প্রকাশিত:
20 NOV 2026 8:09PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ নভেম্বর ২০২৬
শ্রদ্ধেয় এসসিও-র মহাসচিব, ভারতের সংস্কৃতি মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রীরা, রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা, উপস্থিত বিশিষ্ট পণ্ডিত ও শিল্পীরা, এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির অতিধিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,
এসসিও-র প্রথম সভ্যতা বিষয়ক আলোচনার ফোরাম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে ভারতে আসা প্রত্যেক অতিথিকে আমি স্বাগত জানাই , আপনাদের সকলকে শুভেচ্ছা । যখন বিশ্বজুড়ে যুদ্ধ ও অশান্ত পরিস্থিতি বিভিন্ন আলোচনায় প্রাধান্য পাচ্ছে, তখন আমরা ভারতে সভ্যতাগত সংযোগ নিয়ে আলোচনায় বসেছি। বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল এই আলোচনা , তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর তাই, আজকের এই আয়োজনের তাৎপর্য আরও অনেক বেড়ে গেছে।
বন্ধুগণ,
মাত্র কয়েক মাস আগেই সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও-র প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হল। গত কয়েক বছরে, এসসিও নিরাপত্তা, অর্থনীতি এবং যোগাযোগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। এই আবহে, সাংস্কৃতিক ও সভ্যতাগত সহযোগিতা বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমি নিশ্চিত যে, এই ফোরাম নতুন নতুন ভাবনার জন্ম দেবে, সাংস্কৃতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আমাদের অভিন্ন সভ্যতাগত অভিজ্ঞতা বিশ্বকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বন্ধু্গণ,
আমরা এখন দিল্লির ‘পুরাণা কিলা’য় রয়েছি। এই পুরাণা কিলা ভারতের এক অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য। এর ইতিহাস যেমন আকর্ষণীয়, তেমনি এর সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলোও খুব চিত্তাকর্ষক। আপনারা হয়তো ইতিমধ্যেই এ সম্পর্কে জেনেছেন। পণ্ডিতদের মতে, এই দুর্গের ইতিহাস হাজার হাজার বছর আগের, মহাভারতের যুগ পর্যন্ত বিস্তৃত। এমন এক প্রাচীন স্থানে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা, বৈদিক মন্ত্রের প্রাণবন্ত উচ্চারণ, বৌদ্ধ দর্শনের উপস্থাপন এবং হনুমানজির যাত্রার আখ্যান—এগুলি শুধু ভারতের সংস্কৃতিকেই তুলে ধরেনি, বরং মানবজাতির জন্য ভালোবাসা ও ঐক্যের বার্তাও পৌঁছে দিয়েছে।
এই ভাবনা চিন্তা এবং এই শিক্ষাগুলি যেমন প্রাচীন, তেমনই সর্বজনীন। ভূ- রাজনৈতিক সীমানার ঊর্ধ্বে উঠে এগুলি আমাদের একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে সংযুক্ত করে। এটি যেমন এই সম্মেলনের উদ্দেশ্য আবার বর্তমান সময়ের চাহিদাও এটাই। আমি আশা করি, আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং একে ঐতিহাসিক করে তোলার মাধ্যমে নতুন এক ঐতিহ্যের ভিত্তি গড়ে তুলবেন—এমন এক ঐতিহ্য, যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের মনে রাখবে।
আজ আন্তর্জাতিকস্তরে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই পন্থাটি আমাদের পূর্বপুরুষরা বহু শতাব্দী ধরে সমৃদ্ধ করেছেন। প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। পরবর্তীকালে, অন্যান্য বাণিজ্য পথ এই যোগাযোগকে আরও প্রসারিত করে। ভারত, চীন, মধ্য এশিয়া এবং ইউরেশিয়ার অনেক অঞ্চল প্রাচীন এই বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ছিল। এই পথ ধরে কেবল ব্যবসায়ীরাই নন, বরং পণ্ডিত, পর্যটক এবং বৌদ্ধ ভিক্ষুরাও যাতায়াত করতেন। এই যাওয়া আসা গুলি বিভিন্ন ধারণা, ভাষা ও ঐতিহ্যের আদান-প্রদানকে সহজতর করেছিল। গান্ধার ও মধ্য এশিয়ার পথ ধরে বৌদ্ধ ধর্মগ্রন্থের বিষয়গুলি চীনে পৌঁছেছিল। কুচা ও দুনহুয়াং এর মতো স্থানগুলি এই যাত্রাপথের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ফা হিয়েন, হিউয়েন সাং এবং ইত সিং-এর মতো পণ্ডিতরা চীন থেকে ভারতে এসেছিলেন। তাঁরা ভারতের জ্ঞান চর্চার ঐতিহ্য অনুধাবন করে নিজ দেশে ফিরে গিয়েছিলেন। নালন্দার মতো বিশ্ববিদ্যালয়গুলি এই জ্ঞান বিনিময়ের কেন্দ্র হয়ে উঠেছিল। মধ্য এশিয়ার কুচায় জন্মগ্রহণকারী কুমারজীবের মতো পণ্ডিতরা বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিকে চীনা ভাষায় অনুবাদ করেছিলেন। এভাবেই মানব সভ্যতা ক্রমাগত সমৃদ্ধ ও বিকশিত হয়েছে। আমার বিশ্বাস, সাম্রাজ্যগুলি হয়তো বিশ্বের মানচিত্র বদলে দিয়েছে, কিন্তু সভ্যতার মধ্যে যে আলোচনা ও মতবিনিময় হত, সেগুলি বিশ্বের চিন্তাধারাকে বদলে দিয়েছে। চিন্তা করার ক্ষমতাকে শক্তিশালী করেছে। তাই, এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম শুধু একটি আনুষ্ঠানিক মঞ্চ নয়; এটি বিশ্বকে নতুন পথ দেখাবে।
বন্ধুগণ,
অর্জিত জ্ঞান যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তার প্রকাশের ধরন হয়তো বদলে যেতে পারে, কিন্তু তার প্রভাব ও ভূমিকা অপরিবর্তিত থাকে। জ্ঞান যে রূপই ধারণ করুক না কেন, জ্ঞানের আলো কিন্তু ছড়িয়ে যায়। এর একটি বড় উদাহরণ হলো ভারতের ‘পঞ্চতন্ত্র’। এর গল্পগুলো ফারসি ভাষায় এবং পরবর্তীকালে আরবি ভাষায় অনুদিত হয়। 'কালিলা ওয়া দিমনা'-এর রূপ নিয়ে এই গল্পগুলি নতুনভাবে প্রকাশিত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অমর হয়ে ওঠে। একইভাবে, রামায়ণ যখন ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছায়, তখন তা সেখানে একই ভাবনাকে আরও সুদৃঢ় করে তোলে। কম্বোডিয়ায় রামায়ণ 'রিমকের' হয়ে ওঠে এবং সেখানকার স্থানীয় সংস্কৃতি অনুসারে শিল্প ও সাহিত্যে নিজের স্থান করে নেয়।
বন্ধুগণ,
এই আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদান বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ ছিল। মহান ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্তের গবেষণা বাগদাদে পৌঁছেছিল। সেখানে আল-খোয়ারিজমির মতো পণ্ডিতরা গাণিতিক জ্ঞানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
বন্ধুগণ,
স্থাপত্য ও সঙ্গীতের ক্ষেত্রেও আমরা এই অভিন্ন যাত্রার অনেক নিদর্শন দেখতে পাই। মধ্য এশিয়ার 'মাকাম' ঐতিহ্য এবং ভারতের 'রাগ' ঐতিহ্যের মধ্যে গভীর সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। সুফি দর্শন ও সঙ্গীত ঐতিহ্য ভারতে কাওয়ালি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মধ্য এশিয়ার সমরকন্দ ও হেরাতের উদ্যান-রীতি ভারতের 'চারবাগ' শৈলীকে প্রভাবিত করে। এই আদান-প্রদান আজও যাতে অবাধে হয়, তা নিশ্চিত করার ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন এবং এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন্ধুগণ,
আজ আমাদের সামনে আগের চেয়ে অনেক বেশি সুযোগ রয়েছে। একবিংশ শতাব্দীর প্রযুক্তি বিশ্বজুড়ে সাংস্কৃতিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। যে পথ পাড়ি দিতে আমাদের পূর্বপুরুষদের একসময় মাসের পর মাস লেগে যেত, আজ প্রযুক্তির কল্যাণে সেই দেশগুলির মানুষ একে অপরের সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই যুক্ত হতে পারছেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলি তথ্যের আদান-প্রদান, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আগের চেয়ে অনেক সহজ করে তুলেছে। এসসিও গোষ্ঠী ভুক্ত দেশগুলির উচিত এই নতুন সুযোগকে পুরোপুরি কাজে লাগানো।
বন্ধুগণ,
আজ, আপনাদের মতো বিশিষ্ট অতিথিদের সামনে আমি এ বিষয়ে কিছু বলতে রাখতে চাই। আমাদের দেশগুলির জাদুঘর, গ্রন্থাগার এবং সংগ্রহশালায় হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা অমূল্য ঐতিহ্য সংরক্ষিত রয়েছে। প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ গ্রন্থ, ঐতিহাসিক নথিপত্র এবং বিভিন্ন প্রত্নবস্তু আমাদের অভিন্ন সম্পর্কের নানা দিক উন্মোচন করে। বর্তমান প্রযুক্তি এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক চমৎকার সুযোগ করে দিয়েছে। আমরা প্রাচীন গ্রন্থগুলির ডিজিটালাইজেশন করে এবং অনুবাদের ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে পারি। যৌথ গবেষণামূলক প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অভিন্ন ইতিহাসের নতুন দিকগুলি পৃথিবীর সামনে তুলে ধরতে পারি। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তে বসে থাকা একজন তরুণ অন্য কোনো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবে।
বন্ধুগণ,
আমাদের অনেক মহান সাহিত্যকর্ম এখনো কেবল কয়েকটি নির্দিষ্ট ভাষাতেই সীমাবদ্ধ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই সাহিত্যকর্মগুলির অনুবাদের কাজ অনেক দ্রুত করা সম্ভব। আজ আমাদের হাতে আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তিগত সরঞ্জাম রয়েছে; আমাদের উচিত সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করা।
বন্ধুগণ,
সাংস্কৃতিক আদানপ্রদানের আরও অনেক সুযোগ রয়েছে যেগুলি নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি। যেমন ধরুন আমাদের দেশগুলির জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি যৌথ প্রদর্শনীর আয়োজন করতে পারে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলি পণ্ডিত ও গবেষকদের জন্য বিনিময় কর্মসূচিকে উৎসাহিত করতে পারে। সাংস্কৃতিক পর্যটনও আমাদের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে। আমাদের দেশগুলির সঙ্গে ‘সিল্ক রোড’ এবং বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে যুক্ত অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। আমরা ‘হেরিটেজ সার্কিট’ এবং সাংস্কৃতিক রুটের মাধ্যমে সেগুলোকে যুক্ত করার সম্ভাবনার বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করতে পারি। একইভাবে, যৌথ সাংস্কৃতিক উৎসব এবং শিল্পীদের বিনিময় কর্মসূচি আমাদের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে পারে। আমার বিশ্বাস, এ ধরনের উদ্যোগ আমাদের নাগরিকদের একে অপরের সংস্কৃতিকে আরও নিবিড়ভাবে বোঝার সুযোগ করে দেবে।
বন্ধুগণ,
আজ আমরা যে সভ্যতা সংক্রান্ত আলোচনার সূচনা করছি, আগামী দশকগুলিতে তাকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তরুণ প্রজন্মের ওপর বর্তায়। আজকের যুব সম্প্রদায় প্রযুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত এবং তারা পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে চায়। আমাদের তরুণদের একে অপরের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার আরও বেশি সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের তরুণ শিল্পী, লেখক ও চলচ্চিত্র নির্মাতারা ডিজিটাল মাধ্যম এবং অন্যান্য সৃজনশীল প্ল্যাটফর্মের সাহায্যে আমাদের অভিন্ন ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারেন। স্থানীয় শিল্পী ও কারুশিল্পীদেরও এই উদ্যোগে র সঙ্গে যুক্ত করতে হবে।
বন্ধুগণ,
ভারতে, যখন আমরা কোনো পূজা বা অনুষ্ঠান করি, তখন তার শেষে আমরা এই বলে প্রার্থনা করি: সকল প্রাণীর মধ্যে সদ্ভাবনা বিরাজ করুক। বিশ্বের কল্যাণ হোক। এর কারণ , আমাদের সংস্কৃতি আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শ শিখিয়েছে—অর্থাৎ, সমগ্র বিশ্ব এক পরিবার। তাই, আমাদের নিজেদের কল্যাণের আকাঙ্ক্ষা বিশ্বের কল্যাণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আমরা পারস্পরিক সম্প্রীতিকেই বিশ্ব কল্যাণের ভিত্তি বলে মনে করি।
বন্ধুগণ,
পারস্পরিক সম্প্রীতির জন্য সবচেয়ে জরুরি হলো পারস্পরিক আস্থা। আর পারস্পরিক আস্থা তখনই গড়ে ওঠে, যখন আমরা উপলব্ধি করি আমাদের মধ্যে কিছু অভিন্ন বিষয় রয়েছে। তাই, আজ আমাদের মধ্যে যা কিছু অভিন্ন, তার ওপর দৃষ্টিপাত করা প্রয়োজন। ভারতের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমরা এই যে উদার মনোভাব পোশণ করি, তার কারণ আমাদের বৈচিত্র্যই আমাদের ঐক্যের ভিত্তি । আর সে কারণেই, বহু ভাষা, জীবনশৈলী ও ঐতিহ্য থাকা সত্ত্বেও, ভারতে আমরা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারতে আমরা বৈচিত্র্যকে গ্রহণ করি, বৈচিত্র্যকে উদ্যাপন করি। এই অনুপ্রেরণা আমরা পাই আমাদের বেদ থেকে—যার মন্ত্রোচ্চারণ এই অনুষ্ঠানের শুরুতে আমরা শুনেছি।
বন্ধুগণ,
আমাদের বেদে আছে: ‘সংগচ্ছধ্বং সংবদধ্বং সং বো মনাংসি জানতাম’—অর্থাৎ, আসুন আমরা একসঙ্গে চলি, একে অপরের সঙ্গে আলোচনা যুক্ত হই এবং আমাদের ভাবনাচিন্তায় সম্প্রীতি বজায় রাখি। এই ভাবনাকে পাথেয় করে, ‘এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এর প্রথম আয়োজনে আমি আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাই। প্রথম আয়োজন হওয়ায় এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে। আপনাদের আলোচনা সফল ও ফলপ্রসু হোক—সেই শুভেচ্ছা জানাই।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ!
নমস্কার।
( প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল)
SC/ CB/ AS