পোস্ট করার দিনক্ষণ:
16 NOV 2026 10:56AM by PIB Agartala
১৬ নভেম্বর, ২০২৬
ভারতের কোভিড-১৯ মোকাবিলার অভিজ্ঞতা সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সুস্পষ্ট দায়িত্ব নির্ধারণ এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমাগত পদক্ষেপ সংশোধনের মধ্য দিয়ে নেতৃত্বের ভূমিকায় আলোকপাত করে। প্রথম সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার আগেই সরকার পদক্ষেপ গ্রহণ করে, আইনি ক্ষমতা অর্পণ করে এবং প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলি গড়ে তোলে ও পুনর্গঠন করে। প্রথম জাতীয় সেরো-সমীক্ষার ফলাফল ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার ও পুনরায় কাজকর্ম চালুর পথনির্দেশ করে। পাশাপাশি, বেসরকারি পরীক্ষাগার, হাসপাতাল এবং শিল্পক্ষেত্রকেও এই উদ্যোগে যুক্ত করা হয়। দ্বিতীয় ঢেউয়ের চাপের মুখে রাজ্যগুলির জন্য অক্সিজেন বরাদ্দ করা হয় এবং সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য টিকাকরণ শুরু হয়। ২০২৩ সালের ৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি অবস্থার মর্যাদা প্রত্যাহার করা পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত ছিল। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ১২ বছর ও তার বেশি বয়সি জনসংখ্যার ৯৭% কোভিড-১৯ টিকার অন্তত একটি ডোজ পেয়েছে, অন্যদিকে এই জনসংখ্যার ৯০% কোভিড-১৯-এর বিরুদ্ধে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন করেছে। সারা দেশে মোট ২২.৮৯ কোটি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
পূর্বনির্ধারিত নির্দেশিকা ছাড়াই এক অভিযান
এক অজানা ভাইরাস ভারতে পৌঁছানোর সময় কোনও টিকা ছিল না, প্রমাণিত চিকিৎসা পদ্ধতিও ছিল না এবং হাতে সময় ছিল খুবই কম। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ভারতের মোকাবিলা প্রচেষ্টা প্রস্তুতি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাঁচটি পর্যায়ে পরিচালিত হয়। প্রথম সংক্রমণের ঘটনা খুঁজে বের করার আগেই বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের কাজ শুরু হয়। এর ফলে প্রস্তুতির ক্ষেত্রে দেশ কিছুটা এগিয়ে থাকার সুযোগ পায়। সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মোকাবিলার উদ্যোগের পরিধি বাড়ানো হয়। সংক্রমণ নিয়ন্ত্রণ, জরুরি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো তৈরি, অক্সিজেন বরাদ্দ এবং রাজ্যগুলিকে সহায়তা প্রদানের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপর শুরু হয় টিকাকরণ এবং ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার ও স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করার প্রক্রিয়া। ২০২৩ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থার অবসান ঘোষণা করা পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রতিটি পর্যায়ের নেপথ্যে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক সিদ্ধান্ত: আগেভাগে পদক্ষেপ গ্রহণ, সুস্পষ্ট দায়িত্ব অর্পণ, তথ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপে পরিবর্তন আনা। এটি নেতৃত্বকে একটি অভিযানের রূপ দেওয়ার উদাহরণ, যেখানে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করা হয়েছিল, তা স্পষ্ট হয়ে ওঠে।
চ্যালেঞ্জ
২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহানে অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনাগুলি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করা হয়। ভারতের ক্ষেত্রে প্রাথমিক ঝুঁকি ছিল বিমানপথে সংক্রমণ দেশে প্রবেশের সম্ভাবনা, আর প্রস্তুতি নেওয়ার জন্য হাতে সময় ছিল খুবই সীমিত। ফলে, সরকারকে পরপর একাধিক আন্তঃসংযুক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, যার প্রতিটির জন্য জাতীয় স্তরে নেতৃত্বমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল।
নেতৃত্বের বাস্তব প্রয়োগ
১. আগাম প্রস্তুতি: প্রথম সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার আগেই পদক্ষেপ
স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহানির্দেশকের সভাপতিত্বে স্বাস্থ্য আধিকারিক ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্থায়ী কারিগরি মঞ্চ জয়েন্ট মনিটরিং গ্রুপ ২০২০ সালের ৮ জানুয়ারি বৈঠকে বসে। এই বৈঠকে ঝুঁকি মূল্যায়ন এবং প্রস্তুতির পর্যালোচনা করা হয়। এর পর, ১৭ জানুয়ারি আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় এবং এক সপ্তাহের মধ্যে তা ২১টি বিমানবন্দরে সম্প্রসারিত করা হয়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জানুয়ারি কেরলের ত্রিশূরে ভারতে প্রথম সংক্রমণের ঘটনা রিপোর্ট হওয়ার আগেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এরপর, ২৫ জানুয়ারি সাতটি বহুমুখী কেন্দ্রীয় দল মোতায়েন করা হয়। তাদের দায়িত্ব ছিল বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা পর্যালোচনা করা এবং নির্ধারিত হাসপাতালগুলিতে পাঠানো সন্দেহভাজন রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনার প্রতিটি পর্যায় মূল্যায়ন করা।
স্বাস্থ্য মন্ত্রক আরও চারটি মন্ত্রককে চিঠি দেয় এবং মন্ত্রিসভা সচিবালয় আন্তঃমন্ত্রক বৈঠকের আয়োজন করে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালনায় একটি জাতীয় অপারেশনস সেন্টার ৮ ফেব্রুয়ারি সক্রিয় করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার উহান থেকে ৬৪৫ জনকে দেশে ফিরিয়ে আনে এবং তাঁদের দুটি কেন্দ্রে কোয়ারান্টিনে রাখে।
২. দায়িত্ব ও ক্ষমতা: আইন, কাঠামো এবং সুনির্দিষ্ট ভূমিকা
২০২০ সালের ১১ মার্চ বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫-এর অধীনে থাকা ক্ষমতা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে অর্পণ করা হয়। এর দু’দিন পর, প্রয়োজন অনুযায়ী রাজ্যগুলিকে ওই আইন এবং মহামারী রোগ আইন, ১৮৯৭ কার্যকর করার পরামর্শ দেওয়া হয়। ২৯ মার্চ ১১টি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করা হয় এবং প্রতিটি গোষ্ঠীকে নির্দিষ্ট দায়িত্বের ক্ষেত্র অর্পণ করা হয়। এই ক্ষেত্রগুলির মধ্যে ছিল চিকিৎসা পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল, যোগাযোগ এবং জনসাধারণের অভিযোগের নিষ্পত্তি। ২ মার্চের ক্লাস্টার কন্টেনমেন্ট প্ল্যানে সংক্রমণের ঘটনা শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। বড় আকারে সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাস্তরে গ্রহণীয় পদক্ষেপের একটি চেকলিস্ট-সহ পরিকল্পনা ৪ এপ্রিল রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়। ২৮ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সমস্ত মুখ্য সচিবকে জরুরি চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখার নির্দেশ দেন। মন্ত্রীগোষ্ঠী অগ্রগতি পর্যালোচনা করে এবং ২০২০ সালের ৫ মে অনুষ্ঠিত তাদের ১৪তম বৈঠকে একাধিক ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী তাদের কাজের বিবরণ পেশ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিবের মতো নির্দিষ্ট পদে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা এই ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলির নেতৃত্ব দেন।
ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলি কি?
২০২০ সালের ২৯ মার্চ এগারোটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করা হয়। চিকিৎসা পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল এবং যোগাযোগ- প্রতিটি গোষ্ঠীকে একটি নির্দিষ্ট দায়িত্বের ক্ষেত্র দেওয়া হয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে এই গোষ্ঠীগুলিকে একত্রিত করে ছয়টি করা হয় এবং ২০২১ সালের মে মাসে সেগুলিকে পুনর্গঠন করে দশটি গোষ্ঠী করা হয়।
৩. পরিস্থিতির সঙ্গে অভিযোজন: পরিবর্তনশীল নির্দেশনা ও পরিচালন কাঠামো
প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাঠামোও পুনর্গঠিত হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে এগারোটি গোষ্ঠীকে ছয়টিতে পরিণত করা হয় এবং ২০২১ সালের ২৯ মে সেই ছয়টি গোষ্ঠীকে পুনর্গঠন করে দশটি করা হয়। ২০২১ সালের মে মাসে পুনর্গঠনের সময় অক্সিজেন, টিকাকরণ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য পৃথক গোষ্ঠী তৈরি করা হয়। সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থাও স্থানীয় স্তরে নিয়ে যাওয়া হয়। জেলাগুলিকে লাল, কমলা অথবা সবুজ অঞ্চলে ভাগ করা হয় এবং রাজ্যগুলিকে জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে বিধিনিষেধ শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হয়।
৪. তথ্যপ্রমাণ: উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ
২০২০ সালের মে ও জুন মাসে পরিচালিত প্রথম জাতীয় সেরো-সমীক্ষায় অনুমান করা হয় যে, জনসংখ্যার প্রায় ০.৭৩% সংক্রমিত হয়েছিলেন। এই সমীক্ষায় দেখা যায় যে, জনসংখ্যার একটি বড় অংশের মধ্যে তখনও সংক্রমণের ঝুঁকি ছিল। সেই অনুযায়ী, ধাপে ধাপে স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়। মে মাসে কর্মক্ষেত্রের জন্য নির্দেশিকা জারি করা হয় এবং জুন মাসে অফিস, উপাসনালয়, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলের জন্য কার্যপদ্ধতি নির্ধারণ করা হয়। জাতীয় সেরো-সমীক্ষার চতুর্থ পর্যায়ে দেখা যায়, জনসংখ্যার ৬৭.৬%-এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল।
সেরো-সমীক্ষা কি?
সেরো-সমীক্ষা হল, জনসংখ্যার বিভিন্ন অংশ থেকে সংগৃহীত রক্তের নমুনায় অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করার একটি পদ্ধতি। এর মাধ্যমে আগে থেকেই কত শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন, তা অনুমান করা যায়।
প্রযুক্তি এবং জিনোমিক্সও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ২০২০ সালের ৪ মে-র মধ্যে প্রায় ৯ কোটি মানুষ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছিলেন। ততদিনে দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের শরীরে পাওয়া ভাইরাসের প্রজাতিগুলির জিনোম সিকোয়েন্সিং-এর কাজও শুরু হয়েছিল। জিনোম-ভিত্তিক নজরদারি নেটওয়ার্ক হিসেবে ২০২০ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় আইএনএসএসিওজি (INSACOG) বা ইন্ডিয়ান সার্স-কোভ-২ কনসোর্টিয়াম অন জিনোমিক্স। ২০২১ সালের মার্চ মাসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মহারাষ্ট্রে ডেল্টা প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানায়।
৫. সক্ষমতা বৃদ্ধি: সম্মিলিত উদ্যোগে অংশগ্রহণ
২০২০ সালের ২১ মার্চ বেসরকারি পরীক্ষাগারগুলিকেও কোভিড পরীক্ষার অনুমতি দেওয়া হয়। ২৪ মার্চের মধ্যে ১১৮টি পরীক্ষাগারে প্রতিদিন ১২,০০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা তৈরি হয়। দেশে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)-এর উৎপাদন ১ মার্চ তারিখে শূন্য থেকে বেড়ে মে মাসের মধ্যে প্রতিদিন প্রায় ৪.৫ লক্ষ কভারঅল-এ পৌঁছয়। সরকারি সংস্থা এইচএলএল লাইফকেয়ারকে একক ক্রয়কারী সংস্থা হিসেবে নিযুক্ত করা হয় এবং মূল্যায়ন করা দরপত্র প্রতিদিন ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর কাছে পাঠানো হত। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প (CGHS)-এর নির্ধারিত হারকে ভিত্তি হিসেবে ব্যবহার করে বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শয্যা সংখ্যা বাড়ানোর জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়।
মন্ত্রীগোষ্ঠী গুণমান নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব আরোপ করে। এর আওতায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, মাস্ক এবং ভেন্টিলেটরের বিভিন্ন ব্যাচ থেকে দৈবচয়নের ভিত্তিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। বেসরকারি ক্ষেত্র, স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) এবং আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিও ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলি প্রধানমন্ত্রীকে তাদের প্রতিবেদন ও উপস্থাপনায় জানায়। ২০২১ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী আধিকারিকদের অ-বিশেষজ্ঞ পর্যায়ের কাজের জন্য নাগরিক সমাজের স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন।
৬. সক্রিয় উপস্থিতি: সামনে থেকে এবং মাঠপর্যায়ে নেতৃত্ব
প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকগুলিতে কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্যগুলিকে একত্রিত করা হয়। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে স্থানীয় পরিস্থিতির অগ্রগতি খতিয়ে দেখা, বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করা এবং সংক্রমণ-প্রভাবিত এলাকাগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতি এবং সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা পর্যালোচনার জন্য ২০২০ ও ২০২১ সালে বিভিন্ন রাজ্যে বহুমুখী কেন্দ্রীয় দল পাঠানো হয়। রাজ্যগুলির নোডাল আধিকারিক হিসেবে কাজ করার জন্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং জাতীয় স্তরে প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। চিঠি, ওয়েবসাইটে প্রকাশিত পরামর্শ এবং রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্তগুলি রাজ্যগুলির কাছে পৌঁছে দেওয়া হয়।
২০২০ সালের ২০ মার্চ থেকে ১১ মে-র মধ্যে প্রধানমন্ত্রী পাঁচবার ভার্চুয়াল মাধ্যমে সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় করে শহর ও জেলাভিত্তিক হাসপাতালের শয্যা পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। ২০২০ সালের জুন মাসের পর্যালোচনা বৈঠকে সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্য, জেলা ও শহরের উল্লেখযোগ্য কাজেরও প্রশংসা করা হয়। ২০২১ সালের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্যগুলির বিভিন্ন সংস্থাকে কোভিড-১৯ মোকাবিলার কৌশল যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে বলেন।
৭. দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত: চাপের মুখে অক্সিজেন ও টিকা সরবরাহ
২০২১ সালের ১৫ এপ্রিল বারোটি রাজ্যের অক্সিজেন পরিস্থিতি নিয়ে একটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী বৈঠক করে। শিল্পক্ষেত্র, নিয়ন্ত্রক সংস্থা এবং উৎপাদকদের সঙ্গে সমন্বয় করে অক্সিজেন সরবরাহের মানচিত্র তৈরি করা হয় এবং পরবর্তী দিনগুলির জন্য রাজ্যগুলিকে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন বরাদ্দ করা হয়। রাজ্যগুলিকে জানানো অক্সিজেন বরাদ্দের পরিমাণ ২০ এপ্রিল ৪,৮৮০ টন থেকে বেড়ে ৩০ এপ্রিল ৬,৫৯৩ টনে পৌঁছায়। এই বরাদ্দের পাশাপাশি, প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্যও রাজ্যগুলিকে বলা হয়। ২১ এপ্রিল ঘোষিত উদারীকৃত কৌশলে নমনীয় মূল্য নির্ধারণ এবং টিকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়, যাতে উৎপাদকরা টিকার উৎপাদন বাড়াতে উৎসাহিত হন।
কোনও টিকার অনুমোদন পাওয়ার আগেই টিকাকরণের প্রস্তুতি শুরু হয়েছিল। ২০২০ সালের এপ্রিল মাসে একটি টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে ডিসেম্বর মাসে ড্রাই রান পর্যন্ত এই প্রস্তুতি অব্যাহত ছিল। ২০২১ সালের ১৬ জানুয়ারি স্বাস্থ্যকর্মীদের দিয়ে পর্যায়ক্রমিক টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এরপর ২০২১ সালের ১ মে থেকে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক টিকা নেওয়ার যোগ্য হন। ২০২১ সালের ২৭ এপ্রিল অক্সিজেন, চিকিৎসা পরিকাঠামো এবং যোগাযোগ সংক্রান্ত ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলি সরাসরি প্রধানমন্ত্রীকে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করে।
৮. ধারাবাহিকতা: প্রচেষ্টা অব্যাহত রাখা
২০২১ সালের ৮ জুলাই মন্ত্রিসভা ২৩,১২৩ কোটি টাকা বরাদ্দ-সহ ইন্ডিয়া কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজের (ECRP-II) দ্বিতীয় পর্যায়ে অনুমোদন দেয়। এই প্যাকেজের লক্ষ্য ছিল জেলা ও মহকুমা স্তরে সক্ষমতা বৃদ্ধি করা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এর আওতায় কেন্দ্রের অন্তর্গত হাসপাতাল, ওয়ার রুম ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, জিনোম সিকোয়েন্সিং, প্রবেশের ২৮টি স্থানে নজরদারি এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রীর কেন্দ্রীয়ভাবে সংগ্রহের ব্যবস্থা করা হয়। এই প্যাকেজের আওতায় ৬৬৩টি নতুন পরীক্ষাগার, ৬৯৭টি তরল অক্সিজেন ট্যাঙ্ক, ৬৩টি ফিল্ড হাসপাতাল এবং ২০০টি টেলিমেডিসিন হাব গড়ে তোলার কথা জানানো হয়েছে।
২০২১ সালের ২১ অক্টোবর ভারতে টিকাকরণের সংখ্যা ১০০ কোটি ডোজ অতিক্রম করে। ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ শুরু করার অনুরোধ জানান।
২০২১ সালের ৩ নভেম্বর কোভিড-১৯ টিকাকরণ অভিযান ‘হর ঘর দস্তক’ চালু করা হয়। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি, জনসাধারণকে টিকাকরণে উৎসাহিত করা এবং যোগ্য সকল উপভোক্তাকে প্রথম ডোজ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় ডোজ পাওয়ার সময় হয়েছে এমন প্রত্যেককে টিকা দেওয়া ছিল এই অভিযানের লক্ষ্য।
২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের এবং ওই বছরের মার্চ মাসে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণের আওতায় আনা হয়। সতর্কতামূলক ডোজ দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়। এর মধ্যে ২০২২ সালের জুলাই মাসে শুরু হওয়া ৭৫ দিনের বিনামূল্যে টিকাকরণ অভিযানও অন্তর্ভুক্ত ছিল। ২০২২ সালের জুন মাসে সংশোধিত নজরদারি কৌশলে সংক্রমণ দ্রুত শনাক্তকরণ, ভাইরাসের বিভিন্ন প্রজাতির গতিবিধি পর্যবেক্ষণ এবং জিনোম-ভিত্তিক নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।
২০২১ সালের ডিসেম্বর থেকে টিকাকরণ, বাড়িতে নিভৃতবাস, আন্তর্জাতিক যাত্রীদের আগমন এবং নজরদারি সংক্রান্ত নির্দেশিকাগুলি নিয়মিতভাবে সংশোধন করা হয়। ২০২২ সালের মে মাসে ভারতের ১০ লক্ষেরও বেশি স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী (আশা) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড পান। ২০২৩ সালের ৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ৩০ জানুয়ারি ঘোষিত আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার অবসান ঘটায়।
টিকাকরণ অভিযানের সাফল্য
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ১২ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যার ৯৭% কোভিড-১৯ টিকার অন্তত একটি ডোজ পেয়েছে, অন্যদিকে এই জনসংখ্যার ৯০% কোভিড-১৯-এর বিরুদ্ধে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন করেছে। সারা দেশে মোট ২২.৮৯ কোটি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
এক নজরে পাঁচটি পর্যায়
|
ফেজ ১ প্রস্তুতি
জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২০
|
ফেজ ২
নিয়ন্ত্রণ
মার্চ থেকে এপ্রিল ২০২০
|
ফেজ ৩
পুনরায় খোলা এবং প্রস্তুতি
মে থেকে ডিসেম্বর ২০২০
|
ফেজ ৪
টিকাকরণ এবং সংক্রমণ বৃদ্ধি
জানুয়ারি থেকে জুন ২০২১
|
ফেজ ৫
নির্মাণ এবং অভিযোজন
জুলাই ২০২১ থেকে মে ২০২৩
|
|
• যৌথ পর্যবেক্ষণ দলের ঝুঁকি পর্যালোচনা, ৮ই জানুয়ারি
• ১৭ই জানুয়ারি থেকে বিমানবন্দরে স্ক্রিনিং
• প্রথম আক্রান্তের খবর, ৩০শে জানুয়ারি
• উহান থেকে ৬৪৫ জনকে উদ্ধার
|
• ক্লাস্টার কন্টেনমেন্ট প্ল্যান, ২রা মার্চ
• বেসরকারি গবেষণাগার খোলা, ২১শে মার্চ
• দেশব্যাপী লকডাউন - ২৫শে মার্চ
• ১১টি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন
|
• প্রথম সেরোসার্ভে: আনুমানিক ০.৭৩% জনসংখ্যা সংক্রামিত
• নির্দেশিকা সহ ধাপে ধাপে পুনরায় খোলা
• ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলিকে কমিয়ে ছয়টি করা হলো
• জিনোমিক নেটওয়ার্ক, কো-উইন (Co-WIN) পাইলট প্রকল্প
|
• টিকাকরণ শুরু, ১৬ই জানুয়ারি
• দ্বিতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্ত ৪ লক্ষের ওপরে
• ১২টি রাজ্যে অক্সিজেন বরাদ্দ
• ১লা মে থেকে সমস্ত প্রাপ্তবয়স্ক টিকাকরণের যোগ্য
|
• ইসিআরপি-২ (ECRP-II), ₹২৩,১২৩ কোটি টাকা
• একশো কোটি ডোজের মাইলফলক অতিক্রম
• হর ঘর দস্তক অভিযান
• হু (WHO) কর্তৃক জরুরি অবস্থা প্রত্যাহার, ৫ই মে ২০২৩
|
কিভাবে মোকাবিলার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল
শীর্ষস্তরের পর্যালোচনা থেকে শুরু করে জেলাস্তর পর্যন্ত পাঁচটি স্তরের মাধ্যমে নেতৃত্ব ও পরিচালনার কাজ সম্পন্ন হয়। প্রতিটি স্তর তার ঊর্ধ্বতন স্তরে অগ্রগতির প্রতিবেদন পেশ করেছে এবং অধস্তন স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
|
স্তর
|
কার্যক্রম
|
|
সর্বোচ্চ স্তর
|
প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) পর্যায়ক্রমিক পর্যালোচনা; ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলি অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পেশ করত।
|
|
মন্ত্রীগোষ্ঠী
|
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ২০২০ সালের ৫ মে ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংক্রমণ নিয়ন্ত্রণ, সরবরাহ, প্রযুক্তি ও ত্রাণ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হয়।
|
|
ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী
|
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব-সহ বিভিন্ন গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা।
|
|
রাজ্য
|
২০২০ সালের ২০ মার্চ থেকে ১১ মে-র মধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
|
|
জেলা
|
স্থানীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে লাল, কমলা ও সবুজ অঞ্চলভিত্তিক শ্রেণীবিন্যাসের নির্দেশিকা অনুসরণ করা হয়। ২০২০ সালের ৫ মে পর্যন্ত যথাক্রমে ১৩০টি, ২৮৪টি ও ৩১৯টি জেলা এই তিনটি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
|
মূল শিক্ষা: নেতৃত্ব একটি অভিযান হিসেবে
ভারতের কোভিড-১৯ মোকাবিলায় সাফল্য কোনও একটি সিদ্ধান্তের ফল ছিল না। এটি সময়োপযোগী একাধিক সিদ্ধান্তের ধারাবাহিক ফল। প্রথম সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার আগেই নেতৃত্বের তরফে পদক্ষেপ নেওয়া হয়, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয় এবং প্রতিটি পদক্ষেপে তথ্যপ্রমাণকে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসের পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক কাঠামোরও পুনর্গঠন করা হয় এবং শিল্পক্ষেত্র, পরীক্ষাগার ও নাগরিক সমাজকে সম্মিলিত প্রচেষ্টায় যুক্ত করা হয়। দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন ও টিকা সংক্রান্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২০২৩ সাল পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত রাখা হয়। নেতৃত্বের ক্ষেত্রে এই অভিজ্ঞতার শিক্ষা স্পষ্ট: আগাম পরিস্থিতি অনুমান করতে হবে, ব্যাপকভাবে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করতে হবে, নিয়মিত পর্যালোচনা করতে হবে এবং দ্বিধা না করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই অভিযান হিসেবে নেতৃত্বের ধারণা—একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এমন পরিকল্পনার মাধ্যমে এগিয়ে চলা, যা কখনও শেখা বন্ধ করে না।
তথ্যবিবরণী
Ministry of Health and Family Welfare
https://www.mohfw-dohfw.gov.in/static/uploads/2026/06/cb5989724e38171c770da36265e9161a.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654451®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1602564®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1602287®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1887285®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037420®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1621207®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1653681®=48&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/PPT%20June%2011%20Media%20Briefing.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777164®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1707177
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765379
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787282
https://www.dhr.gov.in/static/uploads/2025/08/64b2db6cf294425c80b8689ba77630b3.pdf
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1717459®=48&lang=2
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154668&ModuleId=3®=48&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/dec/doc2021122421.pdf
Prime Minister's Office
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715188®=48&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/ebooklat/Flip-Book/Flip-Book/files/basic-html/page5.html
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1631389
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714439
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1612890®=48&lang=2
Leading Through the Storm
*****
PS/AL