প্রকাশিত:
20 NOV 2026 1:17PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ নভেম্বর ২০২৬
নতুন দিল্লিত বিজ্ঞান ভবনে আজ অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এবিভিআইএমএস) এবং ডা. রামমনোহর লোহিয়া হাসপাতালের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শ্রী জে পি নাড্ডার উপস্থিতিতে এই অনুষ্ঠানে ভাষণ দেন।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে আজ যেসব ছাত্রছাত্রীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়েছে – তাঁদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা স্নাতকের উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। এর মধ্য দিয়ে ডাক্তারি পড়ায় মেয়েদের অংশগ্রহণ যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেটি প্রতিফলিত হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় ডা. রামমনোহর লোহিয়া হাসপাতালের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই হাসপাতালে ২০২৫ সালে বহির্বিভাগে ১৯ লক্ষেরও বেশি রোগীর চিকিৎসা হয়েছে। এর ফলে, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের রোগী দেখা সংক্রান্ত অভিজ্ঞতা অর্জনে সুবিধা হয়েছে। রাষ্ট্রপতি বলেন, গত এক দশকে চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে ভারতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দিরে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও এখন ডাক্তারি পড়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে, গ্রামাঞ্চলে এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা বাড়ির কাছে উন্নত চিকিৎসা পাচ্ছেন। ভৌগোলিক দূরত্ব ঘোচানোর জন্য প্রত্যন্ত অঞ্চলে টেলি-মেডিসিন ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন। রাষ্ট্রপতি ২০১৭ সালের জাতীয় স্বাস্থ্য নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বর্তমানে সংক্রামক ব্যাধি নয়, এ ধরনের চিকিৎসায় দ্রুত শনাক্তকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে বর্তমানে প্রত্যেক দরিদ্র পরিবারের সদস্যদের জন্য বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, আয়ুষ্মান বয়ো বন্দনা যোজনায় দেশের ৭০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিকের জন্য প্রতি বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি তাঁর ভাষণে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আয়ুর্বেদ এবং যোগের মতো চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন। আজকের অনুষ্ঠানে যাঁরা স্নাতক হলেন তাঁদের উদ্দেশে রাষ্ট্রপতি জানান, পেশাগত দিক থেকে সংবেদনশীলতা বজায় রেখে তাঁরা যেন রোগীদের চিকিৎসা করেন। এই প্রসঙ্গে তিনি কৃত্রিম মেধা সহ অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মানোন্নয়ন ঘটানোর প্রসঙ্গটি উল্লেখ করেন। ‘ওয়ান হেলথ’ উদ্যোগের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানুষের স্বাস্থ্য তার পারিপার্শ্বিক প্রানীকুলের স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। এই প্রসঙ্গে তিনি পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যাগুলির কথাও উল্লেখ করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শ্রী জে পি নাড্ডা, এবিভিআইএমএস এবং ডা. আরএমএল হসপিটালকে চিকিৎসা-বিজ্ঞানের প্রথমসারির প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এখানে বিপুল রোগী চিকিৎসা করাতে আসেন। এর ফলে, ডাক্তারি পড়ুয়ারা রোগীদের চিকিৎসা করানোর ক্ষেত্রে হাতে-কলমে নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্গদান ও বিভিন্ন জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার প্রসঙ্গটি শ্রী নাড্ডা তাঁর ভাষণে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে ১০,০০০ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ডাক্তারি পড়ার আসন বাড়ানোর জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। গত এক দশকেরও বেশি সময়ে দেশে চিকিৎসা পরিষেবা ও ডাক্তারি পড়ার ক্ষেত্রে বহুবিধ সংস্কার বাস্তবায়িত হয়েছে। ২৩টি এইমস এখন দেশজুড়ে রোগীদের পরিষেবা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ বলেও মন্ত্রী জানান। আজ যাঁরা ডিগ্রি পেলেন, সেই চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রেখে চিকিৎসার কাজে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান শ্রী নাড্ডা।
SC/CB/DM..