প্রকাশিত:
21 NOV 2026 4:22PM by PIB Kolkata
দিল্লী, ২১ নভেম্বর,২০২৬
ভারত মাতার জয়।
ভারত মাতার জয়।
মঞ্চে উপস্থিত বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যায় এখানে উপস্থিত বিহারের আমার প্রিয় ভাই ও বোনেরা।
আমি এখানে মুখ্যমন্ত্রীজি এবং এনডিএ-র সকল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাঁরা আমাকে আপনাদের মধ্যে যাবার সুযোগ করে দিয়েছেন, আপনাদের দর্শন করার সুযোগ দিয়েছেন, আপনাদের সকলকে প্রণাম জানানোর সুযোগ দিয়েছেন।
এত বিশাল জনসমাগম, আমি মনে করি না ক্যামেরায় তা সম্পূর্ণভাবে ধরা সম্ভব হবে।
এত বড় জনসমুদ্র!
উন্নয়নের প্রতি মানুষের এই জাগরণের এক জীবন্ত প্রমাণ এটি।
বন্ধুগণ,
লোকআস্থার মহাপর্ব ছট সদ্য সম্পন্ন হয়েছে। আমাদের মা ও বোনেরা কঠোর নির্জলা উপবাস পালন করে পরিবার, সমাজ এবং সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করেছেন। এখন ছটিমাইয়ার আশীর্বাদে আমরা এখানে উন্নয়নের উৎসব পালন করছি।
বন্ধুগণ,
বিহারের এই উন্নয়নের যাত্রায় আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছি। আমরা গণতন্ত্রের শক্তিকে জনকল্যাণের মাধ্যম করে তুলেছি। আর সেই কারণেই আজ, এনডিএ সরকার তার এই কার্যকালের এক বছর পূর্ণ করছে। এই উপলক্ষে আয়োজনের জন্য গণতন্ত্রের এই মহান ভূমি বৈশালীকে বেছে নেওয়া হয়েছে। এই উপলক্ষে আমি বৈশালী ও বিহারের মাটিকে প্রণাম জানাই। এনডিএ-র সমস্ত শরিক দল, লক্ষ লক্ষ কর্মী এবং বিহারের সকল বাসিন্দাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্ধুগণ,
প্রায় তিন দশক আগে বিহার আশা ও বিশ্বাসের এক নতুন পথ বেছে নিয়েছিল। যে বিহারকে কয়েক দশক ধরে দুরবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, শ্রদ্ধেয় নীতীশজির নেতৃত্বে সেই বিহার সুশাসনের এক নতুন আস্থা অর্জন করেছে। নীতীশজি এত বছর মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের সেবা করেছেন। এখন নীতীশজির আশীর্বাদ নিয়ে সম্রাট চৌধুরীজি এবং তাঁর সম্পূর্ণ দল এই উন্নয়নের অভিযানকে এগিয়ে নিয়ে চলেছেন।
এই ধারাবাহিকতায় আজ এখানেও হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। আর আমার পূর্ণ বিশ্বাস, আমার বন্ধু রামবিলাসজির আত্মা যেখানেই থাকুন না কেন, তিনি এখন আমাদের ওপর পুষ্পবৃষ্টি করছেন, কারণ আমরা তাঁর স্বপ্নগুলিকে বাস্তবায়িত করছি।
বন্ধুগণ,
গঙ্গা মাইয়ার ওপর নির্মিত দিঘা-বিদুপুর ছয় লেনের কেবল-স্টে সেতুটি আজ জনসাধারণের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। এই আধুনিক সেতুটির নাম শ্রদ্ধেয় নীতীশজির সম্মানে ‘নীতীশ সেতু’ রাখা হয়েছে। এটি বিহারবাসীর পক্ষ থেকে তাঁর সেবার প্রতি নিষ্ঠা ও আত্মনিবেদনের স্বীকৃতি এবং সম্মানের প্রতীক।
এই সেতুর ফলে পাটনা ও বৈশালীর মধ্যে দূরত্ব ও যাতায়াতের অসুবিধা অনেকটাই কমে গেছে। এখন ফসল, ফলমূল, শাকসবজি, দুধ ও দই বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়া আরও সহজ হবে। এখানকার যুবকদের পড়াশোনার ক্ষেত্রে এবং প্রবীণদের চিকিৎসা ও ওষুধপত্র পাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।
বন্ধুগণ,
বিহারে আধুনিক সড়কের নেটওয়ার্কও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আজ ঔরঙ্গাবাদ-চোরদাহা ছয় লেনের মহাসড়কটি উদ্বোধন করা হয়েছে।
বন্ধুগণ,
আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে উত্তরপ্রদেশে পৌঁছতে হবে। আপনাদের এই ভালোবাসা আমি মাথা পেতে গ্রহণ করছি। আমার হাতে সময় খুব কম, তাই আজ এখানেই বক্তব্য শেষ করতে হবে। তবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ এই অনুষ্ঠানে আমি যে যুবকদের দেখছিলাম, তাঁদের উপস্থিতি সত্যিই মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। আমার দেশের, আমার বিহারের যুবসমাজ উন্নয়নের মাহাত্ম্য কী, তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছে। আর সেই কারণেই যুবকদের মধ্যে এত উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি।
বন্ধুগণ,
আজ একাধিক মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। এই প্রকল্পগুলিতে কয়েকশো কোটি টাকা ব্যয় করা হবে।
বন্ধুগণ,
সড়ক যোগাযোগের নেটওয়ার্কের পাশাপাশি বিহারে বিদ্যুৎ ও নগর উন্নয়নের চিত্রও দ্রুত বদলে যাচ্ছে। এই দিশায় বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ, পীরপৈঁতি তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন, ফুলওয়ারিয়া বাঁধ এবং সেখানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো বড় বড় কাজও সম্পন্ন হয়েছে।
একটা সময় ছিল, যখন বিহারের হাজার হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। আজ সেই বিহারই বিদ্যুৎ উৎপাদনের একটি বড় কেন্দ্র হয়ে উঠছে।
ভাই ও বোনেরা,
আজ শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও সুগম করে তুলতে ১০০টি আধুনিক পিএম-ই-বাসেরও সূচনা করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আজ হাজার হাজার দরিদ্র পরিবারের হাতে তাঁদের পাকা বাড়ির চাবিও তুলে দেওয়া হয়েছে। এই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য আমি বিহারের জনগণকে অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
আমাদের বিহার দীর্ঘ পথ অতিক্রম করে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। নচেৎ, আপনারা একবার মনে করে দেখুন, এনডিএ-র শাসন প্রতিষ্ঠার আগে পরিস্থিতি কেমন ছিল? তখন কেবল দুর্নীতির কেলেঙ্কারির হিসাবই সামনে আসত। আর আজ বিহারে যে বিনিয়োগ হচ্ছে, তার পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। তখন অপরাধের পরিসংখ্যান সামনে আসত। আর এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে অপরাধীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ। এনডিএ-র শাসনকালে উন্নয়নের প্রতিযোগিতা চোখে পড়ছে। উত্তর বিহার হোক, নালন্দা-গয়াজি হোক, শাহাবাদ-কাইমুর হোক কিংবা রাজধানী পাটনা—প্রতিটি এলাকাতেই উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে।
বন্ধুগণ,
ডাবল ইঞ্জিন সরকারে বিহারের উন্নয়নের গতি কতটা, গত এক বছরে সম্পন্ন হওয়া কাজগুলিই তার উদাহরণ। আপনারা দেখুন, এনডিএ সরকারের আমলে বিহারে ২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গয়াজিতে ৬ হাজার কোটি টাকার ইস্পাত প্রকল্পের কাজ শুরু হচ্ছে। মতিহারিসহ বন্ধ হয়ে থাকা চিনিকলগুলি পুনরায় চালু করার লক্ষ্যে নতুন আখচাষ উৎসাহ নীতি চালু করা হয়েছে। কৃষকদের প্রতিটি খেতে জল পৌঁছে দিতে ১১ হাজার নতুন নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেচের জন্য ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বছরে ২০০-রও বেশি নতুন ডিগ্রি কলেজ চালু হয়েছে। আমাদের কন্যাদের জন্য ‘মা সীতা মহিলা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। বিহারের উন্নয়নের এই তালিকা এতটাই দীর্ঘ যে, কোনও একটি মঞ্চ থেকে তার সম্পূর্ণ বিবরণ তুলে ধরা সম্ভব নয়। বিহারের উন্নয়নকে অনুভব করতে হলে এখানে এসেই তা উপলব্ধি করতে হবে।
বন্ধুগণ,
যখন সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়, তখন তার ফলও দৃশ্যমান হয়। যে দেশে কংগ্রেস কয়েক দশক ধরে ‘গরিবি হটাও’-এর স্লোগান দিয়ে এসেছে, দরিদ্র মানুষকে বিভ্রান্ত করেছে এবং ভোট আদায় করেছে, সেই দেশেই মাত্র ১২ বছরের মধ্যে আমরা ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছি। এটি সরকারের সদিচ্ছা ও দৃঢ় সংকল্পেরই ফল। এটি দরিদ্র মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন প্রকল্পেরই সুফল।
বন্ধুগণ,
দারিদ্র্যের বিরুদ্ধে দেশ এই লড়াইয়ে জয়ী হচ্ছে, কারণ আমরা কোটি কোটি দরিদ্র মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলা এবং তাঁদের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছি। আমরা ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করেছি। কোটি কোটি পরিবারকে পাকা বাড়ি দিয়ে তাঁদের মধ্যে নিরাপত্তার বোধ জাগিয়ে তুলেছি। বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা দিয়ে ব্যয়বহুল চিকিৎসার বোঝা থেকে তাঁদের মুক্ত করেছি। শৌচাগার, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করে কোটি কোটি দরিদ্র মানুষকে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দিয়েছি। এর ফলে, যাঁরা একসময় দরিদ্র ছিলেন, তাঁদের মধ্যেও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে। তাঁরা দারিদ্র্যকে পরাস্ত করে জীবনে এগিয়ে চলেছেন।
বন্ধুগণ,
দারিদ্র্যের বিরুদ্ধে এই অভিযানে বিহারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে ডবল ইঞ্জিন সরকার এখানে পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প প্রণয়ন করেছে এবং রাজ্যে এনডিএ সরকার সেগুলি বাস্তবায়িত করেছে। জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।
আপনারা দেখুন, বিহারে ৪৩ লক্ষ পরিবার পাকা বাড়ি পেয়েছে। চলতি বছরের আগস্ট মাসেই আরও ১১ লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। বিহারের প্রায় ৭৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম-কিষান সম্মান নিধির আওতায় হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকার যে সহায়তা প্রদান করেছে, তার ফলে এখানকার ৫০ লক্ষ গ্রামীণ মহিলা ‘লাখপতি দিদি’ হয়ে উঠেছেন।
এই ধরনের উদ্যোগেরই ফলস্বরূপ আজ বিহারের কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠে এসেছেন এবং দেশও এই সাফল্য অর্জন করতে পেরেছে।
বন্ধুগণ,
এখন আমাদের থামলেও চলবে না, ক্লান্ত হলেও চলবে না। এনডিএ-র সকল শরিক দলকে মিলিতভাবে সক্ষম, সমৃদ্ধ ও আত্মনির্ভর বিহার গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে যেতে হবে। এই সংকল্প নিয়েই, এই অভূতপূর্ব উন্নয়নের যাত্রার জন্য আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ!
ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!
অসংখ্য ধন্যবাদ!
SC....