PIB Backgrounder
azadi ka amrit mahotsav

কাশী তামিল সঙ্গমম ৫.০

প্রকাশিত: 25 NOV 2026 9:41AM by PIB Kolkata

২৫ নভেম্বর, ২০২৬

 

কাশী তামিল সঙ্গমম তামিলনাড়ু ও কাশী (বারাণসী)-এর দীর্ঘদিনের সাংস্কৃতিক, ভাষাগত ও সভ্যতাগত সম্পর্ককে উদযাপন করে, যা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে প্রতিফলিত করে। ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এর পঞ্চম সংস্করণে ‘Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen’ বিষয়বস্তুর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে তিরুক্কুরলের চিরন্তন শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তামিলনাড়ু থেকে প্রায় ১,৪০০ প্রতিনিধি বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা সফর করবেন। দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণ কর্মসূচিতে ১,০০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। পাশাপাশি, তামিলনাড়ুর শিক্ষকরা উত্তরপ্রদেশের স্কুল ও কলেজগুলিতে তিরুক্কুরল পরিচিতি ও শিক্ষাদান করবেন।

শিক্ষাগত আদান-প্রদান, সাংস্কৃতিক কর্মসূচি এবং বহুভাষিক প্রচারের মাধ্যমে এই উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া গভীর করা, জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং ভারতের অভিন্ন ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্য গ্রহণ করেছে।

কাশী তামিল সঙ্গমম সম্পর্কে

কাশী তামিল সঙ্গমম তামিলনাড়ু ও কাশী—ভারতের দুই প্রাচীন জ্ঞানচর্চার কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের সভ্যতাগত সম্পর্ককে উদযাপন করে। ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে বহু মানুষ দুই রাজ্য থেকে কাশী ও রামেশ্বরম সফর করেছেন, যা ভারতের উত্তর ও দক্ষিণ অংশের সাংস্কৃতিক বন্ধনকে প্রতিফলিত করে।

তামিলনাড়ুর বহু মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে হনুমান ঘাট ও কেদার ঘাটের আশপাশে বসবাস করছেন। ধর্মপুরম অধীনমের স্বামী কুমারগুরুপর তামিলনাড়ু থেকে কাশীতে এসে কেদার ঘাটে কেদারেশ্বর মন্দির নির্মাণ করেন। ওই ঘাটেই অবস্থিত ২০০ বছরের পুরনো কুমারস্বামী মঠ এবং মার্কণ্ডেয় আশ্রম। তামিলনাড়ুর তেনকাশিকে দক্ষিণের কাশী বলা হয়। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর নামে একটি বিশেষ চেয়ার রয়েছে।

২০২২ সালে এই সঙ্গমমের ঘোষণার সময় নির্ধারিত বৃহত্তর উদ্দেশ্য ছিল দুই অঞ্চলের জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও কাছাকাছি নিয়ে আসা, অভিন্ন ঐতিহ্য সম্পর্কে বোঝাপড়া তৈরি করা এবং দুই অঞ্চলের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা।

প্রথম কাশী তামিল সঙ্গমম ২০২২ সালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সময় অনুষ্ঠিত হয়। চারটি সংস্করণে এই কর্মসূচি দুই অঞ্চলের মধ্যে জ্ঞান, ভাষা, ঐতিহ্য এবং জীবনযাপনের অভিজ্ঞতার আদান-প্রদানকে উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটিকে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে আরও গভীর করে তোলা একটি প্রাণবন্ত কর্মসূচি বলে অভিহিত করেছেন।

প্রতিটি সংস্করণে তামিলনাড়ু থেকে শিক্ষার্থী, শিক্ষক, কারিগর, গবেষক, আধ্যাত্মিক নেতা ও সাংস্কৃতিক কর্মীরা এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত কাশীতে অবস্থান করেছেন। তাঁরা কাশীর মন্দির, তামিল ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান এবং পার্শ্ববর্তী অযোধ্যা ও প্রয়াগরাজ সফর করেছেন। অংশগ্রহণকারীরা সেমিনার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে কাশীর সমমনা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

কাশী তামিল সঙ্গমম উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রকের উদ্যোগে IIT Madras, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, চেন্নাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT) এবং উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত হয়। সংস্কৃতি, রেল, পর্যটন ও বস্ত্র মন্ত্রক-সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগও এই উদ্যোগের অংশীদার।

কাশী তামিল সংগমম ৫.০: ‘তিরুক্কুরল পয়িলভোম’

কাশী তামিল সংগমমের পঞ্চম সংস্করণ ২৮ নভেম্বর থেকে ২০২৬-এর ১২ ডিসেম্বর পর্যন্ত ‘Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen’ (চলুন তিরুক্কুরল শিখি) বিষয়বস্তুর ওপর অনুষ্ঠিত হবে।

তিরুক্কুরল নীতিশাস্ত্র ও জীবনাচরণের ওপর রচিত প্রাচীন তামিল সাহিত্য। এর রচয়িতা তিরুবল্লুভর গ্রন্থটিকে তিনটি ভাগে বিন্যস্ত করেছেন:

- *আরাম (Aram):* নৈতিকতা ও সদ্গুণ
- *পরুল (Porul):* সম্পদ ও জীবনযাপন
- *ইনবম (Inbam):* প্রেম ও আনন্দ

গ্রন্থটিতে মোট ১,৩৩০টি দ্বিপদী রয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT) এটি ভারতের ২৫টি ভাষায় অনুবাদ করেছে, যার মধ্যে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত ২২টি ভাষা রয়েছে। এছাড়া, একাধিক বিদেশি ভাষা ও ব্রেইল লিপিতেও অনুবাদ করা হয়েছে।

পঞ্চম সংস্করণের উদ্দেশ্য

- তিরুক্কুরলের নৈতিক ও মূল্যবোধভিত্তিক জ্ঞানকে দেশের তরুণ ও শিক্ষার্থীদের আরও কাছে নিয়ে আসা।
- শিক্ষামূলক কর্মসূচি, বহুভাষিক পাঠ্যসামগ্রী এবং বৃহত্তর জন-যোগাযোগের মাধ্যমে গ্রন্থটির পাঠ, উপলব্ধি ও দৈনন্দিন জীবনে মূল্যবোধের প্রয়োগকে উৎসাহিত করা।
- বিভিন্ন শিক্ষাগত শাখা ও ভাষাগত পটভূমির শিক্ষার্থীদের মধ্যে তিরুক্কুরল সম্পর্কে বিস্তৃত বোঝাপড়া তৈরি করা।

কাশী তামিল সংগমম ৫.০-এর প্রধান উদ্যোগ

ছাত্র-ছাত্রীদের সংযুক্তিকরণ কর্মসূচি

দেশের ১,০০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সর্বভারতীয় ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর উদ্দেশ্য বিভিন্ন শিক্ষাগত শাখা ও ভাষাগত পটভূমির শিক্ষার্থীদের মধ্যে তিরুক্কুরল সম্পর্কে বিস্তৃত বোঝাপড়া তৈরি করা। এর অন্তর্ভুক্ত থাকবে সুসংগঠিত অধ্যয়ন, গবেষণা এবং ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম।

- প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তিরুক্কুরল সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের মূল্যায়ন করবে এবং মেধার ভিত্তিতে একজন শিক্ষার্থীকে মনোনীত করবে।
- নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাগত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করবে। এই ওরিয়েন্টেশন সংবিধানের ২২টি তফসিলভুক্ত ভাষা এবং ইংরেজিতে অনুষ্ঠিত হবে।
- এরপর CICT-এর বহুভাষিক পাঠ্যসামগ্রীর সাহায্যে এক মাসের গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম চলবে। কর্মসূচির নির্দেশিকা এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে প্রত্যেক যোগ্য নির্বাচিত শিক্ষার্থী ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়ার অধিকারী হবে।
- প্রত্যেক শিক্ষার্থী একজন শিক্ষকের নির্দেশনায় ৪ থেকে ১০ পৃষ্ঠার একটি নিবন্ধ অথবা গবেষণামূলক নোট লিখবে এবং নিজস্ব প্রতিষ্ঠানে তিরুক্কুরল সম্পর্কে এক ঘণ্টার উপস্থাপনা করবে।

উত্তরপ্রদেশের স্কুল ও কলেজে তিরুক্কুরল শিক্ষাদান

সঙ্গমম চলাকালীন তামিলনাড়ু থেকে ৫০ জন শিক্ষক উত্তরপ্রদেশ সফর করবেন এবং স্কুল ও কলেজগুলিতে তিরুক্কুরল শেখাবেন।

