Rural Prosperity
প্রেসক্রিপশনের বাইরে যত্নের ব্যবস্থা
জীবনের প্রতিটি পর্যায়ে সাশ্রয়ী স্বাস্থ্যপণ্য
Posted On:
16 SEP 2026 7:05PM
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
‘একটি শিশুকে বড় করে তুলতে গোটা পরিবারের প্রয়োজন’, প্রচলিত এই প্রবাদে অবশ্য এর পিছনের খরচের কথা বলা হয় না। পরিচিত ছন্দে চলা একটি পরিবারে নতুন সদস্যের আগমনেই বদলে যায় দৈনন্দিন জীবন। রাত জাগা, শিশুর ডায়াপার ও ওয়াইপস, চিকিৎসকের কাছে যাওয়া, ওষুধ এবং নবজাতকের যত্ন ঘিরে নানা প্রয়োজন পরিবারের দায়িত্ব ও খরচ দুটিই বাড়িয়ে দেয়।
শিশুর যত্ন থেকে প্রসবের পর মায়ের পরিচর্যা, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা অথবা বয়স্ক বাবা-মা ও নির্ভরশীল সদস্যদের যত্ন, সব ক্ষেত্রেই ওষুধের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যপণ্যের প্রয়োজন হয়। এই বৃহত্তর প্রেক্ষাপটে ওষুধের পাশাপাশি, সাশ্রয়ী স্বাস্থ্যপণ্যের সুযোগ বাড়াতে সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা (PMBJP)-এর পরিসর ক্রমশ বাড়াচ্ছে। দেশের ২০,০০০-এরও বেশি জনঔষধি কেন্দ্রের মাধ্যমে পরিবারগুলির কাছে সাশ্রয়ী দামে বিভিন্ন সার্জিক্যাল সামগ্রী ও স্বাস্থ্যপণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
একটি শিশুর জন্মের পর পরিবারের দৈনন্দিন প্রয়োজনের পরিধি বাড়ে। জনঔষধি বচপন-এর মাধ্যমে জনঔষধি কেন্দ্রগুলিতে বিভিন্ন আকারের শিশুর ডায়াপার ও ওয়াইপস-সহ প্রয়োজনীয় শিশুযত্নের পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। যেমন, ২০টি ওয়াইপসের একটি প্যাকেটের দাম ৪৫ টাকা। এছাড়াও ২৫০ মিলিলিটারের বেবি ফিডিং বোতল, ম্যানুয়াল ব্রেস্ট পাম্প, হট ওয়াটার ব্যাগ, ইনফ্যান্ট ফিডিং টিউব-সহ বিভিন্ন পণ্য রয়েছে।
মায়ের যত্নও এই পরিসরের গুরুত্বপূর্ণ অংশ। সন্তান প্রসবের পর সুস্থ হয়ে উঠতে পর্যাপ্ত বিশ্রাম ও শারীরিক পরিচর্যা প্রয়োজন। জনঔষধি কেন্দ্রগুলিতে প্রসব-পরবর্তী পরিচর্যার জন্য অ্যাবডোমিনাল বেল্ট পাওয়া যায়। প্রসঙ্গত, ৫২৫ টাকা দামের সার্ভাইক্যাল পিলোও আরাম ও সহায়তা দিতে পারে। গর্ভাবস্থা এবং তার পরবর্তী সময়েও এটি ব্যবহার করা যেতে পারে।
শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যগত প্রয়োজনও বদলে যায়। শ্বাসযন্ত্রের সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত কারণে কখনও বাড়িতে সহায়ক চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হতে পারে। জনঔষধি কেন্দ্রগুলিতে ৯৩৭.৫০ টাকা দামের ইলেকট্রিক নেবুলাইজার মেশিন এবং ২০০ টাকা দামের শিশুদের নেবুলাইজার মাস্ক উইথ টিউবিং পাওয়া যায়।
শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও দৈনন্দিন পরিচর্যার জন্যও জনঔষধি কেন্দ্রগুলিতে বিভিন্ন পণ্য উপলব্ধ। নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য ২৫টি গ্লুকোমিটার টেস্ট স্ট্রিপের প্যাকেটের দাম ৫০০ টাকা। রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের জন্য পালস অক্সিমিটারও এই পণ্যসম্ভারের অন্তর্ভুক্ত।
পরিবারের সদস্যদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের পরিচর্যাও পরিবারের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বয়স্ক, নির্ভরশীল বা শয্যাশায়ী ব্যক্তিদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, আরাম, মর্যাদা ও নিয়মিত পরিচর্যার প্রয়োজন সমান গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরে কোনও প্রিয়জনের স্বাস্থ্যপরিচর্যা চালিয়ে যেতে হলে এই পণ্যগুলির অনেকগুলিই বারবার কিনতে হয়। তাই নিয়মিত ব্যবহারের স্বাস্থ্যপণ্যে সামান্য সাশ্রয়ও দীর্ঘমেয়াদে পরিবারের আর্থিক চাপ কমাতে পারে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে সরকার জনঔষধি স্বাভিমান নামে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ডায়াপারের একটি পণ্যশ্রেণী চালু করেছে।
অভিভাবকত্বের প্রথম দিন থেকে শিশুর বেড়ে ওঠা, নিয়মিত স্বাস্থ্যপর্যবেক্ষণ থেকে বয়স্ক প্রিয়জনের পরিচর্যা, পরিবারের স্বাস্থ্যপরিচর্যার যাত্রা দীর্ঘ। এর সঙ্গে যুক্ত খরচও অব্যাহত থাকে। জনঔষধি কেন্দ্রগুলির সার্জিক্যাল ও অন্যান্য ব্যবহার্য পণ্যের পরিসর এই প্রয়োজনগুলি পূরণে সহায়তা করছে।
এই পণ্যসম্ভার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে রেঞ্জ অব মোশন-নী ব্রেস, ওয়াকার (সিট অ্যাসিস্ট-টু-স্ট্যান্ড সাপোর্ট), মেডিক্যাল স্টিম ভেপোরাইজার, ফুট এলিভেটর পিলো, প্রেগন্যান্সি ব্যাক সাপোর্ট বেল্ট এবং সার্ভাইক্যাল কলারসহ আরও বেশ কিছু স্বাস্থ্য ও সহায়ক পরিচর্যার পণ্য অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
এই সম্প্রসারণের লক্ষ্য ওষুধের বাইরেও সাশ্রয়ী স্বাস্থ্যপরিচর্যার সুযোগ বাড়ানো এবং দেশের নাগরিকদের কাছে স্বাস্থ্যপরিচর্যা, চলাফেরা, পুনর্বাসন ও সহায়ক পরিচর্যার আরও বেশি প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করা।
তথ্যসূত্র
Ministry of Chemicals & Fertilizers
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297568®=48&lang=2
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157711&ModuleId=3®=48&lang=1
https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159370&ModuleId=2®=48&lang=1
Click here to see pdf
*****
SSS/AS/SS........
(Features ID: 160026)
आगंतुक पटल : 2
Provide suggestions / comments