প্রকাশিত:
11 NOV 2026 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২৬-২৭ সালের রবি মরশুমের (০১.১০.২০২৬ থেকে ৩১.০৩.২০২৭ পর্যন্ত) জন্য ফসফেট ও পটাশ সারের ওপর পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদন করা হয়েছে।
২০২৬-২৭ সালের রবি মরশুমে এই ভর্তুকির জন্য আনুমানিক ৬২,৩৭০.০২ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। ২০২৫-২৬ সালের রবি মরশুমের বরাদ্দ বাজেটের তুলনায় যা প্রায় ২৪,৪১৭.৭৩ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ সালের রবি মরশুমে বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ৩৭,৯৫২.২৯ কোটি টাকা।
এর সুবিধাসমূহ :
* কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত, ব্যয়সাশ্রয়ী ও যুক্তিসংগত মূল্যে সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
* আন্তর্জাতিক বাজারে সার এবং সার তৈরির উপকরণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও এর বাজার দরের কথা বিবেচনা করে ফসফেট ও পটাশ সারের ওপর ভর্তুকির পরিমাণ যুক্তিযুক্তভাবে নির্ধারণ করা হবে।
বাস্তবায়নের কৌশল ও লক্ষ্যমাত্রা
২০২৬-২৭ সালে রবি মরশুমের জন্য অনুমোদিত ভর্তুকির হার অনুযায়ী ডিএপি এবং বিভিন্ন গ্রেডের এনপিকেএস সহ ফসফেট ও পটাশ সারের ওপর ভর্তুকি প্রদান করা হবে।
এই ভর্তুকি ০১.১০.২০২৬ থেকে ৩১.০৩.২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে কৃষকরা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সার সহজেই পেতে পারেন, তা নিশ্চিত করা হবে।
কেন্দ্রীয় সরকার সার উৎপাদনকারী সংস্থা ও আমদানিকারকদের মাধ্যমে কৃষকদের ডিএপি সহ মোট ২৮ ধরনের ফসফেট ও পটাশ সার ভর্তুকিযুক্ত মূল্যে সরবরাহ করে থাকে। ২০১০ সালের ১ এপ্রিল থেকে পুষ্টিভিত্তিক ভর্তুকি প্রকল্প কার্যকর হওয়ার পর থেকে এই প্রকল্পের আওতায় ফসফেট ও পটাশ সারের ওপর ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষকবান্ধব দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার কৃষকরা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে ফসফেট ও পটাশ সার পেতে পারেন, সেটি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ।
ইউরিয়া, ডিএপি, এমওপি এবং সালফারের মতো সার ও সার উৎপাদনের উপকরণের আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনা করে সরকার ২০২৬-২৭ সালের রবি মরশুমের জন্য পুষ্টিভিত্তিক ভর্তুকি হার অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুমোদন ০১.১০.২০২৬ থেকে ৩১.০৩.২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে এবং ডিএপি ও এনপিকেএস সহ ফসফেট ও পটাশ সারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুসারে অনুমোদিত ভর্তুকির হার অনুযায়ী সার উৎপাদনকারী সংস্থাগুলিকে ভর্তুকি দেওয়া হবে, যাতে কৃষকরা ব্যয়সাশ্রয়ী মূল্যে সার পেতে পারেন।
SC/CB/DM