প্রকাশিত:
23 NOV 2026 8:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
গুরু প্যারি সাধ সঙ্গত জি, ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ!
শিখ সম্প্রদায়ের শ্রদ্ধেয় সাধু-সন্তগণ, দিল্লির উপরাজ্যপাল শ্রী তরনজিৎ সিং সান্ধু, দিল্লির মুখ্যমন্ত্রী বোন রেখা গুপ্তা, সংসদে আমার সহকর্মীবৃন্দ, দিল্লি সরকারের অন্যান্য মন্ত্রী, উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
এই পবিত্র পরিবেশে আমি শ্রী গুরু নানক দেবজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রকাশ পর্ব উপলক্ষে দেশের সকল মানুষকে জানাই অপার শুভেচ্ছা ও অভিনন্দন। গুরু পরবের এই পবিত্র দিনে শবদ-কীর্তনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমি শ্রী তরনজিৎ সিং সান্ধুর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বন্ধুগণ,
গুরুবাণীর প্রতিটি শব্দ এবং কীর্তনের প্রতিটি সুর কেবল সংগীত নয়। এগুলি নিজের মধ্যেই এক-একটি আধ্যাত্মিক সাধনা। জ্ঞানের মহাসাগরে অবগাহনের মতো। তাই যখনই এ ধরনের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পাই, যখনই সুযোগ হয়, তখনই সঙ্গত ও কীর্তনে উপস্থিত থাকার চেষ্টা করি।
বন্ধুগণ,
শ্রী গুরু নানক দেবজি বলতেন—‘কিরত করো, ভণ্ড ছকো, নাম জপো’। অর্থাৎ সৎ উপায়ে উপার্জন করো, অন্যের সঙ্গে ভাগ করে খাও এবং ঈশ্বরের নাম স্মরণ করো। এই শিক্ষাগুলি আমার জীবনেও স্বাভাবিকভাবেই মিশে রয়েছে। গুরুদ্বারে মাথা নত করা, গুরুবাণীতে ডুবে যাওয়া ও আধ্যাত্মিক আনন্দ অনুভব করা, সেবার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া এবং তারপর লঙ্গরে প্রসাদ গ্রহণ করা—শৈশব থেকে শুরু করে সংগঠনের কর্মী হিসেবে কাজ করার দিনগুলি পর্যন্ত আমার জীবনের এই ধারাটি অবিচ্ছিন্নভাবে চলে এসেছে। বহুবার শ্রী হরমন্দির সাহিবে মাথা নত করার সৌভাগ্য আমার হয়েছে। আমার পুরনো সহকর্মীরা জানেন, পাঞ্জাবেও আমি দীর্ঘ সময় কাটিয়েছি। জীবনের সেই সময়টি আজও আমার কাছে অত্যন্ত বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।
ভাই ও বোনেরা,
গুরুর কৃপায় শিখ সাধু-সন্তদের সান্নিধ্য আমি বারবার পেয়েছি। প্রধানমন্ত্রীর বাসভবনেও বহু শিখ সাধু ও জ্ঞানী ব্যক্তিকে আতিথেয়তা জানানোর সৌভাগ্য আমার হয়েছে। আজকের এই সমাবেশে আমাদের সাধু-সন্তদের উপস্থিতি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে। এই উপলক্ষে আমি সকল সাধু-সন্ত ও জ্ঞানী ব্যক্তির চরণে প্রণাম জানাই। শিখ সম্প্রদায়ের সকল ভাই ও বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বন্ধুগণ,
এ বছরের প্রকাশ পরবের সঙ্গে আরও একটি পবিত্র স্মরণ জড়িয়ে রয়েছে। এ বছর শ্রী গুরু তেগ বাহাদুর জির শহীদ হবার ৩৫০ বছর পূর্ণ হচ্ছে। এই দিল্লির মাটিতেই দেশের পরিচয়, ধর্মবিশ্বাস, আস্থা ও মূল্যবোধ রক্ষার জন্য গুরু সাহিব নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেই ঘটনার সাড়ে তিনশো বছর পেরিয়ে গেলেও তাঁর আত্মবলিদানের প্রেরণা আজও ভারতের মাটির গভীরে, দেশের প্রতিটি ধূলিকণায় মিশে রয়েছে। এ দেশের মানুষ তাঁর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে।
বন্ধুগণ,
দেশ ও সংস্কৃতির জন্য সর্বস্ব উৎসর্গ করার চেতনা শিখ পরম্পরার সঙ্গে চিরকাল ওতপ্রোতভাবে জড়িত। ভাই মতি দাস জি, ভাই সতি দাস জি এবং ভাই দয়ালা জির আত্মবলিদান আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতা সংগ্রামের সময়ও এই আত্মত্যাগের ধারা অব্যাহত ছিল। আমাদের উপরাজ্যপাল যেমন বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, সরদার তেজা সিং সমুন্দরি জি এই পরম্পরার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গুরুদ্বার সংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিজের সমগ্র জীবন তিনি সেবার কাজে উৎসর্গ করেছিলেন। এ বছর তাঁর শহীদ হওয়ারও শতবর্ষ পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে তাঁকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই।
বন্ধুগণ,
ভারত শতাব্দীর পর শতাব্দী পরাধীনতার যন্ত্রণা সহ্য করেছে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলিতেও গুরুরা দেশ ও জাতির সুরক্ষার শিখা জ্বালিয়ে রেখেছিলেন। আজ যখন আমাদের সামনে দেশের উন্নয়নের নানা মহৎ সংকল্প রয়েছে, যখন বিকশিত ভারতের লক্ষ্য আমাদের সামনে, তখন গুরুদের প্রেরণা এবং তাঁদের আদর্শের শক্তিতেই এই যাত্রা সম্পূর্ণ হতে পারে। তাই শিখ পরম্পরা ও শিখ ধর্মের ঐতিহ্যকে সমাজের সামনে আলোকবর্তিকার মতো উজ্জ্বল করে রাখা আমাদের দায়িত্ব।
বন্ধুগণ,
গত ১২ বছরে এই দায়িত্ব পালনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। শ্রী গুরু গোবিন্দ সিং জির ৩৫০তম প্রকাশ পরব উদ্যাপন করেছি। শ্রী গুরু নানক দেবজির ৫৫০তম প্রকাশ পরব পালন করেছি। ভারতজুড়ে এবং বিদেশেও অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। বিশেষ ট্রেন চালানো হয়েছে। সারা দেশে গুরুবাণীকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইভাবে, শ্রী গুরু তেগ বাহাদুর জির ৪০০তম প্রকাশ পরব উপলক্ষে লালকেল্লায় একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই একই ভাবনা ও শ্রদ্ধার সঙ্গে বর্তমানে আমরা গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদবার্ষিকী পালন করছি।
বন্ধুগণ,
আর এক মাস পর, ২৬ ডিসেম্বর দেশ আবারও বীর বাল দিবস পালন করবে। এই দিনটিকে আমরা জাতীয় স্তরে পালন করতে শুরু করেছি, কারণ সাহিবজাদাদের আত্মবলিদানের অমর কাহিনি, মাতা গুজরির অদম্য সংকল্প এবং তাঁদের অতুলনীয় সাহস ও বীরত্বের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের শিশুরা যখন জানবে, সাহিবজাদা ও গুরুরা কীভাবে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন এবং তাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে কীভাবে আমাদের বিশ্বাস ও ধর্ম রক্ষা পেয়েছিল, তা যখন তারা উপলব্ধি করবে, তখন সেই জ্ঞান ও প্রেরণা দেশপ্রেমে উদ্বুদ্ধ এক নতুন প্রজন্ম গড়ে তুলবে।
গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আমাদের প্রচেষ্টা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাত্র কয়েক দিন আগে আমি ফিলিপিন্সে গিয়েছিলাম। সেখানেও আমি ফিলিপিন্সের প্রাচীনতম গুরুদ্বার খালসা দিওয়ান গুরুদ্বারে গিয়েছিলাম। খালসা দিওয়ান গুরুদ্বারের পুনর্বিকাশের কাজেও ভারত সরকার সহায়তা করছে। আমাদের প্রচেষ্টা হল, গুরুদের আলোকবর্তিকা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাঁদের আশীর্বাদে ভারত যেন উন্নতির নতুন নতুন শিখরে পৌঁছতে পারে।
বন্ধুগণ,
আমরা বলি—‘নানক নাম চড়দি কলা, তেরে ভাণে সর্বত দা ভলা’। সকলের মঙ্গল কামনার এই শিক্ষা আমরা গুরুবাণী থেকেই পেয়েছি। আর সকলের কল্যাণে কাজ করার ভাবনা তখনই জাগে, যখন আমরা প্রত্যেককে আপনজন বলে মনে করতে শিখি।
বন্ধুগণ,
আজ বিশ্বের নানা প্রান্তে সংঘাত চলছে। বহু নিরপরাধ মানুষ ও পরিবার হিংসা এবং অশান্তির শিকার হচ্ছেন। এমন সময়ে ‘সর্বত দা ভলা’—সকলের মঙ্গল কামনার এই চেতনা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা চাই, সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হোক, প্রতিটি পরিবার নিরাপদে থাকুক এবং প্রত্যেক মানুষ যেন মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ পান।
বন্ধুগণ,
গুরু সাহিবের দেওয়া মূল্যবোধের সবচেয়ে বড় পরীক্ষা হয় আমাদের দৈনন্দিন জীবনে। আজ আমাদের সমাজের সামনে এমনই একটি বড় চ্যালেঞ্জ হল মাদকাসক্তির সমস্যা। কারণ, কোনও তরুণ যখন নেশার কবলে পড়ে, তখন তার সঙ্গে একটি গোটা পরিবারের স্বপ্নও ভেঙে যায়।
বন্ধুগণ,
দেশের প্রতিটি তরুণকে নেশামুক্ত থাকতে হবে। তারা নিজেদের স্বপ্ন পূরণ করুক, মন দিয়ে পড়াশোনা করুক, জীবনে উন্নতি করুক এবং পরিবার ও দেশের সম্মান বৃদ্ধি করুক। এই প্রচেষ্টায় পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গত, গুরুদ্বার এবং সামাজিক প্রতিষ্ঠানগুলি সম্মিলিতভাবে তরুণদের সঠিক পথের দিশা দেখাতে পারে এবং সেই পথ বেছে নেওয়ার সাহস জোগাতে পারে। আমার পূর্ণ বিশ্বাস, গুরু সাহিবের আশীর্বাদ এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব।
এই ভাবনা নিয়েই শ্রী গুরু নানক দেবজি মহারাজের পবিত্র প্রকাশ পরব উপলক্ষে আপনাদের সকলকে আরও একবার অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ!
আসুন, আমরা সবাই একসঙ্গে জয়ধ্বনি দিই—বোলে সো নিহাল! সত্ শ্রী অকাল!
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ!
দ্রষ্টব্য: এটি প্রধানমন্ত্রীর ভাষণের মূলানুনুগ অনুবাদ। মূল ভাষণটি হিন্দিতে দেওয়া হয়েছিল।
SC/SD/SKD