প্রকাশিত:
26 OCT 2026 6:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬
রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ জয়পুর (খাতিপুরা)-টাটানগর-সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেনটির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে রেলমন্ত্রী যোগ দেন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ সহ বিশিষ্টজনেরা।
রেলমন্ত্রী বলেন, এই নতুন ট্রেন রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে রেল পরিষেবা আরও জোরদার করবে। রাজস্থানের বণিক সমাজ, শিক্ষার্থী এবং অন্য যাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবেন এর ফলে।
ঝাড়খণ্ডে রেল পরিষেবার প্রসারের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন, ঐ রাজ্যের জন্য রেল খাতে বাজেট বরাদ্দ ৪৫০ কোটি টাকা থেকে বেড়ে ৭,৫০০ কোটি টাকা হয়েছে। প্রায় ৭৫,০০০ কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে সেখানে। ঝাড়খণ্ডের ৫৭টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আরও সাজিয়ে তোলা হচ্ছে। গোড্ডা, গোবিন্দপুর রোড, লোহারডাগা, মধুপুর এবং মুরিতে এই কাজ শেষ হয়েছে।
সারা দেশে ১,৩০০-রও বেশি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আরও উন্নত করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এর মধ্যে রয়েছে - পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি, জলপাইগুড়ি রোড, জয়চণ্ডী পাহাড়, হলদিয়া ও কামাক্ষাগুড়ি।
রেল পরিষেবার প্রসারের ক্ষেত্রে মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে বলে রেলমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি জানান, হাওড়া, খড়্গপুর, চাকুলিয়া এবং টাটানগরের সংযোগকারী রেলপথকে চারলেনের করে তোলার কাজ চলছে। কলকাতা মেট্রোর বেলেঘাটা-আইটি সেন্টার অংশে ট্রায়াল রান শুরু হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে রেল পরিষেবার প্রসারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে ২০০৯-১৪ সময়কালে বরাদ্দ ছিল ৪,৩৮০ কোটি টাকা। ২০২৬-২৭-এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪,২০৫ কোটি টাকায়।
SC/AC/DM.