যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্যাবিনেটের অনুমোদন পাওয়ার পর ভারতীয় ডাকবিভাগ সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য ২৬৩২ কোটি টাকা ব্যয় করবে

প্রকাশিত: 26 NOV 2026 8:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ নভেম্বর ২০২৬

 

ইন্ডিয়া পোস্ট সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ষোড়শ অর্থ কমিশনের সময়কালে ‘পোস্টাল অপারেশনস’ বা ডাক সংক্রান্ত কর্মসূচি এবং ‘এস্টেটস ম্যানেজমেন্ট’ বা সম্পত্তি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য মোট ২,৬৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ‘পোস্টাল অপারেশনস’ প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য ১,১৪১ কোটি টাকা এবং ‘এস্টেটস ম্যানেজমেন্ট’ প্রকল্পের জন্য ১,৪৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পগুলি চালু রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

 

ডাক বিভাগ এক সাংবাদিক সম্মেলনে এই উদ্যোগগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া; যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. চন্দ্র শেখর পেম্মাসানি; ডাক বিভাগের সচিব সুব্রত দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 

শ্রী সিন্ধিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং তাঁর প্রতি মুহূর্তে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সারা দেশে ডাকঘরগুলিকে আধুনিক ও জনমুখী পরিষেবা কেন্দ্রে পরিবর্তিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকঘর আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দে মন্ত্রিসভার অনুমোদন লাভের সময় প্রধানমন্ত্রীর ভূমিকার কথা তিনি বিশেষভাবে জানান। 

 

কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত কর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভারতীয় ডাক পরিবারের প্রত্যেক সদস্য অটল নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, যার ফলে এই প্রতিষ্ঠানের পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এই প্রতিষ্ঠানের সম্ভাবনা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরেও তা বিস্তৃত। প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার অভিন্ন সংকল্পে ঐক্যবদ্ধ হয়ে, প্রত্যেক কর্মী এই লক্ষ্য পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে।”      

ডাক বিভাগের সচিব দপ্তরের উন্নয়নের ধারা, ভবিষ্যত পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে বাজেট বরাদ্দের সম্পর্কে জানান। তিনি ‘ইন্টিগ্রেটেড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইএমএস)-এর সংস্কারমূলক নানা উদ্যোগের কথাও জানান। এর ফলে মাত্র ২০ মিনিটে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (পিএলআই) পলিসি কেনা যাবে। এই উদ্যোগের ফলে ইতিমধ্যে প্রায় ২ লক্ষ উপভোক্তা প্রিমিয়াম জমা দিতে পেরেছেন, যার থেকে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব অর্জিত হয়েছে। 

শ্রী দাস উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে দপ্তরের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ‘ডেটা অ্যানালিটিক্স টিম’, ‘সিক্স সিগমা টিম’ এবং ‘চিফ মার্কেটিং অফিসার’-এর কাজের ওপর জোর দেন। দপ্তরের ছয়টি প্রধান কর্মতৎপরতার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে এই দলগুলি নতুন নতুন পণ্য ও পরিষেবা উদ্ভাবন, রাজস্ব উপার্জনের সুযোগ চিহ্নিত করা এবং পরিষেবার মান ক্রমাগত উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।     

 

শ্রী সিন্ধিয়া বলেন এই সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গিই হলো ‘ইন্ডিয়া পোস্ট’-এর পরিবর্তনের চাবিকাঠি, আর এর ছয়টি পরিষেবা ক্ষেত্র হলো এই সংস্থার প্রাণ। এই সমন্বিত পদ্ধতির উদেশ্য হলো—ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে পণ্য ও পরিষেবার মান উন্নত করা এবং গুণমান, দক্ষতা ও গ্রাহক সন্তুষ্টির সর্বোচ্চ মান বজায় রাখা।

সচিব জানান, ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে ‘ইন্ডিয়া পোস্ট’-এর বার্ষিক রাজস্ব প্রায় ১৯,৮০৩ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি, পার্সেল ও পণ্য পরিবহণ পরিষেবার সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  

 

১,১৪১ কোটি টাকার ‘পোস্টাল অপারেশনস স্কিম’টি ছয়টি মূল বিষয়ের কথা বিবেচনা করে পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—গ্রামাঞ্চলে ডাক পরিষেবার সুযোগ নিশ্চিত করা, ডাক ও পার্সেল নেটওয়ার্কের কার্যকারিতার সম্প্রসারণ, আন্তর্জাতিক ডাক পরিকাঠামো উন্নয়ন, বিপণন ও পরিষেবার মানোন্নয়ন এবং ফিলাটেলি কার্যক্রম।  

 

১,৪৯১ কোটি টাকার ‘এস্টেটস ম্যানেজমেন্ট স্কিম’-এর মূল লক্ষ্য হলো ডাক বিভাগের বাড়িগুলিকে আধুনিকীকরণ করা এবং গ্রাহক পরিষেবার সঙ্গে যুক্ত পরিকাঠামোর মানোন্নয়ন ঘটানো। এর মধ্যে রয়েছে—১৯০টি নতুন বিভাগীয় ডাক ভবন নির্মাণ, ৫০টি ভবন পুনর্নির্মাণ, ২,৫৫০টি বিভাগীয় উপ-ডাকঘরের সংস্কার ও ব্র্যান্ডিং, ভাড়ায় থাকা ২,৫০০টি ডাকঘরের মানোন্নয়ন এবং ২০টি ঐতিহ্যবাহী ডাক ভবনের সংরক্ষণ। এছাড়া, এই প্রকল্পের আওতায় ১৫০টি আবাসিক কলোনির সংস্কার এবং বেঙ্গালুরুতে সিইপিটি-এর জন্য একটি স্থায়ী ‘ইন্টিগ্রেটেড টেকনোলজি সেন্টার’ গড়ে তোলা হবে।     

 

নতুন বিনিয়োগ, প্রযুক্তি ভিত্তিক আধুনিকীকরণ এবং উন্নয়নের পরিকল্পনা নিয়ে ভারতীয় ডাক বিভাগ দেশজুড়ে তার নেটওয়ার্ক-এর সম্প্রসারণ ও পরিষেবার আরও মানোন্নয়ন ঘটাতে উদ্যোগী হয়েছে। 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2342425) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati