প্রকাশিত:
10 NOV 2026 3:44PM by PIB Kolkata
কলকাতা, ১০ নভেম্বর ২০২৬
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর আজ কলকাতার ICAR-Central Institute of Fisheries Education (ICAR-CIFE) কেন্দ্র পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে কৃষির উন্নয়ন ত্বরান্বিত করা, সুস্থায়ী কৃষিপদ্ধতির প্রসার এবং কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার উপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, কৃষি উন্নয়ন কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের জীবিকার উন্নয়নে যৌথ গবেষণা, প্রযুক্তির প্রসার, দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।
মাটি ও মাটির স্বাস্থ্য বজায় রাখা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, রাসায়নিক উপকরণের উপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে প্রাকৃতিক কৃষি ও সুস্থায়ী কৃষিপদ্ধতির গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। কৃষিবিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলিকে কৃষকবান্ধব, অর্থনৈতিক ভাবে লাভজনক এবং পরিবেশের পক্ষে সহায়ক প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারে উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শ্রী দুধকুমার মণ্ডল।
এর আগে ICAR-CIFE কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও প্রধান ডঃ. টি. কে. ঘোষাল বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান। কৃষি ও সহযোগী ক্ষেত্রগুলির উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকাশনার আনুষ্ঠানিক প্রকাশ এবং প্রধান অতিথি ও সম্মানিত অতিথিকে সংবর্ধনা জানানোর আয়োজনও ছিল। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর এবং ICAR-CIFE, ICAR-NINFET, ICAR-ATARI ও ICAR-NBSS&LUP-সহ বিভিন্ন ICAR প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানগুলির কাজকর্ম পর্যালোচনা এবং সমন্বয় শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


********
SSS/S Saha/KOL