প্রকাশিত:
06 NOV 2026 2:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় সরকারের আর্থিক পরিষেবা বিভাগ তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলির সমস্ত উপযুক্ত ভবনে ১০০ শতাংশ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সফল হয়েছে। মোট ৪,১৪৪টি ভবনের মধ্যে—ছাদে প্রবেশের অধিকার, ভবনের মালিকানা, ছায়ার গতিপ্রকৃতি এবং ভারবহন সক্ষমতার মতো প্রযুক্তিগত ও কাঠামোগত দিকগুলো যাচাই-বাছাই করার পর—২,৫৭৬টি ভবনকে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। আর্থিক পরিষেবা বিভাগের অধীনস্থ সংস্থাগুলি এই ২,৫৭৬টি ভবনের সবকটিতেই রুফটপ সোলার পিভি প্ল্যান্ট স্থাপন সম্পন্ন করেছে, যার মাধ্যমে মোট ৬১.৫০ মেগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে।
এই উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ, ৫ নভেম্বর ২০২৬ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আর্থিক পরিষেবা বিভাগকেকে ‘পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ (দ্বিতীয় স্থান)-এ ভূষিত করা হয়। এটি ‘কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগগুলির মধ্যে সর্বাধিক ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন’ বিভাগে প্রদান করা হয়েছে।
‘ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী ২০২৬’ -এর সমাপ্তি অধিবেশনে আয়োজিত ‘পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেন। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক সৌর জোটের নবম সাধারণ সভা এবং গ্রিন হাইড্রোজেন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন-ও অনুষ্ঠিত হয়।
‘পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রাপ্তি ভারতের সামগ্রিক ‘নেট-জিরো’ লক্ষ্য অর্জনে আর্থিক পরিষেবা বিভাগের বিশেষ অবদানকে তুলে ধরে।
MH/SD/SKD