তামিলনাড়ুর তিরুক্কুরল বিশেষজ্ঞরাও বারাণসীর বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করবেন। ওরিয়েন্টেশন মডিউল, ইন্টারঅ্যাকটিভ সেশন এবং কুইজের মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের গ্রন্থটির মূল মূল্যবোধের সঙ্গে পরিচিত করাবেন।

স্কুলগুলিতে পাঠাভ্যাস কর্মসূচি

ন্যাশনাল বুক ট্রাস্ট, রাষ্ট্রীয় ই-পুস্তকালয়ের সহযোগিতায় বারাণসীর স্কুলগুলিতে পাঠাভ্যাস, গল্প বলা এবং সৃজনশীল কার্যক্রমের ওপর ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করবে।

উদ্বোধন, সম্মেলন ও সাংস্কৃতিক কর্মসূচি

কাশী তামিল সঙ্গমম ৫.০-এর উদ্বোধন হবে ২৮ নভেম্বর ২০২৬ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর ২০২৬।

ছাত্র-ছাত্রীদের সংযুক্তিকরণ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা উভয় অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করবে।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারতীয় ভাষা সমিতির সহযোগিতায় তিরুক্কুরল নিয়ে একটি জাতীয় সম্মেলনের সহ-আয়োজন করবে।

সংস্কৃতি মন্ত্রক সাংস্কৃতিক দল, তিরুক্কুরল-ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীর ব্যবস্থা করবে।

প্রধান অনুষ্ঠানস্থলে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের হস্তশিল্প এবং তাঁতজাত পণ্যের বিক্রয়কেন্দ্রও স্থাপন করা হবে, যাতে প্রতিনিধিরা এই দুই অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য সম্পর্কে জানতে পারেন।

ডিজিটাল ও জনসংযোগ উদ্যোগ

কাশী তামিল সঙ্গমম ৫.০ প্রযুক্তির ব্যবহার করে ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তিরুক্কুরলের শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে।

CICT-এর তিরুক্কুরল বহুভাষিক অ্যাপ-এ ১,৩৩০টি দ্বিপদীর সংকলন এবং সংবিধানের ২২টি তফসিলভুক্ত ভাষায় অনুবাদ উপলব্ধ রয়েছে।

এই সংস্করণ উপলক্ষে CICT-এর কর্মসূচির মধ্যে রয়েছে:

- নির্বাচিত দ্বিপদী নিয়ে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ভিডিও ও চলচ্চিত্র।
- তিরুক্কুরল অডিওবুক।
- অনুবাদ-সহ তিরুক্কুরলের দ্বিপদী যাত্রী তথ্যব্যবস্থা ও বিভিন্ন স্থানের সাইনবোর্ডে প্রদর্শনের উদ্যোগ।

ভারতীয় রেল, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় রেল স্টেশন, বিমানবন্দর ও জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিনিধি ও তাঁদের সফরসূচি

তামিলনাড়ু থেকে প্রায় ১,৪০০ প্রতিনিধি, সাতটি দলে বিভক্ত হয়ে—প্রতিটি দলে প্রায় ২০০ জন—আট দিনের সফরে অংশগ্রহণ করবেন।

এই সফরে থাকবে:

- চার দিন যাত্রা
- চার দিন বিভিন্ন স্থান পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি

সফরসূচিতে বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা অন্তর্ভুক্ত রয়েছে। সাংস্কৃতিক, শিক্ষাগত, পেশাগত ক্ষেত্রভিত্তিক এবং আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন।

প্রতিনিধিদের সাতটি বিভাগ

- শিক্ষার্থী
- শিক্ষক
- লেখক ও গণমাধ্যম পেশাজীবী
- কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র
- পেশাজীবী ও কারিগর
- নারী
- আধ্যাত্মিক নেতা

বারাণসীতে দর্শনীয় স্থান ও কর্মসূচি

বারাণসীতে অবস্থানকালে প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে:

- কাশী বিশ্বনাথ মন্দির
- সারনাথ অথবা BHU
- রামনগর দুর্গ
- ভারত মাতা মন্দির

সফরসূচিতে গঙ্গা আরতি, গঙ্গাস্নান, শিক্ষামূলক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

এরপর প্রতিনিধিরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম এবং অযোধ্যার শ্রী রাম মন্দির পরিদর্শন করবেন।

