Farmer's Welfare
কেন্দ্রীয় বাজেট অর্থবর্ষ ২০২৬-২০২৭: কেমিক্যাল পার্ক ও ভারতের রাসায়নিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
Posted On:
04 FEB 2026 10:38AM
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
- কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতিযোগিতাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে তিনটি নির্দিষ্ট কেমিক্যাল পার্ক স্থাপনে বিভিন্ন রাজ্যসরকারের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে।
- এই পার্কগুলি ক্লাস্টার-ভিত্তিক, প্লাগ-অ্যান্ড-প্লে মডেলে গড়ে তোলা হবে এবং যৌথ পরিকাঠামো এবং মানসম্মত পরিবেশগত অনুবর্তন সুবিধা থাকবে।
- কেমিক্যাল পার্ক স্থাপনের জন্য বাজেট অনুমান ২০২৬-২৭-এ ₹৬০০ কোটি বরাদ্দ করা হয়েছে।
- এই উদ্যোগের লক্ষ্য দেশীয় রাসায়নিক উৎপাদন শক্তিশালী করা, আমদানির উপর নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা।
- কার্বন ক্যাপচার, ব্যবহার ও স্টোরেজ প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে সহায়তার জন্য ₹২০,০০০ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
ভূমিকা
বিশ্বে রাসায়নিক উৎপাদক দেশ হিসেবে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। বিশেষত, উচ্চমূল্য ও বিশেষায়িত রাসায়নিক ক্ষেত্রে আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করার উল্লেখযোগ্য সম্ভাবনা ভারতের রয়েছে। রাসায়নিক ক্ষেত্র শিল্পোন্নয়ন ও রপ্তানির একটি প্রধান চালিকাশক্তি হিসাবে কাজ করে আসছে। গুজরাট, ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গড়ে ওঠা প্রতিষ্ঠিত হাব ও ক্লাস্টারগুলির মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই ভিত্তির উপর দাঁড়িয়ে পরিকাঠামো সংযুক্তিকরণ, নিয়ন্ত্রক প্রক্রিয়া সরলীকরণ এবং পরিবেশগত অনুবর্তন কাঠামো আরও শক্তিশালী করার মাধ্যমে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে, কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ নির্দিষ্ট কেমিক্যাল পার্ক স্থাপনের সরকারি প্রস্তাব একটি দূরদর্শী, পরিকাঠামো-কেন্দ্রিক ও সরবরাহ-পক্ষভিত্তিক উদ্যোগ। বাজেট অনুমান ২০২৬-২৭-এ ₹৬০০ কোটি বরাদ্দের মাধ্যমে এই পার্কগুলিতে সমন্বিত প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা এবং সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে, প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় কমবে, ক্লাস্টারভিত্তিক সহযোগিতা বাড়বে এবং সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে সমর্থনকারী আন্তর্জাতিক মানের রাসায়নিক উৎপাদন বাস্তুতন্ত্র গড়ে উঠবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭: দেশীয় রাসায়নিক উৎপাদনে গতি
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতিযোগিতাভিত্তিক নির্বাচনের মাধ্যমে তিনটি নির্দিষ্ট কেমিক্যাল পার্ক স্থাপনে রাজ্যগুলিকে সহায়তার জন্য একটি নতুন প্রকল্প প্রবর্তন করা হয়েছে। বাজেট অনুমান ২০২৬-২৭-এ এর জন্য ₹৬০০ কোটি বরাদ্দ রাখা হয়েছে। এই পার্কগুলি ক্লাস্টার-ভিত্তিক, প্লাগ-অ্যান্ড-প্লে উৎপাদন বাস্তুতন্ত্র হিসাবে পরিকল্পিত এবং এগুলিতে যৌথ পরিকাঠামো ও সাধারণ সুবিধা থাকবে। রাসায়নিক পার্ক পরিকাঠামোর জন্য এটি প্রথম নির্দিষ্ট বাজেট সহায়তা। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদন সক্ষমতা জোরদার করা, সরবরাহ শৃঙ্খলের সংযুক্তি উন্নত করা এবং রাসায়নিক ক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
রাসায়নিক শিল্প: এক নজরে
ভারতের রাসায়নিক শিল্প উৎপাদন বাস্তুতন্ত্রের একটি মূল স্তম্ভ। কৃষি, ওষুধ, বস্ত্র, অটোমোবাইল ও নির্মাণ ক্ষেত্রের জন্য এই শিল্প গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করে এবং জাতীয় মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৭ শতাংশ অবদান রাখে। বিশ্বে ষষ্ঠ বৃহত্তম এবং এশিয়ায় তৃতীয় বৃহত্তম রাসায়নিক উৎপাদক হিসাবে ভারত ৮০,০০০-এরও বেশি পণ্য উৎপাদন করে। এর মধ্যে বাল্ক ও বিশেষায়িত রাসায়নিক, কৃষি রাসায়নিক, পেট্রোকেমিক্যাল, পলিমার ও সার অন্তর্ভুক্ত। এই বিস্তৃত পরিসরের মধ্যে বিশেষায়িত রাসায়নিক ক্ষেত্রটি ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এটি ভারতের প্রক্রিয়াগত দক্ষতা, ব্যয়-প্রতিযোগিতামূলক সুবিধা এবং ক্রমবর্ধমান উদ্ভাবনী সক্ষমতার উপর নির্ভরশীল। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ অনুযায়ী, অর্থবর্ষ ২০২৪-এ রাসায়নিক ক্ষেত্র উৎপাদন মোট মূল্য সংযোজনের ৮.১ শতাংশ অবদান রেখেছে এবং গত দশকে উৎপাদনে স্থিতিশীল বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রধান রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল উৎপাদন অর্থবর্ষ ২০১৬-এ ৪৫,৬৩৮ হাজার মেট্রিক টন থেকে অর্থবর্ষ ২০২৫-এ ৫৮,৬১৭ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। এটির বার্ষিক যৌগিক বৃদ্ধির হার ২.৮ শতাংশ।
কেমিক্যাল পার্ক কী
কেমিক্যাল পার্ক বিশেষভাবে রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য নকশা করা পরিকল্পিত শিল্প ক্লাস্টার। এখানে একাধিক উৎপাদন কেন্দ্র একত্রে কাজ করে এবং বিশ্বমানের পরিকাঠামো ও সাধারণ পরিষেবা ভাগ করে নেয়।
কেমিক্যাল পার্কের কৌশলগত লক্ষ্য
কেমিক্যাল পার্ক উদ্যোগটি রাসায়নিক ক্ষেত্রের ভিত্তি মজবুত করার লক্ষ্যে একটি সমন্বিত, পরিকাঠামো-কেন্দ্রিক সরবরাহ-পক্ষভিত্তিক উদ্যোগ হিসাবে বিবেচিত।
বর্তমান প্রেক্ষাপট ও কেমিক্যাল পার্কের যৌক্তিকতা
প্লাস্টিক পার্ক, বাল্ক ড্রাগ পার্ক এবং পেট্রোলিয়াম, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্ট রিজিয়নের মতো ক্লাস্টার-ভিত্তিক মডেলের মাধ্যমে ভারতের রাসায়নিক শিল্প ইতিমধ্যেই উল্লেখযোগ্য উপকার পেয়েছে। এই উদ্যোগগুলি যৌথ পরিকাঠামো, অ্যাঙ্কর ইনভেস্টমেন্ট ও সমন্বিত পরিকল্পনার সুফল প্রমাণ করেছে। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রস্তাবিত কেমিক্যাল পার্ক বা রসায়ন উদ্যানগুলি বাল্ক, বিশেষায়িত ও নিম্নধারার ক্ষেত্রসহ সম্পূর্ণ রাসায়নিক মূল্যশৃঙ্খলকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত।
একটি নির্দিষ্ট স্থানে প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পরিকাঠামো, সাধারণ ইউটিলিটি, লজিস্টিক সহায়তা এবং সরলীকৃত নিয়ন্ত্রক সুবিধা প্রদান করে এই উদ্যোগের মাধ্যমে-
- প্রকল্প বাস্তবায়নের সময় ও মূলধনী ব্যয় কমবে,
- সক্ষম অর্থনীতি এবং শক্তিশালী পূর্ব ও পরবর্তী সংযুক্তি গড়ে উঠবে,
- যৌথ সুবিধার মাধ্যমে পরিবেশ ব্যবস্থাপনা ও শিল্প নিরাপত্তা উন্নত হবে, এবং
- দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে।
প্লাস্টিক পার্ক, বাল্ক ড্রাগ পার্ক ও পিসিপিআইআরের মতো বিদ্যমান ক্লাস্টার বা সমষ্টিগত উদ্যোগের সঙ্গে প্রস্তাবিত কেমিক্যাল পার্ক মিলিয়ে রাসায়নিক ক্ষেত্রে ক্লাস্টার-নেতৃত্বাধীন শিল্পোন্নয়নের একটি সমন্বিত নীতি কাঠামো গড়ে উঠছে। লক্ষ্যভিত্তিক নীতিগত সহায়তা, প্রযুক্তি গ্রহণ, উদ্ভাবন ও সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে এই পদ্ধতি আগামী দশকে দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক রাসায়নিক মূল্যশৃঙ্খলে ভারতের সংযুক্তি আরও জোরদার করবে।
পরিবেশ ব্যবস্থাপনা ও শিল্প নিরাপত্তা জোরদার করা
ভারতের রাসায়নিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশগত প্রভাব এবং শিল্প নিরাপত্তা ও ঝুঁকির গুরুত্ব বেড়েছে। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য শক্তিশালী পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা এবং উচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা অপরিহার্য।
ডিসেম্বর ২০২৫-এ চালু হওয়া কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজ উদ্যোগ শিল্পক্ষেত্রে কার্বন নির্গমন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ নির্গমন-নির্ভর ক্ষেত্রে কম-কার্বন প্রযুক্তি গ্রহণে বিশেষ জোর দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে রাসায়নিক ক্ষেত্রসহ বিভিন্ন শিল্পে কার্বন ক্যাপচার, ব্যবহার ও স্টোরেজ প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে সহায়তার জন্য ₹২০,০০০ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
এই প্রেক্ষাপটে, সমন্বিত কেমিক্যাল পার্কগুলি জলবায়ু সংক্রান্ত লক্ষ্যের বাস্তবায়নে সহায়ক একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে। যৌথ পরিবেশগত পরিকাঠামো, ভাগ করা ইউটিলিটি এবং সমন্বিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কেমিক্যাল পার্ক কম খরচে কার্বন ক্যাপচার-সহ অন্যান্য পরিচ্ছন্নমূলক প্রযুক্তি প্রয়োগে সহায়তা করবে। একটি পার্কের মধ্যে একাধিক ইউনিটের অবস্থান নির্গমন ব্যবস্থাপনা, বর্জ্য শোধন এবং শক্তি দক্ষতা উদ্যোগের উচ্চস্তরে বাস্তবায়ন সম্ভব করে তোলে, ফলে একক ইউনিটের ব্যয় কমে এবং অনুবর্তন উন্নত হয়।
সমাপ্তি
তিনটি নির্দিষ্ট কেমিক্যাল পার্ক স্থাপন ভারতের দেশীয় রাসায়নিক উৎপাদন বাস্তুতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ক্লাস্টার-ভিত্তিক প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা, যৌথ ইউটিলিটি ও সাধারণ পরিকাঠামোর মাধ্যমে এই উদ্যোগ দীর্ঘদিনের কাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে, যা ক্ষেত্রের স্কেল বৃদ্ধি, মূল্যশৃঙ্খল সংযুক্তি ও প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছিল।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কেমিক্যাল পার্ক উদ্যোগ বিনিয়োগ ত্বরান্বিত করবে, আমদানি প্রতিস্থাপন সহজ করবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সংগঠিত ও দক্ষ মূল্যশৃঙ্খলে যুক্ত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবেশগতভাবে সুস্থায়ী উৎপাদন পদ্ধতি উৎসাহিত করবে। একই সঙ্গে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজে বাজেট সহায়তা কম-কার্বন উদ্ভাবনকে শক্তিশালী করবে এবং কেমিক্যাল পার্ক এই প্রযুক্তির সাশ্রয়ী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সরবরাহ করবে। এর ফলে, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বাড়বে এবং আন্তর্জাতিক মানের রাসায়নিক উৎপাদন কেন্দ্র হিসাবে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে।
তথ্যসূত্র
Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120876®=3&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1845023®=3&lang=2
https://www.ibef.org/industry/chemical-industry-india
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221676®=3&lang=2
Ministry of Chemicals and Fertilizers
https://chemicals.gov.in/pcpir
https://chemicals.gov.in/sites/default/files/Policies/PCPIRPolicy.pdf
https://pharmadept.gov.in/sites/default/files/Gazettee%20notification%20of%20bulk%20drug%20schemes_0_2.pdf
Niti Aayog
https://niti.gov.in/sites/default/files/2025-07/NITI-Aayog-Chemical-industry-report.pdf
Budget 2026-27
https://www.indiabudget.gov.in/doc/Budget_at_Glance/budget_at_a_glance.pdf
IBEF
https://www.ibef.org/blogs/how-the-chemical-industry-is-preparing-for-a-sustainable-future
Lok Sabha and Rajya Sabha
https://sansad.in/getFile/annex/269/AU245_FPMAK0.pdf?source=pqars
Ministry of Science and Technology
Carbon Capture, Utilisation and Storage (CCUS) | Department Of Science & Technology
Click here for pdf file
****
SSS/RS.......
(Explainer ID: 157197)
आगंतुक पटल : 2
Provide suggestions / comments