প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

‘কিষাণ তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

প্রকাশিত: 12 NOV 2026 10:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘কিষাণ তক ভারত কৃষি সম্মেলন ২০২৬’-এ অংশগ্রহণ করেন। সারা দেশ থেকে আগত কৃষি বিজ্ঞানী, কৃষি-উদ্যোক্তা এবং কৃষকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রী বলেন যে, দীপাবলির ঠিক কয়েক দিন পর এবং কৃষি-জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা ‘ছট মহাপর্ব’-র আবহে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, বিহু, পোঙ্গল, ওনাম, বৈশাখী, সরহুল এবং পোলা-র মতো ভারতের প্রধান উৎসবগুলি কৃষির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। প্রধানমন্ত্রী মোদী বলেন, "এর অর্থ হল, কৃষি ও চাষাবাদ আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের সামাজিক জীবনের ভিত্তি।”
‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জাতীয় শক্তির যে সাতটি ধারার (সপ্তধারা) কথা তিনি লালকেল্লা থেকে বলেছিলেন, তার অন্যতম প্রধান স্তম্ভ হল কৃষি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে এ ধরনের কৃষক সম্মেলনের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে, কারণ জাতীয় উন্নয়ন সরাসরি কৃষির আধুনিকীকরণের ওপর নির্ভরশীল। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “কৃষির উন্নয়ন ছাড়া, চাষাবাদকে আরও আধুনিক ও স্মার্ট করে তোলা ছাড়া এবং কৃষকদের ক্ষমতায়ন ছাড়া ‘বিকশিত ভারত’ গড়ে তোলা সম্ভব নয়।”

বিশ্ব ব্যাঙ্কের একটি বহুল আলোচিত গবেষণার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী কৃষির অগ্রগতি ও জাতীয় অগ্রগতির মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। ওই গবেষণায় দেখা গেছে, মাত্র ১২ থেকে ১৩ বছরের মধ্যে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন, যার মধ্যে ক্ষুদ্র কৃষক ও কৃষি শ্রমিকদের ক্ষেত্রে গ্রামীণ দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববাজার, খাদ্যাভ্যাস, আবহাওয়ার ধরন এবং প্রযুক্তির বিবর্তন ঘটছে; তাই কৃষকদের নতুন করে ক্ষমতায়িত করা প্রয়োজন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “শুধুমাত্র খাদ্যশস্যের ভাণ্ডার পূর্ণ করলেই হবে না।” বিশ্বব্যাপী কৃষি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে এবং বার্ষিক ৪ লক্ষ কোটি টাকারও বেশি কৃষি রপ্তানির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে গত এক দশকে গৃহীত পদক্ষেপগুলির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ভারত বর্তমানে দুধ, ডাল, পাট, ধান ও মিলেট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এছাড়া গম, তুলা, ফল, শাকসবজি ও মাছ উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।

কৃষকদের সমৃদ্ধির জন্য গম, ধান ও আখ চাষের ওপর প্রথাগত নির্ভরতা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান যে, সরকার ফসল বৈচিত্র্যকরণ এবং কৃষিসংক্রান্ত অন্যান্য কর্মকাণ্ডকে সক্রিয়ভাবে উৎসাহিত করছে।

সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন থেকে শুরু করে শ্বেত বিপ্লবের মাধ্যমে বিশ্বের শীর্ষ দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হওয়া পর্যন্ত ভারতের কৃষিযাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে – দুগ্ধ উৎপাদন প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি, ডিম উৎপাদন প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি, নীল বিপ্লবের আওতায় মৎস্য উৎপাদন দ্বিগুণেরও বেশি হওয়া,  মিষ্টি বিপ্লবের মাধ্যমে মধু উৎপাদন প্রায় ৮০,০০০ টন থেকে বেড়ে ১.৫ লক্ষ টনে পৌঁছনো এবং উদ্যানজাত পণ্যের উৎপাদন ২৮০ মিলিয়ন টন থেকে বেড়ে ৩৫০ মিলিয়ন টনেরও বেশি হওয়া। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি আপনাদের সামনে যে পরিসংখ্যান তুলে ধরলাম, তা প্রমাণ করে যে, এই যাত্রা এখন অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছে।"

‘পিএম কুসুম যোজনা’র অধীনে সৌরশক্তি বিপ্লবের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, এই যোজনার মাধ্যমে প্রায় ১২ লক্ষ সোলার পাম্প প্রদান করা হয়েছে, যা বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি কৃষকদের নিজেদের জমিতে সৌরশক্তি উৎপাদন করে বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “এই বিপ্লব দেশের ‘অন্নদাতা’দের ‘উর্জাদাতা’য় (শক্তি উৎপাদনকারী) রূপান্তরিত করেছে। আমরা কেবল কৃষি উৎপাদনের ওপরই নয়, বরং উৎপাদনশীলতা এবং কৃষকদের মুনাফা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছি।”

গ্রামীণ ভারত উন্নত প্রযুক্তি গ্রহণ করতে পারে না, এমন সেকেলে ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নামো ড্রোন দিদি’রা অত্যন্ত দক্ষতার সঙ্গে ড্রোন চালিয়ে সার ও কীটনাশক প্রয়োগ করছেন এবং সংশয়বাদীদের ভুল প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “এখন এই প্রযুক্তির ব্যবহারের পরিধি আরও বাড়ানো হচ্ছে।” শ্রী মোদী উল্লেখ করেন, “সাম্প্রতিক বছরগুলিতে ক্ষুদ্র কৃষকরা সরকারের সহায়তায় ১০,০০০টি কৃষক উৎপাদক সংগঠনের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এটি ক্ষুদ্র কৃষকদের গোষ্ঠীকে মূল্য সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলছে এবং সেগুলিকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাজারের সঙ্গে যুক্ত করছে।”

সরকারের সুস্পষ্ট নীতি ও উদ্দেশ্য হলো কৃষিকাজ যেন কৃষকদের ওপর কোনো বোঝা হয়ে না দাঁড়ায়, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ইরান ও উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া সত্ত্বেও ভারত গত ১২ বছরে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহের জন্য ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আন্তর্জাতিক বাজারে যে ডিএপি সারের এক বস্তার দাম ৫,০০০ টাকা, তা ভারতের কৃষকদের কাছে ১,৩০০ টাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে, আন্তর্জাতিক বাজারে যে ইউরিয়া সারের এক বস্তার দাম ৩,০০০ টাকা, তা কৃষকদের দেওয়া হচ্ছে ৩০০ টাকারও কম মূল্যে।”

পশ্চিম এশিয়ায় যুদ্ধের তীব্রতার কারণে অপরিশোধিত তেলের দাম যখন কয়েক সপ্তাহের মধ্যেই ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছয়, তখন সরকার কীভাবে কৃষকদের সুরক্ষা দিয়েছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, সেই পরিস্থিতিতে ডিজেলের দাম লিটার প্রতি অন্তত ৫০ টাকা বাড়ানোর চাপ তৈরি হয়েছিল এবং প্রতিবেশী দেশগুলিও জ্বালানির দাম ৪০ থেকে ৫০ শতাংশ বাড়িয়েছিল। কিন্তু ভারত সরকার আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার বোঝা নাগরিক ও কৃষকদের ওপর চাপায়নি। সরকার ডিজেলের দাম লিটার প্রতি মাত্র ৭ টাকা বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকা প্রতি লিটারের বোঝা নিজেই বহন করেছে। এর ফলে সরকারের ওপর প্রতি মাসে ১৪,০০০ কোটি টাকার বাড়তি আর্থিক চাপ পড়েছে। 

 


SC/MP/SB


(রিলিজ আইডি: 2335800) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada