PIB Backgrounder
azadi ka amrit mahotsav

পিএম গতিশক্তির ৫ বছর: ভারতের পরিকাঠামো পরিকল্পনায় রূপান্তর

প্রকাশিত: 12 OCT 2026 1:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬

 

পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান (PMGS-NMP) জাতীয় পরিকাঠামোর মানচিত্র সৃষ্টির একটি মঞ্চ থেকে আরও বিস্তৃত পরিকল্পনা কাঠামোয় পরিণত হয়েছে। জিআইএস-ভিত্তিক এই মঞ্চে বিভিন্ন মন্ত্রক, রাজ্য এবং পরিকাঠামো ব্যবস্থাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে সমন্বিত পরিকল্পনা ও প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা যায়। বর্তমানে, এর আওতায় রয়েছে কেন্দ্রের ৫৮টি মন্ত্রক ও দফতর এবং ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।

বিকশিত ভারতের অগ্রগতির চালিকাশক্তি পরিকাঠামো

ভারতে বিপুল পরিসরে পরিকাঠামো নির্মাণের কাজ চলছে। এর জন্য বিভিন্ন ক্ষেত্র ও পরিবহণ ব্যবস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন। সড়ক, রেলপথ, বন্দর, বিমানবন্দর, জলপথ এবং অন্যান্য পরিষেবা ব্যবস্থা প্রায়ই একই অঞ্চলের মধ্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এই নেটওয়ার্কগুলির সমন্বিত পরিকল্পনা করলে খরচ ও সময় বাঁচানো সম্ভব। প্রকল্পগুলির মধ্যে সমন্বয় বাড়ে এবং বিদ্যমান পরিকাঠামোর আরও কার্যকর ব্যবহার করা যায়। এই প্রয়োজন থেকেই বিভিন্ন পরিকাঠামো ব্যবস্থাকে একটি অভিন্ন পরিকল্পনা কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হয়।

এই প্রয়োজন মেটাতে ২০২১ সালের ১৩ অক্টোবর পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের সূচনা হয়। বিভিন্ন মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য একটি অভিন্ন ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস)-ভিত্তিক মঞ্চে আনা হয়। এর মাধ্যমে পরিকল্পনাকারীরা পরিকাঠামো, ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক অঞ্চল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য একযোগে দেখতে পারেন। পাঁচ বছর হল, এই অভিমুখ দেশজুড়ে পরিকল্পনা কাঠামোতে রূপান্তরিত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণেও তথ্যভিত্তিক পদ্ধতি অনুসরণ করা সম্ভব হচ্ছে এর ফলে।

এক নজরে পিএম গতিশক্তি

পিএম গতিশক্তি ছয়টি মূল নীতির ভিত্তিতে পরিচালিত হয়। এর লক্ষ্য পরিকাঠামো পরিকল্পনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকারিতা বাড়ানো। এই নীতিগুলির মধ্যে রয়েছে সমন্বিত উন্নয়ন, বহুমাধ্যমভিত্তিক পরিকাঠামো, শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ, দ্রুত জমি অধিগ্রহণ, ছাড়পত্রের সংখ্যা কমানো এবং পরিবেশের উপর প্রভাব হ্রাস।

পিএম গতিশক্তির প্রধান বৈশিষ্ট্য

আপনি কি জানেন?

পিএম গতিশক্তির আওতায় ভারতমালা, সাগরমালা, অভ্যন্তরীণ জলপথ, স্থলবন্দর এবং উড়ান-সহ বিভিন্ন মন্ত্রক ও রাজ্য সরকারের পরিকাঠামো প্রকল্পকে একত্র করা হয়েছে।

পরিকাঠামোর সাতটি মূল চালিকাশক্তি: সড়ক, রেলপথ, বন্দর, জলপথ, বিমানবন্দর, গণ-পরিবহণ এবং পণ্য পরিবহণের পরিকাঠামো এই পরিকল্পনার মূল ভিত্তি।
সমগ্র সরকারি ব্যবস্থার সমন্বিত পরিকল্পনা: ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় কেন্দ্রের ৫৮টি মন্ত্রক ও দফতর এবং ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এর ফলে, বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পের প্রস্তাব তৈরি ও মূল্যায়ন করা সম্ভব হয়।

সমন্বিত ডিজিটাল পরিকল্পনা: এই পরিকল্পনায় পরিকাঠামো এবং ভৌগোলিক তথ্য একটি অভিন্ন জিআইএস-ভিত্তিক মঞ্চে আনা হয়েছে। এর মাধ্যমে স্থানভিত্তিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা মেলে।

বিস্তৃত তথ্যপ্রাপ্তি: পিএম গতিশক্তি পাবলিক মঞ্চে ২৩০টি অনুমোদিত তথ্যসেট ব্যবহারের সুযোগ রয়েছে। এর মাধ্যমে উপযুক্ত স্থান নির্বাচন, যোগাযোগ ব্যবস্থা চিহ্নিত করা, পথের বিন্যাস নির্ধারণ এবং নিয়ম মেনে চলার বিষয়গুলি যাচাই করা যায়।

তথ্যের স্তর: ২০২৬ সালের ১২ অক্টোবর পর্যন্ত ২৩,৪৯৩টিরও বেশি তথ্যস্তর একটি অভিন্ন জিআইএস-ভিত্তিক মঞ্চে পরিকাঠামো ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য একত্র করেছে।

আইটিএলএ: সমন্বিত পরিবহণ পরিকল্পনা আরও শক্তিশালী করা

পিএম গতিশক্তির পরিপূরক হিসেবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহণ ও পণ্য চলাচল কর্তৃপক্ষ (ITLA) গঠনের অনুমোদন দিয়েছে। দীর্ঘমেয়াদী পরিবহণ পরিকল্পনা এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করবে এই কর্তৃপক্ষ।

আইটিএলএ অন্তত ১০ বছরের পরিকল্পনা-সময়সীমা ধরে একটি জাতীয় পরিবহণ মহাপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন পরিবহণ ব্যবস্থার পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন করবে এই কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ৫০০ কোটি টাকা বা তার বেশি ব্যয়ের প্রকল্পের কারিগরি মূল্যায়নও করা হবে। পাশাপাশি, প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে। ফাস্ট্যাগ (FASTag), বাহন (Vahan) এবং জিএসটিএন-এর ই-ওয়ে বিল-সহ বিভিন্ন উৎসের তথ্য একত্র করে জাতীয় পরিবহণ তথ্য ভাণ্ডার (NTDR) গড়ে তোলার কাজও করবে কর্তৃপক্ষ।

গতিশক্তির কার্যপদ্ধতি: সমন্বয় থেকে প্রকল্প পরিকল্পনা

পিএম গতিশক্তির জন্য তিন স্তরের প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত সচিবদের গোষ্ঠী (EGoS): মন্ত্রিসভার সচিবের নেতৃত্বে এই গোষ্ঠী পিএম গতিশক্তির বাস্তবায়ন তদারকি করে। মাস্টার প্ল্যানে পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা, বিবেচনা ও অনুমোদন করে।

নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠী (NPG):

 পরিকাঠামো-সংক্রান্ত মন্ত্রক ও দফতরের নেটওয়ার্ক পরিকল্পনা বিভাগের প্রধানদের নিয়ে এই গোষ্ঠী গঠিত। পরিকাঠামো প্রকল্পের প্রস্তাব খতিয়ে দেখে এবং সমন্বিত পরিকল্পনা, বিভিন্ন ব্যবস্থার সংযোগ ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে। প্রকল্প পরিকল্পনার জন্য ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় উন্নয়নমূলক কাজের অগ্রগতিও পর্যবেক্ষণ করে।

কারিগরি সহায়তা ইউনিট (TSU): বিভিন্ন বিষয় ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই ইউনিট গঠিত। প্রকল্প মূল্যায়নে তারা সহায়তা করে। পিএম গতিশক্তির সচিবালয় হিসেবে দায়িত্ব পালনে লজিস্টিক্স বিভাগকেও সহায়তা করে এই ইউনিট।

২০২৬ সালের ১১ আগস্ট পর্যন্ত নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠী মোট প্রায় ১৮.৬৬ লক্ষ কোটি টাকা ব্যয়ের ৩৯৬টি পরিকাঠামো প্রকল্পের মূল্যায়ন করেছে। এর মধ্যে ২৫৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে ১৯৮টির বাস্তবায়নের কাজ চলছিল। এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে সহায়তা করছে একটি ডিজিটাল মঞ্চ। এর মাধ্যমে পরিকল্পনাকারীরা ভৌগোলিক তথ্য, উপগ্রহচিত্র এবং বিশ্লেষণমূলক সরঞ্জাম ব্যবহার করতে পারেন।

গতিশক্তি বিশ্ববিদ্যালয়: সমন্বিত পরিকাঠামো পরিকল্পনায় বিশেষজ্ঞ তৈরি

গতিশক্তি বিশ্ববিদ্যালয় (GSV) পরিবহণ ও পণ্য চলাচল ব্যবস্থার উপর একান্তভাবে গুরুত্ব দেওয়া এক অভিনব বিশ্ববিদ্যালয়। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পরিবহণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষা, কর্মরত আধিকারিকদের প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা রয়েছে।

বিশেষ ধরণের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান এবং ২০২২ সালের জাতীয় লজিস্টিক্স নীতিকে সহায়তা করে এই বিশ্ববিদ্যালয়। দুই উদ্যোগের জন্য পাঠ্যক্রম তৈরি ও তা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবেও কাজ করে GSV। বিভিন্ন ক্ষেত্রে অনুসরণযোগ্য পদ্ধতি বিনিময় এবং পণ্য চলাচল ব্যবস্থায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে জ্ঞানকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ বছর জুলাই পর্যন্ত পিএম গতিশক্তির জন্য তৈরি পাঠ্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ২.৪ লক্ষেরও বেশি আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে। সমন্বিত পরিবহণ পরিকল্পনায় প্রয়োগমূলক গবেষণার উপরও গুরুত্ব বাড়ানো হচ্ছে। সামুদ্রিক পরিবহণ, সেতু ও সুড়ঙ্গ নির্মাণ প্রকৌশল এবং প্রতিরক্ষা-সংক্রান্ত পণ্য পরিবহণের মতো বিশেষায়িত বিষয়েও কাজ সম্প্রসারিত হচ্ছে।

তথ্য থেকে সিদ্ধান্ত: ডিজিটাল পরিকল্পনায় সহায়তা

ন্যাশনাল মাস্টার প্ল্যানে পরিকাঠামো, ভৌগোলিক বৈশিষ্ট্য ও জনসংখ্যা-সংক্রান্ত জিআইএস-ভিত্তিক তথ্য একটি অভিন্ন মঞ্চে একত্র করা হয়েছে। সমন্বিত পরিকাঠামো পরিকল্পনার জন্য বহুমাধ্যমভিত্তিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলিকেও মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। ফলে, প্রকল্প পরিকল্পনার সময় বিভিন্ন পরিকাঠামো নেটওয়ার্ক এবং প্রাসঙ্গিক ভৌগোলিক তথ্য একসঙ্গে দেখা যায়।

এই মঞ্চে স্থানভিত্তিক পরিকল্পনা ও বিশ্লেষণমূলক সরঞ্জামের সঙ্গে তথ্য হালনাগাদ এবং বিভিন্ন উৎসের তথ্য একত্র করার ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যমে প্রকল্পের তথ্য যোগ করা, নৈকট্য পরিমাপ, কাজ করা যাবে এমন এবং করা যাবে না এমন এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা মেলে।

পরিকাঠামো ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের মানচিত্র তৈরি

পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানে বহুমাধ্যমভিত্তিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি, অর্থনৈতিক, সামাজিক ও পণ্য পরিবহণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকেও মানচিত্রে চিহ্নিত করা হয়। এর ফলে, পরিকাঠামোগত সংযোগ এবং সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নের প্রেক্ষাপট পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়। অর্থনৈতিক অঞ্চল ও উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সংযোগ চিহ্নিত করা যায়। একই সঙ্গে মানুষ, পণ্য ও পরিষেবার নির্বিঘ্ন চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন যোগাযোগ ব্যবস্থার ঘাটতিও শনাক্ত করা সম্ভব হয়।

বস্ত্র ও ওষুধশিল্পের গুচ্ছ, প্রতিরক্ষা করিডর, ইলেকট্রনিক্স পার্ক, শিল্প অলিন্দ, ফিলিংস ক্লাস্টার্স এবং কৃষি অঞ্চল-সহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলকে মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে সমন্বিত পরিকাঠামো পরিকল্পনায় সহায়তা মেলে।

উদাহরণ: বিহারের খাগারিয়া-পূর্ণিয়া করিডর। উন্নীত এই অলিন্দটি পিএম গতিশক্তির পাঁচটি অর্থনৈতিক কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বস্ত্রশিল্পের গুচ্ছ, মেগা ফুড পার্ক এবং মৎস্য ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক। পাশাপাশি, ১১টি পণ্য পরিবহণ কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে, ওই অঞ্চলে পণ্য ও যাত্রীদের দ্রুত যাতায়াত সম্ভব হবে।

পণ্য পরিবহণ ব্যবস্থার সংযোগ

ইউনিফায়েড লজিস্টিক্স ইন্টারফেস প্ল্যাটফর্ম (ULIP) এপিআই-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সরকারি পণ্য পরিবহণ-সংক্রান্ত ব্যবস্থাগুলিকে একত্র করে। অন্যদিকে, লজিস্টিক্স ডেটা ব্যাঙ্ক (LDB) আমদানি-রপ্তানির কনটেনার চলাচলের তাৎক্ষণিক অবস্থান জানায়। এই দুই ব্যবস্থা একসঙ্গে পণ্য পরিবহণের সমগ্র ব্যবস্থায় ডিজিটাল তথ্য বিনিময় ও চলাচলের উপর নজরদারি আরও শক্তিশালী করে।

এবছর জুলাই পর্যন্ত ULIP-এর মাধ্যমে ১২টি কেন্দ্রীয় মন্ত্রকের অধীন ৪৬টি সরকারি ব্যবস্থা ১৪২টি এপিআই-এর সাহায্যে যুক্ত হয়েছে।

আরও বেশি ব্যবহারকারীর কাছে ভৌগোলিক তথ্য পৌঁছে দেওয়া

ডিজিটাল ব্যবস্থাটি এখন সরকারি ব্যবহারকারীদের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও-ইনফরম্যাটিক্স (BISAG-N) নির্মিত প্রশ্নভিত্তিক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের মঞ্চটি বেসরকারি ক্ষেত্রের জন্য উন্মুক্ত করা হয়। পরিকাঠামো পরিকল্পনা ও বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্বাচিত অসংবেদনশীল তথ্যসেটে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার দেওয়া হয়।

বর্তমানে এই মঞ্চে ভৌত ও সামাজিক পরিকাঠামোর সম্পদ-সংক্রান্ত ২৩০টি অনুমোদিত তথ্যসেট ব্যবহারের সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা উপযুক্ত স্থান নির্বাচন, যোগাযোগ ব্যবস্থা চিহ্নিত করা, পথের বিন্যাস নির্ধারণ এবং নিয়ম মেনে চলার বিষয় যাচাই করতে পারেন। পাশাপাশি, বিশ্লেষণমূলক প্রতিবেদনও তৈরি করা যায়।

তথ্য থেকে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ

ডিজিটাল মঞ্চের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং পরিকাঠামো-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা যায়। পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান ড্যাশবোর্ডে বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। এর মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের উপযোগী তথ্যও পাওয়া সম্ভব। ডেটা আপলোডিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (DUMS) বিকেন্দ্রীভূত পদ্ধতিতে তথ্যের দায়িত্ব নির্ধারণ এবং তাৎক্ষণিকভাবে তথ্য হালনাগাদের সুযোগ দেয়।

সামগ্রিকভাবে, ভৌগোলিক তথ্য, উপগ্রহচিত্র এবং এপিআই-ভিত্তিক সংযোগের সাহায্যে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের সর্বোত্তম ব্যবহারে তথ্যভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

বাস্তবে পিএম গতিশক্তি

পুণে-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে: ৬৯৯ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের কাজ ২০২৭-২৮ সালে শেষ হওয়ার কথা। মহারাষ্ট্র ও কর্নাটকের বিভিন্ন শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এই পথ। এর মধ্যে রয়েছে গাড়ি ও গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা, ওষুধশিল্পের গুচ্ছ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং প্রতিরক্ষা করিডর। প্রকল্পটি ১৫টি জাতীয় সড়ক, ২৫টি রাজ্য সড়ক এবং ছয়টি রেলস্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এর ফলে, বহুমাধ্যমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের মঞ্চ ব্যবহার করে পথের বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে, বনভূমির সঙ্গে পথের overlap ১৯ শতাংশ কমেছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে যাতায়াতের সময় ৭ থেকে ৮ ঘণ্টা কমবে বলে আশা করা হচ্ছে। বছরে প্রায় ১৬ কোটি লিটার জ্বালানি সাশ্রয় হবে এবং কার্বন নির্গমন প্রায় ৩৯ কোটি কিলোগ্রাম কমবে বলে অনুমান।

অসমের যোগীঘোপা বহুমাধ্যমভিত্তিক পণ্য পরিবহণ পার্ক: অসমে ব্রহ্মপুত্রের উত্তর তীরে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতে সড়ক, রেলপথ এবং অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে পণ্য পরিবহণের নির্বিঘ্ন ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য। সমন্বিত পরিকল্পনা ও চাহিদা মূল্যায়নে পিএম গতিশক্তি ব্যবহার করা হয়েছে। ধুবড়ি ও ফুলবাড়ির মধ্যে ব্রহ্মপুত্রের উপর নির্মীয়মাণ চার লেনের সেতু তৈরি হলে যাতায়াতের দূরত্ব ২০৫ কিলোমিটার থেকে কমে ২০ কিলোমিটার হবে। যাত্রার সময় প্রায় সাত ঘণ্টা থেকে কমে ৩০ মিনিটে আসবে বলে পরিকল্পনা করা হয়েছে।

লাদাখ-হরিয়ানা গ্রীন এনার্জি করিডর: পিএম গতিশক্তির আওতায় নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর সুপারিশ করা এই প্রকল্পের মাধ্যমে ৫ গিগাওয়াটের সঞ্চালন ব্যবস্থার সাহায্যে ১৩ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। লাদাখের পাং থেকে হরিয়ানার কৈথল পর্যন্ত ৪৮০ কিলোমিটার দীর্ঘ উচ্চ ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট (HVDC) সঞ্চালন লাইন থাকবে এই প্রকল্পে। দুই প্রান্তে ৫ গিগাওয়াট ক্ষমতার এইচভিডিসি টার্মিনাল থাকবে। জাতীয় গ্রিডের সঙ্গে কৈথলে সংযোগ স্থাপনের আগে সঞ্চালন ব্যবস্থাটি হিমাচল প্রদেশ ও পাঞ্জালের মধ্য দিয়ে যাবে। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সংযুক্ত পরিকাঠামোর ভবিষ্যৎ গঠন

সূচনার পাঁচ বছর পর পিএম গতিশক্তি জাতীয় পরিকাঠামো পরিকল্পনার উদ্যোগ থেকে বিস্তৃত ডিজিটাল পরিকল্পনা ব্যবস্থায় পরিণত হয়েছে। বিভিন্ন মন্ত্রক, রাজ্য, জেলা এবং নতুন পরিকাঠামো ক্ষেত্রে এর বিস্তার ভারতের পরবর্তী প্রজন্মের পরিকাঠামো পরিকল্পনায় আরও সমন্বিত পদ্ধতি গড়ে তুলতে সাহায্য করছে।

তথ্যসূত্র

Prime Minister's Office

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1763576&lang=2&reg=48

Cabinet Committee on Economic Affairs (CCEA)

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1968732&lang=2&reg=48

Ministry of Commerce and Industry

https://pmgatishakti.gov.in/pmgatishakti/login

https://pmgatishakti.gov.in/pmgatishakti/about_pmgati

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178521&reg=48&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/apr/doc2023427188001.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1964364&lang=2&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297818&reg=48&lang=1

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/nov/doc20221124135401.pdf

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1988824&lang=2&reg=48

https://www.dpiit.gov.in/offerings/schemes-and-services/details/pm-gati-shakti-kjNyATMtQWa

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178521&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178500&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297818&lang=2&reg=48

https://pmgatishakti.gov.in/pmgatishakti/downloadfilenew/--srv--NMP_Files--1741588112582_PMGatiShakti_Compendium%20Vol-1.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1910456&lang=2&reg=48

Ministry of Road Transport & Highways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111288&lang=1&reg=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268357&lang=1&reg=48

Ministry of Railways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031049&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286394&lang=1&reg=48

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206603&lang=1&reg=1

Gati Shakti Vishwavidyalaya

https://gsv.ac.in/

https://gsv.ac.in/vice-chancellor/

Ministry of Electronics & IT

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301687&lang=1&reg=3

PIB Archive

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=153274&lang=1&reg=3

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=151083&NoteId=151083&ModuleId=16&reg=48&lang=2

Click here to see pdf

 

SSS/S Saha...


(রিলিজ আইডি: 2322341) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil