আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

মৌখিক ঐতিহ্য সংরক্ষণ এবং সমসাময়িক আদিবাসী সাহিত্যের প্রসারের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে জাতীয় আদিবাসী সাহিত্য উৎসব সমাপ্ত হয়েছে

প্রকাশিত: 14 NOV 2026 10:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ নভেম্বর ২০২৬

 

নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আদিবাসী বিষয়ক মন্ত্রকের আয়োজনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী জাতীয় আদিবাসী সাহিত্য উৎসব ১৩ নভেম্বর ২০২৬-এ সমাপ্ত হয়েছে। এই উৎসবে ভারতের সমৃদ্ধ আদিবাসী সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ এবং আদিবাসী জ্ঞান ও মৌখিক আখ্যানের সঙ্গে সমসাময়িক সাহিত্যিক অভিব্যক্তির সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। ‘মৌখিক ঐতিহ্য থেকে সমসাময়িক আদিবাসী সাহিত্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে সারা দেশ থেকে আদিবাসী লেখক, কবি, গবেষক, ভাষাবিদ ও পণ্ডিতরা একত্রিত হয়েছিলেন।

সমাপনী দিনে মৌখিক মহাকাব্য ও বীরত্বগাথা, বহুভাষিক শিক্ষায় আদিবাসী জ্ঞানের অবদান এবং উদীয়মান আদিবাসী লেখক ও কবিদের সাহিত্যপাঠ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে তুলে ধরা হয় যে, কীভাবে গল্প, গান, মহাকাব্য ও কবিতা আদিবাসী জনগোষ্ঠীর সম্মিলিত স্মৃতি, সাংস্কৃতিক পরিচিতি এবং তাদের জীবনলব্ধ অভিজ্ঞতাকে আজও বাঁচিয়ে রেখেছে।

মৌখিক মহাকাব্য ও বীরত্বগাথা

শ্রী প্রকাশ ঝা-এর সঞ্চালনায় আয়োজিত প্রথম অধিবেশনে অংশ নেন শ্রী ভগবানদাস প্যাটেল, শ্রী উপেন্দ্র অনু এবং শ্রী ময়াংলামবাম সদানন্দ সিং। বক্তারা ভিল ও গোণ্ড সম্প্রদায়ের মৌখিক সাহিত্যিক ঐতিহ্য—যার মধ্যে রয়েছে ‘গোণ্ড রামায়ণ’ ও ‘ভিল মহাভারত’—এবং মণিপুরের ‘ওয়ারি লিবা’ (গল্প বলার ঐতিহ্য) ও ‘খাম্বা-থোইবি’ মহাকাব্য নিয়ে আলোচনা করেন। আলোচনায় অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং ও গবেষণার মাধ্যমে এই ঐতিহ্যগুলোকে নথিবদ্ধ করার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে, সম্প্রদায়ের গল্পকথক ও জ্ঞানধারকদের আদিবাসী সাহিত্যিক ঐতিহ্যের রক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

বহুভাষিক শিক্ষায় মৌখিক ঐতিহ্য

পরবর্তী অধিবেশনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে আদিবাসী ভাষা ও সম্প্রদায়ের নিজস্ব জ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সাহিত্য আকাদেমির প্রাক্তন সচিব ড. কে. শ্রীনিবাস রাও-এর সঞ্চালনায় এই অধিবেশনে অংশ নেন শ্রী অনিল কুমার বোরো, শ্রী সিলভ্যানাস লামারে এবং শ্রীমতি পার্বতী তিরকি। আলোচনায় উঠে আসে যে, কীভাবে মৌখিক আখ্যান, ঐতিহ্যবাহী গান ও সম্প্রদায়ের গল্পগুলো শিক্ষার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারে এবং শিশুদের মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে তাদের সংযোগকে আরও দৃঢ় করতে পারে। বক্তারা শিক্ষাপ্রক্রিয়ায়—বিশেষ করে প্রারম্ভিক শৈশবের শিক্ষায়—আদিবাসী জ্ঞান ও মৌখিক ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, আদিবাসী ভাষাগুলোকে সহায়তা প্রদানের ক্ষেত্রে নথিবদ্ধকরণ, অনুবাদ ও প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

উদীয়মান লেখক ও কবিদের মাধ্যমে সমসাময়িক আদিবাসী অভিজ্ঞতার প্রকাশ

শেষ দুটি অধিবেশনে আদিবাসী লেখক ও কবিরা তাঁদের সৃজনশীল কাজ তুলে ধরার এবং নিজেদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর ভিত্তি করে সমসাময়িক আখ্যানগুলো ভাগ করে নেওয়ার সুযোগ পান। শ্রী মহাদেব টোপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠিত গল্পপাঠের অধিবেশনে শ্রীমতি নীতা কুসুম বিলুং, শ্রী রমেশ কার্তিক নায়ক এবং শ্রী বসন্ত কুমার ভি.পি. তাঁদের গল্পগুলো পাঠ করেন। এর মাধ্যমে আদিবাসী সাহিত্যিক প্রকাশের বৈচিত্র্য এবং আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিয়ত পরিবর্তনশীল অভিজ্ঞতার দিকগুলো ফুটে ওঠে।

কবিতা পাঠের অধিবেশনটি সঞ্চালনা করেন... যোগমায়া চাকমা বিভিন্ন ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী কবিদের একত্রিত করেছিলেন। শ্রী কে. ভাসামল্লি, শ্রী কিরি মগ চৌধুরী, শ্রী বাবু সাংদা, শ্রী হিরজির ইংতি কাথারপি, শ্রী গোপী কৃষ্ণ সোনি, শ্রীমতি মারিনা এক্কা, শ্রীমতি সুধা চৌহান এবং শ্রীমতি অঞ্জলি বেলাগাল তাঁদের নিজেদের লেখা কবিতা পাঠ করেন। এই পাঠগুলো আদিবাসী কবিতার সমৃদ্ধি এবং তার সাথে জনজীবন, সাংস্কৃতিক স্মৃতি, পরিচিতি ও সমসাময়িক সামাজিক বাস্তবতার গভীর সংযোগকে ফুটিয়ে তোলে।

আদিবাসী সাহিত্যের স্বীকৃতি ও প্রসার বৃদ্ধি

সমাপনী অধিবেশনে, আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতি রঞ্জনা চোপড়া আদিবাসী সাহিত্যের প্রচারের জন্য টেকসই মঞ্চ তৈরির ওপর জোর দেন। তিনি আদিবাসী ভাষায় লেখালেখি করা লেখকদের সহায়তা করা এবং তাঁদের প্রকাশক ও বৃহত্তর পাঠকগোষ্ঠীর সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি ‘লিভিং রুটস অরিজিনালস’ নামক একটি উদ্যোগের কথা উল্লেখ করেন, যা ‘ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি’ আইপিআরএস-এর সহযোগিতায় তৈরি হয়েছে। এর উদ্দেশ্য হলো আদিবাসী সংগীতশিল্পী ও পরিবেশনশিল্পীদের সৃজনশীল অধিকারকে স্বীকৃতি দেওয়া ও সুরক্ষিত করা। এছাড়া, তিনি মন্ত্রকের একটি বিশেষ উদ্যোগের কথা জানান—ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্যোগে প্রগতি ময়দানে আয়োজিত হতে যাওয়া বইমেলায় আদিবাসী সাহিত্যের জন্য একটি আলাদা বিভাগ রাখা হবে। এর ফলে আদিবাসী লেখক ও প্রকাশকরা তাঁদের কাজ তুলে ধরার এবং বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাবেন।

ড. কে. শ্রীনিবাস রাও দুই দিনব্যাপী এই উৎসবের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান যে, এই উৎসবে ২৩টি আদিবাসী ভাষাসহ মোট ২৭টি ভাষার প্রতিনিধিত্ব ছিল। তিনি জোর দিয়ে বলেন যে, আদিবাসী সাহিত্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এর বৃহত্তর স্বীকৃতি ও প্রসারের জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে আদিবাসী সাহিত্যকে অন্তর্ভুক্ত করা, অনুবাদমূলক উদ্যোগ গ্রহণ এবং মূলধারার প্রকাশনা প্ল্যাটফর্মে এদের আরও বেশি করে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

উপসংহারমূলক বক্তব্যে আদিবাসী বিষয়ক মন্ত্রকের উপ-সচিব শ্রী গণেশ নাগরাজন গত এক বছরে মন্ত্রকের সাংস্কৃতিক, ভাষাগত ও জীবিকা-সংক্রান্ত উদ্যোগগুলোর উল্লেখযোগ্য প্রসারের ওপর আলোকপাত করেন। তিনি এই উৎসবে মূল্যবান অবদানের জন্য পণ্ডিত, লেখক, কবি, সঞ্চালক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপকল্প এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ও ‘বিকাশ ভি, বিরাসত ভি’ (উন্নয়নও, ঐতিহ্যও)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে, ‘জাতীয় আদিবাসী সাহিত্য উৎসব’ (ন্যাশনাল ট্রাইবাল লিটারারি ফেস্টিভ্যাল) আদিবাসী সাহিত্যিক কণ্ঠস্বরকে জাতীয় আলোচনার মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে আদিবাসী বিষয়ক মন্ত্রকের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে, এটি নিশ্চিত করেছে যে ভারতের আদিবাসী সাহিত্যিক ঐতিহ্য যেন ‘বিকশিত ভারত @ ২০৪৭’-এর অভিমুখে যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে।


SC/SB/NS


(রিলিজ আইডি: 2336227) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil