বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আদিত্য-এল১-এ থাকা ভিইএলসি সৌর অগ্ন্যুৎপাতের এক অপ্রতিসম প্রসারণ উন্মোচন করেছে, যা মহাকাশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে

প্রকাশিত: 03 NOV 2026 12:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ নভেম্বর, ২০২৬

 


ভারতের প্রথম মহাকাশ-ভিত্তিক সৌর মানমন্দির, 'আদিত্য-এল১', বিজ্ঞানীদের সৌর অগ্ন্যুৎপাত বা 'করোনাল মাস ইজেকশন'-এর প্রসারণের ধরণ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। এই বিষয়টি আমাদের কৃত্রিম উপগ্রহ এবং যোগাযোগ ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

২০২৩ সালের সেপ্টেম্বরে পাড়ি দেওয়া 'আদিত্য-এল১' বর্তমানে সূর্য ও পৃথিবীর মধ্যে এল১ বিন্দুতে রয়েছে। সাতটি পেলোড বা বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে সেখানে। এর মধ্যে প্রধান পেলোডটি হলো 'ভিজিবল এমিশন লাইন করোনোগ্রাফ'-যা একটি বিশেষ ধরনের করোনোগ্রাফ। 

'আদিত্য-এল১'-এর 'ভিজিবল এমিশন লাইন করোনোগ্রাফ' থেকে প্রাপ্ত তথ্য, নাসার এসডিও মহাকাশযানের পর্যবেক্ষণ এবং ত্রিমাত্রিক মডেলিংয়ের সমন্বয়ের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স'-র বিজ্ঞানীরা সৌর অগ্ন্যুৎপাতের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক ছবি গড়ে তুলেছেন।

'অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স'-এ প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, সিএমই সূর্য থেকে বেরিয়ে আসার সময় কোনো সাধারণ প্রতিসম বুদবুদের মতো প্রসারিত হয় না—যেমনটা আগে মনে করা হতো। সিএমই-এর প্রসারণের এই ভিন্নতা পৃথিবীর দিকে এগিয়ে আসার সময় এর গতিকে প্রভাবিত করতে পারে, যার ফলে মহাকাশের আবহাওয়ায় বিঘ্ন ঘটতে পারে।

ভিইএলসি স্পেকট্রোস্কোপির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের সিএমই-কে পর্যবেক্ষণ করে। এটি করোনার উচ্চ আয়োনিত আয়রন পরমাণু থেকে নির্গত ৫৩০.৩ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলোকরেখা বিশ্লেষণ করে। এই আলোকরেখাটি করোনার উত্তপ্ত প্লাজমাকে শনাক্ত করে, যার তাপমাত্রা প্রায় ১৮ লক্ষ কেলভিন। এই আলোকরেখার তরঙ্গদৈর্ঘ্যে যে পরিবর্তন বা 'ডপলার শিফট' ঘটে, তা থেকে সূর্যের চাকতির কাছাকাছি অঞ্চলে প্লাজমার গতিবেগ সম্পর্কে তথ্য পাওয়া যায়।

এই ভিইএলসি যন্ত্রটির নকশা তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এটি গড়ে তোলা হয় হোসাকোটের 'এমজিকে মেনন ল্যাব ফর স্পেস সায়েন্সেস'-এ। সহায়তায় ছিল ইসরো। 

 


MH/AC/SKD


(রিলিজ আইডি: 2332419) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu