PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রযাত্রা: পরিচ্ছন্ন ভবিষ্যতের পথে নতুন দিশা

প্রকাশিত: 13 NOV 2026 1:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬

 

ভারতের শক্তি ব্যবস্থার বর্তমান চিত্র

ক্রমবর্ধমান চাহিদা মেটানো, শক্তি নিরাপত্তা মজবুত করা এবং পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার দ্রুত ঘটছে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, জৈবশক্তি, ভূ-তাপীয় শক্তি এবং গ্রীন হাইড্রোজেন, এই সমস্ত উৎসকে ঘিরেই শক্তি ব্যবস্থায় পরিবর্তন আসছে।

সরকারি নীতি সহায়তা, পরিকাঠামোর উন্নয়ন, দেশীয় উৎপাদন, শিল্পোৎপাদনের প্রসার এবং আরও বেশি মানুষের কাছে শক্তি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ এই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে বৃহৎ বায়ুশক্তি প্রকল্প, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প এবং শক্তি সঞ্চয় প্রকল্প, সব মিলিয়ে দেশের মোট শক্তি উৎপাদনে পুনর্নবীকরণযোগ্য শক্তির অংশ ক্রমশ বাড়ছে।

এক নজরে পরিসংখ্যান

মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: এবছর অক্টোবর মাসে প্রায় ৫৬০ গিগাওয়াট। ২০১৪ সালে এই পরিমাণ ছিল ২৪৯ গিগাওয়াট।

জীবাশ্ম জ্বালানিবহির্ভূত শক্তি উৎপাদন ক্ষমতা: এবছর ৩১ জুলাই পর্যন্ত ৩০৮ গিগাওয়াট। মোট স্থাপিত উৎপাদন ক্ষমতার ৫৫ শতাংশ।

পুনর্নবীকরণযোগ্য শক্তির স্থাপিত উৎপাদন ক্ষমতার নিরিখে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

২০২৪ সালের জুলাই থেকে এবছর জুন মাস পর্যন্ত ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৬৩.৭ বিলিয়ন মার্কিন ডলার।

ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী (বিআরইএসই) ২০২৬

বিনিয়োগ। উদ্ভাবন। অনুপ্রেরণা।

এবছর ২ থেকে ৫ নভেম্বর নয়াদিল্লিতে ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী (বিআরইএসই) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিনিয়োগকারী, শিল্পক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, উৎপাদক এবং উদ্ভাবকরা একত্রিত হন।

অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য অংশীদার দেশ হিসেবে সম্মেলনে যোগ দেয়। গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং উৎপাদন ক্ষমতা তুলে ধরে।

এই অনুষ্ঠানে ৪০০-রও বেশি উৎপাদক, প্রযুক্তি সরবরাহকারী সংস্থা, স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠানকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পুনর্নবীকরণযোগ্য শক্তিতে অর্থায়ন, পরিচ্ছন্ন শক্তি উৎপাদন, শক্তি সঞ্চয়, উদীয়মান প্রযুক্তি এবং দক্ষ কর্মী গড়ে তোলার মতো বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌরশক্তি: উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো

ভারতে স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবছর ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ১৭৫ গিগাওয়াটে পৌঁছেছে। ২০১৪ সালে এই ক্ষমতা ছিল ২.৮ গিগাওয়াট। বর্তমানে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার বৃহত্তম অংশ সৌরশক্তির দখলে।

২০২৫ সালে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়। ওই বছর ভারতে ৩৭ গিগাওয়াটেরও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হয়েছিল ৩৪ গিগাওয়াট।

পিএম-সূর্য ঘর: মুফত বিজলি যোজনা

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১ কোটি পরিবারের জন্য ৭৫,০২১ কোটি টাকার মোট বরাদ্দ নিয়ে এই প্রকল্পের সূচনা হয়।

এবছর ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৬৫.২৬ লক্ষ পরিবার উপকৃত হয়েছে।

ভোক্তাদের প্রায় ৩৫,৮০০ কোটি টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হয়েছে।

এবছর অক্টোবর পর্যন্ত প্রায় ২১ লক্ষ পরিবারের বিদ্যুতের বিল শূন্য হয়েছে।

এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত মোট ১৯.১ গিগাওয়াট ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা

এবছর ৩১ জুলাই কেন্দ্রীয় সরকার ৫,০৭০ কোটি টাকা বরাদ্দ-সহ প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনায় অনুমোদন দেয়। শক্তি সঞ্চয় ব্যবস্থার সঙ্গে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার মাধ্যমে ভারতের সৌরশক্তি সম্প্রসারণে নতুন দিশা দেখিয়েছে এই প্রকল্প।

লক্ষ্যমাত্রা: ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প।

শক্তি সঞ্চয়: প্রতিটি প্রকল্পের সঙ্গে ন্যূনতম ২ ঘণ্টার শক্তি সঞ্চয় ব্যবস্থা। এর মোট ক্ষমতা হবে ১০,০০০ মেগাওয়াট-ঘণ্টা।

প্রকল্প অনুমোদনের সময়সীমা: ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ।

বায়ুশক্তি

ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসারে বায়ুশক্তি এখনও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্থাপিত বায়ুবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার নিরিখে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এই ক্ষেত্রে বার্ষিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, দেশীয় উৎপাদন ব্যবস্থাও আরও শক্তিশালী হচ্ছে।

স্থাপিত উৎপাদন ক্ষমতা: এবছর ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯.২০ গিগাওয়াট।

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে ৬.০৫ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। এখনও পর্যন্ত এক অর্থবর্ষে এটিই সর্বোচ্চ বৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় এই বৃদ্ধি ৪৬ শতাংশ বেশি। আরও প্রায় ২৮ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপনের কাজ চলছে।

এবছর মার্চ মাস পর্যন্ত বায়ুচালিত টারবাইন উৎপাদন ক্ষমতা প্রায় ২৪ গিগাওয়াটে পৌঁছেছে। ২০১৪ সালে এই ক্ষমতা ছিল ১০ গিগাওয়াট। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ৭০ থেকে ৮০ শতাংশই দেশীয়ভাবে তৈরি হচ্ছে।

১ গিগাওয়াট সামুদ্রিক বায়ুশক্তি প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪ সালের ১৯ জুন ৭,৪৫৩ কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) প্রকল্পে অনুমোদন দেয়।

জৈবশক্তি

এবছর ২৯ অক্টোবর পর্যন্ত জৈববিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১১.৭৫ গিগাওয়াটে পৌঁছেছে। কমপ্রেসড বায়োগ্যাস (সিবিজি) ব্যবস্থারও প্রসার ঘটেছে। এবছর ২ নভেম্বর পর্যন্ত ৮৩৯টি সিবিজি প্রকল্প নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২১০টি প্রকল্পে উৎপাদন শুরু হয়েছে এবং ২৫৫টির নির্মাণকাজ চলছে।

জৈব পদার্থ থেকে সমন্বিত বিদ্যুৎ উৎপাদন:

এবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আখের ছিবড়ে-ভিত্তিক উৎপাদন ক্ষমতা ৯,৮২১.৩২ মেগাওয়াট এবং আখের ছিবড়ে ছাড়া অন্যান্য জৈব পদার্থ-ভিত্তিক উৎপাদন ক্ষমতা ১,০৪৭.৮৫ মেগাওয়াট।

বর্জ্য থেকে শক্তি উৎপাদন:

এবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডের সঙ্গে সংযুক্ত বর্জ্য থেকে শক্তি উৎপাদন ক্ষমতা ছিল ৩২৪.২৪ মেগাওয়াট। গ্রিডের বাইরে পরিচালিত প্রকল্পগুলি থেকে আরও ৫৫৪.১৬ মেগাওয়াট শক্তি উৎপাদিত হয়েছে।

জাতীয় জৈবশক্তি কর্মসূচি:

এই কর্মসূচির অন্তর্গত বর্জ্য থেকে শক্তি উৎপাদন, জৈব পদার্থ এবং বায়োগ্যাস প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম পর্যায়ের সময়সীমা ছিল ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ। এই পর্যায়ে বরাদ্দ ছিল ৮৫৮ কোটি টাকা।

গোবরধন: বর্জ্য থেকে শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি

গ্যালভানাইজিং অর্গানিক বায়ো-অ্যাগ্রো রিসোর্সেস ধন (গোবরধন) জাতীয় সার্কুলার বায়োএনার্জি প্রকল্প: এবছর ৬ আগস্ট কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অনুমোদন দেয়। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ২৩,৭৩১ কোটি টাকা। দেশে সিবিজি উৎপাদন প্রায় দশ গুণ বৃদ্ধি এবং একটি জাতীয় বৃত্তাকার জৈব অর্থনীতি গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।

জলবিদ্যুৎ

পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ উৎস জলবিদ্যুৎ। এর মাধ্যমে নির্ভরযোগ্য ও প্রয়োজন অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সৌর ও বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতেও জলবিদ্যুৎ সহায়তা করে।

বৃহৎ ও ক্ষুদ্র জলবিদ্যুৎ-সহ ২০২৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত দেশের মোট জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৭.৪৯ গিগাওয়াট।

ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প

এবছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের জন্য ক্ষুদ্র জলবিদ্যুৎ (এসএইচপি) উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেয়। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২,৫৮৪.৬০ কোটি টাকা।

প্রসঙ্গত, ১ থেকে ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ১,৫০০ মেগাওয়াট ক্ষুদ্র জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করাই এই প্রকল্পের লক্ষ্য। বিশেষত, পার্বত্য ও উত্তর-পূর্বাঞ্চলের প্রকল্পগুলিকে এই উদ্যোগে সহায়তা করা হচ্ছে।

গ্রীন হাইড্রোজেন

যেসব শিল্পক্ষেত্রে কার্বন নিঃসরণ কমানো কঠিন, সেখানে গ্রীন হাইড্রোজেন পরিচ্ছন্ন জ্বালানির একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। শক্তি নিরাপত্তা এবং শিল্পের অগ্রগতিতেও এটি সহায়তা করতে পারে।

জাতীয় গ্রীন হাইড্রোজেন মিশন

২০২৩ সালে কেন্দ্রীয় সরকার জাতীয় গ্রীন হাইড্রোজেন মিশন (এনজিএইচএম) চালু করে। গ্রীন হাইড্রোজেন ব্যবস্থার প্রসার এবং এই ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গড়ে তোলাই এই মিশনের লক্ষ্য।

২০২৩ সালের জানুয়ারিতে ১৯,৭৪৪ কোটি টাকা বরাদ্দ-সহ এই মিশনে অনুমোদন দেওয়া হয়। ২০৩০ সালের মধ্যে ৫০ লক্ষ মেট্রিক টন গ্রীন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সাল থেকে ভারতীয় সংস্থাগুলি বছরে ৫.৫ লক্ষ মেট্রিক টন গ্রীন হাইড্রোজেন সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে। সরবরাহের অঙ্গীকারের নিরিখে এটি বিশ্বের বৃহত্তম।

এই বছর ভারতীয় সংস্থাগুলি নতুন করে ১৮টি সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় বছরে ৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি গ্রীন হাইড্রোজেনের সমতুল্য সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সাল থেকে করা মোট ৫.৫ লক্ষ মেট্রিক টন সরবরাহের অঙ্গীকারের ৭০ শতাংশেরও বেশি রপ্তানির জন্য নির্ধারিত।

গ্রীন হাইড্রোজেন প্রকল্পে প্রায় ৯০,০০০ কোটি টাকা (৯.৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

উৎপাদন ক্ষমতা: এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত বছরে প্রায় ৮,০০০ টন গ্রীন হাইড্রোজেন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

পরিবহণ: এবছর জুলাই মাসে এই মিশনের অধীনে ২১টি রুটে ৭০টি হাইড্রোজেনচালিত যানবাহন ব্যবহারের জন্য ১২টি পরীক্ষামূলক প্রকল্পের সূচনা করে কেন্দ্রীয় সরকার।

এবছর জুলাই মাসে জিন্দ-সোনিপত রেলপথে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত হাইড্রোজেন ফুয়েল সেলচালিত ট্রেন চলাচল শুরু করে।

ভূ-তাপীয় শক্তি

সৌর ও বায়ুশক্তির মতো পরিবর্তনশীল উৎসের পরিপূরক হিসেবে ভূ-তাপীয় শক্তি একটি নির্ভরযোগ্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন অথবা সরাসরি তাপ সরবরাহ করা হয় এই পদ্ধতিতে।

ভূ-তাপীয় শক্তি সংক্রান্ত জাতীয় নীতি

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর বিজ্ঞাপিত এই নীতিতে ভূ-তাপীয় সম্পদের অনুসন্ধান, উন্নয়ন ও ব্যবহারের জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (জিএসআই) ৩৮১টি উষ্ণ প্রস্রবণে অনুসন্ধানের ভিত্তিতে ভারতে ভূ-তাপীয় শক্তির সম্ভাবনা প্রায় ১০,৬০০ মেগাওয়াট বলে অনুমান করেছে। এর মধ্যে ৪২টি ভূ-তাপীয় নিদর্শনকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই নীতিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণা ও উন্নয়নকে উৎসাহ দেওয়া হয়েছে। ভূ-তাপীয় শক্তির বিষয়ে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সহযোগিতার ব্যবস্থা রয়েছে।

২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসে পাঁচটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে একটি পরীক্ষামূলক উৎপাদন কেন্দ্র, সম্পদ মূল্যায়ন প্রকল্প এবং একটি সৌর-ভূ-তাপীয় সমন্বিত বিদ্যুৎ কেন্দ্র। ভূ-তাপীয় শক্তির বিভিন্ন প্রয়োগের প্রযুক্তিগত ও অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করাই এই প্রকল্পগুলির লক্ষ্য।

আগামী দিনের দিশা: ভারতের বিদ্যুৎশক্তির ভবিষ্যৎ নির্মাণ

ভারত ক্রমশ পরিচ্ছন্ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলছে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং জৈবশক্তির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, দেশীয় উৎপাদন, শক্তি সঞ্চয় এবং গ্রীন হাইড্রোজেন ও ভূ-তাপীয় শক্তির মতো উদীয়মান প্রযুক্তির প্রসারেও জোর দেওয়া হচ্ছে।

শক্তি তথা বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ নিরাপত্তা এবং পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ধারাবাহিক নীতি সহায়তা ও প্রযুক্তিগত অগ্রগতি সুস্থায়ী, স্বনির্ভর এবং ভবিষ্যতের প্রয়োজনের উপযোগী শক্তি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

তথ্যসূত্র

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241799&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=158349&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292445&reg=48&lang=1

 

Ministry of Power:

https://npp.gov.in/dashBoard/cp-map-dashboard

 

Prime Minister Office (PMO):

https://x.com/PMOIndia/status/2117118441916445054

 

Ministry of New and Renewable Energy (MNRE)

https://mnre.gov.in/documents/guidelines/physical-achievements-kzN2kTMtQWa?pageTitle=Physical-Achievements

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329695&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296782&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293256&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244667&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245157&lang=2&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291541&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2026700&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200435&reg=48&lang=2

https://pmkusum.mnre.gov.in/#/landing

https://mnre.gov.in/en /physical-progress/

https://mnre.gov.in/en/bio-energy-overview/

https://mnre.gov.in/en/new-technologies-overview/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777364&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268992&reg=48&lang=2

https://pmsuryaghar.gov.in/#/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249408&reg=3&lang=1

 

Ministry of Petroleum & Natural Gas

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266034&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295494&reg=3&lang=1

https://ppac.gov.in/download.php?file=rep_studies/1785837484_LPG_Profile_Report_Q1_FY_2026-27_Final_Web.pdf

https://www.pmuy.gov.in/index.aspx

https://gobardhan.eil.co.in/

 

Department of Atomic Energy (DAE)

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198951&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156593&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294814&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249537&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247971&lang=2&reg=48

 

Ministry of Railways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285240&reg=48&lang=1

 

PIB Backgrounders

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150630&reg=3&lang=1

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149232&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270740&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156593&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155990&ModuleId=3&reg=48&lang=2

Click here to see pdf 

 

*****
SSS/S Saha


(রিলিজ আইডি: 2336405) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Malayalam