• Sitemap
  • Advance Search
Infrastructure

আবর্জনার স্তূপ সরিয়ে জমির পুনরুদ্ধার

ভারতের পুরানো বর্জ্যভূমিগুলির রূপান্তর

Posted On: 21 SEP 2026 5:11PM

২১ সেপ্টেম্বর, ২০২৬

 

ভারতের শহরগুলির প্রতিটি পরিচ্ছন্ন রাস্তার প্রেঞ্জক্ষাপটে রয়েছে এক বিস্তীর্ণ পরিকাঠামো এবং সুবিন্যস্ত শৃঙ্খল, যা শহরগুলির উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনা করে। ভারতের প্রতিটি বড় শহরেই গৃহস্থালি, বাজার, প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গণপরিসর থেকে বর্জ্য বা আবর্জনা তৈরি হয়। এই বর্জ্যের সিংহভাগই ডাম্পসাইট বা ভাগাড়গুলিতে পাঠানো হয়, যেখানে এটি সময়ের সাথে সাথে জমা হয়ে 'লেগাসি ওয়েস্ট' বা দীর্ঘদিনের পুঞ্জীভূত আবর্জনার স্তূপে পরিণত হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে, ২০১৪ সালের অক্টোবরে 'স্বচ্ছ ভারত মিশন-শহরাঞ্চল' (SBM-U) চালু করা হয়েছিল। 

বস্তুত, ১২ বছর ধরে এসবিএম-ইউ শুধুমাত্র প্রাথমিক স্যানিটেশনের বাইরে গিয়ে পরিকাঠামো গড়ে তুলছে। বর্তমানে এর লক্ষ্য শহুরে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি, শহরবাসীর বসবাস, কাজকর্ম এবং সমবেত হওয়ার জন্য আরও উন্নত স্থান তৈরি করা। ২০২১ সালের অক্টোবর মাসে চালু হওয়া স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর আওতায় ভারতের বিভিন্ন শহরে পুরানো বর্জ্যভূমিগুলিকে উৎপাদনশীল ও পরিবেশগতভাবে সুস্থায়ী স্থানে রূপান্তরের কাজ চলছে। এই উদ্যোগের পরিধি বোঝা যায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৩.৬৬ কোটি মেট্রিক টন পুরনো বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মাধ্যমে নিষ্পত্তি করার পরিসংখ্যান থেকে। এই সময়ের মধ্যে ২৯টি রাজ্যের ৪৫৯টি নগর স্থানীয় সংস্থা সম্পূর্ণভাবে বর্জ্যভূমি পুনর্ব্যবস্থাপনের কাজ সম্পন্ন করেছে। এই মিশনের আওতায় ‘লক্ষ্য জিরো ডাম্পসাইট’ উদ্যোগ রাজ্য এবং নগর স্থানীয় সংস্থাগুলিতে এই ধরনের বর্জ্যভূমির বৈজ্ঞানিক পুনর্ব্যবস্থাপনার জন্য সুসংগঠিত ও সময়সীমাবদ্ধ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

গোরখপুর 

উত্তরপ্রদেশের গোরখপুরে ৪০ একর জমির একটি জায়গা একসময় জমে থাকা পুরনো পুরসভা বর্জ্যের বিশাল স্তূপে পরিণত হয়েছিল। সাত বছর ধরে এটি শহরের প্রধান বর্জ্য ফেলার স্থান হিসাবে ব্যবহৃত হয়। ক্রমশ বেড়ে ওঠা বর্জ্যের স্তূপ আশপাশের পরিবেশের উপর প্রভাব ফেলেছিল এবং নিকটবর্তী বাসিন্দাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল।

 বায়োমাইনিংয়ের মাধ্যমে ওই স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পুনর্ব্যবস্থাপনার কাজ করা হয়, যেখানে প্রতিদিন প্রায় ৪০০ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করা হত। এই প্রক্রিয়ায় জমে থাকা বর্জ্যকে রিফিউজ-ডেরাইভড ফুয়েল, কালো মাটি, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী এবং নিষ্ক্রিয় পদার্থে আলাদা করা হয়। উদ্ধার করা কালো মাটি নিচু এলাকা ভরাটের কাজে ব্যবহার করা হয়, অন্যদিকে, রিফিউজ-ডেরাইভড ফুয়েল সিমেন্ট শিল্পে কো-প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। ধীরে ধীরে বর্জ্যের স্তূপ সরে গিয়ে সেই জায়গায় পুনরুদ্ধার করা জমি ফিরে আসে।
জমে থাকা বর্জ্য সরিয়ে ফেলার পরেও রূপান্তরের কাজ অব্যাহত থাকে। ৪০ একর জমির পুরো এলাকাটিকে কচরে সে কাঞ্চন রাপ্তি ইকো পার্কে রূপান্তরিত করা হয়েছে।

 নতুন এই জনপরিসরে এখন রয়েছে সবুজ লন, হাঁটা ও জগিংয়ের ট্র্যাক এবং শিশুদের খেলার এলাকা। ওপেন জিম, যোগব্যায়াম জোন, সৌর আলো এবং জল সংরক্ষণ কাঠামো পার্কটির জনসাধারণের ব্যবহারের পরিধি আরও বাড়িয়েছে। ফুড কোর্ট, পার্কিংয়ের সুবিধা এবং অন্যান্য পরিকাঠামোও পার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনর্ব্যবহৃত বর্জ্য সামগ্রী দিয়ে তৈরি বেশ কিছু স্থাপনা সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনাকে তুলে ধরেছে। পার্কটি স্থানীয় জীবিকারও সুযোগ তৈরি করেছে। মহিলাদের পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী শক্তি কি রসোই পার্কের ভিতরে একটি রেস্তোরাঁ পরিচালনা করছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ জন দর্শনার্থী পার্কটিতে আসেন। একসময় যে স্থানটি জমে থাকা বর্জ্যের জন্য পরিচিত ছিল, সেটিই এখন বিনোদন ও সামাজিক জীবনের একটি পরিসরে পরিণত হয়েছে।

দিল্লি 

গোরখপুরের সাফল্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতীয় রাজধানীতেও আর একটি বিশাল বর্জ্যের স্তূপ ক্রমশ ছোট হয়ে আসছে। প্রায় ৭০ একর এলাকাজুড়ে বিস্তৃত ভলসওয়া ডাম্পসাইটে একসময় বিপুল পরিমাণ পুরনো বর্জ্য জমে ছিল। ২০২২ সালের জুলাই মাস থেকে ওই স্থানে মিশন মোডে ধারাবাহিকভাবে বায়োমাইনিংয়ের কাজ চলছে। 

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভলসওয়া থেকে জাতীয় স্তরে বার্ষিক স্বচ্ছতা হি সেবা পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। ওই স্থানে দ্রুত বর্জ্য পুনর্ব্যবস্থাপনার কাজ হাতে নেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে ডাম্পসাইট রেমিডিয়েশন অ্যাক্সেলারেটর প্রোগ্রাম (ডিআরএপি) চালু করা হয়। এই দেশব্যাপী মিশন মোডের উদ্যোগের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর আওতায় অবশিষ্ট ডাম্পসাইটগুলির পুনর্ব্যবস্থাপনার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। 

ডিআরএপি-র আওতায় ভলসওয়ায় এখন এর ফলাফল দৃশ্যমান। এ বছর মে মাসের মধ্যে ডাম্পসাইটটির অর্ধেকেরও বেশি এলাকা পুনরুদ্ধার করা হয়েছিল এবং এবছর ৩১ জুলাই পর্যন্ত ৯৯.০৭ লক্ষ মেট্রিক টন পুরনো বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
এই কাজ শুধুমাত্র পুরানো বর্জ্য সরিয়ে ফেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। অগ্নিকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা, লিচেট ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। ল্যান্ডফিলে নতুন করে আসা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য সদ্য বরাদ্দ করা কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে যাতে পুরানো বর্জ্য জমে না ওঠে, সেটিই এর লক্ষ্য।

নাগপুর 

নাগপুরে ভান্ডেওয়াড়ি ডাম্পিং ইয়ার্ডকে একটি কার্যকর বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। দ্রুত বৃদ্ধি পাওয়া ৩০ লক্ষেরও বেশি জনসংখ্যার এই শহরে বাড়িঘর, বাজার, প্রতিষ্ঠান এবং জনসাধারণের স্থান থেকে বর্জ্য উৎপন্ন হয়। এর একটি বড় অংশ আগে ভান্ডেওয়াড়ি ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি বড় পুরনো বর্জ্যভূমিতে পরিণত হয়।

শহরটি খোলা জায়গায় বর্জ্য ফেলার পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরনো বর্জ্য খনন করে তোলা, পৃথকীকরণ এবং সুসংবদ্ধভাবে প্রক্রিয়াকরণ করা হয়েছে। ১০ লক্ষ মেট্রিক টনেরও বেশি জমে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণ করা হয়েছে। এর ফলে, বর্জ্যের নিচে চাপা পড়ে থাকা একর একর মূল্যবান জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

পুনরুদ্ধারের কাজের মধ্যেই এই পরিবর্তনের গল্প শেষ হয়নি। বর্তমানে এই স্থানটি একটি ইন্টিগ্রেটেড মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট প্রসেসিং ফেসিলিটিতে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন সামগ্রী পুনরুদ্ধার করা হয়, বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করা হয় এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াকরণ করা হয়, পাশাপাশি, রিয়েল-টাইম মনিটরিং এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। ধুলো নিয়ন্ত্রণ এবং লিচেট পরিশোধন ব্যবস্থা আশপাশের পরিবেশ সুরক্ষায় সহায়তা করে।
এই রূপান্তরের ফলে শহরটি বিভিন্নভাবে উপকৃত হয়েছে। ল্যান্ডফিলের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। আশপাশের এলাকার জনস্বাস্থ্যের পাশাপাশি, বায়ু, জল এবং মাটির গুণমানেরও উন্নতি হয়েছে। শহরে কম্পোস্ট তৈরির প্ল্যান্ট, মডুলার প্রক্রিয়াকরণ ইউনিট এবং নির্মাণ ও ভাঙার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাও যুক্ত হয়েছে। এখানে বর্জ্যকে আর বোঝা হিসেবে দেখা হয় না; বরং পুনরুদ্ধারযোগ্য সম্পদ হিসাবে বিবেচনা করা হয়।
রায়চুর 
কর্ণাটকের রায়চুরে পুনরুদ্ধার করা জমি অন্য এক রূপ নিচ্ছে।

 ইয়াকালাসপুরা ডাম্পসাইটের ৩৫ একর এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পুরনো বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মাধ্যমে রূপান্তরের কাজ চলছে। প্রায় ৬২,২৫২ মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণ করা হয়েছে, যার ফলে, প্রায় ২২ একর শহুরে জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। 
পুনরুদ্ধার করা জমির একটি অংশ এখন সুস্থায়ী ভূমি ব্যবহারের কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫-৭ একর জুড়ে একটি মিয়াওয়াকি বনও রয়েছে। এটি দেখিয়ে দিচ্ছে, কীভাবে একসময়ের ডাম্পসাইটকে একটি সমৃদ্ধ পরিবেশগত পরিসরে রূপান্তর করা যায়। সবুজ আচ্ছাদন বাড়ানো, জীববৈচিত্র্যকে সহায়তা করা এবং মাটির পুনরুদ্ধারের লক্ষ্যে প্রায় ৬০,০০০টি বাঁশ ও দেশীয় প্রজাতির চারাগাছ রোপণ করা হচ্ছে। এ বছর ৫ জুন এই বৃক্ষরোপণ শুরু হয় এবং বিশ্ব পরিবেশ দিবসে স্থানটির উদ্বোধন করা হয়। ইয়াকালাসপুরার এই রূপান্তর শুধুমাত্র বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। “টক্সিক ওয়েস্ট টু ইকোলজিক্যাল ওয়েলথ” ধারণাকে কেন্দ্র করে এই উদ্যোগটি গড়ে উঠেছে। এটি দেখিয়ে দিচ্ছে, কিভাবে পুনরুদ্ধার করা ডাম্পসাইটের জমি পরিবেশগত পুনরুদ্ধার এবং সুস্থায়ী নগর উন্নয়নে সহায়তা করতে পারে।
পরিচ্ছন্নতার গণ্ডি পেরিয়ে এই উদ্যোগ 
পুনরুদ্ধার করা একটি ডাম্পসাইট শুধুমাত্র ফিরে পাওয়া জমি নয়। এটি শহরগুলিতে উৎপন্ন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিতে পরিবর্তনের প্রতিফলন। গোরখপুর, দিল্লি, নাগপুর এবং রায়চুর- সর্বত্র একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। বর্জ্যের স্তূপ খনন করে তোলা হচ্ছে, পৃথক করা হচ্ছে এবং পুনরায় ব্যবহারযোগ্য জমিতে রূপান্তর করা হচ্ছে।
শুধু যন্ত্রপাতি ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাধ্যমে এই উদ্যোগকে দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। সিটি সলিড ওয়েস্ট অ্যাকশন প্ল্যান, এসবিএম-ইউ পোর্টালে অগ্রগতির নজরদারি এবং বার্ষিক স্বচ্ছ সর্বেক্ষণ র‍্যাঙ্কিং উদ্বোধনের পরেও এই কাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। পরিকাঠামো ও প্রতিষ্ঠানগুলি একসঙ্গে কাজ করে এককালীন পরিচ্ছন্নতার উদ্যোগকে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থায় রূপান্তরিত করে। স্বচ্ছ ভারত মিশন-আরবান স্যানিটেশন দিয়ে শুরু হলেও বর্তমানে তা অনেকটাই বিস্তৃত হয়েছে। শহরগুলি কিভাবে জমি পুনরুদ্ধার করবে, পরিবেশের পুনরুদ্ধার করবে এবং মানুষের বসবাস, কাজকর্ম ও সমবেত হওয়ার জন্য জনপরিসর তৈরি করবে- এই উদ্যোগ এখন সেই পদ্ধতিকেই নতুনভাবে রূপ দিচ্ছে।

তথ্যবিবরণী

Ministry of Housing and Urban Affairs

Click here to see pdf 

 


*******

SSS/RP.......

(Features ID: 160071) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी