প্রকাশিত:
20 NOV 2026 4:18PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ নভেম্বর পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ সফর করবেন। তিনি সকাল ৯-৪৫ মিনিটে খড়্গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিহারের বৈশালীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৈশালীর পর শ্রী মোদী যাবেন উত্তরপ্রদেশে। লক্ষ্ণৌর গোমতীনগরে বিকেল ৫-৩০ মিনিটে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে যোগ দেবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী মোদী ভাষণও দেবেন।
খড়্গপুরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খড়্গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রতিষ্ঠানের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে তিনি ৭৫ জন ছাত্রছাত্রীর সঙ্গে মতবিনিময় করবেন।
১৯৫১ সালে খড়্গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয়। দেশের মধ্যে এটিই প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠান ভারতের কারিগরি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
লক্ষ্ণৌ-এ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে অংশগ্রহণ করবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে দক্ষতা বিকাশ এবং দক্ষ যুবকদের প্রশিক্ষণের পর কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগের ক্ষেত্রে উৎকর্ষতা নির্ধারণে কৌশল দীক্ষান্ত সমারোহ জাতীয় মঞ্চ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রথম অনুষ্ঠান থেকেই এখানে সর্বভারতীয় স্তরের শীর্ষ স্থানাধিকারীদের স্বীকৃতি দেওয়া হয়। দক্ষতা বিকাশ কর্মসূচি, কারিগরি শিক্ষার সাফল্য এবং এই ধরনের শিক্ষা গ্রহণে উৎসাহদানের পাশাপাশি দক্ষ শ্রমিক গড়ে তুলতে এই কর্মসূচি বিশেষ সহায়ক হয়।
এ বছর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউ বা আইটিআই, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট বা এনএসটিআই এবং ইনস্টিটিউটস ফর ট্রেনিং অফ ট্রেনার্স বা আইটিওটিএস-এর জাতীয় স্তরের ৫২ জনকে তাঁদের অনবদ্য সাফল্যের জন্য সম্মানিত করা হবে।
SC/CB/DM