• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Infrastructure

নিরাপদ রেলপথ

কীভাবে কবচ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের রেল নিরাপত্তা জোরদার করছে

Posted On: 06 FEB 2026 1:55PM

৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়বস্তু

* কবচ (KAVACH) হল, দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন (ATP) ব্যবস্থা, যা ট্রেন সুরক্ষা ও সংঘর্ষ প্রতিরোধ—উভয় ক্ষেত্রেই সহায়তা করে।

* বর্তমানে কবচ ব্যবস্থা ২,২০০ কিলোমিটারেরও বেশি রেলপথে কার্যকর করা হয়েছে।

* কবচ ৪.০ এখন পাঁচটি রেলওয়ে জোনে ১,৩০০-রও বেশি কিলোমিটার জুড়ে চালু রয়েছে।

* বন্দে ভারত ৪.০ ট্রেনের উন্নত নিরাপত্তা ও  প্রযুক্তিগত পরিকাঠামোর অংশ হিসেবে কবচ ৫.০ সংযোজনের পরিকল্পনা করা হয়েছে।

ভূমিকা

প্রতিটি রেলযাত্রার সঙ্গে যুক্ত থাকে নিরাপদে  গন্তব্যস্থলে পৌঁছানোর প্রত্যাশা। ক্রমবর্ধমান ট্রেন চলাচল ও উচ্চগতিসম্পন্ন রেলপথের পরিকল্পনার প্রেক্ষিতে ভারতীয় রেল তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কবচ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির ব্যবহারে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৪–১৫ সালে ১৩৫টি থেকে ২০২৫–২৬ অর্থবর্ষে (নভেম্বর পর্যন্ত) তা নেমে এসেছে ১১টিতে।

রেল নিরাপত্তায় বিনিয়োগ

রেল নিরাপত্তা খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০১৩–১৪ সালে যেখানে ব্যয় ছিল ₹৩৯,২০০ কোটি, সেখানে ২০২৫–২৬ সালে তা বেড়ে হয়েছে ₹১,১৭,৬৯৩ কোটি। এটি রেল পরিকাঠামোকে আরও নিরাপদ ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতিফলন।

কবচ কি?

কবচ হল,  ভারতীয় রেলের পৃষ্ঠপোষকতায় RDSO-এর মাধ্যমে নির্মিত একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। এটি লোকো পাইলটকে কেবিনের ভেতরেই সংকেত সরবরাহ করে এবং সিগন্যাল অমান্য করা, অতিরিক্ত গতি ও সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেয়। ব্যস্ত ও উচ্চগতির রেলপথে এটি নিরাপদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কেন কবচ প্রয়োজন

প্রথাগত রেল সিগন্যালিং ব্যবস্থায় মানবিক ত্রুটির ঝুঁকি বেশি, বিশেষত কুয়াশা, খারাপ আবহাওয়া বা উচ্চগতির ক্ষেত্রে। কেবিনের ভেতরে পর্যাপ্ত তথ্যের অভাব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াত। এই সীমাবদ্ধতা দূর করতেই আন্তর্জাতিক মানের (SIL-4) নিরাপত্তা  সম্পন্ন কবচ ব্যবস্থা চালু করা হয়েছে।

কবচের কার্যপ্রণালী

কবচ ট্র্যাকসাইড সিস্টেম ও লোকোমোটিভের মধ্যে রিয়েল-টাইম যোগাযোগের মাধ্যমে কাজ করে। RFID ট্যাগ ও রেডিও যোগাযোগের সাহায্যে ট্রেনের অবস্থান, গতি ও রুটের তথ্য বিশ্লেষণ করে নিরাপদ চলাচলের সীমা নির্ধারণ করা হয় এবং প্রয়োজনে স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োগ করা হয়।

কবচের সুবিধাসমূহ

কবচ লোকো পাইলটের জন্য কেবিন সিগন্যালিং ব্যবস্থাসহ ভারতীয় পরিস্থিতির  উপযোগী সুরক্ষা ব্যবস্থা প্রদান করে। এটি কুয়াশায় এবং উচ্চগতিতে নির্ভরযোগ্য এবং কেন্দ্রীয়ভাবে ট্রেন পর্যবেক্ষণের সুবিধা সম্পন্ন।

কবচের নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্যসমূহ

এই ব্যবস্থার মাধ্যমে SPAD প্রতিরোধ, স্থায়ী ও অস্থায়ী গতিসীমা মেনে চলা, সব ধরনের ট্রেন সংঘর্ষ প্রতিরোধ, লেভেল ক্রসিং-এরর কাছে স্বয়ংক্রিয় হর্ন, জরুরি পরিস্থিতিতে Stop-on-Sight নির্দেশ এবং কেন্দ্রীয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার মাধ্যমে লাইভ মনিটরিং সম্ভব।

কবচের বিবর্তন

২০১৬ সালে পরীক্ষামূলক প্রয়োগের পর ২০১৮–১৯ সালে কবচ ৩.২ অনুমোদন করা হয়। ২০২০ সালে এটি জাতীয় ATP ব্যবস্থা হিসেবে গৃহীত হয়। ধারাবাহিক উন্নয়নের ফলে, ২০২৪ সালে কবচ ৪.০ অনুমোদিত হয় এবং ২০২৫ সালে কবচ ৫.০ চালুর ঘোষণা করা হয়, যা বিশেষত শহরাঞ্চলে রেল পরিষেবার  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বাস্তবায়ন কৌশল ও অগ্রগতি

রেলের প্রায় ৯৬% রুট ব্যস্ততম। সেই অনুযায়ী, প্রথমে এই রুটগুলিতে কবচ বাস্তবায়ন করা হচ্ছে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ রুটগুলিতে সম্প্রসারণ করা হবে।

বর্তমান পরিসর 

২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কবচ ৪.০ ১,৩০৬ কিলোমিটার জুড়ে কার্যকর করা হয়েছে এবং সামগ্রিকভাবে ২,২০০ কিলোমিটারেরও বেশি রেলপথে চালু রয়েছে।

AI ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা

কবচের পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বন্যপ্রাণী শনাক্তকরণ, ভিডিও নজরদারি, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ, ডিজিটাল রেডিও যোগাযোগ, টানেল যোগাযোগ ব্যবস্থা এবং বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

উপসংহার

কবচ ৪.০, আসন্ন কবচ ৫.০ এবং AI-নির্ভর প্রযুক্তির সমন্বয়ে ভারতীয় রেল একটি আধুনিক, পূর্বাভাসভিত্তিক ও সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলছে। এটি যাত্রী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, ভারতীয় রেলকে বিশ্বের অন্যতম নিরাপদ ও প্রযুক্তিগতভাবে উন্নত রেল নেটওয়ার্কে রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

তথ্যসূত্র

Ministry of Railways

Click here to see in PDF

 

******

SSS/PK/6.2.26

(Explainer ID: 157236) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate