Energy & Environment

চিতার প্রত্যাবর্তন

ভারতে বাড়ছে চিতার সংখ্যা কুয়াশা ভেজা শীতের সকালে নতুন প্রজন্মের আগমন
Posted On: 26 NOV 2026 11:19AM

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬

 

কুনো জাতীয় উদ্যানের শীতের সকাল শুরু হয় শান্ত পরিবেশে। তৃণভূমি ও ঝোপঝাড়ের উপর ছড়িয়ে পড়ে সকালের রোদ। এই প্রাকৃতিক পরিবেশেই ধীরে ধীরে নিজেদের জায়গা ফিরে পাচ্ছে এমন এক প্রাণী, যারা সাত দশক আগে ভারত থেকে হারিয়ে গিয়েছিল।

কুনোতে মধ্যপ্রদেশ বন দফতর এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যৌথ দল রেডিও কলারের সংকেত, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং চিতাদের আচরণের পরিবর্তন খতিয়ে দেখে তাদের উপর নজর রাখে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে প্রতিদিনের এই পর্যবেক্ষণে মিলেছে দুটি বিশেষ খবর। কুনোতে জন্ম নিয়েছে চিতার দুটি নতুন শাবক-দল।

প্রতিটি নতুন জন্মের পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা, বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা, পশুচিকিৎসা এবং প্রজেক্ট চিতার অধীনে বনকর্মীদের নিরলস পরিশ্রম। এর পাশাপাশি, নতুন শাবকদের জন্ম থেকে বোঝা যায়, পরিবেশের প্রতি অত্যন্ত সংবেদনশীল এই প্রাণীরা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। বন্য পরিবেশে নিজেদের জায়গা তৈরি করছে এবং নানা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার চেষ্টা করছে। এটি তাদের অভিযোজন ক্ষমতার পরিচয়। একই সঙ্গে কুনোর পরিবেশ চিতাদের বসবাসের উপযোগী হয়ে ওঠারও ইতিবাচক ইঙ্গিত।

এই ঘটনাগুলি ভারতে চিতার পুনর্বাসন কর্মসূচির আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতীয় মাটিতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা চিতাদের নতুন প্রজন্মের আগমন এই কর্মসূচিকে নতুন দিশা দিচ্ছে। পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে চিতার সংখ্যা ও জিনগত বৈচিত্র্য বজায় রাখার উদ্যোগেও ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কুনোতে নতুন প্রজন্মের জন্ম

মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান বিন্ধ্য পর্বতমালার উত্তরাংশে রয়েছে। ভারতে চিতা পুনর্বাসন কর্মসূচির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই উদ্যান। সম্প্রতি পরপর দুটি চিতা-শাবক দলের জন্মে দেশের চিতা-সংখ্যায় যুক্ত হয়েছে আরও নয়টি শাবক।

প্রথম শাবক-গুলির জন্ম হয় এ বছর ৫ অক্টোবর। বস্তুত, ৩২ মাস বয়সী ভারতে জন্ম নেওয়া স্ত্রী চিতা KJP21 পাঁচটি সুস্থ শাবকের জন্ম দেয়। এর আগে মুখী ও KGP12-এর পর সে ভারতে জন্ম নেওয়া তৃতীয় স্ত্রী চিতা, যে নিজে শাবকের জন্ম দিল। শাবকগুলির বাবা বৎসোয়ানা থেকে আনা একটি পুরুষ চিতা। এই জন্মের ফলে, ভারতে জন্ম নেওয়া চিতাদের মধ্যে বতসোয়ানার জিনগত বৈশিষ্ট্য যুক্ত হল।

ভারতে চিতা পুনর্প্রবর্তনের জাতীয় কর্মপরিকল্পনার দিক থেকে এই ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ। কর্মপরিকল্পনায় ভারতে জন্ম নেওয়া প্রথম প্রজন্মের চিতা, অর্থাৎ F1 প্রজন্মের সফল প্রজননকে পুনর্বাসন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। KJP21-এর শাবকের জন্ম সেই লক্ষ্যপূরণের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

এরপর এই বছর ২০ নভেম্বর দ্বিতীয় শাবক-দলটির জন্ম হয়। বৎসোয়ানা থেকে আনা ৩০ মাস বয়সী স্ত্রী চিতা KOMG 3 চারটি সুস্থ শাবকের জন্ম দেয়। ভারতে বৎসোয়ানা থেকে আনা কোনও স্ত্রী চিতার শাবক প্রসবের ঘটনা এই প্রথম। চার মাসেরও বেশি সময় বন্য পরিবেশে থাকার পর সে মুক্ত পরিবেশে শাবকগুলির জন্ম দেয়।

২০২২ সালে চিতা পুনর্বাসন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে নির্দিষ্ট সুরক্ষিত ও বেড়া দেওয়া অভিযোজনক্ষেত্রের বাইরে বন্য পরিবেশে চিতার শাবক প্রসবের এটি দ্বিতীয় নথিভুক্ত ঘটনা। কর্মসূচির দীর্ঘমেয়াদী লক্ষ্যপূরণের অগ্রগতি যাচাইয়ের অন্যতম মাপকাঠি হল বন্য পরিবেশে সফল প্রজনন। আন্তর্জাতিক স্তরে চিতার সংখ্যা ও জিনগত বৈচিত্র্য বজায় রাখার উদ্যোগেও এই ঘটনা গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে থাকা চিতাদের প্রজননের জন্য ভারত নতুন পরিসর তৈরি করছে।

নভেম্বরের শাবক-গুলির জন্মের পর ভারতে চিতার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬২। এর মধ্যে ৪৩টি চিতার জন্ম হয়েছে ভারতেই। অর্থাৎ, দেশের মোট চিতা-সংখ্যার প্রায় ৭০ শতাংশ এখন ভারতে জন্ম নেওয়া চিতা। দেশের মাটিতে প্রজননের মাধ্যমে চিতা-সংখ্যা বৃদ্ধির বিষয়টি এই পরিসংখ্যানে স্পষ্ট। দুটি শাবক-দলে মোট নয়টি নতুন শাবক যুক্ত হয়েছে। এটি অবশ্যই আশাব্যঞ্জক অগ্রগতি। তবে, শাবকগুলির বেঁচে থাকা এবং ভবিষ্যতে তাদের প্রজননই সংরক্ষণ কর্মসূচির সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে।

পুনর্বাসন থেকে স্বাভাবিক প্রজননের পথে

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে প্রজেক্ট চিতার সূচনার মধ্য দিয়ে ভারতে চিতা ফেরানোর উদ্যোগ নতুন করে শুরু হয়। ওই দিন প্রধানমন্ত্রী নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে কোয়ারেন্টাইন বা পৃথক পর্যবেক্ষণ কেন্দ্রে ছেড়ে দেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়। এর ফলে, প্রাথমিক পর্যায়ে মোট ২০টি চিতাকে নিয়ে কর্মসূচি শুরু হয়। বিশ্বের কোনও দেশে বড় মাংসাশী বন্যপ্রাণীকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সরিয়ে নিয়ে যাওয়ার এমন উদ্যোগ এই প্রথম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এই প্রকল্প পরিচালনা করছে। ভারতের উন্মুক্ত বনাঞ্চল ও তৃণভূমির বাস্তুতন্ত্রে চিতাকে গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই এই প্রকল্পের লক্ষ্য।

এবছর ২৮ ফেব্রুয়ারি বৎসোয়ানা থেকে আরও নয়টি চিতা ভারতে আনা হয়। এর মধ্যে ছয়টি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতাকে ওই দিনই কুনোর কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়। নতুন নতুন দেশ থেকে চিতা আনার ফলে ভারতের চিতা-সংখ্যার জিনগত বৈচিত্র্য বাড়ছে। দীর্ঘমেয়াদে এই বৈচিত্র্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

দেশের মাটিতেই বাড়ছে চিতা-সংখ্যা

কোনও প্রাণীকে নতুন পরিবেশে ফিরিয়ে দেওয়ার কর্মসূচি তখনই সফল হয়, যখন তারা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারে। সেই দিক থেকে ভারতে চিতা-সংখ্যা এখন মূলত দেশের মাটিতে জন্ম নেওয়া শাবকদের হাত ধরে বাড়ছে।

ভারতে জন্ম নেওয়া চিতাদের প্রজনন এই বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। ২০২৫ সালের নভেম্বর মাসে 'প্রজেক্ট চিতা'র অধীনে ভারতে জন্ম নেওয়া প্রথম চিতা 'মুখী' পাঁচটি শাবকের জন্ম দেয়। এরপর ভারতে জন্ম নেওয়া আরও দুটি স্ত্রী চিতা KGP12 ও KJP21 কুনোতে শাবকের জন্ম দেয়। এই ঘটনাগুলি প্রমাণ করে, ভারতে জন্ম নেওয়া চিতারা পরিণত বয়সে পৌঁছে এ দেশেই প্রজনন করতে পারছে। অর্থাৎ, ব্যক্তিগত প্রাণীর বেঁচে থাকার গণ্ডি পেরিয়ে ভারতে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে সক্ষম চিতা-সংখ্যা গড়ে তোলার পথে অগ্রগতি হচ্ছে।

বড় মাংসাশী প্রাণীদের প্রাথমিক প্রজনন গোষ্ঠীর জিনগত বৈচিত্র্য সাধারণত সীমিত থাকে। তাই প্রতিটি নতুন প্রজনন গোষ্ঠী গুরুত্বপূর্ণ। নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও বৎসোয়ানা থেকে চিতা আনার ফলে পরিকল্পিতভাবে এই বৈচিত্র্য বাড়ানো সম্ভব হচ্ছে। জিনগত বৈচিত্র্য বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজনন এবং ভবিষ্যৎ প্রজন্মের অভিযোজন ক্ষমতা বাড়তে পারে।

চিতা পুনর্বাসনে বিজ্ঞানসম্মত উদ্যোগ

চিতাদের বসবাসের উপযোগী পরিবেশ, পর্যাপ্ত শিকার এবং মানুষের আনাগোনার মাত্রা বিবেচনা করে বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে কুনো জাতীয় উদ্যানকে বেছে নেওয়া হয়। এর আগে ২৪টি গ্রামের ১,৫৪৫টি পরিবারকে অন্যত্র পুনর্বাসিত করা হয়। এর ফলে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রায় ৬,২৫৮ হেক্টর জমি পাওয়া যায়। মানুষের চাপ কমিয়ে চিতাদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে এই উদ্যোগ সহায়ক হয়েছে। তৃণভূমির পুনরুদ্ধার, শিকারযোগ্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি এবং জলসম্পদের ব্যবস্থাপনার মতো পদক্ষেপও এই কর্মসূচিকে সহায়তা করছে।

'প্রজেক্ট চিতা' পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN)-এর সংরক্ষণের উদ্দেশ্যে প্রাণী স্থানান্তর সংক্রান্ত নির্দেশিকা মেনে। ভারতের চিতা পুনঃপ্রবর্তনের কর্মপরিকল্পনা তৈরি করেছে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII), জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA) এবং মধ্যপ্রদেশ বন দফতর যৌথভাবে।

উপগ্রহ-সংযুক্ত রেডিও কলার, ক্যামেরা ট্র্যাপ এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণের মাধ্যমে চিতাদের উপর নজর রাখা হয়। নির্দিষ্ট পথে দূরত্বভিত্তিক সমীক্ষার মাধ্যমে শিকারযোগ্য প্রাণীর সংখ্যা ও বাসস্থানের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। পশুচিকিৎসকরা চিতাদের স্বাস্থ্য, শারীরিক অবস্থা, আঘাত এবং প্রজনন সংক্রান্ত বিষয়গুলি নিয়মিত পরীক্ষা করেন।

প্রথমে চিতাদের নির্দিষ্ট সুরক্ষিত ও বেড়া দেওয়া প্রাকৃতিক পরিবেশে রাখা হয়। পরে, ধাপে ধাপে তাদের বৃহত্তর উন্মুক্ত পরিবেশে ছাড়া হয়। এই পদ্ধতিতে চিতারা নিজেদের গতিতে নতুন ভূপ্রকৃতি, শিকার এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়।

কুনোর পরিবেশে চিতাদের সফল প্রজনন প্রমাণ করে, তারা এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে। তবে শুধু শাবকের জন্ম হলেই কোনও চিতা-সংখ্যাকে স্বনির্ভর বলা যায় না। বন্য পরিবেশে জন্ম নেওয়া শাবকদের বেঁচে থাকাও সমান গুরুত্বপূর্ণ। জাতীয় কর্মপরিকল্পনায় এক বছরের বেশি সময় ধরে শাবকদের বেঁচে থাকাকে অগ্রগতির অন্যতম মাপকাঠি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত নজরদারির মাধ্যমে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা হয়।

তৃণভূমি, শিকারযোগ্য প্রাণী ও স্থানীয় জনসমাজ

'প্রজেক্ট চিতা'র অধীনে চিতাকে সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিতার সংরক্ষণের জন্য উন্মুক্ত বনাঞ্চল, তৃণভূমি এবং অর্ধ-শুষ্ক এলাকার পরিবেশ পুনরুদ্ধার করা জরুরি।

কুনো জাতীয় উদ্যানে চিতল, সম্বর, নীলগাই, চিঙ্কারা, চৌসিঙ্গা, কৃষ্ণসার হরিণ-সহ বিভিন্ন তৃণভোজী বন্যপ্রাণী রয়েছে। এদের মধ্যে চিতলই চিতার প্রধান শিকার। নথিভুক্ত শিকারের প্রায় তিন-চতুর্থাংশ চিতল। তৃণভূমি পুনরুদ্ধার হলে মাটির স্থিতিশীলতা, জলধারণ ক্ষমতা এবং কার্বন সঞ্চয়ের পরিমাণও বাড়ে। এর সুফল ছড়িয়ে পড়ে বৃহত্তর প্রাকৃতিক পরিবেশে।

কুনোর আশপাশের গ্রামের মানুষ এই সংরক্ষণ উদ্যোগের সক্রিয় অংশীদার। তাঁরা শুধু দর্শক নন। উদ্যানের কাছাকাছি ৮০টি গ্রামের ৪৫০ জনেরও বেশি চিতা মিত্র স্থানীয় স্তরে এই কর্মসূচির দূত হিসেবে কাজ করছেন। ট্র্যাকার, টহলদার এবং প্রশিক্ষিত গাইড-সহ বিভিন্ন কাজে প্রায় ৩৮০টি প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কুনোর আশপাশের গ্রামগুলি ইকো-ট্যুরিজম থেকে আয়ের ৫ শতাংশ অংশ পায়। বস্তুত,  ১০০-রও বেশি গ্রামে রাস্তা, চেক ড্যাম এবং স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি-কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সংরক্ষণের সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছালে এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়।

আগামী দিনের লক্ষ্য

২০৩২ সালের মধ্যে ৬০ থেকে ৭০টি চিতার একটি স্বনির্ভর মেটাপপুলেশন গড়ে তোলাই এই কর্মসূচির দীর্ঘমেয়াদি লক্ষ্য। কুনো এবং গান্ধীসাগর অঞ্চলের প্রায় ১৭,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই চিতা-সংখ্যা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রদেশের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যকে এই কর্মসূচির দ্বিতীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে কুনো জাতীয় উদ্যান থেকে প্রভাষ ও পাবক নামে দুটি চিতাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে আরও দুটি স্ত্রী চিতাকে এই অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে।

গান্ধীসাগরে শিকারযোগ্য প্রাণীর সংখ্যা বাড়ানো, বাসস্থান প্রস্তুত করা এবং ধাপে ধাপে চিতা ছাড়ার জন্য পৃথক কর্মপরিকল্পনা রয়েছে। একটি সংরক্ষিত এলাকার উপর নির্ভরতা কমাতে আরও কয়েকটি সম্ভাব্য বাসস্থানও খতিয়ে দেখা হচ্ছে।

চিতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের আরও বিস্তৃত এলাকায় তাদের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। এবছর অক্টোবর মাসে সাগর জেলার বীরাঙ্গনা দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রাজ্যের তৃতীয় চিতা-বাসস্থান হিসেবে গড়ে ওঠে। কুনো জাতীয় উদ্যান থেকে সেখানে দুটি চিতাকে ছেড়ে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

বর্তমানে ভারতে চিতার সংখ্যা ৬২। এই সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রার সর্বনিম্ন সীমায় পৌঁছেছে। তবে এই সংখ্যার মধ্যে অতি অল্পবয়সি শাবকরাও রয়েছে। তাদের বেঁচে থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই সাম্প্রতিক দুটি শাবক-দলে নয়টি শাবকের জন্ম নিঃসন্দেহে আশাব্যঞ্জক অগ্রগতি। তবে, এটিই চূড়ান্ত সাফল্যের মাপকাঠি নয়। শাবকগুলির বেঁচে থাকা এবং ভবিষ্যতে তাদের প্রজননই এই কর্মসূচির সাফল্য নির্ধারণ করবে। প্রতি নতুন শাবক-গোষ্ঠি ভারতকে বন্য পরিবেশে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে সক্ষম চিতা-সংখ্যা গড়ে তোলার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র

Ministry of Environment, Forest and Climate Change

MyGov

National Tiger Conservation Authority

District Administration, Sheopur

PrasarBharati News Services 

 

Click to see pdf


*****
SSS/AS.......

(Features ID: 160921) आगंतुक पटल : 13
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam