Infrastructure

ব্যবহৃত জলকে সম্পদে রূপান্তর করতে

Posted On: 30 SEP 2026 12:16PM

৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

শহরগুলিতে ব্যবহৃত জল আর কেবল অপচয় হিসাবে দেখা হয় না। স্বচ্ছ ভারত মিশন-নগর (SBM-U)-এর আওতায় ব্যবহৃত জল ব্যবস্থাপনা (UWM)-র লক্ষ্য হল, নর্দমার অপরিশোধিত জল জলাশয়ে পড়া রোধ করা, সঠিক শোধন সুনিশ্চিত করা এবং তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) বা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং 'ওয়াটার প্লাস' শংসাপত্রের মাধ্যমে শহরাঞ্চলের ব্যবহৃত জল শোধনের হার ও মান উন্নত করা হচ্ছে। ছোট শহরগুলিতে STP স্থাপনের জন্য এসবিএম ২.০-এর অধীনে ১১,৭৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা দৈনিক ৪,৯০০ মিলিয়ন লিটার (MLD) শোধন ক্ষমতা বৃদ্ধি করবে।

ভারতের বিভিন্ন শহর স্থানীয় পরিকাঠামো ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে শোধিত জলের নানাবিধ ব্যবহারের পথ দেখাচ্ছে:

জয়পুর: রাজস্থানের সবচেয়ে বড় ২১৫ MLD ক্ষমতার দেহলাওয়াস STP আধুনিক SCADA সিস্টেম ও SBR প্রযুক্তিতে পরিচালিত হয়। শোধিত জল সেচ, উদ্যানপালন এবং শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। অবশিষ্ট জল নদীতে ফেলা হয়, আর সংলগ্ন এলাকায় ৩০,০০০-এর বেশি গাছ লাগিয়ে হরিৎ বলয় তৈরি করা হয়েছে।

ইন্দোর: প্রথম শহর হিসাবে 'ওয়াটার প্লাস' শংসাপত্র অর্জনকারী শহর, ইন্দোরে কোনো অপরিশোধিত জল নদী বা ড্রেনে মেশে না। সাতটি বিকেন্দ্রীকৃত ও তিনটি কেন্দ্রীয় STP-র মাধ্যমে জল শোধন করে ২০০ কিমি পাইপলাইনের সাহায্যে তা বাগান, রাস্তার গাছপালা, রাস্তা ধোয়া এবং পয়োনিষ্কাশন যন্ত্র পরিষ্কারে ব্যবহৃত হয়।

সুরাট: সুরাট পৌর কর্পোরেশন ১১৬ MLD ক্ষমতার চারটি টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে শোধিত জল শিল্পকারখানা, হ্রদের পুনরুজ্জীবন ও সেচক্ষেত্রে ব্যবহার করছে। এ ছাড়া, আধুনিক রোবোটিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করে নর্দমা রক্ষণাবেক্ষণ করা হয়।

নভি মুম্বই: মহারাষ্ট্রের একমাত্র ফাইভ-স্টার এবং 'ওয়াটার প্লাস' তকমাপ্রাপ্ত এই শহরটি ৩০ লক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী আধুনিক STP ও পাম্পিং স্টেশন তৈরি করেছে। শহরের ৩০টিরও বেশি উদ্যানে, আবর্জনা পরিবহনকারী যান এবং বাস ধোয়ার কাজে ৩০%-এর বেশি শোধিত জল ব্যবহৃত হয়।

তিরুপতি: থুকিভাকামে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ MLD ক্ষমতার STP থেকে ২৪ MLD শোধিত জল পুনর্ব্যবহৃত হয়। এর মধ্যে ৫ MLD জল শ্রীকালহস্তি পাইপস লিমিটেডকে বিক্রি করে মাসে ৬ লক্ষ টাকা আয় করা হয় এবং ১৮ MLD জল কৃষকদের বিনামূল্যে সরবরাহ করা হয়।

নগর জল ব্যবস্থার রূপান্তর

ব্যবহৃত জল ব্যবস্থাপনা এখন আর কেবল দূষণ নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সম্পদ পুনরুদ্ধারের মাধ্যম হয়ে উঠেছে। সেচ, শিল্প এবং নাগরিক পরিষেবায় শোধিত জলের ক্রমবর্ধমান ব্যবহার শহরের জল ব্যবস্থাপনাকে আরও  সুস্থায়ী ও বৃত্তাকার অর্থনীতি-বান্ধব করে তুলছে।

তথ্যবিবরণী:

Ministry of Housing and Urban Affairs

Click here to see pdf

 

*******

SSS/PK..

(Features ID: 160260) आगंतुक पटल : 1
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी