PIB Backgrounder
azadi ka amrit mahotsav

প্রাকৃতিক চিকিৎসা: সুস্থ ভারতের গড়ে তুলতে প্রকৃতির নিরাময়শক্তি

প্রকাশিত: 17 NOV 2026 10:03AM by PIB Kolkata

১৭ নভেম্বর, ২০২৬

 

প্রাকৃতিক চিকিৎসা বা ন্যাচারোপ্যাথি হচ্ছে ওষুধবিহীন এবং সাশ্রয়ী চিকিৎসাপদ্ধতি, যা খাদ্যাভ্যাস, উপবাস, জল, মাটি, মালিশ এবং প্রাকৃতিক জীবনযাপনের মাধ্যমে শরীরের নিজস্ব নিরাময়ক্ষমতাকে সক্রিয় করে। ভারতে প্রতি বছর ১৮ নভেম্বর জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস পালিত হয়। এ বছর নবম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস কর্ণাটকের নাগামঙ্গলা-তে ‘প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ ভারত’ (Prakrutik Chikitsa, Swasth Bharat) প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি পরিচালিত ‘নিসর্গ গ্রাম’-এ রয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট একটি প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল। এখানে কেন্দ্রীয় সরকারের অধীন দেশের প্রথম ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস (BNYS) কলেজও রয়েছে।

## প্রকৃতির সঙ্গে নিরাময়

প্রাকৃতিক চিকিৎসার মূল ধারণাটি সহজ—শরীরের নিজেরই নিজেকে সুস্থ করে তোলার ক্ষমতা রয়েছে। বিভিন্ন সংস্কৃতির নিরাময়-সংক্রান্ত ঐতিহ্য ও জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই চিকিৎসাপদ্ধতি সাশ্রয়ী, ওষুধবিহীন এবং স্বাস্থ্যরক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক উপাদানের ব্যবহারকে গুরুত্ব দেয়। প্রকৃতির পাঁচটি উপাদান—ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম—অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু ও আকাশের সহায়তায় শরীরের নিজস্ব প্রাণশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতাকে সক্রিয় করাই এর লক্ষ্য।

প্রাকৃতিক চিকিৎসা শুধু একটি চিকিৎসাপদ্ধতি নয়, এটি একটি জীবনদর্শনও। এর মূলমন্ত্র ‘প্রকৃতির কাছে ফিরে যাওয়া’। অর্থাৎ, সহজ-সরল খাদ্যাভ্যাস ও জীবনযাপন এবং নিজের সঙ্গে, সমাজের সঙ্গে ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনধারণ। স্বাস্থ্যোন্নয়ন, রোগ প্রতিরোধ, রোগ নিরাময় এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় এই পদ্ধতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

## প্রাকৃতিক চিকিৎসার বিভিন্ন পদ্ধতি

প্রকৃতিতে উপলব্ধ উপাদান ব্যবহার করেই প্রাকৃতিক চিকিৎসা করা হয়। এর মধ্যে রয়েছে উপবাস ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, হাইড্রোথেরাপি বা জলচিকিৎসা, মাটির প্রলেপ, ঠান্ডা সেঁক, স্নান এবং মালিশ। পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথির ক্যাম্পাস ‘নিসর্গ গ্রাম’-এ চিকিৎসার বিভিন্ন বিভাগে ম্যাগনেটোথেরাপি বা চুম্বক-চিকিৎসা, ক্রোমোথেরাপি বা বর্ণচিকিৎসা এবং ফিজিওথেরাপির ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি, রয়েছে যোগাভ্যাসের জন্য হল এবং সাত্ত্বিক খাদ্যকেন্দ্র।

## যেসব ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা সহায়ক

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী রোগ, অ্যালার্জি, অটোইমিউন বা স্ব-প্রতিরোধী রোগ, অবক্ষয়জনিত সমস্যা এবং মানসিক চাপ-সম্পর্কিত অসুস্থতার ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা কার্যকর বলে বিবেচিত হয়। পুষ্টি, প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতি এবং জীবনযাত্রার পরিবর্তনের ওপর এর বিশেষ গুরুত্ব রয়েছে। জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত রোগ, স্থূলতা, মানসিক চাপ এবং সুস্থ বার্ধক্য নিয়ে সচেতনতা বৃদ্ধির ফলে এই চিকিৎসাপদ্ধতির প্রাসঙ্গিকতা আরও বেড়েছে। সুষম খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ—সব বয়সের মানুষের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে পারে।

## ভারতে প্রাকৃতিক চিকিৎসা ও যোগ

ভারতে প্রাকৃতিক চিকিৎসার সঙ্গে যোগের নিবিড় সম্পর্ক রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথির বক্তব্য অনুযায়ী, ভারতীয় প্রাকৃতিক চিকিৎসায় যোগের পাশাপাশি, প্রাচীন ভারতীয় ধারণাগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘পঞ্চভূত’-ভিত্তিক স্বাস্থ্য ও রোগের ধারণা। পঞ্চভূত বলতে প্রকৃতির সেই পাঁচটি উপাদানকেই বোঝায়, যেগুলির উল্লেখ আগেই করা হয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে এই পদ্ধতি একটি সামগ্রিক চিকিৎসাব্যবস্থা হিসেবে বিকশিত হয়েছে, যা রোগের চিকিৎসা ও প্রতিরোধের পাশাপাশি, মানুষকে প্রকৃতির কাছাকাছি থেকে সুস্থ জীবনযাপনের শিক্ষাও দেয়। আয়ুষ চিকিৎসাব্যবস্থার অন্তর্গত অন্যান্য পদ্ধতি—আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ, সোয়া-রিগপা এবং হোমিওপ্যাথির পাশাপাশি, যোগ ও প্রাকৃতিক চিকিৎসাকেও একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবছর জাতীয় প্রাকৃতিক চিকিৎসা সম্মেলনে আয়ুষ মন্ত্রক পুনর্ব্যক্ত করেছে যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসা পরস্পরের পরিপূরক। এই দুই পদ্ধতির সমন্বয়ে সরকার একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক চিকিৎসা ও যোগবিজ্ঞানকে একত্রিত করে একটি ডিগ্রি কোর্স, উভয় ক্ষেত্রের গবেষণার জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি (CCRYN), চিকিৎসকদের কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থা এবং দেশের প্রথম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল।

## নবম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস: প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ ভারত

এবছর ১৮ নভেম্বর কর্ণাটকের নাগামঙ্গলা-তে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি (CRIYN)-তে নবম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য ‘প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ ভারত’। এই প্রতিপাদ্যে রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সুষম খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা, যোগাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ, বিশেষত স্থূলতা প্রতিরোধের ওপর জোর দেওয়া।

এই উদ্‌যাপন প্রধানমন্ত্রীর ‘সুস্থ ও ফিট ভারত’ গড়ার ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব বলেন:

“প্রাকৃতিক চিকিৎসা আমাদের জীবনযাত্রা, প্রকৃতি এবং সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে নিবিড় সম্পর্ক উপলব্ধি করতে উৎসাহিত করে। বিশ্বাসযোগ্য গবেষণা, গুণগত শিক্ষা এবং প্রচলিত স্বাস্থ্যসেবার সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে এই চিকিৎসাপদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তিকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

## মহাত্মা গান্ধী এবং প্রাকৃতিক চিকিৎসা দিবসের সূচনা

প্রাকৃতিক চিকিৎসা দিবস প্রকৃতিনির্ভর চিকিৎসার প্রতি মহাত্মা গান্ধীর অঙ্গীকারকে স্মরণ করে। ১৯৪৫-এর ১৮ নভেম্বর সালে তিনি পুনেতে অল ইন্ডিয়া নেচার কিওর ফাউন্ডেশন ট্রাস্টের আজীবন সভাপতি হন এবং ট্রাস্টের দলিলে স্বাক্ষর করেন। ২০১৮ সাল থেকে প্রতি বছর এই দিনটিকে প্রাকৃতিক চিকিৎসা দিবস হিসেবে পালনের ঘোষণা করে আয়ুষ মন্ত্রক।

ভারতে প্রাকৃতিক চিকিৎসার পথিকৃৎ হিসেবে মহাত্মা গান্ধীকে বিবেচনা করা হয়। ১৯৪৬ সালে পুনের কাছে উরুলি কাঞ্চন গ্রামে তিনি প্রকৃতিনির্ভর চিকিৎসা প্রচার অভিযান পরিচালনা করেন। ওই বছরই একটি লেখায় তিনি বলেছিলেন:

“আমার বিশ্বাস, ব্যক্তিগত, পারিবারিক ও জনস্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হলে এবং খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিষয়ে যথাযথ যত্ন নেওয়া হলে অসুস্থতা বা রোগের কোনও কারণ থাকার কথা নয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় ক্ষেত্রেই যখন সম্পূর্ণ পবিত্রতা বজায় থাকে, তখন অসুস্থতা অসম্ভব হয়ে ওঠে। গ্রামের মানুষ যদি এই বিষয়টি বুঝতে পারতেন, তাহলে তাঁদের চিকিৎসক, হাকিম বা বৈদ্যের প্রয়োজন হতো না।”

(হরিজন, ১৯৪৬-এর ২৬ মে)

## ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি এবং নিসর্গ গ্রাম

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি (NIN) ১৯৮৬-এর ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৭ মার্চ ভারত সরকারের হাতে তুলে দেওয়া একটি প্রকৃতিনির্ভর চিকিৎসাকেন্দ্রেই এই প্রতিষ্ঠানের সূচনা। প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন ‘বাপু ভবন’ মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত।

NIN আয়ুষ মন্ত্রকের অধীন একটি স্বশাসিত সংস্থা। এর পরিচালন পর্ষদের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী। NIN-এর প্রধান কাজগুলি হলো:

- প্রাকৃতিক চিকিৎসা ও যোগের বিদ্যমান জ্ঞানের মান নির্ধারণ এবং তার প্রসারের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা ও উৎসাহিত করা;
- নেচার কিওর ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসা ও যোগে উন্নতমানের প্রশিক্ষণ ও শিক্ষার প্রসার ঘটানো;
- মানবস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে গবেষণা পরিচালনা, তাতে সহায়তা এবং গবেষণাকে উৎসাহিত করা;
- মহাত্মা গান্ধীর স্মৃতিকে জীবন্ত রাখার লক্ষ্যে একটি স্থায়ী স্মারক প্রতিষ্ঠা করা।

সাধারণ স্বাস্থ্যগত প্রয়োজন মেটাতে NIN বিশেষ বহির্বিভাগ (OPD) পরিচালনা করে। এর মধ্যে রয়েছে প্রসবের আগে ও পরের স্বাস্থ্যসেবার জন্য মাতৃসেবা OPD, খাদ্যাভ্যাস, যোগ ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস OPD এবং মানসিক চাপ ও উদ্বেগ মোকাবিলায় যোগ, ধ্যান ও শিথিলায়ন পদ্ধতি ব্যবহার করে চিকিৎসার জন্য মাইন্ড-বডি মেডিসিন OPD।

## নিসর্গ গ্রাম

২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনেতে NIN-এর নতুন ক্যাম্পাস ‘নিসর্গ গ্রাম’-এর উদ্বোধন করেন। বস্তুত, ২৫ একর জমির ওপর ২১৩.৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ক্যাম্পাসে রয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, গবেষণা ও সম্প্রসারণ পরিষেবা কেন্দ্র এবং স্নাতক, স্নাতকোত্তর ও প্যারামেডিক্যাল কোর্সের জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা মেডিক্যাল কলেজ।

এটি দেশের প্রথম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল, যেখানে প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতির মাধ্যমে জীবনযাত্রা-সম্পর্কিত বিপাকীয় রোগের মোকাবিলা করা যায়।

### এক নজরে নিসর্গ গ্রাম

- *ক্যাম্পাস:*মোট ২৫ একর, ইয়েওয়ালেওয়াড়ি, পুনে
- *নির্মাণ ব্যয়:*মোট ২১৩.৫৫ কোটি টাকা
- *হাসপাতাল:* মোট ২৫০ শয্যাবিশিষ্ট; দেশের প্রথম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল
- *কলেজ:* ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ; ২০২৬-২৭ শিক্ষাবর্ষে BNYS কোর্সে ১০০টি আসন
- *সুবিধা:* যোগ হল, সাত্ত্বিক খাদ্যকেন্দ্র, হাইড্রোথেরাপি, ম্যাগনেটোথেরাপি, ক্রোমোথেরাপি, মালিশ এবং ফিজিওথেরাপি

## আদিবাসী জনসমাজের কাছে প্রাকৃতিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া

মহারাষ্ট্র সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের সহায়তায় NIN পুনে জেলার আম্বেগাঁও তালুকের গোয়ে (বুদরুক) এলাকায় আদিবাসীদের জন্য ‘নিসর্গ আরোগ্য সাধনা কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে। এটি একটি পূর্ণাঙ্গ যোগ ও প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল। এই কেন্দ্রে রয়েছে ২০টি শয্যা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়ার্ড, একটি যোগ হল এবং একটি খাদ্যকেন্দ্র।

স্থানীয়ভাবে সহজলভ্য সম্পদের মাধ্যমে আদিবাসী জনসমাজের পুষ্টিগত চাহিদা পূরণ এবং প্রাকৃতিক চিকিৎসার সাহায্যে স্বনির্ভর স্বাস্থ্যসেবার একটি মডেল গড়ে তোলাই এই কেন্দ্রের লক্ষ্য। এটি একটি প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও কাজ করে, যেখানে আদিবাসী যুবক-যুবতীরা নিজেদের স্বাস্থ্যচর্চায় প্রাকৃতিক চিকিৎসা ও যোগের দক্ষতা প্রয়োগের প্রশিক্ষণ পান। এই কেন্দ্রের ট্রিটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে প্রতি বছর ৪০ জন আদিবাসী শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

প্রাকৃতিক চিকিৎসা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের বার্তা দেয়। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এবং প্রকৃতিনির্ভর ঐতিহ্যগত জ্ঞানের ক্ষেত্রে আদিবাসী জনসমাজেরও বিশেষ ভূমিকা রয়েছে। প্রতি বছর ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে পালিত জনজাতীয় গৌরব দিবসে তাঁদের এই ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বিষয়টি বিশেষভাবে স্বীকৃতি পায়।

সরকার এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এবছর ১৬ জানুয়ারি আদিবাসী এলাকায় স্বাস্থ্য পরিষেবার প্রসারে আদিবাসী চিকিৎসকদের স্থানীয় স্তরের সহযোগী হিসেবে যুক্ত করার লক্ষ্যে হায়দরাবাদে একটি জাতীয় সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির আয়োজন করে আদিবাসী বিষয়ক মন্ত্রক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আদিবাসী চিকিৎসকদের স্বীকৃতি দেওয়ার জন্য মন্ত্রক দেশজুড়ে এক লক্ষ আদিবাসী চিকিৎসককে চিহ্নিত ও স্বীকৃতি প্রদানের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জনজাতীয় গৌরব পক্ষকাল ২০২৬-এর অংশ হিসেবে ১ ও ২ নভেম্বর হায়দরাবাদে আয়োজিত সক্ষমতা বৃদ্ধির সম্মেলনে প্রশিক্ষণের জন্য নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১,৫০০ জন ঐতিহ্যবাহী চিকিৎসক অংশগ্রহণ করেন।

## আগামী প্রজন্মের প্রাকৃতিক চিকিৎসকদের প্রশিক্ষণ

প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থার ক্রমবর্ধমান প্রসারের জন্য প্রশিক্ষিত চিকিৎসক প্রয়োজন। তাঁদের তৈরি করার লক্ষ্যে সরকার একটি সুস্পষ্ট শিক্ষাগত ও প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলেছে।

### BNYS ডিগ্রি

NIN দেশের প্রথম কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, যেখানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস (BNYS) কোর্স চালু হয়েছে। এই কোর্সটি নয়াদিল্লির শ্রী লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির অধিভুক্ত।

BNYS-এর একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসে মোট সাড়ে পাঁচ বছর থাকতে হয়। এর মধ্যে সাড়ে চার বছর ধরে চলে শিক্ষাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ। এরপর এক বছরের বাধ্যতামূলক আবাসিক পর্যায়ক্রমিক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে নিসর্গ গ্রামে এই কোর্সে ১০০টি আসন রাখা হয়েছে। এবছর ৩০ নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা।

২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৭১টি স্নাতক স্তরের প্রাকৃতিক চিকিৎসা কলেজে মোট ৫,২১৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল। পাশাপাশি, ছয়টি স্নাতকোত্তর কলেজে ১৪৪ জন শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা ছিল। ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত রাজ্য বোর্ড ও কাউন্সিলগুলিতে ৫,০৮৩ জন প্রাকৃতিক চিকিৎসকের নাম নিবন্ধিত ছিল।

### কেন্দ্রীয় নিবন্ধন

NIN-এর অধীনে এবং আয়ুষ মন্ত্রকের উদ্যোগে গঠিত ন্যাচারোপ্যাথি রেজিস্ট্রেশন বোর্ড (NRB) প্রাকৃতিক চিকিৎসকদের কেন্দ্রীয় নিবন্ধনের ব্যবস্থা করে। পাশাপাশি, প্রাকৃতিক চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলিকে স্বীকৃতি প্রদান করে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BNYS ডিগ্রিধারীরা এই বোর্ডের কেন্দ্রীয় নিবন্ধন শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন।

### স্ব-যত্নের প্রয়োজনে প্রশিক্ষণমূলক কোর্স

NIN বিভিন্ন স্বল্পমেয়াদী দক্ষতা উন্নয়নমূলক কোর্সও পরিচালনা করে। আকুপ্রেশার, প্রাকৃতিক চিকিৎসা এবং প্রাকৃতিক চিকিৎসাভিত্তিক রান্নার কোর্সগুলি মূলত স্ব-সহায়তার উদ্দেশ্যে চালু করা হয়েছে, যাতে মানুষ নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। এই উদ্যোগের মূলমন্ত্র ‘স্বাস্থ্যক্ষেত্রে স্বনির্ভরতা’ (Self Health Reliance)।

অন্যদিকে, মালিশ, ফিটনেস প্রশিক্ষণ এবং যোগের কোর্সগুলি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের পেশাগতভাবে স্বনির্ভর হতে সহায়তা করে।

## গবেষণা ও নতুন চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে বৈজ্ঞানিক ভিত্তি সুদৃঢ় করা

গবেষণাই প্রাকৃতিক চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তিকে বলিয়ান করে। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন:

“প্রাকৃতিক চিকিৎসার বিশ্বাসযোগ্যতা এবং এর ব্যাপক প্রয়োগের ক্ষেত্র প্রসারিত করার জন্য বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা যাচাই করা অত্যন্ত জরুরি। CCRYN এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সুসংবদ্ধ গবেষণা, ক্লিনিক্যাল মূল্যায়ন ও পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করছি, যাতে যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক চিকিৎসার বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করা যায় এবং সেগুলিকে দায়িত্বশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়।”

### গবেষণা পর্ষদ, প্রতিষ্ঠান ও হাসপাতাল

আয়ুষ মন্ত্রকের সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি (CCRYN) ১৯৭৮ সাল থেকে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে গবেষণা, প্রসার এবং উন্নয়নের কাজ করে চলেছে। সারা দেশে এই পরিষদের ২২টি ইউনিট রয়েছে। ২০২৫-২৬ সালে মন্ত্রকের অধীন পাঁচটি গবেষণা পরিষদ সম্মিলিতভাবে ৬৫৩টি গবেষণাপত্র প্রকাশ করেছে।

বর্তমানে হরিয়ানার ঝজ্জর এবং কর্ণাটকের নাগামঙ্গলায় ২০০ শয্যাবিশিষ্ট যোগ ও প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল রয়েছে। পাশাপাশি, যোগ ও প্রাকৃতিক চিকিৎসায় শিক্ষা এবং গবেষণার জন্য স্নাতকোত্তর স্তরের প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে।

ঝজ্জরের CRIYN একটি শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান। মোট ১৯ একর জমির ওপর ৬৩.৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটির উদ্বোধন প্রধানমন্ত্রী ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি করেন। একই দিনে তিনি নিসর্গ গ্রামেরও উদ্বোধন করেছিলেন।

২০২৪ সালে প্রধানমন্ত্রী ওড়িশার খোরদা এবং ছত্তিশগড়ের রায়পুরে আরও দুটি CRIYN প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত সারা দেশের ৩৫টি হাসপাতালে মোট ১,৬৬৩টি শয্যা এবং ৯৫টি ডিসপেনসারির মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসা পরিষেবা উপলব্ধ ছিল।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি (NIN)-তে একটি পৃথক গবেষণা বিভাগ রয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য গবেষণা দপ্তরে নিবন্ধিত একটি প্রাতিষ্ঠানিক নৈতিকতা কমিটিও রয়েছে। প্রতিষ্ঠানটি গবেষণা পদ্ধতি সংক্রান্ত কর্মশালা, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস প্রশিক্ষণ, পর্যবেক্ষণমূলক সমীক্ষা, পদ্ধতিগত পর্যালোচনা এবং যৌথ গবেষণা পরিচালনা করে।

NIN-এর চলমান নিজস্ব গবেষণাগুলির মধ্যে রয়েছে উপবাসের বিভিন্ন পদ্ধতি, হিপ বাথ বা নিতম্ব পর্যন্ত জলস্নান, ভেজা চাদর দিয়ে শরীর ঢেকে রাখার চিকিৎসাপদ্ধতি, সূর্যালোকের সংস্পর্শে আসার ফলে টাইপ-২ ডায়াবেটিসের ওপর প্রভাব, সমন্বিত প্রাকৃতিক চিকিৎসা ও যোগ কর্মসূচি এবং অন্ত্রের মাইক্রোবায়োটা বা অন্ত্রে বসবাসকারী অণুজীবের ওপর এর প্রভাব। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় প্রাকৃতিক চিকিৎসা ও যোগের ভূমিকা নিয়েও গবেষণা চলছে।

## ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি ও বিশ্ব

ভারতে চিকিৎসার জন্য বিদেশি রোগীদের আগমন ক্রমশ বাড়ছে। বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা গ্রহণের উদ্দেশ্যে ভারতে আসা আন্তর্জাতিক রোগীর সংখ্যা ২০২০ সালে ১,৮২,৯৪৫ থেকে বেড়ে ২০২৪ সালে ৬,৪৪,৩৮৭ হয়েছে। এই বৃদ্ধিতে যোগ, আয়ুর্বেদ এবং সুস্থতা-ভিত্তিক চিকিৎসাপদ্ধতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা—আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি—দীর্ঘস্থায়ী রোগ, জীবনযাত্রা-সম্পর্কিত অসুস্থতা, পুনর্বাসন এবং সুস্থতা কর্মসূচির জন্য আন্তর্জাতিক রোগীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

ভারতের সুস্থতাকেন্দ্রিক পর্যটনের মূল ভিত্তি হল যোগ, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসার মতো ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে প্রতিরোধমূলক ও সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করা। এই ধরনের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সরকার ২০২৩ সালের ২৭ জুলাই বিদেশি নাগরিক এবং তাঁদের সহায়তাকারীদের জন্য বিশেষ ‘আয়ুষ ভিসা’ চালু করে। আয়ুষ চিকিৎসাব্যবস্থার অধীনে চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা এই ভিসার সুবিধা পান।

২০২২ সালের এপ্রিল মাসে গান্ধীনগরে অনুষ্ঠিত গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিটে প্রধানমন্ত্রী এই ভিসা চালুর ঘোষণা করেছিলেন। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের রূপরেখার অংশ হিসেবেই এই ভিসা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসার জন্য ভারতকে একটি আন্তর্জাতিক গন্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে।

এবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রস্তাবিত পাঁচটি আঞ্চলিক মেডিক্যাল ভ্যালু ট্যুরিজম হাবেরও অংশ হবে আয়ুষ কেন্দ্রগুলি। এই হাবগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবার সঙ্গে ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি, সুস্থতা পরিষেবা এবং পুনর্বাসন ব্যবস্থার সমন্বয় ঘটানো হবে।

## প্রকৃতিনির্ভর চিকিৎসার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া

প্রাকৃতিক চিকিৎসা সহজ ও স্বাভাবিক উপায়ের ওপর নির্ভরশীল—সুষম খাদ্য, বিশ্রাম, শারীরিক সক্রিয়তা এবং প্রকৃতির নিরাময়ক্ষমতা। ভারত এই চিকিৎসাপদ্ধতির প্রসারে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং দেশের প্রথম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা হাসপাতাল গড়ে তুলেছে। পাশাপাশি, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্স, গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতাল, কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থা এবং সারা দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ পরিষেবার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

এবছর ১৮ নভেম্বর নাগামঙ্গলায় নবম জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস পালনকালে ‘প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ ভারত’ ভাবনাকে সামনে রেখে সব বয়সের মানুষের জন্য সুষম খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা, যোগাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তথ্যবিবরণী:

Ministry of Ayush

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335313

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217203

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222044

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945070

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319947

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224733

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209263

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087319

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2008908

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1987900

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178490

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678010

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674434

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660260

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697470

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU1041_6OkVSb.pdf?source=lsapps

https://ayush.gov.in/assets/pdf/whatsnew/Approved-Ayush-in-India-2024-Single.pdf

 

Ministry of Tribal Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335189

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248346

Prime Minister’s Office

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206712

PIB Backgrounders

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257447

National Institute of Naturopathy, Pune

https://ninpune.ayush.gov.in/#!/aboutUs

https://ninpune.ayush.gov.in/#!/missionObjectives

https://ninpune.ayush.gov.in/#!/aboutNisargGram

https://ninpune.ayush.gov.in/#!/naturopathy

https://ninpune.ayush.gov.in/#!/specialOPDs

https://ninpune.ayush.gov.in/#!/ninTribalUnit

https://ninpune.ayush.gov.in/#!/ongoingIMRprojects

https://ninpune.ayush.gov.in/#!/skillDevelopment

Indian Council of Medical Research

https://www.icmr.gov.in/icmrobject/static/icmr/dist/images/pdf/gandhi-and-health/Gandhi_Quote_Book_final_30092020.pdf

Click here to see pdf

 

*******

SSS/PK...


(রিলিজ আইডি: 2337602) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , हिन्दी , English , Urdu , Gujarati