রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেবক-রংপো প্রকল্পে ৫.৩ কিলোমিটার দীর্ঘ ১০ নম্বর সুড়ঙ্গ খননে যুগান্তকারী সাফল্য ভারতীয় রেলের

প্রকাশিত: 28 NOV 2026 4:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ নভেম্বর ২০২৬

 

২৭ নভেম্বর ২০২৬ তারিখে ‘সেবক-রংপো নতুন রেললাইন প্রকল্পে’ বড় মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। এই প্রকল্পের দীর্ঘতম সুড়ঙ্গ – ‘টানেল নং ১০’-এর খননকাজ এদিন সম্পন্ন হয়েছে। ৫.৩ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খননকাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রকল্পটির মোট ১৪টি সুড়ঙ্গেরই খননকাজ সম্পন্ন হল, যা সিকিমকে প্রথম রেল সংযোগ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিল।

https://www.instagram.com/reel/DgRdPeeyt8X/?hvrq=MWM0bDdsY2pubzRmYg==

৫.৩ কিলোমিটার দীর্ঘ ‘টানেল নং ১০’ হল, এই প্রকল্পের ১৪টি সুড়ঙ্গের মধ্যে সবচেয়ে বড়। সুড়ঙ্গটির খননকাজ উভয় প্রান্ত থেকে এবং দুটি প্রবেশপথ দিয়ে করা হয়েছিল। খননকাজের বিভিন্ন অংশ একটির অন্যটির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে এখন এর খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর সুড়ঙ্গের আস্তরণ তৈরি (লাইনিং), রেললাইন বসানো এবং প্রয়োজনীয় রেল নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের মতো অবশিষ্ট কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

 

৪৫ কিলোমিটার দীর্ঘ সেবক-রংপো ব্রড গেজ নতুন রেলপথ প্রকল্পটি পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সিকিমের পাকিয়ং জেলার মধ্য দিয়ে গেছে। ভৌগোলিকভাবে দুর্গম হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়া এই রেলপথটিতে ১৪টি সুড়ঙ্গ রয়েছে, যা পুরো রেলপথটির দৈর্ঘ্যের প্রায় ৮৬ শতাংশ।

 

এই প্রকল্পে ২৩টি সেতু অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি সেবক, রিয়াং, মেল্লি ও রংপো স্টেশনগুলিতে পরিষেবা প্রদান করবে; পাশাপাশি তিস্তা বাজারে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশনও থাকবে। সেবকে এই রেলপথটি বর্তমানের নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেল রুটের সঙ্গে যুক্ত হবে, যা সিকিমকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে।

 

চালু হওয়ার পর, সেবক-রংপো রেলপথটি সিকিমের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। এটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য ১০ নম্বর জাতীয় মহাসড়কের তুলনায় একটি নিরাপদ, দ্রুততর ও অধিক নির্ভরযোগ্য বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। এছাড়া, এই রেল সংযোগটি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সহায়তা করবে, স্থানীয় ব্যবসায়ীদের বাজারের সঙ্গে আরও ভালো সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে এবং রাজ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

 

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2343145) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी