রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ-এর বর্ষব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের সূচনা করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 17 NOV 2026 2:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ-এর বর্ষব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের সূচনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ম্যালেরিয়া দীর্ঘকাল ধরে জনস্বাস্থ্যের একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। স্বাধীনতার সময় এটি আমাদের দেশের অন্যতম জটিল জনস্বাস্থ্য সমস্যা ছিল। গত কয়েক বছরে ভারত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি, কার্যকর ওষুধ, মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ এই রোগটির বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ম্যালেরিয়া নির্মূলের পথে ভারতের এই অগ্রগতি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাই বার্ডেন টু হাই ইমপ্যাক্ট অর্থাৎ অধিক প্রকোপ থেকে অধিক প্রভাব-এর তালিকা থেকে বেরিয়ে এসেছে। তিনি বলেন,আমাদের জনস্বাস্থ্য কর্মসূচি, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি জানান। গত পাঁচ দশকে প্রতিষ্ঠানটি ম্যালেরিয়ার পরজীবী, মশা, ভেক্টর নিয়ন্ত্রণ, কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধ ক্ষমতা এবং সম্প্রদায়-ভিত্তিক নজরদারির মতো বিভিন্ন ক্ষেত্রে অগ্রগামী গবেষণা পরিচালনা করেছে।
রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং কীটনাশকের বিরুদ্ধে মশার ক্রমবর্ধমান প্রতিরোধ ক্ষমতার মতো নতুন নতুন চ্যালেঞ্জ ম্যালেরিয়া নির্মূলের পথে নতুন বাধা তৈরি করতে পারে। এমতাবস্থায়, কেবল স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় ম্যালেরিয়ার বিস্তার রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি জল জমে থাকা রোধ করা, মশার প্রজনন উৎস ধ্বংস করা এবং পরিবেশ ব্যবস্থাপনার দিকেও নজর দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতি আরও বলেন যে, সাম্প্রতিক বছরগুলিতে ডেঙ্গুও দেশে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্ব উষ্ণায়ন এবং বর্ষা ঋতুগত  পরিবর্তনের কারণে এই চ্যালেঞ্জ ভবিষ্যতে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তিনি বলেন,আইসিএমআর - এর গবেষণা যক্ষ্মা, কুষ্ঠ এবং কালাজ্বরের মতো রোগের বিরুদ্ধে লড়াইয়ে পথ দেখিয়েছে। জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলি প্রণয়নেও আইসিএমআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোভিড-১৯ অতিমারির সময়, রেকর্ড সময়ের মধ্যে দেশব্যাপী একটি পরীক্ষামূলক নেটওয়ার্ক গড়ে তোলায়  এবং ভারতের প্রথম নিজস্ব কোভিড-১৯ টিকা তৈরির প্রক্রিয়ায় অংশীদার হয় এই সংস্থা। ডেঙ্গুর মতো রোগ নির্ণয়ের ক্ষেত্রেও আইসিএমআর কার্যকর পদক্ষেপের উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপনের এই মুহূর্তটি কেবল অতীতের সাফল্য নিয়ে পর্যালোচনা করা বা গর্ববোধ করার সময় নয়, বরং ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের একটি সুযোগও বটে। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। একটি সুস্থ ও শক্তিশালী ভারত গড়তে গবেষণা প্রতিষ্ঠান, কারিগরি ও উচ্চশিক্ষা কেন্দ্র এবং শিল্প খাতের মধ্যে নিবিড় সহযোগিতা অত্যন্ত জরুরি।তিনি আশা প্রকাশ করেন যে, আইসিএমআর এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলি গবেষণা, সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে বিকশিত ভারত-এর স্বাস্থ্য-সংক্রান্ত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10512_20261117_15283901.pdf?_gl=1*1aiotkm*_up*MQ..*_ga*NDY3ODE0OTguMTc5NDkxMjQ2Mw..*_ga_Q414Y0X6EE*czE3OTQ5MTI0NjMkbzEkZzAkdDE3OTQ5MTI0NjMkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTQ5MTI0NjMkbzEkZzAkdDE3OTQ5MTI0NjMkajYwJGwwJGgw

 


SC/AB/SB


(রিলিজ আইডি: 2337545) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Malayalam