প্রকাশিত:
09 NOV 2026 8:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ নভেম্বর ২০২৬
সংখ্যালঘু ও সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু ২০২৬-এর ৬ থেকে ৯ নভেম্বর সৌদি আরব সফর করলেন। সঙ্গে ছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব (হজ) এবং হজ কমিটি অফ ইন্ডিয়া-র সিইও সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।
৯ নভেম্বর জেদ্দা সুপারডোমে সৌদি আরব রাজ্যের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শ্রী রিজিজু। উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। ২০২৭-এর হজ-এ ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা নিয়ে সেখানে আলোচনা হয়। এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আগামী বছর হজ-এ যাবেন ভারতের ১,৭৫,০২৫ জন পুণ্যার্থী।
৮ নভেম্বর, শ্রী রিজিজু ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে কার্যকর উদ্যোগের জন্য সৌদি আরব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া, অন্যান্য সফররত মন্ত্রীদের সঙ্গে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে আলোচনায় বসেন শ্রী রিজিজু।
সফরকালে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রিজিজু জেদ্দার ‘ইন্ডিয়া হাউস’-এ আয়োজিত ‘নূর-এ-দিওয়ালি’ অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে প্রবাসী ভারতীয় সম্প্রদায় ও বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন।
SC/AC/NS