সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘শিল্প সমাগম মেলা ২০২৬’: ঐতিহ্যবাহী শিল্পকলা, কারুশিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্‌যাপন

প্রকাশিত: 03 NOV 2026 8:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ নভেম্বর, ২০২৬ 

 

নয়াদিল্লির আইএনএ-স্থিত দিল্লি হাটে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘শিল্প সমাগম মেলা ২০২৬’। এই মেলা ভারতের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য, চিরাচরিত কারুশিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক অভিন্ন মঞ্চে নিয়ে এসেছে।
হস্তশিল্প, তাঁতবস্ত্র এবং দেশীয় শিল্পকলা প্রদর্শনের পাশাপাশি, ১৫ দিনের এই মেলা ভারতের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।


‘প্রকাশ ও পরম্পরা – জ্যোতি সে জ্যোতি জ্বলায়েঁ’ (আলো ও ঐতিহ্য – প্রদীপ থেকে প্রদীপ জ্বালাই) বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প, উৎসবের আলোকসজ্জা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরা হয়েছে।
মেলাটিকে সাতটি বিশেষ বিভাগে ভাগ করা হয়েছে, যার প্রতিটি ভারতের বিভিন্ন শিল্পকলা, ঐতিহ্য, খাদ্য ও সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ২০২২ সাল থেকে ‘শিল্প সমাগম মেলা’ আয়োজন করে আসছে। এ পর্যন্ত আয়োজিত ১৫টি মেলার মাধ্যমে তফসিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং সাফাই কর্মীদের মধ্য থেকে ১,০০০-এরও বেশি কারিগর তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন।


মেলার উদ্বোধনের পর, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি স্টল মালিকদের সঙ্গে কথা বলেন এবং দর্শনার্থীদের সঙ্গে মত বিনিময় করেন; পাশাপাশি প্রদর্শিত পণ্য ও ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।


এই মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হলো সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি, যেখানে বিভিন্ন রাজ্যের শিল্পীরা একত্রিত হয়ে তাঁদের নিজস্ব শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।


সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে শিল্পীদের বর্ণময় পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে।
সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য শৈল্পিক পরিবেশনার মাধ্যমে, এই কর্মসূচিগুলি দর্শনার্থীদের একই মঞ্চে দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিব্যক্তির অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়।


সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলি ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীদের জন্য একটি অভিন্ন মঞ্চ তৈরি করে, যেখানে তাঁরা তাঁদের শৈল্পিক ঐতিহ্য তুলে ধরতে পারেন, আঞ্চলিক পরিচিতি উদযাপন করতে পারেন এবং সাংস্কৃতিক বিনিময়ের প্রসার ঘটাতে পারেন।

মেলায় ১৩০টিরও বেশি স্টল রয়েছে, যেখানে তফসিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সাফাই কর্মচারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি হস্তশিল্প, তাঁতপণ্য ও সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।


এই মেলার একটি অন্যতম প্রধান অংশ হল, ‘ভারত টিউলিপ’। এর লক্ষ্য হ’ল - ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কারুশিল্পীদের বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করা, যাতে তাঁরা তাঁদের কাজের পরিধি বাড়াতে পারেন এবং অর্থনৈতিক সুযোগ আরও সুদৃঢ় করতে পারেন। 


এই মেলা দর্শনার্থীদের ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে জানার, কারুশিল্পী সম্প্রদায়কে সহায়তা করার এবং শিল্পকলা, কারুশিল্প, সঙ্গীত ও পরিবেশনার মাধ্যমে দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে অনুভব করার বার্তা দেয়।
শিল্প সমাগম মেলা ১৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত দিল্লি হাটে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

MH/MP/SB


(রিলিজ আইডি: 2332431) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil