PIB Backgrounder
azadi ka amrit mahotsav

বনাধিকার আইন

অধিকার স্বীকৃতি, জীবিকার সুরক্ষা

প্রকাশিত: 16 NOV 2026 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬

 

২০০৬ সালের বনাধিকার আইন (এফআরএ) তপসিলী জনজাতি এবং অন্যান্য চিরাচরিত বনবাসীদের বনভূমির উপর অধিকার স্বীকৃতি দেয়। স্বতন্ত্র ও গোষ্ঠীগত অধিকার স্বীকৃতির জন্য স্বত্বপত্র দেওয়া হয়। এই স্বত্বপত্র বনাধিকার সংক্রান্ত সরকারি নথি। রাজস্ব নথিতে স্বত্বপত্রের তথ্য অন্তর্ভুক্ত হলে স্বত্বাধিকারীরা পিএম-কিষান এবং কৃষি, মৎস্য ও জীবিকা সংক্রান্ত অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে পারেন। এবছর ৩১ আগস্ট পর্যন্ত ২৫.৪২ লক্ষ স্বত্বপত্র বিতরণ করা হয়েছে। এর আওতায় প্রায় ২৩৮ লক্ষ একর জমি এসেছে। জনজাতীয় গৌরব পাক্ষিক চলাকালীন মন্ত্রক জাতীয় বনাধিকার ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে। এই প্ল্যাটফর্মে গ্রামসভায় আবেদন জমা দেওয়া থেকে শুরু করে ডিজিটাল স্বাক্ষরযুক্ত স্বত্বপত্র পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া একই ব্যবস্থার আওতায় আসবে।

ভূমিকা

বংশপরম্পরায় বনবাসী সম্প্রদায়গুলি নিজেদের বাসস্থান ও জীবিকার জন্য বনের উপর নির্ভর করে এসেছে। অথচ ঔপনিবেশিক আমলে এবং স্বাধীনতার পর রাজ্যের বনভূমির সীমানা নির্ধারণের সময় এই সম্প্রদায়গুলির অনেকের ব্যবহৃত জমির উপর অধিকার নথিভুক্ত হয়নি। ২০০৬ সালের বনাধিকার আইন বনবাসী তফসিলি জনজাতি এবং অন্যান্য চিরাচরিত বনবাসীদের এই অধিকারগুলিকে স্বীকৃতি দেয়। এই আইন বনভূমির উপর তাঁদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত উভয় ধরনের অধিকারকে আইনি স্বীকৃতি দিয়েছে। আইন এবং তার বিধিতে জমির স্বত্বপত্র প্রদান ও রাজস্ব নথিতে সেই তথ্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দেন। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর থেকে আইনটি কার্যকর হয়।

এই আইনের উদ্দেশ্যগুলি হল:

আগে নথিভুক্ত না হওয়া বনাধিকারগুলিকে স্বীকৃতি দেওয়া।

বনবাসী তফসিলি জনজাতি এবং অন্যান্য চিরাচরিত বনবাসীদের জমির উপর সুনিশ্চিত অধিকার, জীবিকা ও খাদ্য সুরক্ষা প্রদান করা।

বনাধিকারপ্রাপ্তদের বনভূমির সুস্থায়ী ব্যবহারের দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান করে বন সংরক্ষণ আরও শক্তিশালী করা। একই সঙ্গে জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

জনজাতি বিষয়ক মন্ত্রক এই আইনের নোডাল সংস্থা। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন আইনটি রূপায়ণ করে। জম্মু ও কাশ্মীর-সহ ২০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইন রূপায়িত হচ্ছে।

বনাধিকার স্বত্বপত্র কি?

স্বত্বপত্র হল বনাধিকার নথিভুক্ত করার সরকারি দলিল। এতে অধিকারপ্রাপকের নাম, সংশ্লিষ্ট গ্রাম এবং জমি বা বনভূমির বিবরণ ও সীমানা উল্লেখ থাকে। রাজ্য সরকারের পক্ষে তিন জন জেলা আধিকারিক এই স্বত্বপত্রে স্বাক্ষর করেন। তাঁরা হলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার, জেলা জনজাতি কল্যাণ আধিকারিক এবং জেলা কালেক্টর। স্বত্বাধিকারী স্বত্বপত্রের সত্যায়িত প্রতিলিপি পান। গোষ্ঠীগত স্বত্বপত্রের ক্ষেত্রে গ্রামসভা তা পায়। স্বত্বাধিকারীর উত্তরাধিকারীরা এই অধিকার লাভ করেন। তবে স্বত্বপত্র বিক্রি বা হস্তান্তর করা যায় না।

কারা দাবি জানাতে পারবেন এবং আইন কোন অধিকার সুরক্ষিত করে

এই আইনে দুটি গোষ্ঠী অন্তর্ভুক্ত। বনবাসী তফসিলি জনজাতি বলতে তফসিলি জনজাতিভুক্ত সেই ব্যক্তিদের বোঝায়, যাঁরা প্রধানত বন বা বনভূমিতে বসবাস করেন এবং নিজেদের ন্যায্য জীবিকার প্রয়োজন মেটাতে বনের উপর নির্ভরশীল। অন্যান্য চিরাচরিত বনবাসী হলেন সেই ব্যক্তিরা, যাঁরা ২০০৫ সালের ১৩ ডিসেম্বরের আগে অন্তত তিন প্রজন্ম বা ৭৫ বছর ধরে প্রধানত বনে বসবাস করেছেন এবং বনের উপর নির্ভরশীল ছিলেন। ওই তারিখের আগে দখলে থাকা বনভূমির ক্ষেত্রেই অধিকার প্রযোজ্য। বসতবাড়ি বা চাষের জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রে অধিকার কেবল প্রকৃত দখলে থাকা জমির উপর প্রযোজ্য হবে। এর সর্বোচ্চ সীমা চার হেক্টর।

সংরক্ষিত বন ও সুরক্ষিত বন, অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান-সহ সব ধরনের বনভূমির উপর এই অধিকার প্রযোজ্য।

অধিকার স্বীকৃতি ও যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দুই গোষ্ঠীর কোনও সদস্যকে তাঁর দখলে থাকা বনভূমি থেকে উচ্ছেদ বা অপসারণ করা যাবে না।

গ্রামসভার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সরকারি পরিষেবার জন্য এক হেক্টরের কম আয়তনের ছোট ছোট বনভূমি ব্যবহারের ব্যবস্থা করে। এই পরিষেবার মধ্যে রয়েছে বিদ্যালয়, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ন্যায্য মূল্যের দোকান, পানীয় জল, ক্ষুদ্র সেচ খাল, রাস্তা এবং কমিউনিটি সেন্টার।

অধিকারের ধরন ও স্বত্বপত্র

স্বত্বপত্রের তিনটি ধরন রয়েছে।

১. ব্যক্তিগত স্বত্বপত্র: কোনও পরিবারের বসবাস বা চাষের জন্য ব্যবহৃত সর্বোচ্চ চার হেক্টর জমির ক্ষেত্রে এই স্বত্বপত্র দেওয়া হয়। বিবাহিত দম্পতির ক্ষেত্রে উভয়ের নামে স্বত্বপত্র দেওয়া হয়। একক অভিভাবকবিশিষ্ট পরিবারের ক্ষেত্রে পরিবারের একক অভিভাবকের নামে তা নথিভুক্ত হয়।

২. গোষ্ঠীগত বনাধিকার স্বত্বপত্র: গ্রামের মানুষ সম্মিলিতভাবে যে সম্পদ ব্যবহার করেন, যেমন পশুচারণের জমি, মাছ ধরার এলাকা, জলাশয় এবং ক্ষুদ্র বনজ উৎপাদিত সামগ্রী, তার উপর এই স্বত্বপত্র দেওয়া হয়। সংশ্লিষ্ট গোষ্ঠী এই স্বত্বের অধিকারী হয়। কোনও শর্ত থাকলে তা স্বত্বপত্রে উল্লেখ করা হয়।

৩. গোষ্ঠীগত বনসম্পদ স্বত্বপত্র: প্রথাগত সীমানার মধ্যে থাকা বনভূমি সুরক্ষা, পুনরুজ্জীবন, সংরক্ষণ ও পরিচালনার অধিকার গ্রামসভা বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে দেওয়া হয়। এই বনভূমিতে গ্রামের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবেশাধিকার পেয়ে এসেছেন।

বনবাসীরা ঐতিহ্যগতভাবে সংগ্রহ করে আসা ক্ষুদ্র বনজ উৎপাদিত সামগ্রীর মালিক হন। এর মধ্যে রয়েছে বাঁশ, মধু, লাক্ষা, কেন্দু পাতা এবং ঔষধি গাছপালা। তাঁরা এই সামগ্রী সংগ্রহ, ব্যবহার ও বিক্রি করতে পারেন।

বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠীগুলি (পিভিটিজি) নিজেদের বাসস্থানের উপর অধিকার পায়। এই বাসস্থান বলতে সেই অঞ্চলকে বোঝায়, যেখানে তারা প্রথাগতভাবে বসবাস করে এসেছে। সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমিও এর অন্তর্ভুক্ত। এবছর ৫ জানুয়ারি মন্ত্রক বাসস্থানের অধিকার সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ, এই তিনটি রাজ্যের ১১টি বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠীকে বাসস্থানের অধিকার দেওয়া হয়েছে।

কিভাবে দাবির নিষ্পত্তি হয়

গ্রামসভার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যকে নিয়ে গ্রামসভা গঠিত হয়। এতে মহিলাদের পূর্ণ ও অবাধ অংশগ্রহণ নিশ্চিত করা হয়। গ্রামসভা ১০ থেকে ১৫ জন সদস্য নিয়ে একটি বনাধিকার কমিটি নির্বাচন করে। এই কমিটি দাবি গ্রহণ ও যাচাইয়ের কাজে গ্রামসভাকে সহায়তা করে। কমিটির অন্তত দুই-তৃতীয়াংশ সদস্য তফসিলি জনজাতিভুক্ত হন। অন্তত এক-তৃতীয়াংশ সদস্য মহিলা হন। গ্রামসভা দাবি গ্রহণ করে, তা যাচাই করে এবং জমির মানচিত্র তৈরি করে। এরপর একটি প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাব মহকুমা স্তরের কমিটির (এসডিএলসি) কাছে পাঠানো হয়। এই আইন বনাধিকারপ্রাপ্ত ব্যক্তি ও গ্রামসভাকে বন্যপ্রাণী, বন, জীববৈচিত্র্য এবং জলসম্পদ রক্ষার ক্ষমতাও দিয়েছে।

এসডিএলসি প্রস্তাবটি পরীক্ষা করে বনাধিকার সংক্রান্ত নথি প্রস্তুত করে। এই নথিতে স্বীকৃতির জন্য প্রস্তাবিত অধিকারগুলির তালিকা থাকে। এরপর তা জেলা স্তরের কমিটির (ডিএলসি) কাছে পাঠানো হয়। ডিএলসি-র সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক। প্রতিটি কমিটিতে রাজ্যের রাজস্ব, বন এবং জনজাতি বিষয়ক দপ্তরের আধিকারিকরা থাকেন। এ ছাড়া পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের তিন জন সদস্য থাকেন। তাঁদের মধ্যে দু’জন তফসিলি জনজাতিভুক্ত এবং অন্তত এক জন মহিলা।

গ্রামসভার প্রস্তাব বা এসডিএলসি-র সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলে ৬০ দিনের মধ্যে পরবর্তী কমিটির কাছে আবেদন জানাতে পারেন। বনাধিকার বিধি অনুযায়ী, কমিটি আরও ৩০ দিন সময় দিতে পারে। মন্ত্রক জোর দিয়ে জানিয়েছে, প্রতিটি দাবি খারিজের ক্ষেত্রে কারণ-সহ লিখিত আদেশ দিতে হবে। আবেদনকারীর কাছে সেই আদেশ পাঠাতে হবে, যাতে আপিলের অধিকার বজায় থাকে।

স্বত্বপত্র দেওয়া হলে সংশ্লিষ্ট অধিকার রাজস্ব ও বন নথিতে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সাল থেকেই বনাধিকার বিধিতে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। ২০১২ সালের সংশোধনীতে এই কাজের জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়।

রাজ্য স্তরের পর্যবেক্ষণ কমিটি এই প্রক্রিয়ার উপর নজরদারি করে। মুখ্যসচিব এই কমিটির সভাপতি। প্রতি তিন মাসে অন্তত এক বার কমিটির বৈঠক হওয়ার কথা।

এখনও পর্যন্ত অগ্রগতি

এ বছর ৩১ আগস্ট পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ দাবি জমা পড়েছে। এর মধ্যে ৪৩.৫৬ লক্ষ দাবি, অর্থাৎ ৮০.৬৪ শতাংশের নিষ্পত্তি হয়েছে। বিতরণ করা হয়েছে ২৫.৪২ লক্ষ স্বত্বপত্র। এর আওতায় এসেছে প্রায় ২৩৮ লক্ষ একর জমি।

রাজ্যগুলিকে সহায়তা

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দাবি, স্বত্বপত্র এবং খারিজ হওয়া আবেদনের বিবরণ-সহ মাসিক অগ্রগতি প্রতিবেদন পাঠায়। মন্ত্রক সেই প্রতিবেদনগুলি সংকলন করে।

বনাধিকার সংক্রান্ত নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও মানচিত্র নির্মাণের জন্য মন্ত্রক জাতীয় বনাধিকার পোর্টাল এবং বনাধিকার মোবাইল অ্যাপের প্রদর্শন করেছে। রাজ্যগুলিকে নিজেদের নথি এই পোর্টালের সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

দেশজুড়ে পালিত বিভিন্ন  পাক্ষিক  কর্মসূচির অন্তর্গত,  জনজাতীয় গৌরব পাক্ষিকের (১ থেকে ১৫ নভেম্বর, ২০২৬) সময় মন্ত্রক জাতীয় বনাধিকার ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করে। এই প্ল্যাটফর্মে গ্রামসভায় আবেদন জমা দেওয়া থেকে শুরু করে ডিজিটাল স্বাক্ষরযুক্ত স্বত্বপত্র পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া একটি ব্যবস্থার আওতায় আসবে।

জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেটদের বকেয়া দাবিগুলির সময়মতো নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক নিয়মিত রাজ্যগুলির জনজাতি কল্যাণ দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করে। মন্ত্রকের কাছে জমা পড়া অভিযোগগুলি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে পাঠানো হয়।

মিশন কর্মযোগীর অনলাইন শিক্ষামঞ্চ আইজিওটি-তে বনাধিকার আইন সংক্রান্ত বিনামূল্যের পাঠক্রম রয়েছে। রাজ্যগুলিতেও বনাধিকার বিষয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে।

মহারাষ্ট্রে এবছর ১০ জুলাই-এর সরকারি নির্দেশে ব্যক্তিগত বনাধিকারপ্রাপ্তদের জন্য পৃথক গ্রাম-স্তরের নথির ব্যবস্থা করা হয়েছে। এই নথি দুটি হল ৭ (রাজস্ব নথিতে স্বত্বের বিবরণ) এবং ১২ (ফসলের নথি)। এর ফলে, তাঁরা ফসলের জন্য ঋণ, কিষান ক্রেডিট কার্ড, ফসল বিমা এবং সরাসরি সুবিধা হস্তান্তরের সুযোগ পেতে পারেন।

অন্ধ্রপ্রদেশে গিরিভূমি বনাধিকার পোর্টাল রাজ্যের রাজস্ব ও ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত। তেলঙ্গানার অনলাইন স্বত্বপত্র ব্যবস্থা ভূমিভারতী রাজস্ব পোর্টালের সঙ্গে সমন্বিত।

এবছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মন্ত্রক বেঙ্গালুরু, কলকাতা ও শ্রীনগরে তিনটি আঞ্চলিক পর্যালোচনা সম্মেলনের আয়োজন করে। বস্তুত, ১৯টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এতে অংশ নেয়। সম্মেলনগুলিতে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

উপসংহার

২০০৬ সালের বনাধিকার আইন বনবাসী সম্প্রদায়গুলিকে দীর্ঘদিন ধরে বসবাস ও সংরক্ষণ করে আসা বনভূমির উপর অধিকার দাবি করার আইনি ভিত্তি দিয়েছে। প্রায় ২৩৮ লক্ষ একর জমির জন্য ২৫.৪২ লক্ষ স্বত্বপত্র বিতরণ করা হয়েছে। এখন মূল লক্ষ্য তিনটি। স্বীকৃত অধিকার রাজস্ব ও বন নথিতে অন্তর্ভুক্ত করা, বনাধিকারপ্রাপ্তদের জীবিকা সংক্রান্ত প্রকল্পের সঙ্গে যুক্ত করা এবং গোষ্ঠীগত বনসম্পদ পরিচালনায় গ্রামসভাগুলিকে সহায়তা করা।

তথ্যসূত্র

Ministry of Tribal Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153037&reg=48&lang=2

https://tribal.nic.in/fra.aspx

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321667&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327660&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298075

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328976

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2322927

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/1714/AU1173.pdf?source=lsapps

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147846&reg=48&lang=2

https://tribal.nic.in/fra/data/frarulesbook.pdf

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/1711/AU681.pdf?source=lsapps

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308882&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294713&reg=48&lang=2

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU1915_3iNu8U.pdf?source=lsapps

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335189

Forest Rights Act

 

*****
SSS/S Saha


(রিলিজ আইডি: 2336968) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Bengali-TR , Gujarati , Tamil