সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষ 8 ই নভেম্বর বমডিলার থুবচোগ গ্যাটসেল লিং (টিজিএল) মঠে পৌঁছেছে

প্রকাশিত: 09 NOV 2026 10:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ নভেম্বর ২০২৬

 

শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষ ৮ নভেম্বর ২০২৬ তারিখে অরুণাচল প্রদেশের বমডিলার থুবচোগ গাতসেল লিং (টিজিএল) মঠে (লোয়ার গোম্পা) এসে পৌঁছায় এবং সর্বসাধারণের দর্শনের জন্য মঠে স্থাপন করা হয়। ৮ থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই পবিত্র অবশেষ সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, নতুন দিল্লির জাতীয় সংগ্রহালয়, অরুণাচল প্রদেশ সরকার এবং নতুন দিল্লির ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)-এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

৮ নভেম্বর সর্বসাধারণের জন্য প্রদর্শনী শুরুর প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া পাওয়া যায়; প্রায় ৪,০০০ ভক্ত পবিত্র অবশেষ দর্শনের জন্য মঠে সমবেত হন। বৌদ্ধ ভিক্ষু, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সেখানে প্রার্থনা করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। ২০২৬ সালের ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বমডিলা নির্বাচনী এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার ভক্তরা প্রার্থনা করতে ও আশীর্বাদ গ্রহণের উদ্দেশ্যে মঠটিতে আসবেন বলে আশা করা হচ্ছে।

 

পবিত্র অবশেষ তাওয়াং থেকে বমডিলায় নিয়ে আসা হয় ভারতীয় বিমান বাহিনীর একটি চিনুক হেলিকপ্টারে। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন আইবিসি-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল শ্রী ভিক্ষু খেমাচারা, এবং সংস্কৃতি মন্ত্রক, নতুন দিল্লির জাতীয় জাদুঘর ও আইবিসি-এর কর্মকর্তারা। রুপার আর্মি হেলিপ্যাডে অরুণাচল প্রদেশ সরকারের শিক্ষা, পর্যটন, গ্রামীণ কর্ম দপ্তর এবং পাবলিক লাইব্রেরি বিষয়ক মন্ত্রী শ্রী পাসাং দোরজি সোনা যথাযথ প্রোটোকল মেনে পবিত্র অবশেষকে গ্রহণ করেন। হেলিপ্যাডে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়। এরপর পবিত্র অবশেষকে বমডিলার দিকে নিয়ে যাওয়া হয়। পথে ‘আপার গোম্পা’-তে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক বিরতির পর, ‘থুবচোগ গাতসেল লিং মঠ’ (লোয়ার গোম্পা)-এ নিয়ে গিয়ে স্থাপন করা হয়।

 

পবিত্র অবশেষ স্থাপনের পর, অরুণাচল প্রদেশ সরকারের শিক্ষা, পর্যটন ও গ্রামীণ কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী শ্রী পাসাং দোরজি সোনা—যিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পদ্মশ্রী দ্বাদশ গুরু ত্রুলকু রিনপোচের উপস্থিতিতে মঠে দুটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি) এবং নয়াদিল্লির জাতীয় জাদুঘর কর্তৃক আয়োজিত এই প্রদর্শনীগুলোতে বৌদ্ধধর্ম ও পবিত্র অবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

 

৭ নভেম্বর ২০২৬-এ গদেন নামগ্যাল লাতসে (তাওয়াং মঠ)-এ সাত দিনব্যাপী সাধারণের জন্য প্রদর্শনী শেষ হওয়ার পর, পবিত্র অবশেষ বোমডিলায় এসে পৌঁছায়। এই প্রদর্শনীতে তাওয়াং-এর বিভিন্ন ব্লক ও পার্শ্ববর্তী এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন; তাঁরা পবিত্র অবশেষ দর্শনের জন্য, প্রার্থনা নিবেদনের জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়েছিলেন। মানুষের এই ব্যাপক অংশগ্রহণ শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষের প্রতি গভীর আধ্যাত্মিক ভক্তি ও শ্রদ্ধাবোধকেই প্রতিফলিত করে।

 

বমডিলায় প্রদর্শনের পর, পবিত্র অবশেষ নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় নিয়ে যাওয়া হবে, যেখানে ১৪ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হবে। এরপর, ২১ নভেম্বর ২০২৬ তারিখে ওই পবিত্র অবশেষ নতুন দিল্লির জাতীয় জাদুঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা আছে।

 

 

SC/AP/NS


(রিলিজ আইডি: 2334293) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , English , Urdu , हिन्दी , Gujarati , Tamil