Infrastructure

পরিকল্পনাতেই মর্যাদা : ভারতে জনসাধারণের প্রয়োজনে শৌচাগারে নতুন উদ্ভাবন

Posted On: 02 OCT 2026 12:28PM

নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২৬ 

 

গত কয়েক বছরে ভারতের শহরগুলিতে জনসাধারণের জন্য স্যানিটেশন পরিষেবার সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শৌচাগারের প্রাপ্যতা ও পরিচ্ছন্নতা বাড়ানোর পাশাপাশি, নিরাপত্তা এবং সকলের ব্যবহারের উপযোগী করে তুলতেও শহরগুলি নানা উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করছে।

এই উদ্যোগগুলির উপর ভিত্তি করে ২ অক্টোবর ২০১৪ সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন (SBM) সারা দেশে স্যানিটেশন ক্ষেত্রে নানা নতুন উদ্যোগকে এগিয়ে নিয়ে এসেছে। শহরগুলিতে শৌচাগার তৈরি হয়েছে, সচেতনতা বাড়ানো হয়েছে এবং Open Defecation Free (ODF) হওয়ার লক্ষ্যে কাজ করা হয়েছে। অনেক শহর আরও এগিয়ে ODF+ এবং ODF++ মর্যাদা অর্জন করেছে। ২০২২ সালে স্বচ্ছ ভারত মিশন-আরবান (SBM-U)-এর আওতায় Toilets 2.0 উদ্যোগের মাধ্যমে এই কাজ আরও এক ধাপ এগিয়ে যায়। এর লক্ষ্য ছিল কমিউনিটি ও পাবলিক টয়লেট (CT/PT)-কে সকলের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব করে তোলা। এখন নাগরিকরা Swachhata App-এর ‘SBM Toilet Locator’-এর মাধ্যমে কাছাকাছি শৌচাগারের সন্ধান পেতে পারেন।

আজ দেশের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন চোখে পড়ছে। পুরনো বাস বদলে গিয়েছে মহিলাদের শৌচাগারে। প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে নির্মাণসামগ্রী। ব্যস্ত বাজারে তৈরি হয়েছে স্মার্ট লাউঞ্জ। ছোট একটি শহর স্যানিটারি বর্জ্য ব্যবস্থাপনার নিরাপদ পদ্ধতি তৈরি করে ফেলেছে। তীর্থশহরগুলিতে সকলের জন্য তৈরি হয়েছে উন্নত পরিষেবা। এই উদ্যোগগুলি দেখায়, কিভাবে সাধারণ পরিষেবা থেকে শুরু করে মর্যাদা, নিরাপত্তা ও উদ্ভাবনের দিকে এগিয়ে চলেছে ভারতের জনসাধারণের স্যানিটেশন ব্যবস্থা।

নতুন যুগের শৌচাগার : পুরানো বাতিল বাস থেকে মহিলাদের জন্য নিরাপদ পরিসর

ভিড়ভাট্টা বাস টার্মিনালে যাতায়াতকারী মহিলাদের অনেক সময় পরিচ্ছন্ন ও ব্যক্তিগত ব্যবহারের উপযোগী শৌচাগার খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই সমস্যার সমাধানে একটি পুরনো বাসকে নতুনভাবে সাজানো হয়েছে। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC)-এর ম্যাজেস্টিক বাস টার্মিনালে ‘Sthree Toilet’ তৈরি করা হয়েছে। বাতিল হয়ে যাওয়া একটি বাসকে ব্যবহার করে তৈরি এই শৌচাগারটি শুধুমাত্র মহিলাদের জন্য।

এই শৌচাগারে রয়েছে ভারতীয় পদ্ধতির তিনটি এবং পাশ্চাত্য পদ্ধতির দুটি কমোড। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি বজায় রাখতে রয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটর। শিশুদের দুধ খাওয়ানো ও ডায়াপার বদলানোর জন্যও রয়েছে নির্দিষ্ট স্থান। শৌচাগারের নিজস্ব ব্যবস্থায় উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে সেন্সর-চালিত আলো জ্বলে। বর্জ্য বাসস্টেশনের নিকটবর্তী নিকাশি চেম্বারে চলে যায়। ছোট শিশুদের নিয়ে যাতায়াতকারী মায়েদের জন্য এই শৌচাগার বিশেষভাবে উপকারী।

নবি মুম্বইয়ের সুস্থায়ী শৌচাগার: পরিবেশবান্ধব নগর পরিকল্পনার উদাহরণ

একটি শহর যে বর্জ্য ফেলে দেয়, তা দিয়েই কি জনসাধারণের শৌচাগার তৈরি করা সম্ভব? নবি মুম্বই দেখিয়েছে, তা সম্ভব। নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (NMMC) কোপারখৈরানে সেক্টর ১৪-তে Aspirational Toilets তৈরি করেছে। এই স্থানটি একটি ব্যস্ত জনপরিসর নিশর্গোদ্যান 'আরবান গার্ডেনে'র কাছে। প্রতিদিন প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ জন এই পরিষেবা ব্যবহার করেন।

এই শৌচাগার তৈরিতে ৪২৬ বর্গমিটার পুনর্ব্যবহৃত প্লাস্টিকের শিট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫.৩ মেট্রিক টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, ১১,৭০০টি প্লাস্টিকের বোতল এবং ৩৫,২০০টি বোতলের ঢাকনা। পাশাপাশি, ৮৫টি পুরনো কম্পিউটার কিবোর্ড এবং ২৮৪ কেজি বাতিল ধাতুও পুনর্ব্যবহার করা হয়েছে। এই প্রকল্পে Reduce, Reuse এবং Recycle-এর নীতিকে বাস্তবে প্রয়োগ করা হয়েছে।

শৌচাগারটির নকশায় নিরাপত্তা ও আরামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গোপনীয়তা বজায় রাখতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা অংশ রয়েছে। শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা, শিশুদের পরিচর্যার স্থান এবং স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনও রয়েছে। পরিশোধিত নিকাশি জল দিয়ে পরিচালিত একটি ফোয়ারা এই পরিবেশবান্ধব নকশাকে আরও সম্পূর্ণ করেছে। এই শৌচাগার এখন পরিবেশবান্ধব উদ্ভাবন ও নাগরিক উদ্যোগের একটি উদাহরণ হয়ে উঠেছে।

স্বচ্ছ স্মার্ট শৌচাগার: ভোপালের Freshrooms-এ আরাম ও প্রযুক্তির মেলবন্ধন

ভোপালের ১০ নম্বর মার্কেটে প্রতিদিন ক্রেতা, বিক্রেতা ও যাত্রীদের ভিড় থাকে। ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে ‘Freshrooms’ নামে স্মার্ট ও আধুনিক জনসাধারণের ব্যবহারযোগ্য শৌচাগার ও পরিষেবা কেন্দ্র তৈরি করেছে। Public-Private Partnership (PPP)-এর আওতায় Design-Build-Operate-Transfer (DBOT) মডেলে এগুলি পরিচালিত হচ্ছে। বাজারের Smart Lounge-এর আয়তন ৮০০ থেকে ১,০০০ বর্গফুট। প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ জন এর পরিষেবা নেন।

এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য প্রযুক্তির ব্যবহার। এখানে সেন্সর-চালিত শৌচাগার ও স্পর্শহীন ইউরিনাল রয়েছে। ব্যবহারকারীরা গরম ও ঠান্ডা জলের শাওয়ার, লকার এবং Wi-Fi পরিষেবাও পান। ক্যাফে, ভেন্ডিং মেশিন এবং শিশুদের পোশাক ও ডায়াপার বদলানোর স্থান ব্যবহারকারীদের সুবিধা বাড়িয়েছে। ডিজিটাল তথ্য দেওয়ালেও বিভিন্ন তথ্য পাওয়া যায়। পুরুষ, মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা এবং সহজে ব্যবহারযোগ্য ব্যবস্থা রয়েছে। প্রযুক্তি, আরাম ও পরিবেশবান্ধব ব্যবস্থাকে একসঙ্গে যুক্ত করে Freshrooms দেখিয়ে দিচ্ছে, কিভাবে উদ্ভাবনী মডেলের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর থেকেও উন্নতমানের স্যানিটেশন পরিষেবা দেওয়া সম্ভব।

করাডে স্মার্ট স্যানিটারি বর্জ্য ব্যবস্থাপনা: নিরাপদ নিষ্পত্তি, পরিচ্ছন্ন শহর

পরিচ্ছন্ন শৌচাগার স্যানিটেশন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্যানিটারি বর্জ্যের নিরাপদ নিষ্পত্তিও ততটাই গুরুত্বপূর্ণ। ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার যেখানে-সেখানে ফেলে দিলে স্বাস্থ্য ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সামাজিক সংকোচের কারণে বিষয়টি অনেক সময় প্রকাশ্য আলোচনায়ও আসে না। মহারাষ্ট্রের সাতারা জেলার ছোট শহর করাড এই সমস্যার মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরে স্যানিটারি ও বায়োমেডিক্যাল বর্জ্যের ১০০% পৃথকীকরণ, সংগ্রহ ও প্রক্রিয়াকরণ নিশ্চিত করা হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক, বাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজি স্যানিটারি বর্জ্য সংগ্রহ করা হয়।

প্রথমেই স্যানিটারি বর্জ্য নিয়ে সামাজিক সংকোচ দূর করার উপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালা, জনসচেতনতা কর্মসূচি ও প্রচারের মাধ্যমে অসতর্কভাবে বর্জ্য ফেলার ঝুঁকি সম্পর্কে মানুষকে জানানো হয়। করাড মিউনিসিপ্যাল কাউন্সিল (KMC) মহিলা বাসিন্দাদের সঙ্গে নিয়ে সচেতনতা গোষ্ঠী তৈরি করে। এই গোষ্ঠীগুলি বিভিন্ন আবাসিক এলাকায় সচেতনতার বার্তা পৌঁছে দেয়। মহিলাদের জন্য নিরাপদে বর্জ্য ফেলার ব্যবস্থা সহজ করতে জনসাধারণের শৌচাগারে পৃথক লাল রঙের বিন রাখা হয়েছে।

স্কুলগুলিতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা তৈরিতে উৎসাহ দেওয়া হয়েছে। শহরের Information, Education and Communication (IEC) দল ব্যবহৃত স্যানিটারি প্যাড কাগজে মুড়ে ফেলার পরামর্শ দেয়। এরপর অনেক স্কুলে ইনসিনারেটর বসানো হয়েছে। ইনসিনারেটরে পোড়ানোর পর অবশিষ্টাংশ বায়োমেডিক্যাল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হয়।

বর্জ্য সংগ্রহের গাড়িতে স্যানিটারি বর্জ্যের জন্য পৃথক বিন রয়েছে। কর্মীরা এই বর্জ্য বাছাই করেন। উপযুক্ত বর্জ্যই শুধু ইনসিনারেটরে পাঠানো হয়।

KMC Karad Hospital Association-এর সঙ্গে অংশীদারিত্বে এই বর্জ্য ব্যবস্থাপনা করছে। KMC বায়োমেডিক্যাল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরির জন্য জমি দিয়েছে। হাসপাতাল সংগঠনটি কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এটি প্রতিদিন ৬০০ কেজি বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতাসম্পন্ন Common Biomedical Waste Treatment Facility (CBWTF)। পরিষদ যে স্যানিটারি বর্জ্য সংগ্রহ করে, এই কেন্দ্র তা বিনামূল্যে প্রক্রিয়াকরণ করে। কেন্দ্রীয় ইনসিনারেটরে সর্বোচ্চ ১,২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্জ্য পোড়ানো হয়। ক্ষতিকর পদার্থ দূর করতে গ্যাস পরিশোধনের ব্যবস্থা রয়েছে। নির্গমন নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং এই তথ্য State Pollution Control Board (SPCB)-এর ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে।

এই PPP অংশীদারিত্বের ফলে, পরিষদের আর্থিক চাপ কমেছে। পরিষদকে শুধু বর্জ্য সংগ্রহ ও পরিবহণের খরচ বহন করতে হয়। উচ্চ তাপমাত্রায় স্যানিটারি বর্জ্য পোড়ানোর ফলে, স্বাস্থ্যঝুঁকি কমেছে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষা আরও বাড়িয়েছে। যেখানে-সেখানে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ হওয়ায় পরিবেশ দূষণ কমেছে এবং রোগ ছড়ানোর ঝুঁকিও কমেছে। বিশেষ করে স্যানিটারি বর্জ্য নিষ্পত্তির সমস্যার মুখোমুখি হওয়া মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

তিরুপতির তীর্থযাত্রীদের জন্য আরাম, পরিচ্ছন্নতা ও পরিচর্যা

ধর্মীয় স্থানগুলিতে অগণিত মানুষের সমাগম হয়। ফলে সেখানে প্রতিদিন পরিচ্ছন্ন শৌচাগারের প্রয়োজন হয়। ভারতের অন্যতম ব্যস্ত তীর্থস্থান তিরুপতি। তীর্থযাত্রী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য তিরুপতি মিউনিসিপ্যাল কর্পোরেশন আধুনিক শৌচাগার তৈরি করেছে।

বাসস্ট্যান্ডের কাছে মহিলাদের জন্য একটি পৃথক Pink Toilet Complex রয়েছে। এটি Srinivasam, Vishnuvasam, রেলস্টেশন এবং বাস টার্মিনাল-এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে সংযুক্ত। এখানে মহিলাদের জন্য ভারতীয় ও পাশ্চাত্য নকশার শৌচাগার, বিশ্রামের স্থান, শিশুদের পরিচর্যা ও পোশাক বদলানোর ঘর রয়েছে। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি বজায় রাখতে ইনসিনারেটর ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন রয়েছে। প্রতিদিন ১২,০০০ থেকে ১৫,০০০ জন এই পরিষেবা ব্যবহার করেন। তিনটি শিফটে পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে।

রেলস্টেশনের কাছে একটি Common Public Toilet Complex প্রতিদিন গোবিন্দরাজস্বামী মন্দির এলাকায় আসা ২০,০০০ থেকে ২৫,০০০ জন তীর্থযাত্রীর জন্য পরিষেবা দেয়। সকলের ব্যবহারের উপযোগী করে তৈরি এই কেন্দ্রে পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গের মানুষ, দিব্যাঙ্গজন এবং শিশুদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। র‍্যাম্প, হাতল, শিশুদের উপযোগী ব্যবস্থা এবং স্নানের ঘর তীর্থযাত্রীদের আরও আরাম, পরিচ্ছন্নতা ও সহজে ব্যবহারের সুযোগ দিচ্ছে।

আগামীর পথ

SBM-U 2.0-এর আওতায় এখন শুধু শৌচাগার তৈরি নয়, সেগুলি পরিষ্কার, নিরাপদ, সকলের ব্যবহারের উপযোগী এবং সুস্থায়ীভাবে পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন শহরের এই উদ্যোগগুলি প্রমাণ করে, নিজেদের প্রয়োজন অনুযায়ী শহরগুলি কিভাবে এই লক্ষ্য পূরণ করছে।

পুরনো বাতিল বাস, পুনর্ব্যবহৃত প্লাস্টিক, সেন্সর-চালিত ব্যবস্থা এবং উচ্চ তাপমাত্রার ইনসিনারেটর, প্রতিটি উদ্যোগই এই পরিবর্তনে ভূমিকা রাখছে। বেসরকারি সংস্থা, হাসপাতাল ও স্থানীয় মানুষের সঙ্গে অংশীদারিত্ব এই পরিষেবাগুলিকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করছে। আর প্রতিদিনের পরিষেবা সচল রাখছেন নিবেদিত কর্মী ও পরিচর্যাকারীরা।

স্বচ্ছ ভারত মিশনের ১২ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দিশাটিও স্পষ্ট। লিঙ্গ, সক্ষমতা বা বসবাসের স্থান যাই হোক না কেন, পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ শৌচাগার পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের। বাজার থেকে তীর্থস্থান, ভারতের শহরগুলি এখন সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে।

তথ্যসূত্র

Ministry of Housing and Urban Affairs

Click to see pdf


***
SSS/AS......

(Features ID: 160295) आगंतुक पटल : 7
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam