়, সেই আবহাওয়া মানুষের জীবনে বা বিভিন্ন খাতে (যেমন কৃষি, বিদ্যুৎ, পরিবহন) কি প্রভাব ফেলবে, তা জানানো।

* জননিরাপত্তা: দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দ্রুত সরিয়ে নেওয়ার কাজ সহজতর করে জননিরাপত্তা নিশ্চিত করা।

MHEW-DSS-এর প্রধান প্রধান বৈশিষ্ট্য

* স্বয়ংক্রিয় তথ্য বিশ্লেষণ: আবহাওয়ার তথ্যের ৯০%-এরও বেশি এখন স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

* উন্নত মডেলের ব্যবহার: ৯৫%-এর বেশি গাণিতিক মডেলের ইনপুট এখন পূর্বাভাসের কাজে ব্যবহৃত হচ্ছে, যা নির্ভুলতা বাড়িয়েছে।

* দীর্ঘমেয়াদী পূর্বাভাস: পাঁচ দিনের পরিবর্তে এখন সাত দিন আগেই সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে।

* দ্রুত প্রস্তুতি: পূর্বাভাস তৈরির সময় ৬ ঘণ্টা থেকে কমে ৩ ঘণ্টায় নেমে এসেছে।

* আত্মনির্ভরশীলতা: নিজস্ব প্রযুক্তির ব্যবহারের ফলে বিদেশি সংস্থার ওপর নির্ভরতা দূর হয়েছে এবং প্রায় ২৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

* সাফল্য: 'বিপর্যয়' এবং 'দানা' ঘূর্ণিঝড়ের সময় সঠিক পূর্বাভাসের কারণে গুজরাট ও ওড়িশায় প্রাণহানি শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

 

প্রাতিষ্ঠানিক কাঠামো ও 'মিশন মৌসম'

এই সম্পূর্ণ ব্যবস্থাটি পরিচালনা করে ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক (MoES)। এর অধীনে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) মূল কার্যনির্বাহী ভূমিকা পালন করে। ২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা 'মিশন মৌসম' অনুমোদন করে, যার লক্ষ্য হল, চরম আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত করা।

আপনি কি জানেন?

২০২৪ সালের জানুয়ারিতে চালু হওয়া **'মৌসমগ্রাম' (Mausamgram) একটি হাইপার-লোকাল পোর্টাল। এটি ভারতের ১.৫ লক্ষ পিন কোড, ৫,৭০০ ব্লক এবং ৬.২ লক্ষেরও বেশি গ্রামের জন্য সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়। এর সাহায্যে কৃষি সখী, পশু সখী এবং পঞ্চায়েত স্তরে সরাসরি তথ্য পৌঁছানো হয়।

কার্যকর পদ্ধতি এবং সুরক্ষা বলয়

MHEW-DSS রাডার, স্যাটেলাইট এবং সমুদ্র থেকে তথ্য সংগ্রহ করে। এর মূল কেন্দ্রে রয়েছে WAFES (Weather Analysis and Forecast Enabling System), যা জিআইএস (GIS)-ভিত্তিক মানচিত্রের মাধ্যমে আবহাওয়া বিশ্লেষণ করে।

* রঙিন সতর্কবার্তা: ঝুঁকির মাত্রা বোঝাতে এটি সহজ রঙ-ভিত্তিক (যেমন লাল, কমলা, হলুদ) সংকেত ব্যবহার করে।

* বহুমুখী মাধ্যম: এসএমএস, ইমেল, মোবাইল অ্যাপ ('মৌসম') এবং গ্রাফিক্যাল বুলেটিনের মাধ্যমে তথ্য প্রচার করা হয়।

বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব

১. কৃষি ও জীবিকা: এই সতর্কবার্তা ব্যবহারকারী কৃষকদের বার্ষিক আয় অন্যদের তুলনায় ৫২.৫% বৃদ্ধি পেয়েছে।

২. স্বাস্থ্য: দাবদাহ বা ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের পূর্বাভাস দিয়ে জনস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।

৩. বিদ্যুৎ ও জল: নবিকরণযোগ্য শক্তি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য সঠিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়।

৪. পরিবেশ: ডিজিটাল ব্যবস্থার ফলে, কাগজ ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং বছরে ২.৫৭ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমছে।

আন্তর্জাতিক স্বীকৃতি

ভারত আজ কেবল নিজের জন্য নয়, বরং দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলির (যেমন বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ইত্যাদি) জন্য আবহাওয়া বিষয়ক আঞ্চলিক বিশেষ কেন্দ্র (RSMC) হিসেবে কাজ করছে। এই অসামান্য অবদানের জন্য আইএমডি ২০২৫ সালে ই-গভর্ন্যান্সের জাতীয় পুরস্কার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য রাষ্ট্রসংঘের 'সাসাকাওয়া পুরস্কার' লাভ করেছে।

উপসংহার

MHEW-DSS ভারতের আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন। এটি প্রযুক্তি এবং বিজ্ঞানের মেলবন্ধনে একটি 'ওয়েদার রেডি' এবং 'ক্লাইমেট স্মার্ট' ভারত গড়ে তুলছে, যা কেবল জীবনই বাঁচাচ্ছে না, দেশের অর্থনীতি ও পরিবেশকেও সুরক্ষিত রাখছে।

তথ্যসূত্র

India Meteorological Department

Council of Scientific & Industrial Research (CSIR)

Council on Energy, Environment and Water (CEEW)

Click here to see pdf

*******

SSS/PK/6.3.26

(Explainer ID: 157998) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Kannada
National Portal Of India
STQC Certificate