প্রকাশিত:
12 NOV 2026 7:13PM by PIB Kolkata
১২ নভেম্বর, ২০২৬
পুষ্টিভিত্তিক ভর্তুকি প্রকল্প: সুষম সার ব্যবহারে উৎসাহ প্রদান
সুষম সার ব্যবহার মাটির স্বাস্থ্য বজায় রাখা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে কৃষিকাজের সুস্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবস্থাকে উৎসাহিত করতে সরকার ২০১০-এর ১ এপ্রিল থেকে পুষ্টিভিত্তিক ভর্তুকি (NBS) প্রকল্প কার্যকর করে আসছে।
এই প্রকল্পের আওতায় সারের মধ্যে থাকা পুষ্টি উপাদানের পরিমাণের ভিত্তিতে ভর্তুকি নির্ধারণ করা হয়। এই পুষ্টি উপাদানগুলির মধ্যে রয়েছে নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K) এবং সালফার (S)। খরিফ ও রবি- এই দুই মরশুমের জন্য বছরে দু’বার এই পুষ্টি উপাদানগুলির ভর্তুকির হার নির্ধারণ করা হয়। এর আওতায় ফসফেট ও পটাশ (P&K) সারের ২৮টি গ্রেড অন্তর্ভুক্ত রয়েছে।
এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়ার সুযোগ করে দিয়ে সারের যথাযথ ব্যবহারকে উৎসাহিত করা হয়। পাশাপাশি, মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম অনুপাতে পুষ্টি উপাদান ব্যবহারের জন্যও কৃষকদের উৎসাহিত করা হয়।
ফসফেট ও পটাশ (P&K) সার ক্ষেত্রটি নিয়ন্ত্রণমুক্ত ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। সরকারের নজরদারির অধীনে উৎপাদক ও আমদানিকারীরা যুক্তিসংগত হারে সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) নির্ধারণ করতে পারেন। ফলে, এই সার কেনার সময় কৃষকরা সরাসরি ভর্তুকির সুবিধা পান।
সার ও সার তৈরির উপকরণের আন্তর্জাতিক বাজারদরের সাম্প্রতিক প্রবণতার পরিপ্রেক্ষিতে, সরকার এবছর ১১ নভেম্বর রবি ২০২৬-২৭ মরশুমের জন্য ফসফেট ও পটাশ (P&K) সারের পুষ্টিভিত্তিক ভর্তুকির (NBS) হার অনুমোদন করেছে। এই হার এ বছর ১ অক্টোবর থেকে ২০১৭-এর ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
রবি ২০২৬-২৭ মরশুমের জন্য আনুমানিক ৬২,৩৭০.০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রবি ২০২৫-২৬ মরশুমে বরাদ্দ করা ৩৭,৯৫২.২৯ কোটি টাকার তুলনায় এই বরাদ্দ ৬৪ শতাংশেরও বেশি। এই প্রকল্পের আওতায় সরকার অনুমোদিত ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হার অনুযায়ী সার উৎপাদনকারী সংস্থাগুলি ভর্তুকি পেয়ে থাকে। এর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল:
|
পুষ্টি উপাদান
|
রবি ২০২৬-২৭ (₹/কেজি)
|
|
নাইট্রোজেন (N)
|
94.21
|
|
ফসফরাস (P)
|
66.11
|
|
পটাশিয়াম (K)
|
2.38
|
|
সালফার (S)
|
10.42
|
এই ভর্তুকি সহায়তার ফলে কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার পেতে পারেন।
এছাড়াও, গুরুত্বপূর্ণ সারের প্রাপ্যতা নিশ্চিত করা এবং দেশীয় উৎপাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার কয়েকটি বিশেষ ব্যবস্থাও অব্যাহত রেখেছে। এগুলি হল:
১. ডাই-অ্যামোনিয়াম ফসফেট (DAP)-এর জন্য বিশেষ ব্যবস্থা
নিয়মিত পুষ্টিভিত্তিক ভর্তুকির অতিরিক্ত হিসেবে, প্রতি বস্তা ১,৩৫০ টাকা নির্ধারিত মূল্যে ডিএপি-র প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা অব্যাহত রাখবে। এই বিশেষ ব্যবস্থা আমদানি করা ও দেশীয়ভাবে উৎপাদিত ট্রিপল সুপারফসফেট (TSP) এবং আমদানি করা মনোঅ্যামোনিয়াম ফসফেট (MAP)-এর ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছে।
২. সিঙ্গল সুপারফসফেট (SSP)-এর পরিবহণে ভর্তুকি
রবি ২০২৬-২৭ মরশুমেও সরকার এসএসপি-র পরিবহণে ভর্তুকি অব্যাহত রাখবে। ডাই-অ্যামোনিয়াম ফসফেটের সাশ্রয়ী বিকল্প হিসেবে সিঙ্গল সুপারফসফেটের ব্যবহারকে উৎসাহিত করাই এই ব্যবস্থার লক্ষ্য।
৩. অ্যামোনিয়াম সালফেটের জন্য ভর্তুকি
রবি ২০২৬-২৭ মরশুমে আমদানি করা এবং দেশীয়ভাবে উৎপাদিত অ্যামোনিয়াম সালফেটের উপর ভর্তুকি অব্যাহত থাকবে।
৪. দেশীয় উৎপাদনের জন্য সালফার প্যাকেজ
সালফার প্যাকেজের আওতায় শুধুমাত্র দেশীয় সালফার ও সালফিউরিক অ্যাসিড উৎপাদকদের সহায়তা প্রদান করা হয়। এই প্যাকেজের অধীনে:
সালফার: উৎপাদকরা প্রকৃত ক্রয়মূল্যের ২০ শতাংশ সহায়তা পাবেন, তবে, প্রতি টনে ন্যূনতম মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
সালফিউরিক অ্যাসিড: উৎপাদকরা প্রকৃত ক্রয়মূল্যের ২০ শতাংশ সহায়তা পাবেন, তবে, প্রতি টনে ন্যূনতম মূল্য ২৬৬.৬৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
রবি ২০২৬-২৭ মরশুমের পুষ্টিভিত্তিক ভর্তুকির হারের প্রধান সুবিধা
রবি ২০২৬-২৭ মরশুমের জন্য সংশোধিত পুষ্টিভিত্তিক ভর্তুকির হার এবং বিশেষ ব্যবস্থাগুলি কৃষকদের সহায়তা ও দেশীয় উৎপাদনে উৎসাহ প্রদানের পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে সারের প্রাপ্যতা নিশ্চিত করবে। এর প্রধান সুবিধাগুলি হল:
সাশ্রয়ী মূল্যে সার: ভর্তুকিযুক্ত ও যুক্তিসঙ্গত মূল্যে কৃষকদের জন্য সারের প্রাপ্যতা নিশ্চিত করে।
ভর্তুকির যৌক্তিকীকরণ: আন্তর্জাতিক বাজারে সার ও সার তৈরির উপকরণের সাম্প্রতিক মূল্যপ্রবণতার সঙ্গে ফসফেট ও পটাশ সারের ভর্তুকির সামঞ্জস্য বজায় রাখে।
দেশীয় উৎপাদনে উৎসাহ: দেশীয় সার উৎপাদনে সহায়তা করে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করে।
বিকল্প সারের ব্যবহারকে উৎসাহ: ডাই-অ্যামোনিয়াম ফসফেটের পরিবর্তে সিঙ্গল সুপারফসফেট এবং ইউরিয়ার পরিবর্তে অ্যামোনিয়াম সালফেটের মতো সাশ্রয়ী বিকল্প ব্যবহারে উৎসাহ জোগায়। এর ফলে, পুষ্টি উপাদানের সুষম ব্যবহারও বৃদ্ধি পায়।
কৃষকদের সহায়তা ও খাদ্য নিরাপত্তা: রবি মরশুমজুড়ে কৃষিকাজের উপকরণের খরচ স্থিতিশীল রাখার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষকদের আয় সুরক্ষিত করতে সহায়তা করে। এর মধ্য দিয়ে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার সরকারের নীতিও আরও জোরদার হয়।
পুষ্টিভিত্তিক ভর্তুকি প্রকল্পের অগ্রগতি
পুষ্টিভিত্তিক ভর্তুকি প্রকল্পের প্রভাব সারা দেশে সারের জন্য বর্ধিত ভর্তুকি সহায়তা এবং সারের মজুতের উন্নত প্রাপ্যতার মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
সারের জন্য ভর্তুকি প্রদান
২০২২-২৩ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে পুষ্টিভিত্তিক ভর্তুকি (NBS) প্রকল্পের আওতায় দেশীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা ফসফেট ও পটাশ (P&K) সারের জন্য সরকার ২.৭৯ লক্ষ কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করেছে।
সারের মজুতের প্রাপ্যতা
প্রধান সারগুলির মোট মজুত ২০২৫ সালের ১০ নভেম্বর ১৭৩.৪৬ লক্ষ টন থেকে বেড়ে এ বছর ১০ নভেম্বর ২৩৫.২১ লক্ষ টন হয়েছে। অর্থাৎ, আগের বছরের তুলনায় সারের মজুত প্রায় ৩৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
|
পণ্যের নাম
|
১০.১১.২০২৫ তারিখে মজুত (লক্ষ টন)
|
১০.১১.২০২৬ তারিখে মজুত (লক্ষ টন)
|
|
ইউরিয়া
|
72.14
|
103.12
|
|
ডিএপি (DAP)
|
24.86
|
28.65
|
|
এনপিকে (NPKs)
|
42.44
|
60.87
|
|
এমওপি (MOP)
|
10.78
|
20.08
|
|
এসএসপি (SSP)
|
23.24
|
22.49
|
|
মোট মজুত
|
173.46
|
235.21
|
কৃষক ও সুস্থায়ী কৃষির প্রতি নিরন্তর অঙ্গীকার
পুষ্টিভিত্তিক ভর্তুকি প্রকল্প সুষম সার ব্যবহারে উৎসাহ প্রদান এবং কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টি উপাদানের প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৬-২৭-এর রবি মরশুমের ভর্তুকির হার এবং অব্যাহত বিশেষ ব্যবস্থাগুলি সারের প্রাপ্যতা, দেশীয় উৎপাদন ও সাশ্রয়ী বিকল্পের ব্যবহারকে সহায়তা করে। ভর্তুকি প্রদানের পরিমাণ বৃদ্ধি এবং সারের মজুত বৃদ্ধিও সরকারের নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন। এই সমস্ত ব্যবস্থা সম্মিলিতভাবে সাশ্রয়ী মূল্যে সারের প্রাপ্যতা, পুষ্টি উপাদানের সুষম ব্যবহার এবং কৃষিকাজের উপকরণের খরচে অধিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে কৃষকদের সহায়তা করে।
তথ্যবিবরণী
Cabinet
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2334972®=48&lang=2
Ministry of Chemicals and Fertilizers
https://sansad.in/getFile/annex/271/AS248_EPp7zO.pdf?source=pqars
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS84_A9tlRY.pdf?source=pqals
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156820&ModuleId=3®=1&lang=1
Click here to see PDF
*******************
SSS/RP.......