প্রকাশিত:
20 NOV 2026 2:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণার গুরুত্ব অপরিসীম। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে নিরন্তর পারস্পরিক যোগাযোগ ও নির্ভরশীলতা রয়েছে। ফলে এই ক্ষেত্রগুলির কোনও একটিতে দেখা দেওয়া স্বাস্থ্যসমস্যা অন্য ক্ষেত্রগুলিকেও প্রভাবিত করতে পারে।
তিনি বলেন, বহু সংক্রামক রোগ প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বায়ু ও জলদূষণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্যহীনতাও মানবস্বাস্থ্যের সামনে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করছে। তাই মানব চিকিৎসাবিদ্যা, পশুচিকিৎসাবিদ্যা এবং পরিবেশবিজ্ঞানের বিশেষজ্ঞদের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি শুধু রোগ প্রতিরোধ ও সময়মতো রোগ শনাক্তকরণেই সহায়তা করবে না, ভবিষ্যতে সম্ভাব্য স্বাস্থ্যসংকট মোকাবিলার প্রস্তুতিকেও আরও শক্তিশালী করবে।
রাষ্ট্রপতি বলেন, রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, পুষ্টিগত এবং পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। স্থানীয় স্বাস্থ্যসমস্যা ও পরিস্থিতির উপযোগী চিকিৎসাপদ্ধতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে গবেষণাকে উৎসাহিত করা প্রয়োজন।
রাষ্ট্রপতি জানান, পরিবর্তিত স্বাস্থ্যচাহিদার কথা বিবেচনা করে ভারত সরকার ২০১৭ সালে জাতীয় স্বাস্থ্যনীতি সংশোধন করেছে। এই ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতিতে কেবল রোগের চিকিৎসার পরিবর্তে প্রতিরোধমূলক ও স্বাস্থ্যোন্নয়নমূলক পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসনমূলক এবং উপশমমূলক চিকিৎসা পরিষেবার উপরও গুরুত্ব বাড়ানো হয়েছে।
মানসিক চাপ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের দ্রুত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এগুলি প্রতিরোধের বিভিন্ন দিকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, গত এক দশকে স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, তার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। এর ফলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে উচ্চতর ও বিশেষায়িত চিকিৎসা পরিষেবা পর্যন্ত সমগ্র স্বাস্থ্য পরিকাঠামোর উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে।
উত্তীর্ণ চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাঁদের গবেষণা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, সহজলভ্য, সাশ্রয়ী এবং জনকেন্দ্রিক করে তোলা সম্ভব। চিকিৎসকদের অর্জিত জ্ঞান ও দক্ষতার সুফল যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছেও পৌঁছয়, তা সুনিশ্চিত করা দরকার। একই সঙ্গে দেশের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও তাঁদের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানো প্রয়োজন।
রাষ্ট্রপতি চিকিৎসকদের এমন দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি গ্রহণের আহ্বান জানান, যাতে তাঁদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতার সুফল সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণ দেখতে এখানে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10546_20261120_14245701.pdf
SC/SD/SKD