বিশেষ তামিল ঐতিহ্য সার্কিট

একটি বিশেষ তামিল ঐতিহ্য সার্কিটের মাধ্যমে প্রতিনিধিরা পরিদর্শন করবেন:

- মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর পৈতৃক বাড়ি
- কেদার ঘাট
- Little Tamil Nadu-এর Kashi Madam

এছাড়াও, BHU-এর তামিল বিভাগে একটি শিক্ষামূলক মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংস্করণগুলি

২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অনুষ্ঠিত কাশী তামিল সঙ্গমমের প্রথম চারটি সংস্করণ তামিলনাড়ু ও কাশীর সাংস্কৃতিক, ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। এই ঐতিহ্যের ওপর ভিত্তি করে পঞ্চম সংস্করণ দুই অঞ্চলের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি, অভিন্ন ঐতিহ্যকে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে।

কাশী তামিল সংগমম ১.০
নভেম্বর–ডিসেম্বর ২০২২

প্রথম সংস্করণ ২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। তামিলনাড়ু থেকে ১২টি ভিন্ন পেশা ও জীবনক্ষেত্রের প্রতিনিধিত্বকারী ২,৫০০-এরও বেশি মানুষ আট দিনের সফরে বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা ভ্রমণ করেন।

বারাণসীর BHU-তে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধানমন্ত্রী ২০২২-এর ১৯ নভেম্বর বারাণসীতে এর উদ্বোধন করেন।

প্রতিনিধিরা সেমিনার ও বিভিন্ন স্থান পরিদর্শনের মাধ্যমে একই পেশা, আগ্রহ ও কর্মক্ষেত্রের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

কাশীতে এক মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে দুই অঞ্চলের তাঁত, হস্তশিল্প, ‘One District One Product’ পণ্য, বই, তথ্যচিত্র, খাদ্য ও শিল্পকলা প্রদর্শিত হয়। পাশাপাশি, শিক্ষাগত আদান-প্রদান, সেমিনার এবং বিশেষজ্ঞ ও গবেষকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

কাশী তামিল সঙ্গমম ২.০
ডিসেম্বর ২০২৩

দ্বিতীয় সংস্করণ ২০২৩-এর ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বারাণসীর নমো ঘাটে অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন।

এই সংস্করণে সফররত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রীর ভাষণ তামিল ভাষায় তাৎক্ষণিকভাবে অনুবাদ করার প্রথম অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়।

এই সংস্করণের কর্মসূচিতে ট্রেনে আট দিনের বারাণসী, প্রয়াগরাজ ও অযোধ্যা সফরের ব্যবস্থা ছিল। প্রতিনিধিরা সাতটি দলে যাত্রা করেন, যার প্রতিটি দলের নাম একটি পবিত্র নদীর নামে রাখা হয়েছিল—গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, নর্মদা, গোদাবরী এবং কাবেরী।

এই সংস্করণে অন্তর্ভুক্ত ছিল:

- তামিলনাড়ু ও কাশীর শিল্প, তাঁত, হস্তশিল্প ও খাদ্যসংস্কৃতির প্রদর্শনী।
- নমো ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠান।
- সাহিত্য, প্রাচীন গ্রন্থ, দর্শন, আধ্যাত্মিকতা, সংগীত, নৃত্য, নাটক, যোগ, আয়ুর্বেদ এবং আধুনিক উদ্ভাবন নিয়ে শিক্ষাগত আদান-প্রদান।

কাশী তামিল সঙ্গমম ৩.০
ফেব্রুয়ারি ২০২৫

তৃতীয় সংস্করণ ২০২৫-এর ১৫ থেকে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এই সংস্করণে ঋষি অগস্ত্যের ঐতিহ্য তুলে ধরা হয় এবং ভারতীয় জ্ঞানচর্চার ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক আলোচনার সংযোগ স্থাপন করা হয়।

তামিলনাড়ু থেকে প্রায় ১,০০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও, বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২০০ জন শিক্ষার্থী অংশ নেন।

এই সংস্করণে প্রথমবারের মতো প্রয়াগরাজের মহাকুম্ভ এবং অযোধ্যার নবনির্মিত রাম মন্দির পরিদর্শনের কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়।

কাশীতে ঋষি অগস্ত্যকে কেন্দ্র করে একটি প্রদর্শনী, তাঁর গবেষণা ও জ্ঞানচর্চা নিয়ে সেমিনার, কর্মশালা এবং বই প্রকাশের পরিকল্পনা করা হয়।

এই সংস্করণ জাতীয় শিক্ষানীতি ২০২০-এর ভারতীয় জ্ঞানব্যবস্থাকে আধুনিক জ্ঞানব্যবস্থার সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

এই সংস্করণে ৮৬৯-এরও বেশি শিল্পী এবং ১৯০টি স্থানীয় লোক ও শাস্ত্রীয় শিল্পগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং প্রায় ২ লক্ষ দর্শক অংশগ্রহণ করেন।

কাশী তামিল সঙ্গমম ৪.০
ডিসেম্বর ২০২৫

চতুর্থ সংস্করণ ২০২৫-এর ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর বিষয়বস্তু ছিল “Tamil Karkalam – Let us learn Tamil”।

তামিলনাড়ু থেকে সাতটি বিভাগে ১,৪০০-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ৫০ জন প্রশিক্ষিত তামিল শিক্ষক ও সমন্বয়কারীর বারাণসীতে আগমন এবং ৫০টি স্কুলে ১,৫০০-এরও বেশি শিক্ষার্থীকে প্রাথমিক তামিল ভাষা শেখানো।

Tamil Karpom উদ্যোগের আওতায় কাশীর ৩০০ কলেজ শিক্ষার্থীর জন্য তামিলনাড়ুতে তামিল ভাষা শেখার শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়।

এছাড়াও, Sage Agastya Vehicle Expedition তেনকাশি থেকে কাশী পর্যন্ত যাত্রা করে, যা দুই অঞ্চলের অভিন্ন সাংস্কৃতিক ও সভ্যতাগত ঐতিহ্য তুলে ধরে।

ভারতীয় রেল প্রতিনিধিদের জন্য সাতটি বিশেষ ট্রেন পরিচালনা করে। প্রাচীন তামিল গ্রন্থ Tolkappiyam-এর চারটি ভারতীয় ভাষা এবং ছয়টি বিদেশি ভাষায় অনুবাদ প্রকাশ করা হয়।

এই সংস্করণের সমাপনী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর ২০২৫ রামেশ্বরমে অনুষ্ঠিত হয়।

অভিন্ন সভ্যতাগত ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া

কাশী তামিল সঙ্গমম ভারতের দীর্ঘদিনের সাংস্কৃতিক আদান-প্রদানের ঐতিহ্যকে প্রতিফলিত করে, যেখানে ভাষা, সাহিত্য, জ্ঞান এবং অভিন্ন জীবনাচরণ বিভিন্ন অঞ্চলের জনগণকে সংযুক্ত করেছে। সরাসরি মতবিনিময় ও শিক্ষার মাধ্যমে মানুষকে একত্রিত করে এই উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং তামিলনাড়ু ও কাশীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।

তিরুক্কুরলকে কেন্দ্র করে পঞ্চম সংস্করণ সঙ্গমমের ঐতিহ্যবাহী পরিসরকে আরও প্রসারিত করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

ভাষাগত ও আঞ্চলিক সীমানা অতিক্রম করে একটি প্রাচীন তামিল সাহিত্য ও দর্শনগ্রন্থের অধ্যয়নকে উৎসাহিত করার মাধ্যমে এই উদ্যোগ ভারতের সাহিত্যিক ও দার্শনিক ঐতিহ্যকে আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করে তুলতে চায়।

এইভাবে কাশী তামিল সঙ্গমম ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে এগিয়ে নিয়ে চলেছে—অভিন্ন জ্ঞান, সাংস্কৃতিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে।

তথ্যবিবরণী:

Ministry of Education

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326535

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332761

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198004

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877338

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1869678

https://kashitamil.iitm.ac.in/

https://kashitamil.iitm.ac.in/programs

https://kashitamil.iitm.ac.in/events

https://www.kts.cict.in/about

https://www.kts.cict.in/programme

https://www.kts.cict.in/partners

https://www.kts.cict.in/schedule

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/feb/doc2025214502301.pdf

Prime Minister's Office

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197770

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877325

Vice President's Secretariat

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197743

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209893

Ministry of Railways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197516

Special Service and Features (PIB)

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1980376

PIB Backgrounders

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc2025121712401.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc202562561301.pdf

Click here to see pdf

 

*******

SSS/PK...


(রিলিজ আইডি: 2341336) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil