প্রকাশিত:
07 NOV 2026 3:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ নভেম্বর, ২০২৬
সার ও রসায়ন মন্ত্রকের ফার্মাসিউটিক্যালস বিভাগের অধীনে থাকা সংস্থা 'ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি' (এনপিপিএ) ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি-র ওপর ব্যবসায়িক লাভের সীমা নির্ধারণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ১৭ অক্টোবর কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এই ওষুধগুলির সংশোধিত মূল্য আগামী ৯ নভেম্বর থেকে কার্যকর হবে। ৭৬টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ১২১টি ওষুধের ১২২৫টি ফর্মুলেশনের এমআরপি জমা দেয়। এর মধ্যে ১০৩১টি ফর্মুলেশনের দাম কমানো হয়েছে। ৬০০টি বেশি ব্র্যান্ডের ক্ষেত্রে দাম কমানোর হার ছিল ৫০ শতাংশ থেকে ৯৬.৪৫ শতাংশ। তবে, ১৩৭টি ওষুধের মধ্যে ১০ থেকে ১৫টি ওষুধ এখনও ভারতের বাজারে আসেনি। সেগুলি যখন আসবে তখন তাদের ওপরও ব্যবসায়িক লাভ সংক্রান্ত নীতি কার্যকর হবে। এই মূল্য হ্রাসের ফলে রোগীদের প্রতি বছর সাশ্রয় হবে প্রায় ৩ হাজার ৫০২ কোটি ৩১ লক্ষ টাকা।
ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রতিটি ওষুধের জন্য খুচরো বিক্রেতা, ডিলার এবং হাসপাতালকে এমআরপি-র তালিকা তাদের ওয়াবসাইট সহ নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে স্পষ্টভাবে দেখাতে হবে। রাজ্য স্তরে ড্রাগ কন্ট্রোলাররা সংশ্লিষ্ট নির্দেশিকা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা সেগুলির ওপর নজরদারি চালাবেন। গ্রাহকরা Pharma Sahi Daam মোবাইল অ্যাপ অথবা এনপিপিএ-এর ওয়েবসাইট www.nppa.gov.in-এর মাধ্যমে নির্ধারিত মূল্য যাচাই করতে পারবেন। কোন অনিয়মের ঘটনা ঘটলে তা জানানোর জন্য : ইমেল: monitoring-nppa[at]gov[dot]in অথবা হেল্পলাইন: 1800-11-1255–এ জানানো যাবে। এছাড়াও ডাকযোগে অভিযোগ পাঠানোর ঠিকানা : Deputy Director, Monitoring, NPPA, 3rd Floor, YMCA Cultural Centre Building, 1 Jai Singh Marg, New Delhi – 110001.
কোন কোন ওষুধের দাম কমানো হচ্ছে তা জানার জন্য নিচের লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333949&v=232424®=48&lang=2
SC/CB/AS