প্রকাশিত:
12 NOV 2026 5:29PM by PIB Kolkata
নতুন দিল্লি ১২ নভেম্বর ২০২৬
তুরস্কের আন্টালিয়ায় ইউএনএফসিসিসি কপ-৩১ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ নতুনদিল্লিতে ইস্পাত, সিমেন্ট, পরিবহনের মতো ভারী শিল্পক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে গবেষণামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন।
এই সমাবেশে লিডারশিপ গ্রুপ ফর ইন্ডাস্ট্রি ট্রানজিশন বা লিডইট-এর ভারতীয় সদস্য সংস্থাগুলি উপস্থিত ছিল। এর মধ্যে ছিল টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, এসএআইএল, সিনার্জি অ্যাডভান্সড মেটালস, আদানী অম্বুজা সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট, জেকে সিমেন্ট, আল্ট্রাটেক সিমেন্ট, ভলভো গ্রুপ এবং স্পাইসজেট। ভারত ও সুইডেনের মধ্যে শিল্প সংস্থাগুলির পরিবর্তন সংক্রান্ত অংশীদারীত্ব বা ইন্ডাস্ট্রি ট্রানজিশন পার্টনারশিপ (আইটিপি)-এর অধীনে অংশীদারদের মধ্যে ছিল জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, প্রিজম জনসন, হোগানাস ইন্ডিয়া এবং মাইহোম ইন্ডাস্ট্রিজ। এছাড়াও, ‘লো-কার্বন’ প্রযুক্তি নিয়ে কর্মরত শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলিও প্রকল্পে অংশীদার হিসেবে উপস্থিত ছিল, এর মধ্যে রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস, বোম্বে আইআইটি, ভুবনেশ্বর আইআইটি, ধানবাদ আইআইটি (আইএসএম), হায়দ্রাবাদ আইআইটি এবং খড়গপুর আইআইটি ।
আলোচনায় অংশ নিয়ে শ্রী যাদব বলেন, “পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপকে সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ। লিডইট ৩.০ হবে বাস্তবায়নের জন্য একটি মঞ্চ, যা সকলের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে।” জলবায়ু সংক্রান্ত যে কোন উদ্যোগে কেন্দ্রীয় সরকার শিল্প এবং শিক্ষা জগতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শামিল হয়ে থাকে। মন্ত্রী উচ্চাকাঙ্খী নীতি ও কর্মসূচীর মাধ্যমে জলবায়ু সংক্রান্ত নানা পদক্ষেপের বিষয়ে ভারতের উদ্যোগগুলি সম্পর্কে জানান।
লিডইট-এর শিল্প সদস্য এবং প্রকল্প অংশীদাররা এর সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। আলোচনায় সরকার ও শিক্ষাজগতের সঙ্গে সহযোগিতার গুরুত্বর বিষয়টিও স্থান পেয়েছে। শিল্প জগতের সদস্যরা প্রকল্পগুলির জন্য অংশীদারিত্ব, প্রযুক্তির সম্ভাব্য সাফল্য মূল্যায়ন এবং তথ্য বিনিময়ে এই প্ল্যাটফর্মটির সহায়তার বিষয়টি প্রশংসা করেছেন। শিল্প জগতের প্রতিনিধিরা পাইলট প্রকল্প এবং ক্ষমতা বৃদ্ধির জন্য আরও সহায়তার প্রয়োজনের বিষয়টি তুলে ধরেন।
ভারত ও সুইডেন সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সহায়তায় ২০১৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত নানা উদ্যোগের শীর্ষ সম্মেলনে লিডইট-এর সূচনা করে। ভারত ও সুইডেনের প্রধানমন্ত্রীরা ২০২৬ সালের মে মাসে লিডইট-এর জন্য নতুন করে যোগদানের আহ্বান জানান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এই জোটের সদস্য হিসেবে এখন ১৯টি দেশ এবং ৩৩টি কোম্পানি রয়েছে। শ্রী যাদব এবং সুইডেনের জলবায়ু ও উদ্যোগ মন্ত্রক আগামী ১৭ তারিখ আন্টালিয়ায় কপ-৩১এর লিডইট ইন্ডাস্ট্রি লিডারসের গোল টেবিল বৈঠকের তৃতীয় পর্বের সূচনা করবেন।
SC/CB/DM