পোস্ট করার দিনক্ষণ:
27 NOV 2026 9:52AM by PIB Agartala
নয়াদিল্লী, ২৭ নভেম্বর ২০২৬: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ দেশের অন্যতম প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (এসটিপিআই) উত্তরপ্রদেশের বেরেলিতে তাদের নতুন কেন্দ্রের উদ্বোধন করেছে। কেন্দ্রটির উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ সরকারের বন ও পরিবেশ, চিড়িয়াখানা এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা, বেরেলির সাংসদ ছত্রপাল সিং গঙ্গওয়ার, রাজ্যসভার সাংসদ শ্রুতি গঙ্গওয়ার, এসটিপিআই-এর মহাপরিচালক অরবিন্দ কুমার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এই উদ্বোধন এসটিপিআই-এর কাছে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, বেরেলিতে এই কেন্দ্র চালুর মধ্য দিয়ে দেশে এসটিপিআই-এর কেন্দ্রের সংখ্যা বেড়ে হল ৭৫। এর ফলে দেশের সর্বত্র নিজেদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বড় শহরের বাইরেও ভারতের প্রযুক্তি পরিকাঠামোকে শক্তিশালী করার অঙ্গীকার আরও জোরদার হল।

এসটিপিআই-এর মোট ৭৫টি কেন্দ্রের মধ্যে ৬৭ টিই রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতে। এর মধ্য দিয়ে প্রযুক্তি পরিকাঠামোর বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক স্তরে উদ্যোগপতিদের উৎসাহিত করার ক্ষেত্রে সংস্থার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
প্রায় ১৮ কোটি ২৫ লক্ষ টাকা বিনিয়োগে ২ একর জমির উপর গড়ে তোলা হয়েছে বেরেলির এই কেন্দ্র। এর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের তথ্যপ্রযুক্তি (আইটি) এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা (আইটিইএস) ক্ষেত্র আরও শক্তিশালী হবে। পাশাপাশি, প্রযুক্তিনির্ভর সংস্থা ও নতুন উদ্যোগপতিদের জন্য একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ হিসেবেও কাজ করবে এই কেন্দ্র।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেন, “এসটিপিআই-রর বেরেলি কেন্দ্রের উদ্বোধন শুধু বেরেলির জন্যই নয়, সমগ্র রোহিলখণ্ড অঞ্চলের যুবসমাজের কাছে এক বিশেষ উপহার। বিশেষ করে পিলিভিট, শাহজাহানপুর ও বদায়ুঁয়ের তরুণ-তরুণীদের আর তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ, ইনকিউবেশন, উদ্ভাবন ও গবেষণার সুযোগের জন্য মুম্বই, নয়ডা বা হায়দ্রাবাদের মতো বড় শহরে পাড়ি দিতে হবে না। এবার তাঁরা নিজেদের ঘরেই বিশ্বমানের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা পাবেন। এর ফলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন পথও খুলে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরদর্শী নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি নীতির ফলে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্য ও প্রযুক্তি ভারতের অগ্রগতির দুটি প্রধান চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে এক কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা, বিদেশের উপর নির্ভরতা কমাতে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও প্যাকেজিং পরিকাঠামো গড়ে তোলা, কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতির পর সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করা, ডেটা সেন্টারের প্রসার, সফটওয়্যার রফতানি বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগ দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতার পথকে আরও ত্বরান্বিত করছে। এর ফলে যুবসমাজের সামনে তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা"।

তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ বিশ্বের ‘ট্যালেন্ট ক্যাপিটাল’ বা প্রতিভার অন্যতম প্রধান কেন্দ্র। দেশের যুবসমাজের প্রযুক্তিগত দক্ষতা ও ডিজাইন সংক্রান্ত সক্ষমতাই এই সাফল্যের মূল শক্তি। এসটিপিআই-এর মাধ্যমে বিনামূল্যে প্রযুক্তিগত পরিকাঠামো, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ফলে আর্থিক সীমাবদ্ধতা কোনওভাবেই প্রতিভা ও উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
স্থানীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই), তথ্যপ্রযুক্তি সংস্থা, বণিকসভা এবং উদ্যোগপতিরা যখন এই কেন্দ্রের পরিকাঠামো পূর্ণমাত্রায় ব্যবহার করবেন, তখন প্রয়োজন অনুযায়ী আরও ভবন ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে। অন্যদিকে, ডিজিটাল ইন্ডিয়ার অধীনে কমন সার্ভিস সেন্টার গ্রামীণ এলাকায় আধার, ব্যাঙ্কিং, বিদ্যুতের বিল মেটানো এবং নাগরিক পরিষেবার সুযোগ আরও বিস্তৃত করছে।

এসটিপিআই-এর মহাপরিচালক অরবিন্দ কুমার ও তাঁর দলের প্রচেষ্টার প্রশংসা করে আমি সম্পূর্ণ আশাবাদী যে, নয়ডা, কানপুর, লখনউ ও গোরক্ষপুরের মতো বেরেলিও এক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্রে পরিণত হবে। এর মধ্য দিয়ে সমগ্র রোহিলখণ্ড অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।”
উত্তরপ্রদেশ সরকারের বন ও পরিবেশ, চিড়িয়াখানা এবং জলবায়ু পরিবর্তন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা বলেন, “এসটিপিআই-র বেরেলি কেন্দ্র প্রতিষ্ঠা এই অঞ্চলের জন্য অত্যন্ত স্বাগতযোগ্য একটি উদ্যোগ। এর ফলে প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান ও নতুন সুযোগের পরিসর আরও বিস্তৃত হবে। বেরেলি এবং সংলগ্ন এলাকাগুলিতে প্রতিভা ও উদ্যোগপতি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কেন্দ্র যুবসমাজ, স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর সংস্থাগুলিকে নতুন সুযোগের সন্ধান, উদ্ভাবনী ভাবনার বিকাশ এবং রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করবে।”
বেরেলির সাংসদ ছত্রপাল সিং গঙ্গওয়ার বলেন, “এসটিপিআই-এর বেরেলি কেন্দ্রের উদ্বোধন এই অঞ্চলের কাছে এক উল্লেখযোগ্য মাইলফলক। এর ফলে প্রযুক্তিনির্ভর উদ্যোগপতি তৈরির ভিত আরও মজবুত হবে। পাশাপাশি, নতুন উদ্যোগ শুরু করতে আগ্রহী তরুণ উদ্যোগপতি ও পেশাদারদের সামনে বৃহত্তর সুযোগের পরিসর খুলে যাবে।”
রাজ্যসভার সাংসদ শ্রুতি গঙ্গওয়ার বলেন, “এসটিপিআই-র বেরেলি কেন্দ্রের উদ্বোধন এই অঞ্চলের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক পদক্ষেপ। বিশেষ করে এখানকার তরুণ প্রতিভা এবং নতুন উদ্যোগ শুরু করতে আগ্রহীদের কাছে এই কেন্দ্র নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। প্রযুক্তিগত পরিকাঠামো এবং সহায়ক স্টার্টআপ পরিবেশের সুযোগ পেলে স্থানীয় প্রতিভার বিকাশ ঘটবে, উদ্ভাবনী চিন্তাভাবনা উৎসাহিত হবে এবং পেশাগত উন্নতির নতুন পথ তৈরি হবে।”
এসটিপিআই সম্পর্কে:
সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (এসটিপিআই) হল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ দেশের অন্যতম প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা। তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবা শিল্পের প্রসার, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন, স্টার্টআপ গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে নতুন পণ্য ও মেধাস্বত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংস্থা।
ইন্টারনেট অফ থিংস, ব্লকচেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, রোবোটিক্স, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল এফেক্টস এবং ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্সের মতো উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে কাজ করে এসটিপিআই।
এছাড়াও গেমিং, ফিনটেক, অ্যাগ্রিটেক, মেডটেক, স্বয়ংক্রিয় ও সংযুক্ত পরিবহণ ব্যবস্থা, ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সাইবার নিরাপত্তা, ইন্ডাস্ট্রি ৪.০ এবং ড্রোন প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত বিকাশে সহায়তা প্রদান করে সংস্থাটি।
*****
PS/SG