প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-মালয়েশিয়া যৌথ সামরিক মহড়া ষষ্ঠ হরিমাউ শক্তি শুরু মালয়েশিয়ায়

প্রকাশিত: 19 NOV 2026 4:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ নভেম্বর ২০২৬

 

ভারত-মালয়েশিয়া যৌথ সামরিক মহড়া 'হারিমাউ শক্তি'-র ষষ্ঠ সংস্করণ আজ মালয়েশিয়ার ইপোতে শুরু হয়েছে। এই মহড়াটি ১৯ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।

 

উভয় দেশের প্রতিটি দল ১২০ জন করে সদস্য নিয়ে গঠিত। 'হারিমাউ শক্তি' একটি দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়া, যা পর্যায়ক্রমে ভারত ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।

 

এই মহড়ার উদ্দেশ্য, রাষ্ট্রসঙ্ঘের সনদের সপ্তম অধ্যায়ে বর্ণিত প্রথাগত যুদ্ধ ব্যতীত অন্য ধরনের সামরিক অভিযানগুলির যৌথ অনুশীলন। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জঙ্গল ও আধা-শহুরে এলাকায় সমন্বিত অভিযান পরিচালনার ওপর এই মহড়ায় জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে যৌথ পরিকল্পনা, কৌশলগত সমন্বয় এবং আন্তঃকার্যক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।

 

মহড়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। শুরুতে থাকবে ক্রস-ট্রেনিং বা পারস্পরিক প্রশিক্ষণ এবং একে অপরের কার্যপদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার পালা। এরপর পরিচালিত হবে যৌথ কৌশলগত মহড়া। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে রয়েছে—যৌথ নজরদারি কেন্দ্র স্থাপন, সন্ত্রাসবিরোধী অভিযান, এলাকা ঘিরে তল্লাশি এবং কমব্যাট ইঞ্জিনিয়ারিং। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য চালকবিহীন আকাশযানের সমন্বিত ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, শত্রু ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য 'কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেম' ব্যবহারও এর অন্তর্ভুক্ত।

 

মহড়ার শেষ পর্যায়ে একটি যৌথ মূল্যায়নমূলক মহড়া অনুষ্ঠিত হবে, যেখানে সন্ত্রাসবিরোধী পরিস্থিতির আদলে সমন্বিত স্থল অভিযান, সমন্বিত নজরদারি এবং চালকবিহীন প্রযুক্তির ব্যবহার যাচাই করা হবে।

 

'হারিমাউ শক্তি' মহড়াটি উভয় দেশের সেনাবাহিনীর জন্যই কৌশল, পদ্ধতি ও কার্যপ্রণালীর ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলি বিনিময়ের সুযোগ করে দেবে। একই সঙ্গে এটি তাদের পারস্পরিক বোঝাপড়া ও যৌথভাবে কাজ করার সক্ষমতাকে আরও জোরদার করবে। এই মহড়া ভারত ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা নেবে।

 

 

 

SC/AP/NS


(রিলিজ আইডি: 2338661) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी